📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ১৮. মন্দ পরিণতি

📄 ১৮. মন্দ পরিণতি


হাফেয আবু মুহাম্মাদ আব্দুল হক ইবনে আবদুর রহমান আল-ইশবীলী বলেন, জেনে রেখো! মন্দ পরিণতির -আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন- অনেকগুলি কারণ রয়েছে এবং তার জন্য অনেকগুলো দরজা ও মাধ্যম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে- দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া, কেবল দুনিয়া অন্বেষণ করা এবং দুনিয়ার প্রতি লোভী হওয়া; আখেরাত থেকে বিমুখ হয়ে পড়া এবং আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার দিকে অগ্রসর হওয়া। অনেক সময় এমনও হয় যে, মানুষের উপর কোনো ক্লান্তি ও কোনো শ্রেণির গুনাহ বিজয় লাভ করে এবং তার মাঝে অবাধ্যতা, অন্যায়-অপরাধের প্রতি দুঃসাহসিকতা ও অগ্রগামিতা প্রবল হয়ে ওঠে এবং তা তার অন্তরকে পরিপূর্ণরূপে আচ্ছন্ন করে ফেলে; তার বিবেক-বুদ্ধিকে বন্দি করে ফেলে, তার অন্তরের নূরকে নিভিয়ে দেয়, তার উপর পর্দা ফেলে দেয়, তখন আর কোনো ওয়াজ-নসিহত ও উপদেশ তার কোনো উপকারে আসে না, তার কোনো কল্যাণ সাধন করতে পারে না। কখনও কখনও এমতাবস্থায় তার মৃত্যুও এসে যায়। তখন সে দূরবর্তী কোনো স্থান থেকে কোনো আহ্বানকারীর আহ্বান শুনতে পায়, কিন্তু সে আহ্বানের মর্ম ও উদ্দেশ্য তার কাছে স্পষ্ট হয় না। সে বুঝতে পারে না আহ্বানকারীর কী উদ্দেশ্য! যদিও আহ্বানকারী বার বার আহ্বান করে এবং পুনঃপুন ডাকতে থাকে। [আল-জাওয়াবুল কাফী: ১১৮]

ফন্ট সাইজ
15px
17px