📄 ১. অন্যদের প্রতি ভালোবাসা
আমরা আমাদের শিশুদেরকে ভাইবোন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সতীর্থদের প্রতি ভালোবাসাতে উৎসাহিত করব। কেননা, এ থেকে তার মধ্যে ভ্রাতৃত্ববোধ জন্ম নেবে। প্রকারান্তরে এটিই তার মাঝে সত্যিকারের মুসলমানের গুণ ও বৈশিষ্ট্যকে বিকশিত করতে সহায়তা করবে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি; ত্যাগ ও বিসর্জন, দয়ামায়া, পরার্থপরতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুণ ও বৈশিষ্ট্য তাকে উজ্জীবিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
অর্থ : তোমাদের মধ্যে কেউই প্রকৃত মু'মিন হতে পারবে না যতক্ষণ না তার এমন অবস্থা হয় যে, সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্যও তাই ভালোবাসে।১
টিকাঃ
১. সহীহ বুখারী ও মুসলিম।
📄 ২. পানাহারের শিষ্টাচার
আমরা আমাদের শিশুদেরকে একেবারে ছোটবেলা থেকেই খাওয়া ও পান করার আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া শুরু করব। এ বিষয়ে যে হাদীসগুলো এসেছে, যে দু'আগুলো এসেছে, সেগুলো তাদের আত্মস্থ করাব। ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা; যে কোনো কাজ ডান দিক থেকে, ডান হাতে করা—এগুলো শেখাব।
আমরা এগুলো করব আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণে। যেমন তিনি বলেছেন:
يَا غُلَامُ سَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ
অর্থ : বৎস, আল্লাহর নাম নাও, ডান হাতে খাও, ডান দিক থেকে খাও।১
এভাবে আমরা আমাদের শিশুদের শেখাব, খাওয়ার আগে বলতে হয় :
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আপনি আমাদের যে-রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন。
এভাবে আমরা তাকে শেখাব, খাওয়ার পরে বলতে হয়—
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং যিনি আমাদের মুসলমান বানিয়েছেন。
এভাবে আমরা তাকে শেখাব, বয়সে যারা বড় আছেন, তাদের আগে খাওয়া শুরু করতে হয় না。
পান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক আমরা তাকে শেখাব-
لَا تَشْرَبُوا وَاحِدًا كَمَا يَشْرَبُ الْبَعِيرُ وَلَكِنِ اشْرَبُوا مَثْنَى وَثَلَاثَ وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ
অর্থ : তোমরা এক শ্বাসে পান করো না। ওভাবে তো উট পান করে। তোমরা বরং দুই শ্বাসে অথবা তিন শ্বাসে পান করো। যখন পান কর, আল্লাহর নাম নিয়ে পান করো।২
আমরা আমাদের শিশুকে শেখাব, সে যেন পাত্রে নিঃশ্বাস না ফেলে। আমরা তাকে বোঝাব, এটা সামাজিক শিষ্টাচারবিরুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন।৩
টিকাঃ
১. সহীহ মুসলিম।
২. তিরমিযী।
৩. তিরমিযী।
📄 ৩. শোয়ার আদব
শিশু যখন ঘুমোতে যায়, তখন তাকে ঘুমানোর আদব ও শিষ্টাচার শেখাব। সম্ভব হলে, ঘুমের সময় ওযু করে উৎসাহিত করব। ডান কাতে শোয়া। ঘুমানোর সময় যে দু'আ পড়ার কথা এসেছে, তা মুখে মুখে উচ্চারণ করাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ وَقُلْ
অর্থ : যখন বিছানায় যেতে চাও, তখন নামাযের মতো করে ওযু করে নাও। তারপর ডান কাতে শোও এবং বলো :
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَا إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
অর্থ : হে আল্লাহ, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম, তোমার প্রতি মনোনিবেশ করলাম, আমার যাবতীয় বিষয় তোমার কাছেই সোপর্দ করলাম এবং নিজেকে তোমার আশ্রয়প্রার্থী করলাম—তোমার ভয় ও ভালোবাসা বুকে ধারণ করে। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, মুক্তির উপায় নেই। তুমি যে কিতাব নাজিল করেছ তার প্রতি এবং যে নবীকে পাঠিয়েছ তার প্রতি ইমান আনলাম।
📄 ৪. পরিচ্ছন্নতা
আমরা আমাদের শিশুদের শরীর ও কাপড়চোপড়ের পরিচ্ছন্নতার প্রতিও উৎসাহিত করতে থাকব। তার জিনিসপত্র যেন অগোছালো না থাকে সে ব্যাপারেও তাকে মনোযোগী করতে চাইব। এমনকি, ঘরের আসবাবপত্র গোছগাছ থাকুক কি না, তা নিয়েও তাকে ভাবতে শেখাব। এগুলো সবই আমাদের ধর্মের সৌন্দর্য。
এভাবে আমরা আমাদের ইস্তিঞ্জার বিভিন্ন আদব এবং টয়লেটে যাওয়ার দু'আ শেখাব :
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
অর্থ : হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাইছি অনিষ্টকারী জ্বিন-শয়তানের থেকে。
টয়লেট থেকে বের হওয়ার দু'আ শেখাব :
غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي
অর্থ : হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার কষ্ট দূর করলেন এবং আমাকে আফিয়াত নসীব করলেন।