📘 ফিকহুল মুয়াসস্যার > 📄 কীভাবে অপবিত্রতাকে পবিত্র করা হবে

📄 কীভাবে অপবিত্রতাকে পবিত্র করা হবে


১. অপবিত্রতা যদি মাটি অথবা কোনো জায়গায় হয়: তাহলে তাকে পবিত্র করতে একবার ধোয়া যথেষ্ট হবে। একবার ধুলেই نجاسة বা অপবিত্রতা দূরীভিত হয়ে যাবে। সুতরাং তার উপর একবার পানি ঢেলে দিতে হবে। জনৈক বেদুঈন যখন মসজিদে প্রস্রাব করে দিয়েছিল তখন আল্লাহর রসূল তার ব্যাপারে এই নির্দেশ প্রদান করেছিলেন। ১৩৮
২. অপবিত্রতা মাটি ব্যতীত অন্যকিছুতে হলে: সেটা কাপড়ে হতে পারে অথবা জুতায় হতে পারে: যদি সেটা কুকুর কোনো পাত্রে মুখ দেওয়ার কারণে হয়, তাহলে আবশ্যক হলো সেই পাত্র সাতবার ধোয়া। তার মধ্যে একবার মাটি ব্যবহার করা আবশ্যক। এই মর্মে আল্লাহর রসূল বলেছেন:
إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ "তোমাদের কারো পাত্রে কুকুর লেহন করলে তা সাতবার ধোও; এর একবার (প্রথমবার) মাটি দিয়ে।"১৩৯
এই বিধান পাত্র এবং অন্যান্য সকল জিনিসের ক্ষেত্রে। যেমন- কাপড়, বিছানা ইত্যাদি।
শুকরের অপবিত্রতা: সঠিক কথা শুকরের অপবিত্রতা অন্যান্য অপবিত্রতার মতো একবার ধুলেই যথেষ্ট হবে। একবার ধৌত করলেই নাপাকি দূর হয়ে যাবে। একে সাতবার ধোয়ার শর্ত করা হয়নি।
অপবিত্রতা যদি প্রস্রাব, পায়খানা বা রক্তের হয়: তাহলে তা পানি দিয়ে ধৌত করতে হবে। সাথে সাথে ঘষে পানি নিংড়াতে হবে, যাতে তা দূর হয়ে যায়, তার চিহ্নও না থাকে। এগুলো একবার ধোয়াই যথেষ্ট হবে।
যে শিশু খাবার খেতে শিখেনি তার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি ছিটানোই যথেষ্ট হবে। আল্লাহর রসূল বলেন:
يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ، وَيُنْضَحُ مِنْ بَوْلِ الْغُلَامِ "মেয়ে শিশুর প্রস্রাব ধৌত করো আর ছেলে শিশুর প্রস্রাবে পানি ছিটিয়ে দাও।”১৪০
এই প্রসঙ্গে উম্মু ক্বাইস বিনতে মিহসানের হাদীস পূর্বে অতিবাহিত হয়েছে।
যে প্রাণির গোশত খাওয়া হয় তার চামড়া: এসব প্রাণির চামড়া দাবাগত বা প্রক্রিয়াজাত করলেই পবিত্র হয়ে যাবে। আল্লাহর রসূল বলেছেন:
أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ
"প্রক্রিয়াজাতের পর যে-কোনো চামড়া পবিত্র হয়ে যায়।” ১৪১
হায়েযের রক্তকে মহিলা পানি দিয়ে ধৌত করবে। অতঃপর তাতে পানির ছিটা দিয়ে সলাত আদায় করবে।
সুতরাং মুসলিমের জন্য আবশ্যক হলো শরীর, স্থান, কাপড় যেগুলিতে সে সলাত আদায় করে, সেগুলিকে অপবিত্র থেকে পবিত্র করার ব্যাপারে গুরুত্বারোপ করা। কারণ পবিত্রতা সলাত সহীহ হওয়ার জন্য শর্ত।

টিকাঃ
১৩৮. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ২২০, সহীহ মুসলিম, হা. ২৮৪।
১৩৯. সহীহ মুসলিম, হা. ৫৩৫, ফুআ. ২৭৯, মুসলিমের শব্দ: طَهُورُ إِنَاءِ أَحْدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ، أَنْ يَفْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ
১৪০. আবু দাউদ: ৩৭৬, সুনান নাসাঈ, হা. ৩০৩, ইবনু মাজাহ, হা. ৫২৬।
১৪১. সুনান নাসাঈ, হা. ৪২৫২, তিরমিযী, হা. ১৭২৮, ইবনু মাজাহ, হা. ৩৬০৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00