📄 স্বামী যদি ভালো না বাসে
স্বামী ভালো না বাসলে স্ত্রীর ঘাবড়ানোর কিছু নেই এবং এটা মনে করারও কোনো কারণ নেই, এ জীবনে আর তার ভালোবাসা লাভ করা সম্ভব নয়।
আপনি একজন বুদ্ধিমতী নারী। আপনার পক্ষে সম্ভব নতুন করে স্বামীর মনে ভালোবাসার বীজ বপন করা।
কীভাবে?
প্রথমেই তাকদিরের ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিন। সন্তুষ্ট থাকুন। আল্লাহর প্রশংসা করুন। কারণ, সন্তুষ্টি ও অল্পেতুষ্টি ইহ ও পরকালীন জীবনে সৌভাগ্যের চাবিকাঠি।
♥ আপনি জেনে রাখুন, আল্লাহ তায়ালা আপনাকে পরীক্ষা করার জন্য এই স্বামীকে আপনার জন্য নির্বাচন করেছেন। তিনি দেখতে চান আপনি তার ফায়সালায় ও নির্ধারণে সন্তুষ্ট হোন কি না।
মনে রাখবেন, আপনি যে সবর করছেন, আল্লাহ তায়ালা অবশ্যই এর বিনিময় আপনাকে প্রদান করবেন।
হয়ত এর মাঝে আপনার জন্য প্রভুত কল্যাণ রয়েছে যা আপনি জানেন না। যেমন, পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন,
وَعَسَى أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ
'হয়ত তোমরা কোনো কিছু অপছন্দ করবে। অথচ তা তোমাদের জন্য উত্তম।'*
• স্বামীর আবেগ-অনুভূতি বোঝার এবং আপনি যে তাকে ভালোবাসেন এটা তাকে বোঝানোর চেষ্টা করুন। আপনি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে থাকুন। একসময় ঠিকই তার বোধোদয় হবে। সে আপনার ভালোবাসার মূল্যায়ন করবে।
• আপনি তার বন্ধু হয়ে যান। তার সঙ্গে তার কাজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন।
• স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক উন্নয়ন বিষয়ক লেখা ও বিভিন্ন গ্রন্থাবলি পাঠ করুন।
• সে কোনো সমস্যায় পড়লে আপনি নিজে তাকে উদ্ধারের চেষ্টা করুন।
• বিশ্বস্ততার সঙ্গে তার সমস্ত কিছু হেফাজত করুন। টাকা-পয়সা আমানতদারির সঙ্গে রাখুন।
• তাকে প্রশান্তির ছায়া দান করুন।
• সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি—এটা তাকে বোঝানোর চেষ্টা করুন।
• সে আপনার কোনো সামান্য কাজ করে দিলেও আপনি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন।
টিকাঃ
* সুরা বাকারা: ২১৬।
📄 অর্থনৈতিক পরিকল্পনা
স্ত্রী স্বামীকে বলছে, আপনার কাছে সংসারের প্রয়োজনীয় কোনো জিনিস চাইলে আপনি রেগে যান। দশ রকম প্রশ্ন করেন। কারণ কী?
লাল লাল চোখ করে তাকান। আপনার কপালের রগ ফুলে উঠে। গজগজ করতে থাকেন। সংসারের যাবতীয় খরচ আপনি দিবেন না তো কে দিবে? এটা কি আপনার উপর ওয়াজিব না?
আপনি যা দেন, আমি তো আপনার সংসারের কাজেই ব্যয় করি। আপনার জন্য, আপনার সন্তানদের জন্য। আপনার মেহমানদের জন্য।
আপনি হয়ত বলবেন, অর্থনৈতিকভাবে আমি এখন একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।
তাহলে আমি বলব, আমি তো অনেকবার আপনার কাছে আপনার অবস্থা জানতে চেয়েছি। কিন্তু আপনি কি কখনো আমার সঙ্গে শেয়ার করেছেন। শেয়ার করলে হয়ত আমি আপনাকে হেল্প করতে পারতাম।
সংসারের সমস্ত দায়িত্ব তো আপনার একার না। আমাদেরও তো দায়িত্ব আছে আপদে-বিপদে, সুখে-দুঃখে আপনার পাশে থাক।
আসুন, আমরা আমাদের মাসিক আয় অনুযায়ী ব্যয়ের খাতগুলো নির্ধারণ করি।
♥ আপনি তাকে নরম ও কোমলভাবে সংসারের পিছনে খরচ করার ফযিলতের কথা বলতে পারেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে, একটি দিনার গোলাম আযাদ করার জন্য এবং একটি দিনار মিসকিনদেরকে দান করলে এবং একটি তোমার পরিবার-পরিজনের জন্য ব্যয় করলে। এর মধ্যে (সওয়াবের দিক থেকে) ওই দিনারটি উত্তম, যা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করেছো।'২২৭
বর্ণিত আছে, এক কৃপণ লোক স্ত্রী-সন্তানদের রেখে দূরে কোথাও চাকরির উদ্দেশ্যে গেল। মাস শেষে সে চিঠি লিখে পাঠাল-
প্রিয় বউ, এ মাসে বেতন পাঠাতে পারছি না। কাজের অবস্থা ভালো না। তবে তোমার জন্য বেতনের চেয়ে উত্তম কিছু পাঠাচ্ছি। একশটি চুমু।
ইতি তোমার স্বামী
আপনিই বলুন, এখন স্ত্রী তার স্বামীর পাঠানো এসব চুমু দিয়ে কী করবে?
সম্পদ জীবনের অন্যতম প্রয়োজন। শুধু ভালোবাসা দিয়ে তো আর জীবন চলে না। ক্ষুধা লাগলে কী ভালোবাসা খাওয়া যায়? খাওয়া যায় না।
এ কারণে এক নারী তার স্বামীকে চিঠি লিখেছিল, 'আমার প্রিয় স্বামী, শুধু ভালোবাসা না। ভালোবাসার সঙ্গে কিছু টাকা-পয়সাও পাঠিও।'
সংসারের পিছনে খরচ অবশ্যই করতে হবে এবং সে খরচে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কোনো কার্পণ্য নয়। ব্যয়কুণ্ঠতা নয়। কোনো অপচয় নয়। অপব্যয়ও নয়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
'আমি এমন পরিবারকে ঘৃণা করি, যারা কয়েকদিনের খরচ একদিনেই শেষ করে ফেলে।'
টিকাঃ
২২৭ সহিহ মুসলিম : ৯৯৪।
📄 নারীরা কেন স্বামীর ভালোবাসা হারায়?
• স্বামীকে সম্মান না করা। তাকে অপমান ও তুচ্ছতাচ্ছিল্য করা। বিশেষ করে তার পরিবার ও সন্তানদের সামনে।
• অগোছালো, অপরিচ্ছন্ন ও নোংরাভাবে থাকা। তার যুক্তি হলো, স্বামী তাকে বিয়ে করেছে। ব্যস শেষ। এসব সাজগোজের কী প্রয়োজন?
• অতিরিক্ত আহার করে করে স্থূল হয়ে যাওয়া।
• খুব কৃপণ হওয়া। সমস্ত ক্ষেত্রে। এমনকি কথা বলার ক্ষেত্রেও।
• সামর্থ্য থাকা সত্ত্বেও স্বামীর কোনো সমস্যায় তাকে হেল্প না করা। বিশেষ করে তার যখন আর্থিক কোনো সাহায্যের প্রয়োজন হয়।
• স্বামীকে অবহেলা করা। তাকে গুরুত্ব না দেওয়া। নিজের সন্তানদের নিয়ে সারাদিন ব্যস্ত থাকা।
• স্বামীর সঙ্গে মিথ্যা বলা। তার কাছ থেকে সবকিছু লুকানো।
• নিজের কোনো বদঅভ্যাস থাকলে সেটা পরিবর্তনের চেষ্টা না করা।
• দৈহিক চাহিদা অনুভব না করা।
• বই পড়ার অভ্যাস না থাকা। সবসময় টিভি-নাটক, মুভি, ফেইসবুক, ইন্সট্রাগ্রাম, ইউটিউব ইত্যাদি নিয়ে থাকা।
• স্বামীকে অন্যের সঙ্গে তুলনা করা।
• স্বার্থপর হওয়া।
• স্বামীর টাকা-পয়সা নষ্ট করা।
• অন্যদের দিকে দেখা। সে কী নেয়ামতের মধ্যে আছে তা ভুলে যাওয়া।
• সবসময় স্বামীকে ছোট করা।
উপরের যে কোনো একটি কাজ আপনার দাম্পত্য জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এগুলো ধীরে ধীরে স্বামীর মন থেকে সমস্ত ভালোবাসাকে শেষ করে ফেলে। তারপর একসময় সংসারে ভাঙন দেখা দেয়।
📄 পুরুষরা যেসব নারীদের অপছন্দ করে
১. ঝগড়াটে।
২. অধিক প্রশ্নকারিণী। যে সারাদিন স্বামীকে প্রশ্ন করতে থাকে, কী ভাবছ? কী করছ? তোমাকে দেখতে এমন লাগছে কেন? আমরা কখন ঘুরতে যাব? স্বামী কখন কোন অবস্থায় আছে, সে ক্লান্ত নাকি ব্যস্ত, সেটা তার দেখার বিষয় না। সে প্রশ্ন করে যাবে।
৩. অবাধ্য।
৪. নোংরা, অগোছালো।
৫. সন্দেহপ্রবণ।
৬. বল্লাহীন।
৭. অহংকারী। স্বামীর সম্পর্কে নিচু ধারণা পোষণকারিণী।
৮. মিথ্যুক।
৯. স্বার্থপর। যে শুধু নিজের স্বার্থ বুঝে। স্বামী কোনো ছুটি বা অবসর পেলে সে চায়, তার স্বামী পুরো সময়টা যেন তার সঙ্গে কাটায়।
১০. বাচাল প্রকৃতির।
১১. অধিক রিয়েক্টকারিণী। ছোট-বড় যে কোনো বিষয়ে যে সবসময় রিয়েক্ট করে। হৈচৈ ও চিৎকার শুরু করে।
১২. অধিক অভিযোগকারিণী। স্বামী তাকে অধিক ভালোবাসলেও তার অভিযোগ, এত ভালোবাসে কেন?
১৩. স্বামীকে অপমানকারিণী।
১৪. স্বামীর প্রতি উদাসীন, অমনোযোগী। স্বামী সারাদিন কাজ করে বাসায় ফেরামাত্র যে নারী তার কাছে বিভিন্ন খারাপ সংবাদ ও পারিবারিক সমস্যা নিয়ে হাজির হয়। কিংবা স্বামীকে চিন্তিত দেখলে যে নারী তাকে নিয়ে ঠাট্টা করে।
১৫. শপিং আসক্ত।
১৬. চুগলখোর।
১৭. যে নারী পুরুষের ভদ্রতাকে দুর্বলতা মনে করে। সে ঝগড়া করার সময় তার স্বামী চুপ থাকলে সে এটাকে তার দুর্বলতা মনে করে।
টিকাঃ
২২৮ হামাসাতুন ফি উষুনি যাওযাইন।