📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 রুগ্ন ব্যক্তির খরচ করা

📄 রুগ্ন ব্যক্তির খরচ করা


মানুষ যখন সুস্থ ও রোগ মুক্ত অবস্থায় থাকবে তখন তার ইচ্ছামতো নিজ মাল থেকে খরচ করতে পারবে। তবে সেটা শারঈ সীমারেখার আদলে হতে হবে।
আর যখন এমন অসুস্থ হবে যেটা আশঙ্কাজনক নয় অর্থাৎ যে অসুস্থতার কারণে মৃত্যুর ভয় থাকে না। যেমন- দাঁত ব্যথা, আঙ্গুল ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি অসুস্থতা। যা কোনো প্রভাব ফেলে না এবং রোগ সেরে ওঠা বা আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে, এই প্রকৃতির অসুস্থ হলে তার ব্যয় করাটা সুস্থ ব্যক্তির ব্যয় করার মতো বিবেচ্য হবে এবং নিজ সম্পত্তি হতে দান করা ও উপহার দেওয়া সঠিক হবে; যদিও দিনে দিনে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে, এমনকি মৃত্যুও হয়ে যায়। কারণ লক্ষনীয় বিষয় হলো, দান বা সাদকা করার সময় তার অবস্থা কেমন ছিল। আর সে ব্যক্তি দান করার সময় তো সুস্থ ব্যক্তির হুকুমেই ছিল।
আর যদি রোগটি এমন আশঙ্কাজনক হয় যে, এর কারণে মৃত্যু হতে পারে; যেমন বিভিন্ন জটিল রোগ ও দুরারোগ্য ব্যাধি। এমন পরিস্থিতিতে সে তার সম্পদের এক-তৃতীয়াংশ দান করতে পারবে, পুরো সম্পদ নয়।
যদি দানকৃত সম্পত্তি সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ হয় বা তার চেয়ে কম হয়, তাহলে দান বাস্তবায়িত হবে। আর যদি এক-তৃতীয়াংশের বেশি হয়, তাহলে তার মৃত্যুর পরে উত্তরাধিকারীদের সম্মতি বা অনুমোদন ছাড়া দান বাস্তবায়িত হবে না। রসুলুল্লাহ ﷺ বলেছেন: إِنَّ اللَّهَ تَصَدَّقَ عَلَيْكُمْ ، عِنْدَ وَفَاتِكُمْ ، بِثُلُثِ أَمْوَالِكُمْ، زِيَادَةً لَكُمْ فِي أَعْمَالِكُمْ
"তোমাদের মৃত্যুর সময়ও তোমাদের সম্পদ থেকে আল্লাহ তা'আলা এক-তৃতীয়াংশ অসীয়ত করার অধিকার প্রদান করে, তোমাদের নেক আমলের পরিমাণ আরও বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন।" ৭৫০
উক্ত হাদীস এবং অনুরূপ অর্থবোধক হাদীসগুলো প্রমাণ করে, ব্যক্তি মরণাপন্ন অবস্থায় তার সম্পূর্ণ সম্পদের এক-তৃতীয়াংশ ব্যয় করা বৈধ। কারণ তার সম্পূর্ণ মাল থেকে খরচ করাটা তার ওয়ারিশদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্যই এক-তৃতীয়াংশ খরচ করার কথা বলা হয়েছে; যেমন অসীয়ত করা।
আর যখন রোগটি দীর্ঘস্থায়ী হবে কিন্তু আশঙ্কাজনক নয় যে তাকে সর্বদায় বিছানায় থাকতে হয়; যেমন ডায়াবেটিস অথবা অনুরূপ রোগসমূহ। এই পরিস্থিতিতে সে সুস্থ ব্যক্তির ন্যায় খরচ করতে পারবে। কারণ তার ক্ষেত্রে বয়োঃবৃদ্ধের ন্যায় অল্প সময়ের মধ্যেই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। আর যখন রোগটি এমন হবে যে, সর্বদা তাকে বিছানায় থাকতে হয়, সেক্ষেত্রে ওয়ারিশ ছাড়া অন্য কাউকে এক তৃতীয়াংশ সম্পত্তির বেশি প্রদান করা এবং অসীয়ত করা বিশুদ্ধ হবে না। কারণ সে এমন রোগী যে তাকে সর্বদা বিছানায় থাকতে হয় এবং তার উপর মৃত্যুরও আশংকা রয়েছে। কাজেই এমতাবস্থায় তার ব্যয় এবং দান করাটা মরণব্যাধিতে আক্রান্ত ব্যক্তির মতো নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00