📄 নিজেদের স্বামী-স্ত্রী সুলভ বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ না করা
নিঃসন্দেহে স্ত্রী স্বামীর সবচেয়ে কাছের মানুষ। বিশেষ করে যে স্ত্রী তার স্বামীকে প্রাণোধিক ভালোবাসে।
গোপন বিষয় গোপন রাখা আসলে কঠিন। এটা মানুষের অন্তরে ভারী বোঝা হয়ে থাকে। সে যখন অন্যের কাছে তা প্রকাশ করে দেয়, তখন তার অন্তর থেকে বোঝাটি নেমে যায়। সে হালকা বোধ করে। বিশেষ করে গোপন বিষয় যদি এমন হয়, যা সে ছাড়া আর কেউ জানে না। তাহলে সেই বোঝা আরও ভারী হয়ে থাকে। তখন অন্যের কাছে প্রকাশ করার আগ পর্যন্ত সে স্বস্তি বোধ করে না।
এ কারণে গোপন বিষয় গোপন রাখা অনেক বড় একটি আমানত।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কারও সঙ্গে কথা বলার সময় যদি এদিক সেদিক তাকায়, তাহলে তার সেই কথাটি আমানত।
তিনি আরও বলেন,
'কেয়ামতের দিন আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই ব্যক্তি হবে, যে স্ত্রীর সঙ্গে মিলন করে এবং স্ত্রী তার সঙ্গে মিলন করে। তারপর সে তার (স্ত্রীর) গোপন কথা প্রকাশ করে দেয়।'২০০
সুতরাং গোপন বিষয় গোপন রাখা শরিয়তে ওয়াজিব। সামাজিকভাবেও তা আবশ্যক। এর অন্যথা হলে পারিবারিক ও সামাজিক বিপর্যয় দেখা দিবে।
মানুষ যখন কারও সংসারের প্রাইভেট বিষয় জেনে যায়। সে তার স্ত্রী-সন্তানদের সঙ্গে কীরূপ আচরণ করে। তার ভালো-মন্দ সব খবরই তাদের কাছে থাকে, তখন তা তার জন্য তাদের সামনে লজ্জিত হওয়ার কারণ। ইসলাম মুসলমানদের দোষ-ত্রুটি গোপন রাখার নির্দেশ প্রদান করে।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'কেউ কারও দোষ গোপন রাখলে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।' ২০১
সাধারণভাবেই কারও গোপন বিষয় গোপন রাখা আবশ্যক। আর বিষয়টি যদি স্বামী-স্ত্রীর মিলনের মতো স্পর্শকাতর হয়, তাহলে তা গোপন রাখা আরও অধিক আবশ্যক।
আজকাল বিকৃত রুচির কিছু মূর্খ লোককে দেখা যায়, এসব আলোচনা ছাড়া মজাই পান না। সারাদিন শুধু এসব আলোচনা করেন। আসলে তারা ব্যক্তিত্বহীন ও নির্লজ্জ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী-স্ত্রী উভয়কেই নিজেদের একান্ত মুহূর্তগুলোর কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করেছেন।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'কোনো পুরুষ হয়ত তার স্ত্রীর সঙ্গে যা করে তা বলে বেড়াবে। আর কোনো নারীও হয়ত স্বামীর সঙ্গে যা করে তা বলে বেড়াবে।'
এ কথা শুনে লোকেরা চুপ করে রইল। তখন একজন মহিলা বলল, আল্লাহর শপথ! মহিলারা এমনটি করে। আর পুরুষরাও তা করে। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
'তোমরা এমনটি করো না। কারণ তা এমন শয়তানের ন্যায়, যার সঙ্গে কোনো শয়তান নারীর রাস্তায় দেখা হলো, তারপর সে জনসম্মুখেই তার সঙ্গে কুকর্ম শুরু করল।'২০২
সেই সঙ্গে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারী অন্য নারীর সঙ্গে সাক্ষাতে পরস্পর যেসব আলোচনা করে, সেসব স্বামীর কাছে এসে বলতে নিষেধ করেছেন।
টিকাঃ
২০০ সহিহ মুসলিম: ১৪৩৭, সুনানে আবু দাউদ: ৪৮৭০, মুসনাদে আহমাদ: ১১২৫৮।
২০১ সহিহ মুসলিম: ২৫৯৪।
২০২ মুসনাদে আহমাদ।
📄 পারিবারিক সমস্যায় বান্ধবীদের কাছে পরামর্শ না চাওয়া
অনেক নারী আছে, স্বামীর সঙ্গে কোনো সমস্যা হলে বান্ধবীদের সঙ্গে শেয়ার করে। তাদের কাছে পরামর্শ চায়। তখন তারা তাকে বিভিন্ন পরামর্শ প্রদান করে।
কেউ পরামর্শ দেয়, 'তুই তাকে তোর সঙ্গে মিলিত হতে দিস না। দেখবি সোজা হয়ে যাবে। আমি একবার এমনটি করেছিলাম। ভালো কাজে দিয়েছে।'
আরেকজন বলে, 'মুখে মুখে উত্তর দিয়ে দিবি। চিৎকার করে কথা বলবি। দেখবি ঠিকই দাম দিবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।'
তৃতীয়জন বলে, 'বাপের বাড়ি চলে যা। তোর বাবা-মাকে গিয়ে বল, তারা একটা সমাধান করে দিবে।'
চতুর্থজন বলে, 'আমি তোকে এক গণকের ঠিকানা দিয়ে দিচ্ছি। তুই তার কাছে যাবি। সে তোকে একটা তাবিজ দিবে। তাবিজটি নিয়ে তুই তোর বেডরুমে রাখবি। ব্যস, পরদিন সকালে উঠে দেখবি তোর স্বামী তোর গোলামে পরিণত হয়েছে। তুই যা বলবি সে তাই করবে।
এই পরামর্শটি সবচেয়ে জঘণ্য। কারণ, সে তাকে হারাম কাজ করতে বলছে। ইসলামি শরিয়তে কোনো গণকের কাছে কিংবা কুফরি কালাম করে এমন কারও কাছে গমন করা সম্পূর্ণ হারাম। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
'যে কোনো গণকের কাছে গমন করল, তারপর তার কথা বিশ্বাস করল। সে মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল।'২০০
এ ছাড়া প্রথম তিন বান্ধবী যেসব পরামর্শ দিয়েছে, সবগুলোই নেতিবাচক। তারা প্রত্যেকেই নিজেদের স্বামীর কথা বলেছে। নিজেদের স্বামীর সঙ্গে তারা যেসব আচরণ করেছে, সে আলোকে পরামর্শ দিয়েছে।
অথচ তাদের স্বামী এবং যে পরামর্শ চাইতে এসেছে তার স্বামী এক নয়।
তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, একজনের স্বামীর সঙ্গে যে বুদ্ধি কাজে দিবে, তা আরেকজনের স্বামীর সঙ্গে নাও দিতে পারে।
যে পুরুষের সঙ্গে তোমার সমস্যা হয়েছে, সে তোমার স্বামী, তাদের স্বামী নয়। তুমি তাকে যেভাবে চিনো, জানো, বুঝো, তারা তাকে সেভাবে চিনে না, জানে না, বুঝে না।
বান্ধবীদের এসব পরামর্শ শুনে অসংখ্য নারীর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে।
অধিকাংশ পুরুষেরই দাম্পত্য জীবনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর প্রতি ভালোবাসা কমতে থাকে, তবে স্ত্রী যদি প্রেমময়ী হয় তাহলে ভিন্ন কথা।
সুতরাং তুমি তোমার স্বামীকে ভালোবাসা দাও। প্রেম দাও। তোমার সংসারে অন্য যা কিছুর অভাব থাকুক, ভালোবাসার অভাব যেন না থাকে। তোমার স্বামী যেন কখনো ভালোবাসার অভাবে না ভুগে। তুমি যদি তার রক্তে তোমার ভালোবাসা প্রবাহিত করে দিতে পারো, তাহলে সে যত দূরে যাক, তোমার কাছে ছুটে আসবে।
সুতরাং বান্ধবীদের পরামর্শ দিয়ে নয়, ভালোবাসার শক্তি দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করো। নিজেদের বিষয় নিজেদের মাঝেই রাখো। ২০৪
টিকাঃ
২০০ মুসনাদে আহমাদ: ৯৫৩৬।
২০৪ হামাসাতুন ফি উযুনি যাওযাইন।
📄 স্বামীর প্রতি ঘৃণাবোধ কখন প্রশংসনীয় ও কখন নিন্দনীয়?
সাধারণত আত্মমর্যাদাবোধ একটি প্রশংসনীয় গুণ। আল্লাহ তায়ালার আত্মমর্যাদাবোধ রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে,
'আল্লাহ তায়ালার আত্মমর্যাদাবোধ রয়েছে। আর আল্লাহ তায়ালার আত্মমর্যাদাবোধ হচ্ছে কোনো মুমিন বান্দার হারাম কাজে লিপ্ত না হওয়া। ২০৫
আত্মমর্যাদাবোধ না থাকলে চরিত্র বলতে পৃথিবীতে কিছু থাকত না। জনসম্মুখেই কুকর্ম সংঘটিত হত।
স্বামীর ক্ষেত্রে স্ত্রীর আত্মমর্যাদাবোধ হচ্ছে তাকে কোনো হারাম কাজ করতে না দেওয়া। যেমন-মদ পান, ধূমপান, হারাম উপার্জন, পরনারী গমন, নামাজ না পড়া, যাকাত আদায় না করা ইত্যাদি।
স্ত্রীর এমন আত্মমর্যাদাবোধ প্রশংসনীয় এবং এটা তার দায়িত্বও। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে তা নিন্দনীয়। বিশেষ করে যদি অমূলক ধারণা বা সন্দেহের ক্ষেত্রে হয়।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'কিছু বিষয় আছে যা আল্লাহ তায়ালা পছন্দ করেন। আর কিছু বিষয় আছে যা তিনি অপছন্দ করেন। আল্লাহ তায়ালার কাছে পছন্দনীয় আত্মমর্যাদাবোধ হচ্ছে, সন্দেহজনক বিষয় বর্জনের আত্মসম্মানবোধ। আর তাঁর কাছে অপছন্দনীয় আত্মমর্যাদাবোধ হচ্ছে সন্দেহ ও বদনামের ক্ষেত্র ব্যতীত অন্যক্ষেত্রের আত্মমর্যাদাবোধ।'২০৬
হাদিসটির মর্ম হলো, আল্লাহ তায়ালা শরিয়ত বিরোধী কাজে ঘৃণাবোধ করাকে পছন্দ করেন। শরিয়ত অনুমোদিত কাজের ক্ষেত্রে ঘৃণাবোধ করাকে অপছন্দ করেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অসংখ্য পরিবার ভিত্তিহীন, অমূলক সন্দেহ থেকে সৃষ্ট ঘৃণাবোধের কারণে ধ্বংস হয়ে যায়। প্রথমে পরিবার ধ্বংস হয়। তারপর অনুতাপ ও যন্ত্রণার অনলে পুড়ে নিজেরা ধ্বংস হয়।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে মূল কথা হলো, তুমি যাচাই-বাছাই করে, দেখে-শুনে, একজন সৎ ও বিশ্বস্ত পুরুষকে তোমার স্বামী হিসেবে নির্বাচন করেছো। সুতরাং এখন আর তোমার জন্য শোভনীয় নয় যে, কারণে অকারণে প্রতি পদে পদে তুমি তাকে সন্দেহ করবে। তার পিছনে লেগে থাকবে।
মনে রাখবে, পুরুষরা অতিরিক্ত সন্দেহপ্রবণ নারীদের অপছন্দ করে।
অতি সন্দেহ একটি মানসিক রোগ। তোমাকে যেন এই রোগে না ধরে; মানসিক অশান্তিতে ভুগবে। সন্দেহ রোগ থেকে বাঁচার জন্য নিজেকে তুমি কোনো কাজে ব্যস্ত রাখতে পারো। কাজ না থাকলে নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদিতে মশগুল থাকতে পারো। কেননা মেয়ে মানুষ ঘরে বসে থাকলে এবং তার কোনো কাজ না থাকলে মাথায় উকূনের মতো মনের মধ্যে সন্দেহের উকুন বাসা বাঁধতে থাকে।
পক্ষান্তরে তোমার স্বামী যাতে তোমাকে সন্দেহ না করে সেজন্য তোমার কিছু কর্তব্য রয়েছে, যেমন:
১. পুতঃপবিত্র চরিত্রের অধিকারী হওয়া।
২. স্বামীর অনুমতি ব্যতীত বাইরে না যাওয়া। তার অনুপস্থিতিতে তার অনুমতি ব্যতীত কাউকে ঢুকতেও না দেওয়া।
৩. পরপুরুষের সঙ্গে কথাবার্তা ও মেলামেশা না করা। সম্পূর্ণ পর্দার হালতে থাকা।
৪. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। এগুলোর নাম যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এগুলো মানুষকে অসামাজিক করে তোলে। বিভিন্ন পাপাচারে লিপ্ত করে। মানুষের মন-মস্তিষ্ক ও চিন্তা-চেতনাকে আচ্ছন্ন করে রাখে। স্বামী-সন্তানদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে।২০৭
টিকাঃ
২০৫ সহিহ বুখারি।
২০৬ মুসনাদে আহমাদ।
২০৭ দেখুন, কাইফা তাকসিবিনা কালবা যাওযিকি...।
📄 আমার স্বামী কৃপণ, এখন আমি কী করব?
অধিকাংশ নারী স্বামীর কৃপণতার অভিযোগ করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, নারীদের এই অভিযোগটি যথার্থ না। যেমন, কোনো নারী তার স্বামীর কাছে কিছু চাইল। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় তিনি হয়ত সময় চাইলেন বা কিছু দিলেন। তখন স্ত্রী তাকে কৃপণ বলে দিল।
কিংবা ঘরে একটা টিভি নেই। স্ত্রী অনেক দিন ধরে বলছে একটা টিভি কিনে দিতে। স্বামী কিনে দিচ্ছে না। তাই স্ত্রী তাকে কৃপণ বলে মনে করতে লাগল।
আচ্ছা, শরিয়তে জায়েজ নেই এমন কোনো কিছুর চাহিদা যদি থাকে, আর স্বামী সেটা পূরণ না করে, তাহলে কী তাকে কৃপণ বলা যাবে? অবশ্যই না।
সওয়াব ও পূণ্যকর্মের কথাই না হয় বলি; যেমন-স্ত্রী জিদ ধরেছে, স্বামী প্রতিবার ভাগে কুরবানি দেয়। কিন্তু এবার তাকে অবশ্যই একা কুরবানি দিতে হবে। আস্ত এক গরু।
কিন্তু স্বামীর সেই সামর্থ্য নেই। তাই স্ত্রী তাকে কৃপণ বলা শুরু করল। তার দীনদারি নিয়ে টান দিল।
হাঁ, স্বামী যদি আসলেই কৃপণ হয়ে থাকে, তাহলে সেটা দাম্পত্য জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এই কৃপণতার কারণে নারীরা অনেক সময় অন্যায়ের পথে পা বাড়ায়। যেমন, তারা ঘর থেকে এটা-সেটা সরিয়ে রাখে। এভাবে পারিবারিক আস্থা চূর্ণ হয়। স্ত্রী-সন্তানদের স্বভাব নষ্ট হয়।
এ ধরণের হাড়কিপটে স্বামীকে আমরা পবিত্র কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করতে বলব,
وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا
'(আর রহমানের বান্দাদের একটি গুণ হলো) তারা যখন খরচ করে তখন অপচয় করে না এবং একেবারে কৃপণতাও করে না। বরং এর মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করে।'
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'নিশ্চয় আল্লাহ তায়ালা প্রত্যেক দায়িত্বশীলকে আপন অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সে কী তাদের হক রক্ষা করেছে নাকি নষ্ট করেছে। এমনকি স্বামীকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।' ২০৯
স্বামী ব্যয়কুণ্ঠ হলে স্ত্রীর উচিত এর কারণ খুঁজে বের করা। কেন তিনি তার পিছনে খরচ করতে চান না? যেমন, কোনো স্বামী তার স্ত্রীকে সম্পদের অপব্যবহার করতে দেখেন, তাই তিনি তাকে টাকা-পয়সা দিতে চান না। এ ছাড়া আরও অন্যান্য কারণ থাকতে পারে।
কিন্তু যদি এমন হয়ে থাকে, স্বামী স্বভাবগতভাবেই কৃপণ, তার কাছে দশটা টাকা চাইলে দশ রকম জেরার সম্মুখীন হতে হয়, তাহলে স্ত্রীর উচিত ধৈর্যধারণ করা এবং আল্লাহর কাছে প্রতিদান লাভের আশা করা। পাশাপাশি স্বামীর এই স্বভাব পরিবর্তনের জন্য উত্তম পন্থায় চেষ্টা অব্যাহত রাখা।
এরপরও কাজ না হলে স্ত্রী একান্ত নিরুপায় হলে, তার জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান রেখে গিয়েছেন।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবি হিন্দ বিনতে উতবাকে স্বামীর অগোচরে তার সম্পদ থেকে প্রয়োজন পরিমাণ সরিয়ে রাখার অনুমতি দিয়েছিলেন। তবে তা অবশ্যই যথাবিহিত হতে হবে। কোনোক্রমেই যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়।
হিন্দ বিনতে উতবাহ নবিজির কাছে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন,
'হে আল্লাহর রাসুল, আবু সুফিয়ান খুব কৃপণ লোক। তিনি আমার ও আমার সন্তানদের প্রয়োজনীয় খরচটুকুও দেন না। তবে আমি তার অগোচরে তার থেকে যা নিতে পারি (তাই দিয়ে চলতে পারি, এতে শরিয়তের কোনো বিধি-নিষেধ আছে?)। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ন্যায়সঙ্গতভাবে তোমার ও তোমার সন্তানের জন্য যতটুকু যথেষ্ট হয়, ততটুকু তুমি নিতে পারো।' ২১০
টিকাঃ
* সুরা ফুরকান: ৬৭।
২০৯ সহিহ ইবনে হিব্বান।
২১০ সুনানে আবু দাউদ: ৩৫৩৩। দেখুন কাইফা তাকসিবিনা কালবা যাওযিকি...।
* পুরুষদের উদ্দেশ্যে ম্যান চ্যাপ্টারে 'স্ত্রীর ভরণপোষণের ব্যাপারে কৃপণতা না করা' শিরোনামে আলোচনা করা হয়েছে, তাই এখানে আর আলোচনা করছি না।