📄 মানুষ এবং চতুষ্পদ জন্তুর উচ্ছিষ্ট
পানকারীর পান করার পর যা পাত্রে অবশিষ্ট থাকে তাকে উচ্ছিষ্ট বলে। মানুষ পবিত্র, তার উচ্ছিষ্টও পবিত্র চাই সে মুসলিম হোক বা কাফের হোক, অনুরূপ সে অপবিত্র হোক বা হায়েযা হোক। সহীহ সূত্রে একথা সাব্যস্ত হয়েছে যে, আল্লাহর রসূল বলেছেন : إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ "মুমিন অপবিত্র হয় না।”১৩
আয়িশাহ থেকে বর্ণিত। তিনি বলেন, হায়েযা অবস্থায় তিনি পাত্র থেকে পানি পান করতেন অতঃপর আল্লাহর রসূল পাত্রটি নিতেন এবং যে স্থানে আয়িশাহ মুখ রেখে পান করেছেন সেখানে মুখ রেখে তিনিও পান করতেন। ১৪
চতুষ্পদ জন্তু এবং অন্যান্য প্রাণীদের মাঝে যেগুলোর গোশত খাওয়া হয়, তাদের উচ্ছিষ্ট পবিত্র; এই বিষয়ে আলেমগণ ঐকমত্য পোষণ করেছেন। আর যাদের গোশত খাওয়া হয় না যেমন- হিংস্র প্রাণী, গাধা, অন্যান্য প্রাণী; সেগুলোর ব্যপারে সঠিক সিদ্ধান্ত হলো: তাদের উচ্ছিষ্টও পবিত্র। তাদের উচ্ছিষ্ট পানিতে কোনো প্রভাব ফেলে না। বিশেষ করে যখন পানি বেশি থাকে। তবে পানি কম থাকে এবং সেসব প্রাণী পান করার কারণে পানির গুণাবলী পরিবর্তিত হয়ে যায়, তাহলে পানি অপবিত্র।
এর প্রমাণ হলো পূর্বের হাদীস। তাতে বলা হয়েছে: নাবী কে ঐ পানি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, যেখানে পানি পান করার জন্য বন্য প্রাণী ও হিংস্র জন্তু আসা যাওয়া করে। তিনি এর জবাবে বলেছিলেন: إِذَا كَانَ المَاءُ قُلْتَيْنِ لَمْ يَحْمِلِ الخبث "পানির পরিমাণ দুই মটকা হলে তা অপবিত্রতা বহন করে না।”
এছাড়াও বিড়াল সম্পর্কে আল্লাহর রসূল এর বাণী, যে বিড়াল পাত্র থেকে পান করে ফেলে। إِنَّهَا لَيْسَتْ بِنَجَسِ، إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ "বিড়াল অপবিত্র নয়। এটা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী প্রাণী। "১৮
এর কারণ হলো, সাধারণত বিড়াল থেকে সতর্ক থাকা কষ্টকর। যদি আমরা বলি যে বিড়ালের উচ্ছিষ্ট অপবিত্র তাহলে পাত্রগুলো ধোয়া আবশ্যক হয়ে যাবে। আর এটা অবশ্যই কষ্টকর। আর এই কষ্টকে এই উম্মাতের উপর থেকে তুলে নেওয়া হয়েছে।
কুকুরের উচ্ছিষ্ট অপবিত্র। অনুরূপ শুকুরের উচ্ছিষ্টও অপবিত্র। কুকুরের উচ্ছিষ্ট অপবিত্র হওয়া প্রসঙ্গে আবু হুরায়রা হতে হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর রসূল বলেছেন: طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ ، أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَا هُنَّ بِالتُّرَابِ "তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন (সে পাত্র পবিত্র করার পদ্ধতি হলো) সাত বার তা ধুয়ে ফেলো। তবে প্রথম বার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।”২০
শুকরের উচ্ছিষ্ট: শুকর নাপাক, নোংরা ও অপরিষ্কার হওয়ার কারণে তার উচ্ছিষ্ট অপবিত্র। আল্লাহ তা'আলা বলেন: فإنه رجس "নিশ্চয়ই তা অপবিত্র।" [সূরা আনআম: ১৪৫]
টিকাঃ
১৩. সহীহ মুসলিম, হা. ৭১০, ফুআ. ৩৭১।
১৪. সহীহ মুসলিম, হা. ৫৭৯, ফুআ. ৩০০।
১৮. আহমাদ: ৫/২৯৬, সুনান আবু দাউদ, হা. ৭৫, তিরমিযী, হা. ৯২ তিনি বলেন: হাসান সহীহ, ইরওয়াউল গালীলে আলবানী (রহ:) এটা সহীহ বলেছেন: ২৩।
*: পাত্র থেকে মুখ দিয়ে পান করা।
২০. মুত্তাফাকুন আলাইহি: সহীহুল বুখারী, হা. ১৭২, সহীহ মুসলিম, হা. ৫৩৫, ফুআ, ২৭৯, শব্দ মুসলিমের।