📄 যাকাত বণ্টন করার সময় উল্লিখিত আট শ্রেণিকে একত্রে অন্তর্ভুক্ত করা কি শর্ত?
বিশুদ্ধ মতে, যাকাত বণ্টন করার সময় উল্লিখিত আট শ্রেণিকে একত্রে অন্তর্ভুক্ত করা কি শর্ত নয়। বরং আট শ্রেণির যে-কোনো একটিকে প্রদান করা যেতে পারে। আল্লাহ তা'আলা বলেছেন:
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ
"তোমরা যদি দান প্রকাশ্যে করো, তবে তা কতই না উত্তম। আর যদি তা গোপনে করো এবং ফকীরকে দাও, তাহলে তাও তোমাদের জন্য উত্তম।" [সূরা বাক্বারাহ: ২৭১]
নাবী বলেছেন: تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ “ধনীদের থেকে গ্রহণ করে গরীবদের মাঝে বিতরণ করা হবে।”৫১১
নাবী কুবাঈসাকে বলেছিলেন: أَقِمْ عندنا حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَهُ، فَنَأْمُرَ لَكَ بِهَا “আমাদের নিকট সাদকার মাল উপস্থিত না হওয়া পর্যন্ত আমাদের নিকটেই থাকো। অতঃপর আমরা তোমাকে তা নিতে বলব।”৫১২
এই দলীল প্রমাণ করে যে, উল্লিখিত আয়াতের উদ্দেশ্য হলো যাকাতের হকদারদের বর্ণনা দেওয়া। সকল হকদারের মাঝে একইসাথে বণ্টন করা উদ্দেশ্য নয়।
টিকাঃ
৫১১. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ১৩৯৫ ও সহীহ মুসলিম, হা. ১৯-(৩১)
৫১২. সহীহ মুসলিম, হা. ১০৪৪।
📄 যাকাত এক শহর থেকে আরেক শহরে স্থানান্তর করা
প্রয়োজনে যাকাত এক শহর থেকে আরেক শহরে স্থানান্তর করা জায়েয। শহরটি নিকটে হোক বা দূরে। যেমন কোনো দূরবর্তী শহরে যদি অভাব-অনটন দেখা দেয় অথবা সেখানে যদি যাকাত দাতার নিজ শহরের দরিদ্রদের মতো দূরবর্তী শহরে তার কোনো দরিদ্র নিকটাত্মীয় থাকে, তাহলে সে কল্যাণের উদ্দেশ্যে তার নিকটাত্মীয়দের প্রদান করতে পারবে। এতে সাদকাও প্রদান করা হবে, পাশাপাশি আত্মীয়তার সম্পর্কও বজায় থাকবে। যাকাত স্থানান্তর জায়েয হওয়ার ব্যাপারে এই বক্তব্যটিই অধিক বিশুদ্ধ। আল্লাহ তা'আলা আমভাবে বলেছেন:
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ “নিশ্চয়ই যাকাত ফকির ও মিসকিনদের জন্য।” [সূরা তাওবাহ : ৬০] অর্থাৎ যে-কোনো স্থানের ফকির ও মিসকিনদের জন্য।