📘 দ্বীনি শিক্ষার প্রতিবন্ধকতা 📄 অহংকার ও গর্ববোধ

📄 অহংকার ও গর্ববোধ


পাপ ও আল্লাহ তাআলার অবাধ্যতা শরয়ী ইলমের পথে এক প্রতিবন্ধক। যেহেতু ইলম আল্লাহর নূর (জ্যোতি)। তিনি যার হৃদয়ে ইচ্ছা সেই নূরকে বিচ্ছুরিত করে থাকেন। পরন্তু পাপ অন্ধকার। আর আলো ও অন্ধকার একই স্থানে, একই হৃদয়ে একত্রিত হতে পারে না। এই জন্যই হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, 'আমার ধারণা যে, কোন কৃতপাপের ফলেই মানুষের জ্ঞাত ও অর্জিত ইলম বিস্মৃত হয়ে যায়।' (জামে' ১/১৯৬)

ইমাম শাফেয়ী বলেন, 'আমি (আমার ওস্তাদ) অকী' (রঃ) এর নিকট স্মরণশক্তির স্বল্পতার অভিযোগ করলাম, তিনি আমাকে পাপকর্ম (সর্ব প্রকার ধর্মীয় অবাধ্যতা) ত্যাগ করতে নির্দেশ দিলেন এবং আমাকে জানালেন যে, ইলম আল্লাহর নূর। আর আল্লাহর নূর কোন অবাধ্য গোনাহগারকে উপহার দেওয়া হয় না।

পাপের সবটাই নিকৃষ্ট। তন্মধ্যে তালেবে ইলম, শিক্ষার্থী বা আলেমরা অধিক যে নিকৃষ্ট পাপে জড়িত তা হচ্ছে, অপরকে ক্ষুদ্র ও তুচ্ছজ্ঞান, অহংকার, আত্মগর্ব ও হামবড়াই। তাই তো অনেকে 'বড়াই' এর ময়দানে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করেন এবং তাঁর মন অথবা অবস্থা বলে, 'হাম জ্যায়সা কোঈ নেহী!' এইভাবে লেবাসে, আচরণে, চলনে, বলনে, ভাবে, ভঙ্গিমায় নিজের আত্মম্ভরিতা প্রকাশ করে তোলেন। যা আল্লাহ পাক কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, অর্থাৎ, অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। কারণ, আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে ভালোবাসেন না। (কুঃ ৩১/১৮ আয়াত) অন্যথায় বলেন, "এ পরলোক যা আমি নির্ধারিত করি তাদের জন্য! যারা এ পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। মুত্তাকী (সাবধানী) দের জন্য শুভপরিণাম।” (কুঃ ২৮/৮৩)

সহীহায়নে আবুহুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল বলেন, “কোন এক সময়ে এক ব্যক্তি (এক প্রকার সুন্দর) জামা পরিধান করে (কোন পথে) চলছিল। যাতে সে মনে মনে বড় গর্ব অনুভব করছিল। যার মাথার কেশ ছিল বিন্যস্ত। চলনে ছিল অহংকার। এমতাবস্থায় আল্লাহ পাক তাকে নিয়ে ভূমি বিধ্বস্ত করলেন। সে কিয়ামত অবধি ঐ ভূমি নীচে প্রবিষ্ট হতেই থাকবে।” (বুখারী, মুসলিম প্রমুখ)

ইবনুল জওযী বলেন, 'ইল্ল্ম অধিক অধিক বর্ধিত করা উত্তম কাজ। কারণ, যে ব্যক্তি মনে করে যে, সে যা শিখেছে তাই যথেষ্ট, সে নিজেরই রায় ও অভিমতকে সঠিক ও অদ্বিতীয় মনে করবে। তখন সে নিজেকেই বড় ভাববে এবং ঐ ভাবনা অন্যান্য ইল্মী উপকার লাভ করা হতে বাধ সাধবে। আবার প্রকৃত সঠিকতা ও শুদ্ধতা হতে বঞ্চিত হবে ওই অহম্ চিন্তায়।'

আলী বিন সাবেত সত্যই বলেছেন, 'ইলমের আপদ অহংকার ও ক্রোধ এবং সম্পদের আপদ অপচয় ও অযথা ব্যয়।'

মুজাহিদ বলেন, 'লাজুক ও অহংকারী ইল্ম লাভ করতে পারে না।' (বুখারী, দারেমী)

আইয়ুব সখতিয়ানী বলেন, 'আলেমের জন্য উচিত, আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে মাথার উপর মাটি রাখা।'

অনেকে বলেছেন, 'নম্র ও বিনয়ী শিক্ষার্থী (তালেবে ইল্ম) এরই অধিক ইল্ম থাকে। যেমন অন্যান্য জমি হতে নিচু জমিতেই পানি অধিক থাকে।'

একজন হাকীম (বিজ্ঞলোক) কে প্রশ্ন করা হল, এমন কোন্ সম্পদ আছে যার উপর তার মালিকের প্রতি কেউ হিংসা করে না? তিনি বললেন, 'বিনয়।' প্রশ্ন করা হল, 'এমন কোন বালা আছে যার উপর বালাগ্রস্তকে দয়া প্রদর্শন করা হয় না?' তিনি উত্তরে বললেন, 'অহংকার।'

সুতরাং তালেবে ইল্মের ও আলেমের উচিত, নিজ ইল্ম নিয়ে কোন প্রকারের গর্ব ও অহংকার না করা। যেহেতু তা এমন এক নিকৃষ্টতম আচরণ যার ফলে আল্লাহ ক্রোধান্বিত হন, মুমিনরাও রাগান্বিত হয়। আর যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র ও বিনয়ী হবে আল্লাহ তাকে উন্নীত করবেন। পক্ষান্তরে যে তাঁর জন্য বিনয়ী হবে না তাকে তিনি অবনমিত করবেন।'

যদি এ ধরনের কোন গর্ব-চিন্তা কারো মনে জাগরিত হয় তবে তাকে তার পরিণাম ও কুফল স্মরণ করা উচিত এবং ভাবা উচিত যে, তার থেকে কত বয়োকনিষ্ঠ আছে যারা তার চেয়ে ইলমে অনেক বড়।

এযুগে কিছু লোকের এমন বিপত্তি প্রকাশিত হয়েছে যারা একটি বা দু'টি কিতাব (উর্দু ফিক্হ বা অন্য কোন কিতাব) পড়ে নিয়েছে, কিছু মসআলা হিফ্য করেছে, তারপর দু'দিন পরেই মুজতাহিদ হয়ে ফতোয়া দিতে শুরু করেছে। আবার এই নীচ খেয়াল হতেই শেষ নয়; বরং তারা প্রকৃত ওলামাদের চেয়ে নিজেদেরকে বড় ও অধিক জ্ঞানী ভাবতে বসেছে এবং নিজ দ্বারাই নিজেকে সবার চেয়ে উঁচু আসনে আসীন করেছে। যে আসন তার ধারণায় অন্য কেউ পাবার যোগ্য নয়। যে মনোভাব তাদের লেবাসে-পোশাকে, চলনে-বলনে ও ধর্মীয় বিতর্ক লুফায় প্রকাশ পায়। যেখানে প্রকৃত আলেম চুপ থাকেন সেখানে তাদের অনেকেই ফতোয়ার মুখে খই ফুটিয়ে থাকে। (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)।

এমন মুন্‌শীদের দ্বারা কত যে ক্ষতি হতে পারে, এবং কোন লাভ যে হতেই পারে না তাছাড়া তারা যে কত মূর্খ তা বলাই বাহুল্য। আল্লাহ যেন তাদেরকে সুপথ প্রদর্শন করেন। আমীন।

ঐ প্রকৃতি ও আচরণের নীম আলেমদের প্রতি ইঙ্গিত করে আল্লামা ইবনুল জওযী (রঃ) বলেন, 'বহু ওলামা ও আবেদের উপর সমালোচনা করা হয়েছে যে, তারা অহংকার গুপ্ত রাখে (তারা মনে মনে গর্বিত)। কেউ নিজকে উচ্চপদস্থ ভাবে এবং তার থেকে কেউ বড় হোক তা চায় না। কেউ আবার দরিদ্র রোগীর অবস্থা জিজ্ঞাসা করে না। মনে করে সে তার চেয়ে অনেক উত্তম। এদের অধিকাংশই অহংকারী। কিন্তু বিস্ময়ের বিষয় যে, তারা গর্ব করে কি নিয়ে?

যদি ইলম নিয়ে করে, তবে তার থেকে কত বড় আলেম অগ্রগামী আছেন। আর যদি ইবাদত নিয়ে করে তবে তার চেয়ে কত বড় আবেদও অগ্রণী আছেন। পরন্তু যে ব্যক্তি নিজের আচরণ ও পাপ পরিদর্শন করে থাকে সে জানতে পারবে যে, নিঃসন্দেহে সে পাপ ও ঔদাস্যে বাস করে। আর সে অপরের অবস্থা সম্পর্কে সন্দিহান থাকবে।'

অতএব সতর্কতার বিষয় যে, আত্মগর্বানুভব করা এবং পরকালের বিষয়ে নিজেকে অগ্রগামী ভাবা অত্যন্ত নিন্দনীয় ও সর্বনাশী জিনিস। সেহেতু প্রকৃত মুমিন এসব বিষয়ে নিজেকে তুচ্ছ মনে করে।

ওমর বিন আব্দুল আযীয (রঃ) কে বলা হল, 'আপনার ইন্তেকাল হলে আপনাকে রসূল এর হুজরায় সমাধিস্থ করব কি?' তিনি বললেন, 'আমি নিজেকে তার উপযুক্ত মনে করার (পাপের) চেয়ে শির্ক ব্যতীত সর্বপ্রকার গোনাহ নিয়ে আল্লাহর সহিত সাক্ষাৎ করা আমার নিকট পছন্দনীয়।' (সাইদুল খাতের ২৮২পৃঃ)

'তাহযীবুল ইহয়্যা'তে বলা হয়েছে, 'ইল্ম নিয়ে অহংকার ও ফখর সব চেয়ে বড় আপদ এবং মারাত্মক ব্যাধি; যাতে অত্যন্ত প্রচেষ্টা ও কঠিন পরিশ্রম ব্যতীত কোন চিকিৎসাই ফলপ্রসূ হয় না। কারণ, ইলমের কদর ও মর্যাদা আল্লাহর নিকট বিরাট বড়। আর মানুষের নিকটেও ধন-দৌলত ও রূপ-সৌন্দর্য অপেক্ষা ইল্ল্মই উৎকৃষ্টতম।'

দু'টি জিনিস জানা ছাড়া কোন আলেমই মন হতে গর্ব ও অহংকার মুছে ফেলতে পারেন না। প্রথমতঃ- জানা উচিত যে, আহলে ইলমের উপর আল্লাহর হুজ্জত (শাস্তির প্রমাণ) অধিক শক্ত। তিনি জাহেলদের ব্যাপারে যা সহ্য করবেন তার এক দশমাংশ আলেমদের ব্যাপারে সহ্য করবেন না। কারণ, জেনেশুনে আল্লাহর অবাধ্যতা করে যে- সে জ্ঞানপাপীর অপরাধ অধিক গুরুতর ও নিকৃষ্টতর। যেহেতু আল্লাহর প্রদত্ত ইল্মী নেয়ামতের কদর সে করে না।

দ্বিতীয়তঃ জানা উচিত যে, গর্ব আল্লাহ ব্যতীত কারো জন্য উপযুক্ত নয়। তিনি ছাড়া কেউ গরিমার যোগ্যও নয়। তাই যদি সে গর্ব করে তবে আল্লাহর নিকট অবশ্যই সে ঘৃণ্য ও ক্রোধের পাত্র হয়ে যাবে। প্রিয় নবী বলেন, "আল্লাহ বলেন, 'সম্ভ্রম, ইজ্জত ও বিজয় আমার পরিধেয় বস্ত্র, গৌরব গরিমা আমার চাদর, অতএব (এতে) যে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে আমি তাকে শাস্তি দেব।” (মুসলিম)

আল্লাহর রসূল আরো বলেন, “সে ব্যক্তি বেহেশতে যাবে না যার হৃদয়ে ধূলিকণা পরিমাণও অহংকার থাকবে।” তখন এক ব্যক্তি বলে উঠল, 'যদি কোন মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক তাহলে?' তিনি বললেন, "আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হল হক (ন্যায় ও সত্য)কে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য (ও ঘৃণা) করার নামান্তর।” (মুসলিম, প্রমুখ)

📘 দ্বীনি শিক্ষার প্রতিবন্ধকতা 📄 ফললাভে শীঘ্রতা

📄 ফললাভে শীঘ্রতা


কিছু তালেবে ইল্ম মনে করে যে, ইল্ম যেন 'ভাতের থাবা বা পানির ঢোক'; যা সহজেই গিলে ফেলা যায়। অতিশীঘ্রই ইল্ম ফল দান করে এবং তার বিভিন্ন উপকার পরিদৃষ্ট হয়।

তাই মনে মনে ধারণা রাখে যে, এক বছর বা তার কিছু কম-বেশী সময়ের মধ্যেই সে একজন বড় আলেম হয়ে যাবে। অথচ এমন ধারণা ও চিন্তাধারা সত্যই ভ্রান্ত এবং অমূলক কল্পনা, অবান্তর আশা ও অবাস্তব স্বপ্ন; যার ক্ষতি অতি ভয়ঙ্কর এবং বিঘ্ন অতি বড়।

যেহেতু এমন অবস্থায় সে এমন কাজ করবে যার পরিণাম অতি নিন্দনীয়। যেমন, বিনা ইল্মে আল্লাহর উপর কথা বলবে, (আল্লাহ যা নন, যা বলেননি তা বলবে), নিজের উপর অন্ধবিশ্বাসী ও অসমীচীন নির্ভরশীল হয়ে বসবে, সম্মান ও নেতৃত্ব পছন্দ করতে লাগবে এবং এতটুকুতেই ক্ষান্ত শান্ত হয়ে ইল্ম ও আহলে ইল্মদের সহিত সম্পর্ক ছিন্ন করে বসবে।

একদা এক মসজিদে জামাআতে উপস্থিত হলাম। নামায শুরু হতে যাবে এমন সময় পাকা মেঝের উপর কিছু বিছিয়ে নামায পড়তে হবে কি না তা নিয়ে মুসল্লীদের মাঝে মতভেদ দেখা দিল। একদল বলল, 'বিছাতে হবে।' অপর দল বলল, 'দরকার নেই।' এমন সময় ঐ গ্রামের একজন চট্ করে বলে উঠলেন, 'মুসাল্লা বিছিয়ে নামায পড়তে হবে!'

এই প্রকারের তালেবে ইল্ম ও আলেমদের প্রতি বিদ্রূপ করে মামুন বলেন, 'ওদের কেউ কেউ তিন দিন হাদীস সন্ধান করে (পড়ে) এবং তার পরই বলে আমি আহলে হাদীস!' (সিয়ার ১০/৮-৭৬)

সলফে সালেহীনদের জীবনী পাঠককে বিদ্যার্জনের উপর তাঁদের অসীম ধৈর্য ও দীর্ঘ প্রয়াস দেখে সত্যই বিস্মিত হতে হয়। যাঁদের জ্ঞানের পথের কোন শৈথিল্য ও বিশ্রাম নেই এবং না তাঁরা গভীর পান্ডিত্যের উপর কোন প্রকার গর্ব বোধ বা প্রকাশ করেন। তাঁদের এই অবিরাম বিদ্যালোচনার শ্লোগান যেন, 'ক্রোড় হতে গোর পর্যন্ত জ্ঞান অর্জন কর।'

ইমাম ইবনুল মাদীনী (রঃ) কে জিজ্ঞাসা করা হল, 'এত সমস্ত ইল্ম আপনি কেমন করে সঞ্চয় করলেন?' তিনি উত্তরে বললেন, (মিথ্যা) ভরসা ছেড়ে, দেশ বিদেশে সফর করে, জড়ের ধৈর্যের ন্যায় ধৈর্য ধরে! এবং কাকের ন্যায় কাকভোরে বাসা ছেড়ে।' (তাযকিরাহ)

ইমাম শাফেয়ী (রঃ) বলেন, 'কোন ব্যক্তিই এ বিষয়ে ততক্ষণ সফলতায় পৌঁছতে পারে না যতক্ষণ না সে দারিদ্র্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার (ইলমের সন্ধান) তার সবকিছুকে প্রভাবান্বিত করে ফেলেছে।' (আসিয়ার ১০/৮৯)

ইমাম হামযা বলেন, 'ইমাম হাফেয ইয়াকুব বিন সুফিয়ান আমাকে বলেছেন, ইল্ম সন্ধানের সফরে আমি ত্রিশ বছর কাটিয়েছি।' (তাযকিরাহ)

ইয়াহয়্যা বিন আবী কাসীর বলেন, 'দৈহিক আরামে ইল্ম হাসিল হয় না।' (জামে' ১/৯৯)

ইবনুল হাদ্দাদ মালেকী বলেন, 'বিলাস শয্যার সাথে আলেমের সম্পর্ক কি?' (আসিয়ার ১৪/২০৬)

এ বিষয়ে হযরত মূসা (আঃ) এর ইল্মী সফরের কথা উল্লেখ্য; যাতে সময় দৈর্ঘ্যতা, কষ্ট ও ধৈর্যের সাথে ইল্ম অর্জন করার ইঙ্গিত পাওয়া যায়। যখন হযরত মূসা (আঃ)কে আল্লাহ পাক নির্দেশ করেছিলেন যে, সমুদ্র সঙ্গমস্থলে এক বড় আলেম বান্দা আছে তার নিকট উপস্থিত হয়ে ইল্ম অনুসন্ধান কর। হযরত মূসা (আঃ) তাঁর সন্ধানে বের হলেন। সফরে সঙ্গীকে বললেন, 'দুই সমুদ্রের মধ্যস্থলে না পৌঁছে আমি থামব না, আমি যুগ যুগ ধরে চলতে থাকব।' (কুঃ ১৮/৬০)

সে ইলম সফরে তাঁরা পরিশ্রান্ত হয়ে পড়লেন এবং এক স্থানে সাথীকে বললেন, 'আমাদের নাস্তা আন, আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি।' (ঐ ১৮/৬২)

অতঃপর অনুসন্ধানের পর যখন ওস্তাদের সাক্ষাৎ পেলেন তখন তাঁকে বললেন, 'সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দেবেন এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি?' তিনি তাঁকে ধৈর্যের উপর সতর্ক করে বললেন, 'তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না----।' (ঐ ৬৬-৮-২ আয়াত)

অতএব তালেবে ইলমের উচিত, ঐ সমস্ত ইমামগণের অনুসরণ করা। ইল্মী সফরে তাঁদের ধৈর্য ও সহ্যের কথা স্মরণ করে নিজেকে সান্ত্বনা দিয়ে ঐরূপ ইল্ম তলব করা, যাতে সে তাতে সফল মনোরথ হতে পারে। যেহেতু তাঁদের অধ্যয়ন নীতি ছিল অভ্রান্ত, বিদ্যার্জনের পদ্ধতি ছিল উত্তম। তাঁদের যে সুনাম হয়েছে এবং মুসলমানদের যে চির উপকার ও মঙ্গল সাধিত হয়েছে তা কেবলমাত্র জ্ঞানার্জনের পথে। অনল্প সময় ও অর্থ ব্যয়কে তুচ্ছজ্ঞান করারই ফলশ্রুতি।

পরিশেষে একটি আলাপন নোট করছি যদ্দ্বারা ইলমের মূল্যমান, তার সুউচ্চ মর্যাদা এবং তা সেই ব্যক্তিই অর্জন করতে সক্ষম হয় যে তার পথে সবকিছু উৎসর্গ করে-সে সব কথা আমরা জানতে পারব। যেমন বলা হয়, 'ইল্মকে তুমি তোমার সবকিছু দাও তবে সে তোমাকে তার কিছু অংশ দেবে।'

আলাপনটি নিম্নরূপ:-
এক ব্যক্তি অপরকে জিজ্ঞাসা করল, 'কি ভাবে ইল্ম অর্জন করেছ?' দ্বিতীয় লোকটি উত্তরে বলল, 'অধ্যয়ন শুরু করলাম, দেখলাম তা (ইল্ম) আশা হতে বহু দূরে; যা তীর দ্বারা শিকারও করা যায় না, স্বপ্নেও দেখা যায় না। পিতা-পিতৃব্য হতে তার ওয়ারিসও হওয়া যায় না। অতঃপর তার জন্য দেশ-বিদেশ ভ্রমণ করলাম, পাথরে হেলান দিয়ে অবিরাম রাত্রি জাগরণ করলাম, বহু দৃষ্টি, স্মৃতি ও চিন্তাশক্তি ব্যয় করলাম, একের পর আর এক সফর করলাম, বহু বিপদের সম্মুখীন হলাম এবং তার কিছু মাত্র অর্জন করলাম; যা কেবল গোড়াপত্তনের যোগ্য! যদ্বারা (ইলমের বীজ) বপন করা যায়; যা হৃদয়েই বপন করতে হয় এবং দর্স ও অনুশীলন দ্বারা তার সিঞ্চন করতে হয়। তুমি কি মনে কর, যে দিবসে বন্ধু-বান্ধবের সহিত জমায়েতে মশগুল থাকে, রজনীতে স্ত্রী সংসর্গে উন্মত্ত থাকে সে কি ফকীহ হতে পারবে? আল্লাহর কসম! কোন দিন না। ইল্ম তারই হতে পারে যে খাতা-কলম সাথে করে সফর করে এবং অর্জনের পথে দিবারাত্র নিরলস প্রচেষ্টা জারী রাখে।' (মাকামাত বদী') কারণ, ইল্ম হল (পলায়নরত) শিকারের ন্যায়। আর লিখে নেওয়া হল তার বেড়ি স্বরূপ।

আশা করি যে, এই ছোট মূল্যবান আলাপনে সেই সমস্ত তালেবে ইলমদের ভুল ধারণা ভেঙ্গে যাবে যারা মনে করে, অল্প কিছু দিনের মধ্যেই সে সব ইলম (অন্ততঃপক্ষে পেট চালানোর মত!) হাসিল করে ফেলবে। ফলে চেষ্টা তো করে যায় কিন্তু সাধনাকে তুচ্ছজ্ঞান করে। আর মনে করে, এর পরই আল্লাহ তাদের জন্য ইলম ও মা'রেফাতের দরজা সম্পূর্ণ খুলে দেবেন এবং তারা ইলম ও হেদায়েতের (নাকি শুধু মসজিদের) ইমাম হয়ে উঠবে! অথচ কবি বলেন, অর্থাৎ, ইল্ম তলবে ছয়টি জিনিস অবশ্যই জরুরী; বুদ্ধিমত্তা, আগ্রহ ও আসক্তি, প্রচেষ্টা, প্রয়োজনীয় রসদ, ওস্তাদের সাহচর্য এবং দীর্ঘ সময়।

অন্য এক কবি বলেন,
অর্থাৎ, মেহনত অনুপাতে মর্যাদা লাভ হয়ে থাকে। আর যে ব্যক্তি উন্নতি খোঁজে তার উচিত, রাত্রি জাগরণ করা। যে ব্যক্তি বিনা পরিশ্রমে উন্নতি কামনা করে সে তো দুর্লভ বস্তুর সন্ধানে আয়ু ক্ষয় করে। তুমি ইজ্জত চাইবে অথচ রাত্রে ঘুমিয়ে থাকবে (এ তো হতে পারে না)। কারণ, যে মণি-মুক্তা পেতে চায় তাকে তো সমুদ্রে ডুব দিতে হবে। হে আমার প্রতিপালক! আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাত্রিসমূহে নিদ্রা বর্জন করেছি হে সকল প্রভুদের প্রভু! তাই আমাকে ইল্‌ম অর্জন করার প্রেরণা দান কর এবং মর্যাদার শেষ চূড়ায় পৌঁছে দাও।

আর দীর্ঘ সময় বা পথ দেখে পিছপা হওয়া উচিত নয়। 'কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ?'

📘 দ্বীনি শিক্ষার প্রতিবন্ধকতা 📄 হীনম্মন্যতা

📄 হীনম্মন্যতা


শিক্ষিত ও আলেম সমাজে এমন অনেক মানুষ নজরে পড়েন, যাঁরা অসাধারণ প্রতিভার মালিক, অগাধ পান্ডিত্য এবং অনল্প ইল্মী শক্তির অধিকারী যা তাঁদেরকে জ্ঞানপতি হবার যোগ্য করে তুলে। কিন্তু হেয় মন্যতায় তাঁদের সে প্রতিভার আভা ও আলোক বিলীন হয়ে যায় এবং তেজস্বান শক্তিকে ক্ষীয়মান ও নিষ্ক্রিয় করে ফেলে। তাই তো স্বল্প ইল্ম আলোচনায় তাঁদের জ্ঞান-পিপাসা মিটে যায়। অধিক অধ্যয়ন ও বাড়তি পড়াশুনা করায় বিরাগী হন এবং ইল্মী কাজ ছেড়ে সাধারণতঃ পার্থিব কোন কাজে অধিক মনোযোগী হন। তাঁদের অনেককে (বক্তৃতা লেখনী বা অন্যান্য) দাওয়াতী কাজে নামতে অনুরোধ করলে 'আমার যোগ্যতা নেই' বলে ওজর পেশ করেন। তাঁরা মুখে বিনয় প্রকাশ করেন এবং কাজেও। অথচ কাজে তা প্রকাশ করা আদৌ উচিত নয়।

তাই তো এমন মানুষদের প্রতিভা ও শক্তি খুব সত্বর ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁদের সময়ের বর্কত তুলে নেওয়া হয়। যেহেতু অকৃতজ্ঞতা ও অবহেলার ফলে সম্পদ লয় ও ক্ষয়প্রাপ্ত হয়; যেমন কৃতজ্ঞতা ও মর্যাদাদানে সম্পদ বর্ধমান হয়।

ফারা (রঃ) বলেন, 'দুই ব্যক্তির মত অপর কাউকে আমি দয়া প্রদর্শন করি না। এক ব্যক্তি, যে ইলম তলব করে; কিন্তু তার মেধা বা বুঝশক্তি নেই। দ্বিতীয় ঐ ব্যক্তি, যে মেধাবী ও বুঝ শক্তিসম্পন্ন; অথচ ইলম তলব করে না। আর আমি আশ্চর্যান্বিত ও বিস্মিত হই এমন লোকের উপর যার ইল্ম অর্জন (ও প্রচার) করার ক্ষমতা আছে; অথচ তা করে না।' মুতানাব্বী বলেন, মানুষের সবচেয়ে বড় ত্রুটি এই যে, পূর্ণতা লাভের সামর্থ্য থাকা সত্ত্বেও সে অপূর্ণ থেকে যায়।

এর টীকায় ইবনুল জওযী (রঃ) বলেন, 'জ্ঞানীর উচিত, যথাসম্ভব (কল্যাণমূলক) পরিপূর্ণতার সর্বশেষ মঞ্জিলে পদার্পণ করা। তাই যদি কোন মানুষ আকাশে চড়ার পরিকল্পনা করে (এবং তার দ্বারা তা সম্ভব হয়) তবে মাটিতে বসে থাকা তার সবচেয়ে বড় আয়েব ও ত্রুটি হবে। নবুয়ত যদি ইজতেহাদ ও প্রচেষ্টার দ্বারা লাভ করা সম্ভব হত তবে অলস ব্যক্তিকেও তা লাভ করার প্রচেষ্টায় বড় মজবুত দেখা যেত। (অর্থাৎ কেবল বেলায়ত নিয়ে সন্তুষ্ট থাকা তার জন্য সমীচীন হত না।) জ্ঞানী ও পন্ডিতদের এক সদাচরণ হল, ইল্ম ও আমলে যথাসম্ভব পরিপূর্ণতার সর্বশেষ মঞ্জিলকে আত্মর জয়লাভ করা।'

তিনি আরো বলেন, 'মোটকথা, যে কল্যাণ ও মর্যাদা লাভ করা মানুষের পক্ষে সম্ভব তা লাভ ও অর্জন না করে ক্ষান্ত হওয়া উচিত নয়। কারণ (এ বিষয়ে) স্বল্পতে তুষ্ট হওয়া নীচ, তুচ্ছ ও অলস মানুষের কাজ। অতএব এমন মানুষ হওয়া দরকার যার পা মাটিতে থাকলেও আকাশে ও গ্রহ-উপগ্রহে তার হিম্মত ও উঁচু অভিপ্রায় থাকে। যদি প্রত্যেক আলেম ও আবেদের নিকট যাওয়া সম্ভব হয় তো যাও। তাঁদের নিকট সবক শিখ। তাঁরা মানুষ, তুমিও মানুষ। যা তাঁদের দ্বারা সম্ভব হয়েছে তা তোমার দ্বারাও সম্ভব হতে পারে। কিন্তু যে বসে পড়ে, সে হীনম্মন্যতার ও হিম্মত হারানোর ফলেই বসে পড়ে।

তুমি নিজেকে কোন প্রতিযোগিতার ময়দানে ভাব। সময় আপন গতিবেগে চলতে আছে। সে তোমার অপেক্ষা করবে না। অতএব আলস্য ছাড়, দীর্ঘসূত্রতার জড়তায় পড়োনা। জেনে রেখো, যার যা হারিয়ে যায় তা তার নিজের অবহেলা ও অলসতার কারণেই যায় এবং যে যা পায় সে তার নিজের ঐকান্তিক প্রচেষ্টা, হিকমত ও যত্নের কারণেই পায়।' (সাইদুল খাতের ১৫৯-১৬১পৃঃ)

উল্লেখ্য যে, তকদীর সত্য; তবে তকদীরের দোহাই দিয়ে তদবীর ছেড়ে বসে যাওয়া জ্ঞানী মুসলিমের কাজ নয়। কারণ, তকদীরের সাথে তদবীরও জরুরী।
'অদৃষ্টেরে শুধালাম, চিরদিন পিছে
অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?'
সে কহিল, 'ফিরে দেখ।'
দেখিলাম থামি,
সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।'

সুতরাং তুমি যদি তোমার মধ্যে বুদ্ধিমত্তা ও বুঝশক্তি আছে অনুভব কর তবে ইল্ম ও অধ্যয়নের বিকল্প অন্য কিছুকে মনে করোনা এবং দর্স ও তদরীস ব্যতীত অন্য কোনও কাজে লিপ্ত হয়ে যেওনা। যদি তা তুমি মানতে না চাও তবে এ তোমার ও মুসলমানদের পক্ষে এক মহাবিপদ ও বড় নোকসান!

ধনলোভীর নিকট ধন ঈপ্সিত, মান ঈপ্সিত নয়। প্রজাপতির নিকট ফুল প্রিয়, ফল প্রিয় নয়। মাতালের কাছে মদই শ্রেষ্ঠ, দুধ শ্রেষ্ঠ নয়। অনুরূপ একজন আলেমের নিকট ইল্মই প্রিয় ও নেশার বস্তু হওয়া উচিত, অন্য কিছু নয়।

হে তালেবে ইল্ম! তোমার ঐ পথে চলতে বিভিন্ন বাধা পাবে, পদার্পণে কাঁটা পাবে, (অধার্মিকদের নিকট হতে) সম্মানের অভাব পাবে, আত্মীয়তা ছিন্ন হবে, 'ফকীরী বিদ্যা' বলে নাকসিটকানি শুনবে, দারিদ্র্য ও উত্তম খাদ্যাভাব দেখা দেবে, আমলের পথে লোকারণ্যেও নিজেকে নিঃসঙ্গ ও অসহায় পাবে। তবুও তোমাকে ঐ পথে চলতে হবে।
'কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুখ বিনা সুখ লাভ হয় কি মহীতে।'

ধৈর্য ধরলে তার ফল মিষ্ট পাবে। যদি তুমি প্রকৃত তালেবে ইল্ম হও তবে তোমার চলার পথে পদতলে ফিরিশতা পক্ষ বিছিয়ে যাবেন। তুমিই হবে প্রকৃত সুখী ও সম্মানী। যেহেতু যে রত্নের খোঁজে বের হবে সে রত্ন! নবুয়তের রত্ন। আর তার চেয়ে মূল্যবান রত্ন আর কি আছে? আসুক শত বাধা, শত ঝঞ্চা, শত অপমান, তা তুচ্ছজ্ঞান করে চল। আর মনে রেখো, যাদের কোন মান নেই সাধারণত তারাই জ্ঞানীদের অপমান করে। আবার যাদের কোন মানই নেই তাদের আবার অপমান কিসের? অতএব যদি তুমি দ্বীন ও নবুওত থেকে মান কুড়াতে না পার তবে অপমান আর কি? যদি মানের আশা কর তবে আল্লাহর কাছে, ধর্মপ্রাণ মুমিন মানুষ, জ্ঞানী ও সম্মানী লোকদের নিকট আশা কর। কাফের ও মূর্খদের তরফ হতে মানের আশা করো না। তাদের নিকট হতে তো মানের আকাঙ্খা করাই ভুল।

চল ঐ পথে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, হিম্মত বড় করে। সেই কাজ ও আচরণ অবলম্বন কর যাতে তোমার হিম্মত বাড়তে থাকে। আশাকে বড় কর। সর্বদা ধ্যানে রেখো যে, তোমাকে বড় একটা কিছু হতেই হবে। ছোট আশা কোন সময় করো না। আল্লাহর নিকট চাইলে বড় কিছু চাও। 'কিছু না পারি তো মসজিদের ইমামতি করব' এমন ছোট খেয়াল মনে রেখো না।** যেখানে চাইলে গোটা ফুলবাগান পেতে পার সেখানে দু'টি ফুল চেয়ে ও পেয়ে সন্তুষ্ট হওয়া বুদ্ধিমানের কাজ নয়।
'মূর্খ তুমি গোটা কতক ফুলেই তোমার ভরল প্রাণ,
চাইতে যদি মিলত তোমায় সবটুকু এই ফুল বাগান।'
আশা করলে উচ্চ আশাই করতে হয়। কথায় বলে 'আশা আর বাসা ছোট করতে নেই।' অন্যথা যাদের মন ছোট কেবল তারাই ছোট আশা করে এবং নগণ্য নিয়ে সন্তুষ্ট হয়। চাও আল্লাহর কাছে বড় কিছু। যিনি তোমার চাওয়া ছোট কিছু দিতে পারবেন তিনি বড়টাও দিতে পারবেন। চাও এই বলে:-

হিম্মত উঁচু করার যে সমস্ত উপায়-উপকরণ আছে, তার মধ্যে সাহাবা ও সালেহীন (রাঃ)দের জীবনী পড়া অন্যতম। যেহেতু তাঁদের জীবন ইলম ও আমলে পরিপূর্ণ। তাঁদের অবস্থা জানার পর শিক্ষার্থী নিজেকে অনেক ছোট ভাববে এবং তার চোখেই তার ইলম ও আমল খুবই নগণ্য পরিদৃষ্ট হবে। ফলে তাঁদের নাগাল পাবার প্রচেষ্টা করবে এবং তাঁদের অনুকরণ ও সাদৃশ্যলাভ করার প্রয়াসী হবে। আর “যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুকরণ ও সদৃশতা অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত।”

ইবনুল জওযী বলেন, 'আল্লাহ আল্লাহ! তোমরা সলফের জীবনেতিহাস আলোচনা কর। তাঁদের লেখনী ও সংবাদ পড়। কারণ, তাঁদের বই-পুস্তক অধিক অধ্যয়ন করা, তাঁদেরকে দর্শন করার শামিল।'

অন্যত্র তিনি বলেন, 'অধিক পাঠ্যালোচনা ও বাড়তি পড়াশুনা করা উচিত। কারণ, তাতে (জ্ঞানী) সম্প্রদায়ের ইলম ও উঁচু হিম্মত পরিদর্শন করা যাবে; যাতে শিক্ষার্থীর মনোবল দৃঢ় হবে। আর তার ইচ্ছা ও আশা অধিক প্রয়াসের জন্য প্রবল বেগে আন্দোলিত হবে। (সাইদুল খাতের ৪৪০পৃঃ)

টিকাঃ
**এখানে মসজিদের ইমামতিকে ছোট কাজ হিসাবে দেখানো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য, যোগ্যতা থাকা সত্ত্বেও দর্স ও তাদরীস থেকে মুখ ফিরিয়ে কেবল ইমামতি নিয়ে সন্তুষ্ট থাকা অনুচিত।

📘 দ্বীনি শিক্ষার প্রতিবন্ধকতা 📄 দীর্ঘসূত্রতা ও সাধ

📄 দীর্ঘসূত্রতা ও সাধ


গয়ংগচ্ছভাব ও সাধ-এই দু'টিই হল মারাত্মক ব্যাধি। যা হৃদয় ও সময়কে ধ্বংস করে এবং মানুষকে স্বপ্ন ও কল্পনার জগতে উড়িয়ে নিয়ে যায়।

দীর্ঘসূত্রতা হল কাণ্ডজ্ঞান, অনুভূতি ও পরোয়াহীন মানুষের বদগুণ। তাই তো এমন মানুষের মন যখন কোন ভালো কাজের ইচ্ছা করে তখনই দীর্ঘসূত্রতা তাকে বলে, 'এই করব, এখনি যাচ্ছি, এখনি যাব, এখনো অনেক সময়' ইত্যাদি। কিন্তু পরিশেষে যখন অকস্মাৎ জীবনের দুয়ারে মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে, 'হে আমার প্রতিপালক! আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলেন না কেন?' (কুঃ ৬৩/১০) সুতরাং তালেবে ইল্মের উচিত, এই অপগুণ হতে বেঁচে থাকা। আজকের কাজ কালকের জন্য রেখে না দিয়ে স্বকর্তব্যের প্রতি যথার্থ যত্নবান হওয়া এবং ভালো ও শুভকাজে দেরী না করা। মহান আল্লাহ বলেন, "তোমরা সৎকার্যে প্রতিযোগিতা কর।” (কুঃ ৫/৪৮) তিনি অন্যত্র বলেন, অর্থাৎ, তোমরা প্রতিযোগিতা (ত্বরা) কর, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের জন্য; যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান। যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। (কুঃ ৩/১৩৩)

যে চট্পট্ করে নৈপুণ্যের সাথে কাজ সারতে পারে প্রকৃতপক্ষে সেই সময়ের কদর ও মূল্য বোঝে এবং সময়কে যথাযোগ্য ব্যবহার করে তদ্দ্বারা উপকৃত ও লাভবান হয়ে থাকে। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উমর (রাঃ) কে বলেছিলেন, “তুমি এমন ভাবে দুনিয়ায় অবস্থান কর যেন তুমি একজন প্রবাসী অথবা পথিক।” আর ইবনে উমর (রাঃ) বলতেন, 'সন্ধ্যা হলে সকালের প্রতীক্ষা (বা আশা) করো না। আর সকাল হলে সন্ধ্যার অপেক্ষা (বা আশা) করো না। তোমার অসুস্থতার পূর্বে সুস্থতার এবং মৃত্যুর পূর্বে জীবনের সুযোগ গ্রহণ কর।' (বুখারী, তিরমিযী, মিশকাত ১৬০৪নং)

ইবনুল জওযী বলেন, 'যে ব্যক্তি নিজের অন্তস্তলে জান্নাতের স্মরণ আবর্ত করবে, যেথায় কোন মৃত্যু নেই, কোন পীড়া নেই, নিদ্রা ও কোন চিন্তা নেই। যার বিলাস-সুখ নিরন্তর স্থায়ী ও অবিনাশী। এবং যেখানকার সুখের আতিশয্য এখানকার প্রয়াস ও পরিশ্রমের আধিক্যানুসারে হবে। সে ব্যক্তি এই সময়কে অতিমূল্যবান বলে মনে করবে। ফলে প্রয়োজনের অধিক ঘুমাবে না এবং কর্তব্যে উদাসীন হবে না।' (সাইদুল খাতের ৩২৩পৃঃ)

হযরত ইবনে আব্বাস (রাঃ) কিশোর অবস্থা থেকেই ইল্ম ও সময়ের এমন কদর করেছিলেন যে, পরবর্তীকালে তাকে ইল্মের দরিয়া ও উম্মতের পন্ডিত বলা হয়েছিল। একদা তাঁকে জিজ্ঞাসা করা হল যে, 'কিভাবে আপনি এত ইলমের অধিকারী হলেন?' তিনি বললেন, 'প্রশ্নকারী জিহ্বা, সমঝদার অন্তর এবং বিশ্রামহীন শরীর দ্বারা ইল্ম পেয়েছি।'

সাধ ও কামনা -যার কিছু প্রশংসার্হ এবং কিছু নিন্দনীয়। প্রশংসার্হ সাধ হল, সৎ ও উত্তম কার্যের অভিলাষ করা এবং তা করতে সক্ষম না হওয়া; যার তিনটি শর্ত রয়েছে। সেই কর্ম করার জন্য পাক্কা সংকল্প রাখা, যখনই তা করা সম্ভবপর হবে তখনই করার পূর্ণ ইচ্ছা রাখা। তা শরয়ী (ধর্মীয়) গন্ডীভুক্ত হতে হবে। যেমন মসজিদ নির্মাণের কামনা করা। তা যেন মানুষের স্বভাব ও অভ্যাস না হয়।

নিন্দনীয় বাসনা প্রসঙ্গে ইবনুল কাইয়্যেম (রঃ), শাইখুল ইসলাম আবু ইসমাইল হারাবীর অন্তর নষ্ট হওয়ার বিষয় সম্পর্কিত কথার ব্যাখ্যায় বলেন, ‘চিত্ত বিনষ্টকারী দ্বিতীয় বিষয় হল, বাসনার সমুদ্রে হৃদয়ের সন্তরণ করা, যে সমুদ্রের কোন কূল-কিনারা নেই। যে সমুদ্রে পৃথিবীর নিঃস্ব ও দরিদ্ররা সাঁতার কেটে বেড়ায়। যেহেতু নিঃস্বদের কেবল কামনাটাই সম্বল ও পণ্যদ্রব্য। শয়তানের প্রতিশ্রুতি ও প্রলোভন এবং অবাস্তব কল্পনা ও অলীক খেয়াল। যাদের সকল আশাই দুরাশা। মিথ্যা বাসনার তরঙ্গমালা এবং অমূলক কল্পনার ক্ষিপ্ত ঢেউ যাদেরকে নিয়ে খেলতে থাকে, যেমন কুকুর খেলে থাকে কোন পশুর শবদেহ নিয়ে। আর ঐ পণ্যদ্রব্য প্রত্যেক নিকৃষ্ট, দীন-হীন-ক্ষীন মানুষেরই যার এমন কোন হিম্মত ও উদ্যম থাকে না যদ্বারা সে বাইরের বাস্তবতাকে ধারণ করতে পারে। বরং তার পরিবর্তে কেবল নিকৃষ্ট কামনাই সদা জাগরিত রাখে। বাসনাকারী অভিলষিত বস্তুর ছবি নিজ মানসপটে অঙ্কন করে থাকে। কখনো বা কল্পনাকে বাস্তবজ্ঞান করে তার সাক্ষাৎলাভ করে থাকে এবং তা মনে মনে অর্জনও করে থাকে। তা নিয়ে সুখ আস্বাদন করে থাকে, আর মনের সাধও মিটিয়ে থাকে। কিন্তু এই ভাবোচ্ছ্বাস ও তন্ময়তায় কিছুকাল থাকার পর যখন তার ঘোর অথবা নিদ্রা ভঙ্গ হয় তখন হাত শূন্য দেখে এবং নিজেকে দেখে সেই জীর্ণশীর্ণ পাতার কুটীরে চাটাই এর বিছানায়।’ (মাদারেজুস সালেকীন ১/৪৫৬)

আবু তামাম কি সুন্দরই না বলেছেন, ‘যার ভাবনা, চিন্তা, কল্পনা ও ইচ্ছার চারণভূমি কামনা ও বাসনার উদ্যান হয় সে সর্বদা উপহাস্য থাকে।’

কোন পন্ডিতকে জিজ্ঞাসা করা হল, ‘সবচেয়ে দুরবস্থাগ্রস্ত মানুষ কে?’ তিনি বললেন, ‘যার হিম্মত ভেঙ্গে গেছে, বাসনার গৃহ প্রশস্ত হয়েছে, উপকরণ হারিয়ে গেছে এবং সামর্থ্য কমে গেছে।’

অন্য এক জ্ঞানী বলেন, ‘কামনা হতে দূরে থাক। কারণ কামনা তোমাদের মালিকানাভুক্ত বস্তুর সৌন্দর্য অপসারিত করে। আর তারই কারণে তোমাদের উপর আল্লাহ নেয়ামতকে তুচ্ছ ও ছোট জ্ঞান কর। (আদাবুদ দুনয়্যা অদ্দীন ৩০৮ পৃঃ)

লোভ-লালসা ও কামনা-বাসনার তীব্রতা হল ইল্ম ও জ্ঞানশিক্ষার পরিপন্থী। পড়ার জীবনেই যদি চাকরীর ধান্দা থাকে, অর্থ উপার্জনের ফিকির-ফন্দী থাকে তাহলে পড়াশুনা আর হবে না। অর্থের চিন্তা-ভাবনা ও টাকা-পয়সা অর্জনের লোভই তালেবের অধ্যয়নের উদ্যম নষ্ট করে ছাড়বে। কারণ, এ শ্রেণীর পার্থিব কামনা ও লালসায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটবে এবং স্মরণশক্তির মারাত্মক ক্ষতি হবে। আর কথায় বলে, 'লোভেই পাপ, পাপেই মৃত্যু।'

সুতরাং এই পীড়া হতে বেঁচে থাকা তালেবে ইল্মের একান্ত কর্তব্য। সাবধান হওয়া উচিত, যাতে ঐ রোগের জীবাণু তার দেহে সংক্রমণ না করে বসে। যেহেতু এ ধরনের সাধ দুরারোগ্য ক্যানসার। আর খুব কম মানুষই ঐ রোগের হাত হতে রক্ষা পেয়ে থাকে। শত চিকিৎসা সত্ত্বেও তার করাল কবল হতে রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

আল্লাহ আমাদের সকলকে ঐ ব্যাধি হতে রক্ষা করুন। আর মিথ্যা বাসনা হতে দূরে রেখে কল্পনার জগৎ হতে অপসারিত করে বাস্তব জগতে সৎকর্ম করার অনুপ্রেরণা, প্রয়াস ও ব্যাপৃতি দান করুন। আমীন।

ফন্ট সাইজ
15px
17px