📄 মন্দকর্মকে ভাল মনে করা হয়
মন্দকর্মকে ভালো দৃষ্টিতে দেখা ওই কাজে নিপতিত হওয়ার কারণ। দেখুন, আল্লাহ তায়ালা বলেছেন :
أَفَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَاهُ حَسَنًا
কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় অতঃপর সে ওটাকে ভাল মনে করে, সে কি ওই ব্যক্তির সমান যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে?¹
অন্যত্র বলেছেন :
... وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَنُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ فَهُمْ لَا يَهْتَدُونَ
আর শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না।²
কুরআনে কারিমের আরো একটি আয়াত দেখুন:
وَكَذَلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوءُ عَمَلِهِ وَصُدَّ عَنِ السَّبِيلِ
আর এভাবে ফির'আউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেওয়া হয়েছিল এবং তাকে বাঁধা দেওয়া হয়েছিল সৎপথ থেকে।³
মন্দ বিষয়কে ভাল চোখে দেখা, এটিই সমস্ত অনিষ্টের মূল। তাই অন্যায়ের ভালমন্দ দিক নির্ণয় করতে যাওয়াটাই ভুল। এ কারণেই দোষত্রুটি কখনো মানুষের চোখে সুশোভিত হয়ে ধরা দেয়। দোষগুলোকেই মানুষ সুকর্ম হিসেবে লুফে নেয়। অপরাধ আইনের রূপ নেয়, অথচ সে আইনটিই একটি অপরাধ! তবে একটি ভাল দিক হচ্ছে, ওসব অপকর্মগুলো সমাজের অন্ধকার কোণে বিতাড়িত। যেগুলোকে অভিযুক্ত ভবন বলে ইঙ্গিত করা হয়। সন্দেহের আঙ্গুল তোলা হয় যেদিকে। অন্যায়ের প্রকাশ্য মহড়া আজ রূপ নিয়েছে বিপ্লব, ক্ষমতা, স্বাধীনতা ও মুক্তির প্রতীক হিসেবে। কিসের স্বাধীনতা?! কিসের মুক্তি?! এতো আল্লাহর মজবুত রজ্জু ছেড়ে পলায়ন এবং বিতাড়িত শয়তানের পথে ছুটে চলা!
টিকাঃ
1. সূরা ফাতির, আয়াত: ৮।
2. সূরা নামল, আয়াত: ২৪।
3. সূরা গাফির, আয়াত: ৩৭।