📘 ফিরে এসো নীড়ে 📄 ৪. একমাত্র আল্লাহর জন্য

📄 ৪. একমাত্র আল্লাহর জন্য


এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ—ইখলাস। আমরা আমাদের সন্তানদের নামায, রোযা ইত্যাদি বিভিন্ন আমলে তো উৎসাহিত করব; কিন্তু এমনভাবে করব, যেন তারা এই উপলব্ধি নিয়েই এগুলো করে যে, তারা এগুলো করছে শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা তাদের ইখলাস ও লিল্লাহিয়াতকে, আল্লাহর প্রতি তাদের আন্তরিকতা ও একনিষ্ঠতাকে খুবই যত্নের সাথে লালন করব।
খেয়াল রাখব, আল্লাহপ্রদত্ত মূল ফিতরাত যেন আমাদের অবহেলায় নষ্ট না হয়। তারা যেন কখনোই কপটতা না শেখে। বিষয়টাকে মোটেই কঠিন মনে করব না। আমাদের নিজেদের ইখলাস আমাদের মূল পুঁজি হতে পারে। একনিষ্ঠতার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আমাদের মূল শক্তি হতে পারে। মনে রাখব, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَ يُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
অর্থ : আর তাদের শুধু এই আদেশই দেওয়া হয়েছে যে, তারা আল্লাহর ইবাদত করবে—দীনকে তার জন্য খালেস করে একনিষ্ঠভাবে; এবং সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। এটাই প্রকৃত সরল ধর্ম।১

টিকাঃ
১. সূরা বাইয়্যিনাহ: ০৫।

📘 ফিরে এসো নীড়ে 📄 ৫. আল্লাহর ধ্যান ও কল্পনা

📄 ৫. আল্লাহর ধ্যান ও কল্পনা


সন্তানের ঈমানী তারবিয়তের মধ্যে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গেছে—হুযুরুল মুরাকাবা। আমরা আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলতে উদ্যোগী হব, যেন তারা চলায়, বলায়, কাজে, কর্মে সর্বাবস্থায় মনের গভীর থেকে নিজে-নিজেই আল্লাহর অস্তিত্ব কল্পনা করতে পারে। আল্লাহর ধ্যান-ধারণা যেন প্রতিনিয়ত তার মধ্যে ক্রিয়াশীল থাকে। সে যেন সত্যি সত্যিই উপলব্ধি করে যে, সে কী করছে না-করছে, সবই আল্লাহ দেখছেন; বরং আরও ভালো হয় যদি সে উপলব্ধি করতে পারে যে, সে নিজেই আল্লাহকে দেখছে। মনে করব, এটাই হবে আমাদের শিশুর ঈমানী তরবিয়তের চূড়ান্ত সফলতা। আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুন। আমীন।

ফন্ট সাইজ
15px
17px