📘 দুনিয়া এক ধূসর মরীচিকা > 📄 দুনিয়াকে তুচ্ছজ্ঞান করা

📄 দুনিয়াকে তুচ্ছজ্ঞান করা


মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়াকে খুবই তুচ্ছ মনে হয়। যখন কেউ দুনিয়ার এ তুচ্ছতা নিয়ে চিন্তা করবে, তখন তার দৃষ্টির ওপর থেকে পার্থিব মোহের পর্দা সরে যাবে। খুব সহজে সে উপলব্ধি করতে পারবে, এ দুনিয়া তো নির্দিষ্ট কয়েকটি বছর কিংবা দিনের সমষ্টি। এর পরেই নিশ্চিত মৃত্যু। এভাবে সে পরকালের প্রস্তুতি ও ওপারের পাথেয় সংগ্রহের প্রতি মনোযোগী হয়।
হাসান রহ. বলেন:
'মৃত্যু উন্মোচন করে দিয়েছে দুনিয়ার রহস্য। মৃত্যু প্রকৃত জ্ঞানীদের জন্য আনন্দ-ফুর্তির কোনো পথই খোলা রাখেনি।'৬৪
কবি বলেন:
قَدْ نَادَتِ الدُّنْيَا عَلَى نَفْسِهَا * لَوْ كَانَ فِي الْعَالَمِ مَنْ يَسْمَعُ كَمْ وَائِقِ بِالعُمْرِ أَفْنَيْتُهُ * وَجَامِعٍ بَدَّدْتُ مَا يَجْمَعُ
'দুনিয়া ডেকে বলে তার বাসিন্দাদের, কেউ আছো কি আমার উপদেশ শোনার? মনে রেখো, যারা ভরসা করেছিল জীবনের ওপর, সবাইকে আমি ছুঁড়ে ফেলেছি কবরের গর্তে আর এদিক ওদিক ছড়িয়ে দিয়েছি তাদের জমানো অর্থবিত্ত। '৬৫
আবু উবাইদা নাজি রহ. বলেন:
'হাসান বসরি রহ. যখন মৃত্যুর দুয়ারে উপনীত হলেন, আমরা তাঁর নিকটে উপস্থিত হলাম। তিনি আমাদের অভ্যর্থনা জানালেন এবং আমাদের জন্য দুআ করে অনেক বাক্য উচ্চারণের পর বললেন, "সত্য বলা ও বিপদাপদে ধৈর্যধারণ করা স্পষ্ট নেক আমল। কানে যা শোনো, তার সবটুকু মুখ দিয়ে বের কোরো না। প্রথমে এর সত্যাসত্য যাচাই করবে, তারপর বলার প্রয়োজন হলে বলবে। কেননা, যাঁরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখেছেন, তাঁদের জন্য যেকোনো বিষয়ে সরাসরি তাঁর শরণাপন্ন হবার সুযোগ ছিল। কিন্তু এখন তিনি নেই। তাই যেকোনো বিষয় খুব চিন্তা-ভাবনা করে করতে হবে। আল্লাহর শপথ করে বলছি, দুনিয়ার এ জীবন নিয়ে তোমরা প্রতারিত হোয়ো না। মৃত্যু তোমাদের অতি নিকটে। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করেন, যে নির্ভেজালভাবে দুনিয়াতে জীবনযাপন করে এবং যথাযথভাবে আল্লাহর ইবাদত করে; কখনো যদি সে কোনো গুনাহ করে ফেলে, পরক্ষণে খুব কান্নাকাটি করে তা থেকে তাওবা করে নেয়; আল্লাহর শান্তি থেকে বাঁচার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে এবং তাঁর রহমত তালাশ করতে থাকে—আর এ অবস্থায় তার মৃত্যু চলে আসে। "'৬৬
দুনিয়া ও এর অবস্থানকারী লোকদের অবস্থা জানান দিয়ে কবি নাবিগা জা'দি বলেন:
المرءُ يَرغَبُ فِي الْحَيَاةِ * وَطُوْلُ عَيْشٍ قَدْ يَضُرُّهُ تَفْنَى بَشَاشَتُهُ وَيَبْقَى * بَعْدَ حُلُوَ الْعَيْشِ مُرُّهُ وَتَسُوْؤُهُ الأَيَّامُ حَتَّى * مَا يَرَى شَيْئًا يَسُرُّهُ
'মানুষ দীর্ঘ হায়াতের তামান্না রাখে-অথচ জীবনের দৈর্ঘ্য তাকে কেবল কষ্টই দেয়। চোখের পলকেই হারিয়ে যায় মধুময় যৌবনের অমিত সুখ-বার্ধক্যের তিক্ততায় চেহারায় ফুটে ওঠে বয়সের জ্যামিতিক রেখা। জীবনের সেই বিষণ্ণ বিকেলে বুকজুড়ে কেবল হতাশার হাহাকারই শোনা যায়।'
আবু কাবশা রা. বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
إِنَّمَا الدُّنْيَا أَرْبَعَةُ نَفَرٍ : عَبْدُ رَزَقَهُ اللَّهُ مَالًا وَعِلْمًا، فَهُوَ يَتَّقِيْ فَيْهِ رَبَّهُ، وَيَصِلُ فِيْهِ رَحِمَهُ، وَيَعْلَمُ لِلَّهِ فِيْهِ حَقًّا، فَهَذَا بِأَفْضَلِ الْمَنَازِلِ، وَعَبْدُ رَزَقَهُ اللَّهُ عِلْمًا، وَلَمْ يَرْزُقُهُ مَالًا؛ فَهُوَ صَادِقُ النِّيَّةِ، فَيَقُوْلُ : لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ بِعَمَلِ فُلَانٍ، فَهُوَ بِنِيَّتِهِ فَأَجْرُهُمَا سَوَاءٌ، وَعَبْدُ رَزَقَهُ اللَّهُ مَالًا وَلَمْ يَرْزُقْهُ عِلْمًا فَهُوَ يَتَخَبَّطُ فِي مَالِهِ بِغَيْرِ عِلْمٍ، وَلَا يَتَّقِي فِيْهِ رَبَّهُ، وَلَا يَصِلُ فِيْهِ رَحِمَهُ، وَلَا يَعْلَمُ فِيْهِ لِلَّهِ حَقًّا، فَهَذَا بِأَخْبَثِ الْمَنَازِلِ، وَعَبْدُ لَمْ يَرْزُقُهُ اللَّهُ مَالًا وَلَا عِلْمًا، وَهُوَ يَقُوْلُ لَوْ أَنَّ لِي مَالًا لَعَمِلْتُ فِيْهِ بِعَمَلِ فُلَانٍ، فَهُوَ بِنِيَّتِهِ فَوِزْرُهُمَا سَوَاءٌ
'এই দুনিয়া চার শ্রেণির মানুষের জন্য। এক. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা যে ধন-সম্পদ ও ইলম দান করেছেন; এ ক্ষেত্রে সে আপন প্রতিপালককে ভয় করে, এর সাহায্যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে এবং এতে আল্লাহ তাআলারও হক আছে বলে সে জানে। এমন বান্দার মর্যাদা সর্বোচ্চ।
দুই. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কিন্তু ধন-সম্পদের মালিক বানাননি। সে সৎ নিয়তের অধিকারী। সে বলে, আমার যদি ধন-সম্পদ থাকত, তবে আমি অমুকের মতো ভালো কাজ করতাম। এমন বান্দার মর্যাদা নির্ধারিত হবে তার নিয়ত অনুযায়ী। এ দুজনের প্রতিদান সমান হবে।
তিন. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ দান করেছেন, কিন্তু ইলম দান করেননি। আর ইলম না থাকায় সে নিজের ধন-সম্পদ প্রবৃত্তির চাহিদামতো খরচ করে। এ ব্যাপারে সে তার প্রতিপালককেও ভয় করে না। আত্মীয়তার বন্ধন রক্ষা করে না। আর এতে যে আল্লাহ তাআলারও হক আছে, তা সে জানে না। এ লোক সর্বাধিক নিকৃষ্ট স্তরের।
চার. এমন বান্দা, যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদও দান করেননি এবং ইলমও দান করেননি। সে বলে, আমার যদি ধন-সম্পদ থাকত, তাহলে অমুক ব্যক্তির মতো (যে ব্যক্তি প্রবৃত্তির চাহিদামতো খরচ করে) কাজ করতাম। তারও স্থান নির্ধারিত হবে তার নিয়ত অনুযায়ী। এরা দুজন পাপের দিক থেকে সমান হবে।'৬৭
হে ভাই, দুনিয়া আখিরাতের শস্যখেত। ইহজীবন ইবাদত করার সময়। এখানেই আনুগত্য করতে হয়। ইবাদত-বন্দেগি করে পরকালের পুঁজি অর্জন করার জন্যই আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে।
ফুজাইল রহ. বলেন:
'আল্লাহ তাআলা সকল অকল্যাণ ও অনিষ্টকে একটি ঘরের মধ্যে রেখেছেন। আর সে ঘর খোলার একটি চাবি বানিয়েছেন। সে চাবির নাম দুনিয়াপ্রীতি। তেমনই তিনি সকল কল্যাণকে একটি ঘরে রেখেছেন। আর সে ঘরের চাবি হলো দুনিয়াবিমুখতা।'৬৮

টিকাঃ
৬৪. তারিখু বাগদাদ: ১৪/৪৪৪
৬৫. তবাকাতুশ শাফিয়িয়‍্যাহ: ৬/৭৮
৬৬. আল-আকিবাহ: ৮৯
৬৭. জামিউল উলুমি ওয়াল হিকাম: ৪২৯, হাদিসটি সহিহ। সুনানুত তিরমিজির শরাহ তুহফাতুল আহওয়াজি: ৬/১৬১৫ : ইমাম তিরমিজি বলেন, হাদিসটি হাসান সহিহ।
৬৮. আল-ইহইয়া: ৪/২৫৭

📘 দুনিয়া এক ধূসর মরীচিকা > 📄 যখন তাঁদের বয়স চল্লিশ হতো

📄 যখন তাঁদের বয়স চল্লিশ হতো


একটু লক্ষ করো, সালাফের সাথে আমাদের কেমন ব্যবধান? কোথায় তাঁরা আর কোথায় আমরা!
আব্দুল্লাহ বিন দাউদ রহ. বলেন:
'সালাফে সালিহিন যখন চল্লিশ বছরে উপনীত হতেন, তখন তারা আপন বিছানাকে গুটিয়ে নিতেন।'৬৯ সারা রাত না ঘুমিয়ে নামাজ, তাসবিহ ও ইসতিগফারের আমলে মশগুল থাকতেন... সময়কে কাটাতেন ইবাদত-বন্দেগির কাজে। নিজেদের পেছনের যেসব আমলে কোনো অপূর্ণতা বা ত্রুটি থেকে গেছে, সেসব আমলের ক্ষতিপূরণ করতেন। প্রস্তুতি নিতেন ভবিষ্যৎ জীবনে উত্তম ও পরিপূর্ণ আমলের।'
তাদের সে অবস্থার কথাই উঠে এসেছে কবিতার পঙ্ক্তিতে :
إِنَّ لِلَّهِ رِجَالًا فُطَنًا * طَلَّقُوْا الدُّنْيَا وَخَافُوْا الْفِتَنَا نَظَرُوْا فِيْهَا فَلَمَّا عَلِمُوا * أَنَّهَا لَيْسَتْ لِحَيَّ وَطَنَا جَعَلُوْهَا حُجَةٌ وَاتَّخَذُوا * صَالِحَ الْأَعْمَالِ فِيْهَا سُفُنَا
'আল্লাহর অনেক প্রাজ্ঞ বান্দা আছেন, যারা ফিতনার আশঙ্কায় দুনিয়াকে তালাক দিয়েছেন। তারা উপলব্ধি করতে পেরেছেন, দুনিয়া স্থায়ী আবাস নয়। পার্থিব জীবনকে তারা মনে করেছেন ঝঞ্ঝাবিক্ষুদ্ধ উত্তাল সমুদ্র আর তাই এটি পাড়ি দিতে তারা নেক আমলের নৌকা নির্মাণে ব্যস্ত।'
আব্দুল্লাহ বিন সা'লাবাহ রহ. বলতেন :
'এত হাসাহাসি করো কেন, হে মানুষ! এমনও তো হতে পারে, তোমার কাফনের কাপড় এসে গেছে ধোপার হাতে!'৭০
হে মুসলিম, তোমার সফরের ঘোষণা তো হয়ে গেছে। এখনো যে তুমি ঘুমে বিভোর! তুমি যে ঘর নির্মাণ করছ স্রোতের ওপর! সতর্ক হও, জীবন শেষ হওয়ার আগে আগে আমল করে নাও ওপারের জন্য। ভুলে যেয়ো না সে সত্তাকে, যাঁর সাথে নির্ধারণ করা আছে তোমার সাক্ষাতের সময়। প্রিয় ভাই,
خُذْ مِنَ الرِّزْقِ مَا كَفَا * وَمِنَ الْعَيْشِ مَا صَفَا كُلُّ هَذَا سَيَنْقَضِيْ * كَسِرَاجٍ إِذَا انْطَفَا
'প্রয়োজন-পরিমাণ জীবনোপকরণ সংগ্রহ করেই ক্ষান্ত হও। নিজের জন্য বেছে নাও স্বচ্ছ জীবনধারা। কেননা, সবকিছু হারিয়ে যাবে একদিন—নিভে যাওয়া প্রদীপের ন্যায় তলিয়ে যাবে নিকষ আঁধারে।' ৭১
ইয়াহইয়া বিন মুআজ রহ. বলেন: 'দুনিয়া ব্যস্ততার। আখিরাত আতঙ্কের। বান্দা ততক্ষণ পর্যন্ত এ ব্যস্ততা ও বিপদাশঙ্কার মধ্যে থাকবে; যতক্ষণ না সে স্থির হচ্ছে কোনো স্থায়ী আবাসে। বিচার-ফয়সালা শেষ হওয়ার আগ পর্যন্ত ভীতি থাকবে। এরপর হয়তো সে প্রবেশ করবে চিরসুখের আবাস জান্নাতে অথবা চির অশান্তির স্থান জাহান্নামে।' ৭২
কেউ যদি গভীরভাবে চিন্তা করে, সে অবশ্যই বুঝতে পারবে, আসলে দুনিয়ার এ জীবন মানুষের চলমান সফরের একটি অংশ। পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটে আসার মাধ্যমে যে সফরের সূচনা। তারপর দুনিয়া, কবর ও হাশর পাড়ি দিয়ে সে পৌঁছে যাবে চিরস্থায়ী আবাসে—চিরসুখের জান্নাত বা চিরকষ্টের জাহান্নামে গিয়েই ঘটবে সফরের অবসান।
শয়তান চায়, দুনিয়ার মায়াজালে আমাদের বন্দী করে রাখতে। যদি সে এখানে আমাদের বন্দী করতে পারে, তবে আমাদের নির্ঘাত জাহান্নামে নিয়ে ছেড়ে দেবে। তাই চলমান এ সফরে শয়তানের বন্দীদশা থেকে মুক্ত থাকার সংগ্রাম আমাদের অবশ্যই করতে হবে।
দুনিয়ার এ সফর নিতান্ত ক্ষণিকের। নিশ্বাস বন্ধ হয়ে গেলেই এর সমাপ্তি। এই সফর এমন, যেন কেউ বসে আছে নৌকাতে। আর নৌকাটি চলছে গন্তব্যের পানে। যাত্রী সেখানে বসে আছে; কিন্তু সে বুঝতে পারছে না, সে সফর করছে।
'সফরের জন্য অবশ্যই পাথেয় প্রয়োজন। আখিরাতের সফরের পাথেয় হলো তাকওয়া। তাই, কষ্ট যতই হোক, তাকওয়া আমাদের অবশ্যই অর্জন করতে হবে। যেন আবার ওপারে গিয়ে বলতে না হয় رَبِّ ارْجِعُونِ “হে প্রভু, আমাকে পুনরায় ফেরত পাঠান।” যার উত্তরে বলা হবে, كَلَّا “কক্ষনো না।” তাই গাফিল থাকা যাবে না। যা করার করতে হবে সময় থাকতে।
বান্দা যেন তাকওয়াকে নিজের সম্বল হিসেবে গ্রহণ করে, এ জন্য আল্লাহ তাআলা বান্দার এ সফরে অনেক ভীতিকর নিদর্শন দেখান। যেন বান্দারা ভীত হয়, সঠিক পথ থেকে সরে না যায়। সঠিক পথ থেকে যে আপন বাহনকে ভুল পথে ঘুরিয়ে নেবে, সেখানে সে তা-ই পাবে, যা থেকে আল্লাহ তাকে ভয় দেখিয়েছেন। এমন বক্রতার অনুগামী যারা হয়, তারা যেন পাপের সে পথ থেকে প্রতিপালকের পথে অবশ্যই প্রত্যাবর্তন করে। নিজেদের গুনাহের কারণে তাঁর কাছে তাওবা করে।'৭৩
দুনিয়াতে কেমন আমাদের অবস্থা? কেমন আমাদের সার্বিক পরিস্থিতি? এমনই এক প্রশ্নের উত্তর দিচ্ছেন রাবি' বিন খুসাইম রহ.। তাঁকে জিজ্ঞেস করা হলো, কীরূপ অবস্থায় আপনার সকাল হয়? তিনি বললেন:
'আমাদের সকাল হয় দুর্বল ও গুনাহগার অবস্থায়। তাকদিরে থাকা রিজিক ভক্ষণ করি আর প্রহর গুনি মৃত্যুর অপেক্ষায়।'৭৪

টিকাঃ
৬৯. আল-ইহইয়া: ৪/৪৩৫
৭০. আল-আকিবাহ: ৮৮
৭১. ইবনু রজব রহ. কৃত লাতায়িফুল মাআরিফ: ১/৩১০
৭২. আজ-জুহদ, বাইহাকি: ২৪৮
৭৩. উদ্দাতুস সাবিরিন: ৩৩০
৭৪. সিফাতুস সাফওয়াহ: ৩/৬৮

📘 দুনিয়া এক ধূসর মরীচিকা > 📄 দুনিয়া যেমন

📄 দুনিয়া যেমন


এটা বড়ই আশ্চর্যের বিষয় যে, বান্দা চিরস্থায়ী আখিরাতকে ঠিকই সত্যায়ন করে, কিন্তু অস্থায়ী দুনিয়ার জন্যই ব্যয় করে নিজের সব প্রচেষ্টা! অবশ্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন; যেমনিভাবে অসুস্থ ব্যক্তিকে তোমরা পানি থেকে দূরে রাখো। মারফু' সনদে হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
إِنَّ اللَّهَ جَلَّ ثَنَاؤُهُ لَمْ يَخْلُقُ خَلْقًا هُوَ أَبْغَضُ إِلَيْهِ مِنَ الدُّنْيَا، وَإِنَّهُ مُنْذُ خَلَقَهَا لَمْ يَنْظُرُ إِلَيْهَا
'মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে দুনিয়াই তাঁর নিকট সবচেয়ে অপছন্দনীয়। দুনিয়া সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত তিনি তার দিকে দৃষ্টিপাত করেননি।'৮২
আলি রা.-কে জিজ্ঞেস করা হলো, হে আমিরুল মুমিনিন, দুনিয়া কেমন? তিনি বললেন:
'এমন স্থান সম্পর্কে কী বলব, যেখানে কেউ সুস্থ থাকলে নিরাপদ থাকে, অসুস্থ হলে লজ্জিত হয়, গরিব হলে চিন্তিত থাকে আর ধনী হলে ফিতনায় পতিত হয়। যার হালাল ও বৈধ বিষয় সম্পর্কে হিসাব নেওয়া হবে। আর হারাম ও অবৈধ বিষয়সমূহ সোজা জাহান্নামে নিয়ে ছাড়বে।'
ইউনুস বিন উবাইদ রহ. দুনিয়ার বর্ণনা দিতে গিয়ে বলেন:
'দুনিয়ার সঠিক উপমা হলো যেন একজন ঘুমন্ত ব্যক্তি। স্বপ্নে সে পছন্দনীয় ও অপছন্দনীয় উভয়ই দেখতে পায়। কিন্তু সহসা তার স্বপ্নভঙ্গ হয়ে যায়।'৮৩
শুমাইত বিন আজলান রহ. বলেন :
'দুজন মানুষ দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত হয়। এক. এমন ধনী লোক, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার ধন-সম্পদ দান করেছেন, অথচ সে দুনিয়া নিয়েই একদম ব্যস্ত হয়ে আছে। দুই. এমন দরিদ্র লোক, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার ধন-সম্পদ দান করেননি, কিন্তু সে দুনিয়া অর্জনের লক্ষ্যে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছে।'৮৪
আলি রা.-এর সামনে কেউ একজন দুনিয়ার নিন্দা করলে তিনি বললেন:
'দুনিয়াকে ঢালাওভাবে নিন্দা করো না। কেননা, দুনিয়া ওই ব্যক্তির জন্য সততার স্থান, যে এখানে সৎ উপায়ে জীবনযাপন করে। এমন ব্যক্তির জন্য মুক্তির জায়গা, যে এখানে বুঝে-শুনে জীবনযাপন করে। দুনিয়া ওই ব্যক্তির জন্য প্রাচুর্যের স্থান, যে এখানে আখিরাতের পাথেয় সংগ্রহ করে।'৮৫
দুনিয়াকে অনেকে ঢালাওভাবে তিরস্কার করতে থাকে, অথচ দুনিয়া তখনই তিরস্কারের যোগ্য হয়, যখন তা আল্লাহর অবাধ্যতার কারণ ও তাঁর ইবাদতের প্রতিবন্ধক হয়। তাদের আসলে জানা নেই যে, দুনিয়া হলো আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান, যে পাথেয় দ্বারা সুগম হয় জান্নাতের পথ। কিন্তু,
يَعِيبُ النَّاسُ كُلُّهُمُ الزَّمَانَا * وَمَا لِزَمَانِنَا عَيْبُ سِوَانًا نَعِيْبُ زَمَانَنَا وَالْعَيْبُ فِيْنَا * فَلَوْ نَطَقَ الزَّمَانُ بِهِ رَمَانَا
'সবাই বলে বেড়ায়—জমানা খারাপ যাচ্ছে, খারাপ যুগ চলছে। অথচ জমানার কী দোষ? সব কুকীর্তি তো আমাদের। আমাদের দোষগুলোই আমরা চাপিয়ে দিয়েছি জমানার ঘাড়ে। সে যদি কথা বলত, তবে খুলে যেত আমাদের মুখোশ।'৮৬

টিকাঃ
৮২. ইবনু আবিদ দুনিয়া কৃত আজ-জুহদ, হাদিস নং ৪০
৮৩. উদ্দাতুস সাবিরিন: ৩৫৫
৮৪. সিফাতুস সাফওয়াহ: ৩/৩৪৭
৮৫. আদাবুদ দুনিয়া ওয়াদ-দ্বীন: ১৩৪
৮৬. আজ-জুহদ, বাইহাকি: ১৫৭

📘 দুনিয়া এক ধূসর মরীচিকা > 📄 দুনিয়াবিমুখতা

📄 দুনিয়াবিমুখতা


ইমাম আওজায়ি রহ. উপদেশ প্রদানের সময় বলতেন :
'তোমাদের যে নিয়ামতরাজি দান করা হয়েছে, সেগুলোর সাহায্যে তোমরা আল্লাহর প্রজ্বলিত অগ্নি-যা হৃদয় পর্যন্ত পৌঁছবে-তা থেকে বাঁচার চেষ্টা করো। কেননা, খুব অল্প সময় তোমরা এ দুনিয়াতে বসবাস করবে। এখান থেকে তোমাদের চলে যেতে হবে অতি শীঘ্রই। তোমাদের আগে অনেকেই এসেছিল এখানে। দুনিয়া নিজ সৌন্দর্য আর চাকচিক্য দেখিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছিল। তাদের আয়ুষ্কাল ছিল তোমাদের চেয়ে দীর্ঘ, শারীরিক শক্তিতে তারা তোমাদের চেয়েও বেশি সবল ছিল, তোমাদের চেয়ে অধিক ছিল তাদের প্রতিপত্তি। পাহাড় খোদাই করে আর পাথর কেটে কেটে তারা গড়ে তুলত সুরম্য অট্টালিকা। পৃথিবীতে বিচরণ করত বিপুল দাপটে। খুঁটির মতো শক্ত ও দীর্ঘ দেহ ছিল তাদের। কিন্তু কোথায় আজ তাদের অস্তিত্ব? তারা নেই। থাকবে না তোমরাও। তাদের সময় ফুরিয়েছে, তারা চলে গেছে। তাদের এত সব নির্মাণ আজ কোথায়?! ধূলিস্যাৎ হয়ে গেছে তাদের সব অর্জন। এমনকি তাদের নামটুকও মুছে গেছে মানুষের মন থেকে। তুমি কি তাদের কারও আওয়াজ শুনতে পাও? তাদের সামান্য চাপা স্বরও কি তোমার কানে বাজে? মৃত্যু থেকে তারা নিজেদের খুব নিরাপদ ভেবেছিল। এমন আর কত বর্ণনার দরকার? যা শুনে দ্বীন থেকে গাফিল-উদাসীনরা সচেতন হবে! একটি সকালই কি যথেষ্ট নয় যে, গুনাহগাররা জাগ্রত হবে?!'৮৭
দুনিয়াবিমুখতার দ্বারা অন্তরে জাগ্রত হয় আখিরাতের প্রতি আগ্রহ। অবশ্য যথার্থরূপে দুনিয়াবিমুখতা অবলম্বনের জন্য দুটি সঠিক দৃষ্টিভঙ্গি লালন করতে হবে।
প্রথম দৃষ্টিভঙ্গি
দুনিয়া অতি তুচ্ছ ও নিকৃষ্ট। দুনিয়া ধ্বংসশীল। দুনিয়া ক্ষণিকের। পার্থিব এ জীবন ফুরিয়ে যাবে খুব দ্রুতই। দুনিয়ার দুঃখ-দুর্দশা, কষ্ট-ক্লেশ যা কিছু ভোগ করতে হয়, তা স্থায়ী নয়। এমনিভাবে স্থায়ী নয় দুনিয়ার আনন্দ- সুখও। দুনিয়া অর্জনকারী দুনিয়ার পেছনেই পড়ে থাকে সব সময়। তবে কখনো সে অর্জনে সক্ষম হয়। কখনো হয় ব্যর্থ-বিফল। কিন্তু যে অর্জন করে, সে কিন্তু বিজয়ী হয়েও হয়ে যায় পরাজিত। কেননা, এ অর্জনের পরে আছে কি এর কোনো স্থায়িত্ব? দুনিয়ার ধন-সম্পদ কখনো হারিয়ে যাবে, কখনো চুরি বা নষ্ট হয়ে যাবে। অবশেষে সে যখন আস্বাদন করবে মৃত্যুর স্বাদ, পারবে কি তখন সাথে নিয়ে যেতে সেসব সম্পদ? তাই দুনিয়া অর্জনকারী বিজয়ী হয়েও পরাজিত।
দ্বিতীয় দৃষ্টিভঙ্গি
আখিরাত আসন্ন। আখিরাত চিরস্থায়ী। আখিরাতের মর্যাদাই সমুন্নত। নিয়ামত, খুশি, আনন্দ... সেখানে সবই চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন :
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى
'আর আখিরাতের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।৮৮
'আখিরাতের নিয়ামতই পূর্ণ নিয়ামত। কখনো তা ফুরাবে না। পক্ষান্তরে তার শাস্তিও ভীষণ ভয়ংকর। '৮৯
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلُ * وَكُلُّ نَعِيمٍ لَا مَحَالَةَ زَائِلُ
'জেনে রেখো, আল্লাহ ব্যতীত সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। মুছে যাবে সুখ ও সমৃদ্ধির শেষ রেশটুকুও।'
এবার দুনিয়াদারদের একটা ঘটনা শুনি। এতে বিচক্ষণদের জন্য রয়েছে উত্তম নসিহত।
বনি বুওয়াইহ-এর অন্যতম বাদশাহ ফখরুদ দাওলাহ আলি বিন রুকন বলতেন:
'আমার সন্তানদের জন্য আমি এত এত সম্পদ পুঞ্জীভূত করে রেখেছি যে, তারা ও তাদের সৈন্য-সামন্ত এসবের মাধ্যমে অনায়াসে পনেরো বছর কাটিয়ে দিতে পারবে!'
সহসা একদিন ফখরুদ দাওলাহ রায় শহরের একটি দুর্গে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় ধনভান্ডারের চাবিগুলো তার সন্তানদের হাতে ছিল। বাবার মৃত্যুর পর তারা দুর্গে আসার অবকাশটুকু পায়নি। কাফন হিসেবে তাকে পরানোর জন্য পাওয়া যায়নি এক টুকরো কাপড়। শেষ পর্যন্ত দুর্গের নিচের অংশে স্থাপিত মসজিদের তত্ত্বাবধায়ক থেকে মসজিদের পেছনের একটি পুরাতন কাপড় কিনে আনা হয়। ওদিকে তার সন্তান ও সৈন্য-সামন্তরা ব্যস্ত সম্পদ ভাগ-বাটোয়ারায়। বাবার জানাজা যে পড়বে, এতটুকু ফুরসতও তারা পাচ্ছে না।
এক সময় পচন ধরে তার মৃতদেহে। বেরোতে থাকে বিচ্ছিরি দুর্গন্ধ। এমনকি পড়ে থাকা লাশটির কাছে যাওয়াও আর সম্ভব হচ্ছিল না। অবশেষে একটি রশি বেঁধে সিঁড়ির ওপর দিয়ে টেনে টেনে নামানো হচ্ছিল তার দেহ। কিন্তু এভাবে টানার কিছুক্ষণ পর দেহটি ফেটে যায়। হায়রে, দুনিয়াদারদের এমনই দুরবস্থা!
মৃত্যুর সময় কেমন ছিল তার সম্পদের পরিমাণ! ২৮ লক্ষ ৬৫ হাজার দিরহাম। তার ধনভান্ডার স্বর্ণ, রৌপ্য, ইয়াকুত, মণি-মুক্তা, বলখশ৯০ ও হিরাতে ভরা ছিল। যার পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার ৫শ খণ্ড। যার মূল্য লক্ষ লক্ষ দিনার। তার ছিল অসংখ্য রৌপ্যের তৈরি পাত্র; যার ওজন ৩০ লক্ষ মন। বিবিধ সামগ্রী ছিল তিন হাজার বোঝা। বর্ম ছিল এক হাজার বোঝা। বিছানা প্রায় দুই হাজার পাঁচশ বোঝা।'৯১
কই! তার সম্পদ তো কম ছিল না। জীবিত অবস্থায় সে থাকত রাজার হালে। কিন্তু মৃত্যুর পর এ কেমন বেহাল দশা হলো তার! এত এত সম্পদ! অথচ, মৃত্যুর পর শেষ বিদায়ের সামান কাফনের কাপড়টুকু কিনতে হিমশিম খেতে হলো।
আবু দারদা রা. বলেন:
'দুনিয়ার প্রতি যে অমুখাপেক্ষী নয়, দুনিয়া তার কোনো উপকারে আসে না।'৯২
হাসান রহ. বলেন:
'দুনিয়া মুমিনদের জন্য অতি উত্তম স্থান। এখানেই তারা উত্তম আমল করে জান্নাতে যাওয়ার পাথেয় জোগাড় করে। পক্ষান্তরে দুনিয়া কাফির ও মুনাফিকদের জন্য ভীষণ খারাপ স্থান। এখানে তারা মন্দ কাজ করে জাহান্নামকে নিজেদের জন্য অবধারিত করে নেয়।'৯৩
কবি বলেন:
يَا مَنْ تَمَتَّعَ بِالدُّنْيَا وَبَهْجَتِهَا * وَلَا تَنَامُ عَنِ اللَّذَّاتِ عَيْنَاهُ أَفْنَيْتَ عُمْرَكَ فِيْمَا لَسْتَ تُدْرِكُهُ * تَقُوْلُ لِلَّهِ مَاذَا حِيْنَ تَلْقَاهُ
'দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত হে মানব! সুখ ও সমৃদ্ধির উদগ্র বাসনা কেড়ে নিয়েছে তোমার ঘুম। জীবন তো বরবাদ করে দিলে, ধূসর মরীচিকার পেছনে ছুটে। কাল যখন প্রভুর সামনে গিয়ে দাঁড়াবে—কী জবাব দেবে তাঁকে?'৯৪
এ দুনিয়ায় মুমিনের জীবনযাপন বেশ কঠিন। এখানে তাকে পথ চলতে হয় সাধনা করে। ধৈর্যধারণ করে অগ্রসর হতে হয় সম্মুখ পানে।
হাসান রহ. বলেন:
'দুনিয়াতে মুমিন ব্যক্তি একজন বন্দীর ন্যায়। মুক্তির জন্য আজীবন সে চেষ্টা চালিয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত কোনো বস্তু থেকেই সে নিরাপদ নয়।'৯৫
প্রিয় ভাই, এটাই হলো দুনিয়া—
فَإِنْ تَجْتَنِبْهَا كُنْتَ سِلْمًا لِأَهْلِهَا وَإِنْ تَجْتَذِبْهَا نَازَعَتْكَ كِلَابُهَا
'যদি মুখ ফিরিয়ে নাও দুনিয়া নামক এই পচা লাশ থেকে, তবে নিরাপদ তুমি। আর যদি আকৃষ্ট হও তার দিকে, তবে তুমিও লেগে যাও ঝগড়ায় কুকুরদের সাথে। '৯৬
ইবনে মাসউদ রা. বলেন:
'দুনিয়াতে প্রত্যেকটি মানুষ মেহমান। এসব ধন-সম্পদ তাদের নয়, এগুলো অপরজনের। মেহমান এক সময় চলে যায়। কিন্তু ধার করা সম্পদ নির্দিষ্ট সময় ফিরিয়ে দিতে হয়।'
আবু হাজিম সালামা বিন দিনার রহ. বলেন:
'তোমাদের মাঝে আখিরাতের সম্বলের ঘাটতি দেখা যাচ্ছে। তাই এ ঘাটতি পূরণে তোমরা বেশি বেশি আমল করে নাও। কেননা, এমন এক সময় আসবে, যখন আখিরাতের সম্বল জমা করার একটুও সুযোগ পাবে না।'৯৭
কেননা, কিয়ামত দিবস হিসাব-নিকাশ ও প্রতিদানের দিন। আখিরাতের সূর্য উদিত হলেই শুরু হবে হিসাব-নিকাশের পালা। ওই দিন আর আমল করার সুযোগ থাকবে না। যতদিন পর্যন্ত দুনিয়ার সূর্য উদিত হবে, ততদিন আখিরাতের হিসাব-নিকাশ হবে না; এ পুরো সময়টাই আমল করার সময়। সুতরাং এ সময় ফুরিয়ে যাবার আগে আগে অধিক পরিমাণ নেক আমল করে নিতে হবে। জবাবদিহির সম্মুখীন হবার আগেই গুছিয়ে রাখতে হবে সব হিসাব-নিকাশ।
সালাফ দুনিয়ার চাকচিক্য, ধন-সম্পদ, উঁচু উঁচু প্রাসাদ-এসবের প্রতি ভ্রুক্ষেপও করেননি। উমর রা. গোটা মুসলিমবিশ্বের শাসক। মিম্বরে উঠে খুতবা দিলেন। গায়ে তার বারোটি তালিযুক্ত চাদর!
ইসলামের দ্বিতীয় খলিফা মিম্বারে দাঁড়িয়ে। গায়ে তালিযুক্ত পোশাক। অথচ আমরা? কাপড় খানিকটা ছিঁড়ে গেলেই হলো, 'লজ্জায়' মসজিদে যাওয়ার নাম করি না। অনেকে তো দেখা যায়, এর চেয়েও তুচ্ছ অজুহাতে জামাআত ত্যাগ করে।
ইসা আ. তাঁর সঙ্গীদের উপদেশ দিতেন—
'দুনিয়ার সময়টি কাটিয়ে দাও। স্থায়ী আবাস গড়ার জন্য এখানে ঘর নির্মাণ কোরো না।' তিনি আরও বলতেন, 'সাগরের ঢেউয়ের ওপর ঘর নির্মাণ করার মতো বোকামি কি কেউ করতে পারে? তেমনই এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। এটাকে স্থায়ী আবাসস্থল মনে করে ধোঁকায় পড়ো না।'৯৮
মাসরুক বিন আজদা রহ. তার এক ভ্রাতুষ্পুত্রকে কুফার একটি আবর্জনা স্তূপের নিকট নিয়ে গেলেন। তারপর বললেন :
'চলো, তোমাকে দুনিয়া দেখাই। এই হলো দুনিয়া। লোকেরা যাকে খেয়ে ফুরিয়ে ফেলেছে। পরিধান করে পুরাতন করেছে। তার ওপর সওয়ার হয়ে দুর্বল করে দিয়েছে। এখানে তারা রক্তপাত ঘটায়। হারাম বিষয়সমূহকে হালাল সাব্যস্ত করে। বিনষ্ট করে আত্মীয়তার সম্পর্ক।'৯৯
হাসান রহ. পুণ্যবানদের পার্থিব অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেন:
'আল্লাহ সেসব লোকের ওপর রহমত বর্ষণ করুন, যাদের কাছে দুনিয়াটা আমানতের ন্যায়। তারপর যার আমানত তাকে বুঝিয়ে দিয়ে দুনিয়া থেকে তারা বিদায় নেন খালি হাতে।'১০০

টিকাঃ
৮৭. আশ-শুকর: ১৫
৮৮. সুরা আল-আ'লা: ১৭
৮৯. আল-ফাওয়ায়িদ: ১২৩
৯০. এক ধরনের দামি পাথর, যা বলখশানে পাওয়া যেত। বলখশান তুর্কিতে অবস্থিত।
৯১. শাজারাতুজ জাহাব : ৩/১২৪
৯২. হিলইয়াতুল আওলিয়া: ১/২১০
৯৩. জামিউল উলুম ওয়াল হিকাম: ৩৬০
৯৪. আজ-জুহদ, বাইহাকি: ২৮২
৯৫. জামিউল উলুম ওয়াল হিকাম: ২৬৯
৯৬. শাজারাতুজ জাহাব: ২/১০
৯৭. হিলইয়াতুল আওলিয়া: ৩/২৪২
৯৮. জামিউল উলুম ওয়াল হিকাম: ৩৭৯
৯৯. হিলইয়াতুল আওলিয়া: ২/৯৭
১০০. আল-ইহইয়া: ৩/২২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00