📄 ক. মানবজাতির সংরক্ষণ
মহান আল্লাহ ইরশাদ করেছেন,
وَاللّٰهُ جَعَلَ لَكُمۡ مِّنۡ اَنۡفُسِكُمۡ اَزۡوٰجًا وَّجَعَلَ لَكُمۡ مِّنۡ اَزۡوٰجِكُمۡ بَنِیۡنَ وَحَفَدَةً وَّرَزَقَکُمۡ مِّنَ الطَّیِّبٰتِ ؕ اَفَبِالۡبَاطِلِ یُؤۡمِنُوۡنَ وَبِنِعۡمَتِ اللّٰهِ ہُمۡ یَکۡفُرُوۡنَ ﴿۷۲﴾
অর্থ : আল্লাহ তোমাদের থেকে থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন। আর তোমাদের জুড়ি থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন পুত্র ও পৌত্রাদি। আর তিনি তোমাদের দান করেছেন উত্তম রিজিক। তো তারা কি মিথ্যাকে বিশ্বাস করে আর আল্লাহর নেয়ামতকে করে অস্বীকার? –সুরা নাহল : ৭২
তিনি আরও বলেছেন,
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ
অর্থ : আমি আপনার পূর্বে অনেক নবী রাসূল প্রেরণ করেছি। আমি তাদের দান করেছি স্ত্রী-সন্তান। কোনো রাসূলেরই এই অধিকার নেই যে, তিনি আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন পেশ করবেন। মূলত প্রতিটি সময়েরই ছিল নির্দিষ্ট কিতাব। -সূরা রাদ : ৩৮
📄 খ. চরিত্রের পবিত্রতা রক্ষা
বিবাহব্যবহার গুরুত্ত্বপূর্ণ উদ্দেশ্য হলো চরিত্রের পবিত্রতা রক্ষা করা এবং খামখেয়ালি রোধ করা এবং মানুষের পদস্খলনের অভিপ্রায়ে ওঁৎ পেতে থাকা শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ دِينِهِ ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النَّصْفِ الْبَاقِي
অর্থ : যখন আল্লাহর বান্দা বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তখন তার অর্ধেক ধার্মিকতা সম্পূর্ণ হয়ে যায়। এখন তার কর্তব্য হলো, বাকি অর্ধেকটার ব্যাপারে আল্লাহকে ভয় করা।১
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
يَا مَعْشَرَ الشَّبَابِ عَلَيْكُمْ بِالْبَاءَةِ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ , وَأَحْصَنُ لِلْفَرْجِ , فَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ الْبَاءَةَ فَعَلَيْهِ بِالصَّوْمِ , فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ ) رواه البخاري.
অর্থ : হে যুবসমাজ, তোমাদের উচিত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। দৃষ্টি-রক্ষায় এবং লজ্জাস্থানের সুরক্ষায় এটা অধিক কার্যকর। তবে কারো বিবাহের সামর্থ্য না থাকলে সে যেন রোযা রাখে। রোযা তার জন্য প্রতিরক্ষামূলক হবে।২
টিকাঃ
১. হাকেম, সহীহ ইবনে হিব্বান।
২. সহীহ বুখারী।
📄 গ. মনের স্থিরতা ও প্রশান্তি
বিবাহব্যবহার একটি কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য এই যে, এতে মানবমনে স্থিরতা ও প্রশান্তি স্থাপিত হয়। এর কল্যাণে মানুষ বিশ্বস্ত ও সৎ জীবনসঙ্গিনীর ছায়া লাভ করে। প্রজন্মান্বিত সন্তানের মায়া লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الدُّنْيَا كُلُّهَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الزَّوْجَةُ
অর্থ : পুরো পৃথিবীই ভোগের সামগ্রী। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বস্তুটি হলো সৎ জীবনসঙ্গিনী।১
টিকাঃ
১. সহীহ মুসলিম।
📄 ঘ. জৈবিক চাহিদা পূরণের সঙ্গত পন্থা
বিবাহব্যবস্থা হলো মানব-মানবীর জৈবিক চাহিদা পূরণের সবচেয়ে সঙ্গত, সফল ও সুন্দর পন্থা। মহান আল্লাহ ইরশাদ করেছেন,
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
অর্থ : (হে পুরুষগণ,) স্ত্রীগণ তোমাদের জন্য পোশাকতুল্য; তোমরা স্ত্রীগণের জন্য পোশাকতুল্য। -সূরা বাকারা : ১৮৭