📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ২. আখেরাতের আমলের বিনিময়ে দুনিয়া উপার্জন

📄 ২. আখেরাতের আমলের বিনিময়ে দুনিয়া উপার্জন


মুত্বাররিফ (রাহ.) বলেন, দুনিয়ার প্রতি সবচেয়ে নিকৃষ্ট আগ্রহ হল, আখিরাতের আমলের বিনিময়ে দুনিয়া উপার্জন করা। [বাইহাকী ফী শুআবিল ঈমান: ৬৯০০]

ফুয়াইল ইবনে আয়াজ (রাহ.) বলেন, ঢেল-তবলার বিনিময়ে দুনিয়া উপার্জন করা আমার কাছে অধিক প্রিয় আমার দ্বীন বিক্রি করে দুনিয়া উপার্জন করার চেয়ে। [বাইহাকী ফী শুআবিল ঈমান: ৬৯৩১]

জুনাইদ বাগদাদী বলেন, আমি সারী রহ. কে যারা তাদের দীন বিক্রি করে দুনিয়া উপার্জন করে তাদের নিন্দা করতে শুনেছি। তা ছাড়া তিনি বলতেন, বান্দার দীন দ্বারা দুনিয়া উপার্জন করা অত্যন্ত হীনতা ও নীচতা। [বাইহাকী ফী শুআবুল ঈমান: ৬৯৩২৮]

মালেক ইবনে আনাস বলেন, রবীআতুর রায়ী আমাকে জিজ্ঞাসা করেছেন —তিনি ছিলেন মালেক ইবনে আনাস এর উস্তাদ— হে মালেক! নিকৃষ্ট লোক কে?
মালেক ইবনে আনাস বলেন, আমি বললাম, যে তার দীন বিক্রি করে খায়।
তিনি বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোক কে?
মালেক ইবনে আনাস বললেন, যে ব্যক্তি নিজের দীন বরবাদ করে অন্যের দুনিয়া সজ্জিত করে।
মালেক ইবনে আনাস বলেন, আমার জওয়াব শুনে আমার উস্তাদ খুশি হয়ে আমাকে বাহবা দিলেন। [বাইহাকী ফী শুআবুল ঈমান : ৬৯৩০০]

আব্দুল্লাহ ইবনে মোবারক কে জিজ্ঞাসা করা হল, প্রকৃত মানুষ কে?
তিনি বললেন, উলামায়ে কেরাম।
আবার জিজ্ঞাসা করা হল, বাদশা কারা?
তিনি বললেন, যাহেদ [দুনিয়ার প্রতি নিরাসক্ত]গণ।
আবার জিজ্ঞাসা করা হল, নিকৃষ্ট কারা?
তিনি বললেন, যারা নিজেদের দীন বিক্রি করে খায়। [বাইহাকী ফী শুআবুল ঈমান : ৬৯৩০৪]

📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ৩. বিলাসিতা

📄 ৩. বিলাসিতা


পোশাক-আশাক, পানাহার ইত্যাদিতে বিলাসিতা দুনিয়ার প্রতি মোহ ও মহব্বতের অন্যতম আলামত।

মুআয ইবনে জাবাল (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন তাঁকে ইয়ামানে পাঠালেন, তখন তাঁকে উপদেশ দিয়ে বললেন— إِيَّاكَ وَالتَّنَعُّمَ فَإِنَّ عِبَادَ اللَّهِ لَيْسُوا بِالْمُتَنَعِّمِينَ.

তুমি বিলাসিতা থেকে বেঁচে থেকো। কেননা, আল্লাহর বান্দারা বিলাসী হয় না। [মুসনাদে আহমাদ, হাদীস নং ২২১০৫]

📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ৪. লোভ

📄 ৪. লোভ


লোভ, অর্থাৎ ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদা-খ্যাতির লোভ।

আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) পবিত্র কুরআনে ইরশাদ করেছেন— ﴿تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَاَلْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ﴾
এটা আখেরাতের সেই নিবাস, যা আমি নির্ধারণ করি তাদের জন্য, যারা পৃথিবীর বুকে উচ্চতা প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। [সুরা কাসাস : ৮০]

কা'ব ইবনে মালেক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন— مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرْسِلَا فِي غَنَمٍ أَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ لِدِينِهِ.

ক্ষুধার্ত দু'টি নেকড়ে বাঘ বকরির পালে ছেড়ে দেওয়া যে পরিমাণ বিপজ্জনক, কারও সম্পদ ও সম্মানের মোহ তার দ্বীনের জন্য তার চেয়েও বেশি বিপজ্জনক। [সুনানে তিরমিযী, হাদীস নং ২৩৭৬, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৫৭৬৪]

ফন্ট সাইজ
15px
17px