📄 সওমের নিয়তের সময় এবং নিয়তের হুকুম
রোজাদারের উপর সিয়ামের নিয়ত করা আবশ্যক। এটি তার অন্যতম একটি রুকন। নাবী বলেছেন: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى "প্রত্যেক কাজ (প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।”৫২৬
ওয়াজিব (ফরয) সিয়ামের ক্ষেত্রে সে রাতেই নিয়ত করবে, যদিও ফজরের এক মিনিট পূর্বে হয়। যেমন: রমাযানের সিয়াম, কাফফারার রোজা, মানতের রোজা ইত্যাদি। নাবী বলেছেন:
مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ
"যে ব্যক্তি রাত থাকতে ফরয সিয়ামের নিয়ত করল না, তার সিয়াম হবে না।”৫২৭
যে ব্যক্তি দিনের বেলায় রোজার নিয়ত করবে এবং যদি সে রাত্রে কোনো কিছু না খায়, তাহলে নফল রোজা ব্যতীত ফরয রোজা তার পক্ষ হতে যথেষ্ট হবে না। আর দিনের বেলায় নফল রোজার নিয়ত করলে রোজাটি বৈধ হবে, যদিও সে রাত্রে কোনো কিছু না খায় বা পান না করে। আয়িশাহ থেকে বর্ণিত। তিনি বলেন,
دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ : هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟ فَقُلْنَا : لَا ، قَالَ: «فَإِنِّي إِذَنْ صَائِمٌ»
"নাবী একদিন ঘরে আসলেন। অতঃপর তিনি বললেন: তোমাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে? আমরা বললাম, না। তিনি বললেন: তাহলে আমি সওম রাখলাম। ”৫২৮
আর ফরয রোজার বেলায় দিনে নিয়ত করলে তা ধর্তব্য হবে না, বরং রাতেই নিয়ত করা আবশ্যক। রমাযান মাসের শুরুতে পুরো মাসের জন্য একবার নিয়ত করলেই যথেষ্ট হবে। তবে প্রত্যেক দিন নিয়ত করা মুস্তাহাব।
টিকাঃ
৫২৬. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ১; সহীহ মুসলিম, হা. ১৯০৭।
৫২৭. তিরমিযী, হা, ৭৩০; নাসাঈ ২৩৩১; ইবনু মাজাহ, হা. ১৭০০; নাসাঈর শব্দে। ইমাম আলবানী সহীহ বলেছেন, তিরমিযী, হা. ৫৮৩।
৫২৮. সহীহ মুসলিম, হা. ১১৫৪।