📘 দুজনার পাঠশালা > 📄 পুত্রবধূর মন কীভাবে জয় করবেন?

📄 পুত্রবধূর মন কীভাবে জয় করবেন?


কথায় আছে, কোনো বউ মেয়ে হয় না, আর কোনো শ্বাশুড়ি মা হয় না। আসলেই কী তাই?
না। ব্যতিক্রমও আছে। কিছু শ্বাশুড়ি আসলেই 'মা' হন। মায়ের ভূমিকা পালন করেন।
পুত্রবধুকে নিজের কন্যার মতো মনে করুন। মমতার ডানা দিয়ে তার সমস্ত দোষ ঢেকে রাখুন। তার কোনো ক্ষতি চাওয়ার আগে ভাবুন, আপনি নিজেও একজন নারী। একজন নারী হয়ে আপনি আরেকজন নারীর ক্ষতি করতে পারেন না। তাছাড়া আপনি মা। নবি-রাসুলদের পরই আপনার মর্যাদা। আপনি শুধু আপনার ছেলের মা নন, আপনার পুত্রবধুরও মা। সে-ও আপনাকে মা বলে ডাকে। আপনার আরেক মেয়ে সে। সে আপনার সুকোমল স্নেহ চায়। মমতার পরশ চায়।
সুতরাং আপনি উত্তম আখলাকের পরিচয় দিন। বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শন করুন। সে কোনো কিছু না পারলে তাকে শেখার জন্য সময় দিন। তাকে আপনাদের সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিন।
আপনার পরিবারের কেউ যেন তার সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ না করে, সেজন্য সবাইকে কড়াভাবে সতর্ক করে দিন। বিশেষ করে আপনার মেয়েদের। তারা যেন তার পেছনে লেগে না থাকে। তার দোষ অন্বেষণ করে না বেড়ায়।
সে কোনো ভুল করে ফেললে আপনি তাকে কোমলভাবে নসিহত করুন। খুব ভালোভাবে জেনে রাখুন, আপনারা দুজন ভিন্ন দুটি সময়ের, ভিন্ন দুটি প্রজন্মের, ভিন্ন দুটি পরিবারের। তাই আপনাদের মাঝে রুচি ও স্বভাবগত ভিন্নতা থাকাটা স্বাভাবিক। এসব আপনি বুঝার চেষ্টা করুন। সে কেন আপনাদের পরিবারের একজন হয়ে উঠতে পারছে না, আপনি তা নিয়ে ভাবুন।
জায়নামাজে বসে একাগ্র মনে তার জন্য আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন। আপনার নেক দুআ তার অনেক উপকারে আসবে।

📘 দুজনার পাঠশালা > 📄 পুরুষের জীবনের সবচেয়ে মধুর জিনিস

📄 পুরুষের জীবনের সবচেয়ে মধুর জিনিস


জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন, একজন পুরুষের জীবনের সবচেয়ে মধুর জিনিস হলো, ঘরে প্রবেশের সময় স্ত্রীর উষ্ণ ও নির্মল অভ্যর্থনা।
স্বামী যখন বাসায় ফিরে দেখে তার স্ত্রী তার অপেক্ষায় বসে আছে। আর সন্তানরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরছে, মুহূর্তেই তার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আনন্দে তার চোখ-মুখ চিকচিক করতে থাকে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'যে ব্যক্তি তার মুসলিম ভাইকে খুশি করার উদ্দেশ্যে তার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করে যা সে পছন্দ করে, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে আনন্দিত করবেন।'১৭২
এবার এক মহিলা সাহাবির ঘটনা শোনো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার ঘটনা, যা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
'আবু তালহার ঔরসজাত উম্মে সুলাইমের ছেলে মারা গেল। তিনি তার পরিবারের লোকদের বললেন, আবু তালহাকে তোমরা সংবাদটি দিও না, যতক্ষণ আমি না বলি। (তিনি চাচ্ছিলেন তার স্বামী আবু তালহা সফর থেকে ফিরে আসা মাত্রই দুঃসংবাদ শুনে তার মন যেন খারাপ হয়ে না যায়।)
তারপর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তার সামনে খাবার উপস্থিত করলে তিনি রাতের খাবার খেলেন। তারপর উম্মে সুলাইম যথাসাধ্য সাজগোজ করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে মিলিত হলেন। যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত, তখন তাকে পুত্রমৃত্যুর সংবাদটি দিলেন। তবে দুঃসংবাদের সংবাদটি তিনি তাকে সরাসরি দিলেন না। এখানেও প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। স্বামীকে সম্বোধন করে বললেন, কেউ যদি কারও কাছে কোনো জিনিস
আমানত রেখে তারপর তা নিয়ে যায়, তবে তার কি তা রেখে দেওয়ার অধিকার আছে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, না। উন্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, তাহলে আপনি আপনার পুত্রের ক্ষেত্রে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করুন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখন রেগে গিয়ে বললেন, তুমি আমাকে আগে বলনি কেন? আর এখন আমি অপবিত্র অবস্থায় আছি। এখন তুমি আমাকে এই সংবাদটি দিলে?
তারপর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তাঁকে বিষয়টি জানালেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালহাকে বললেন, আল্লাহ তায়ালা তোমাদের গত রাতের মাঝে বরকত দান করুন। '১৭৩
নবিজির দুআর বরকতে তাদের পরিবারে পরবর্তিতে দশজন সন্তান হয়েছিল। সুবহানাল্লাহ! এমন স্ত্রী কল্পনা করা যায়!
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিগণ কত উত্তম দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের জন্য। স্বামীর মানসিক প্রশান্তির প্রতি তারা কত গভীরভাবে খেয়াল রেখেছেন। সন্তান মারা যাওয়ার মুহূর্ত হচ্ছে একজন মায়ের জীবনে সবচেয়ে কষ্টের ও শোকের। অনেক মা তখন শোকের আতিশয্যে বারবার জ্ঞান হারাতে থাকেন। কয়েকজন মিলেও তাকে ঠিক রাখতে পারেন না। এমন কঠিন শোকের দিনেও স্বামী যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ রেখেছেন। তাছাড়া সন্তান মৃত্যুর সংবাদটিও তিনি কত প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সঙ্গে দিয়েছেন, যাতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকতে তার কষ্ট না হয়। তিনি ভেঙে না পড়েন।
এ কারণেই শত অভাব-অনটন সত্ত্বেও সাহাবায়ে কেরামের ঘরগুলো ছিল একেকটি জান্নাতের বাগান। স্বর্গোদ্যান। আর আমাদের ঘরগুলো...।
দুআ করি আমাদের নারীরাও যেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হয়।
কিন্তু আমাদের নারীরা যেন এমন না হয়, যার স্বামী বাসায় ফেরা মাত্রই সে তার সামনে অভিযোগের বাক্স নিয়ে আসে। সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, কাজের মানুষের বিরুদ্ধে অভিযোগ, বাজার-ঘাট নিয়ে অভিযোগ। শুধু অভিযোগ আর অভিযোগ। বাসায় ফেরা মাত্রই এতসব অভিযোগ স্বামীর উপর খারাপ প্রভাব ফেলে।

টিকাঃ
১৪২ তাবারানি।
১৭০ সহিহ মুসলিম: ৬১০০।

📘 দুজনার পাঠশালা > 📄 অধিক ভর্ৎসনার কুফল

📄 অধিক ভর্ৎসনার কুফল


অনেক নারীর মাঝে এ সমস্যাটা থাকে। তারা ছোট-বড় যে কোনো বিষয়ে স্বামীর শুধু দোষ ধরতে থাকে। এটি একটি মারাত্মক ব্যাধি, যা দাম্পত্য জীবনের মাঝে ধীরে ধীরে পঁচন ধরিয়ে দেয়।
আমরা যেন এমন অসহনশীলা না হই। আমাদের মাঝে যেন সহনশীলতার মাধুর্য থাকে। ছাড় দেওয়ার, ক্ষমা করার মানসিকতা থাকে। সংসারের সব বিষয়ে আমাদের আচার-আচরণ যেন হয় খুব সংযত। বিশেষ করে স্বামীর সঙ্গে। কেননা অসংযত আচরণ, অসংলগ্ন কথাবার্তা পারিবারিক জীবনে অনেক মারাত্মক ক্ষতি ডেকে আনে।
আবদুল্লাহ বিন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় নসিহত করে বলেন,
'তোমার মাঝে যেন অহংকার না থাকে। অহংকার থেকে দূরে থাকবে সবসময়। কারণ, এটি তালাকের চাবি। অধিক ভর্ৎসনা করা থেকে বেঁচে থাকবে। কারণ, তা ঘৃণার জন্ম দেয়। চোখে সুরমা ব্যবহার করবে। কারণ, তা সৌন্দর্য বৃদ্ধি করে।'
আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أَلَا أُخْبِرُكُمْ بِنِسَائِكُمْ مِنْ أَهْلِ الْجَنَّةِ الْوَدُودُ الْوَلُودُ الَّتِي إِذَا ظُلِمَتْ قَالَتْ هَذِهِ يَدِي فِي يَدِكَ لَا أَذُوقُ غَمْضًا حَتَّى تَرْضَى
'আমি কি তোমাদের জান্নাতি নারীদের পরিচয় বলব না? আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসুল। তিনি বললেন, যে নারী অধিক প্রেমময়ী ও অধিক সন্তান জন্মদানকারিণী। সে রাগ করলে অথবা তার সঙ্গে মন্দ আচরণ করা হলে, কিংবা তার স্বামী তার সঙ্গে রাগ করলে সে বলে, এই যে আপনার হাতে আমার হাত। আপনি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আমার এ দু'চোখ নিদ্রা যাবে না।' ১৭৪
সুতরাং নিজের ভেতর থেকে অহংকারকে সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলুন। স্বামী রাগ করলে তার কাছে যান। তার রাগ ভাঙান। আপনি খুব দ্রুত তার মনে জায়গা করে নিতে পারবেন।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'যে নারী এমতাবস্থায় মৃত্যুবরণ করল যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে।' ১৭৫
অপর একটি হাদিসে যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে তার সম্পর্কে বলা হয়েছে,
'তার কোনো নামাজ কবুল হয় না। কোনো নেক আমল উপরে উঠানো হয় না, যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হন।'১৭৬
আসমা বিনতে খাদিজা তার মেয়েকে বিয়ের সময় উপদেশ দিয়ে বলেছিলেন,
'তুমি যদি তার জন্য জমিন হতে পার। তাহলে সে হবে তোমার জন্য আকাশ। তুমি বিছানা হলে সে হবে খুঁটি। তার সঙ্গে কোনো কিছু নিয়ে পীড়াপীড়ি করো না, তাহলে সে তোমাকে অপছন্দ করবে। তার কাছ থেকে দূরে দূরে থেকো না, তাহলে সে তোমাকে ভুলে যাবে। সে তোমার কাছে এলে তুমি আরও কাছে যাবে। সে তোমার নিকটবর্তী হলে তুমি আরও নিকটবর্তী হবে।'

টিকাঃ
১৭৪ সহিহুল জামে: ২৬০৪।
১৭৫ সুনানে তিরমিযি, সুনানে ইবনে মাজাহ।
১৭৬ সহিহ ইবনে হিব্বান: ৫৩৫৫।

📘 দুজনার পাঠশালা > 📄 দীনের ক্ষেত্রে দৃঢ়তা নাকি নমনীয়তা

📄 দীনের ক্ষেত্রে দৃঢ়তা নাকি নমনীয়তা


দেখা যায় অনেক নারী বিয়ের আগে হয়ত ধর্মীয় কোনো অনুশাসন মেনে চলত। কিন্তু বিয়ের পর স্বামী তা পছন্দ না করায় সে তা ছেড়ে দেয়।
যেমন, কোনো নারী বিয়ের আগে পর্দা করত। কিন্তু বিয়ের পর স্বামী পর্দা করা পছন্দ করে না বিধায় সে তা ছেড়ে দেয়।
আবার অনেক নারীকে পুরুষদের সঙ্গে মিশতে হয়, স্বামীর বন্ধু-বান্ধব, অফিসের কলিগরা বাসায় এলে তাদের সামনে যেতে হয়, তাদের সঙ্গে দেখা করতে হয়, হাসি-মুখে কথা বলতে হয়। খাবার-পানীয় পরিবেশন করতে হয়। কারণ, তার স্বামী চায়। তার কাছে এগুলো আধুনিকতা। কালচারের অংশ।
এভাবে সেই নারী ধীরে ধীরে দীন থেকে দূরে সরে যায়। আল্লাহর ইবাদত ও তার আনুগত্য বর্জন করে পাপ ও গুনাহর কাজে কাজে জড়িয়ে যায়।
অনেক নারী এটাকে কোনো সমস্যাই মনে করে না। তার কাছে তার প্রভুর সন্তুষ্টির চেয়ে স্বামীর সন্তুষ্টি বড়। স্বামীর খুশির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করতেও তার কোনো পরোয়া নেই। তার আজাব ডেকে আনতেও তার ভয় নেই।
আমাদের মাঝে কি আল্লাহর এমন কোনো প্রিয় বান্দি নেই, গুনাহর কাজ করতে বললে যে তার স্বামীকে রাসুলের নিম্নোক্ত হাদিসটি শুনিয়ে দিবে,
لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ.
'স্রষ্টার নাফরমানির বিষয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই।'১৭৭
কিংবা সে তার স্বামীকে বলবে, আপনি খুব মর্যাদাবান, কিন্তু আমার কাছে আমার দীন ও আমার রবের আনুগত্য আরও বেশি মর্যাদাবান।
আল্লাহ হুকুম অমান্য করতে বলায় এক নারী তার স্বামীকে কীভাবে লজ্জা দিচ্ছে দেখুন, 'আপনার কি মনে পড়ে, আমরা যখন বাইরে বেড়াতে গিয়েছিলাম, তখন আপনি আমাকে পর্দা করতে নিষেধ করেছিলেন? হিজাব খুলে ফেলতে
বলেছিলেন? কিংবা আপনার কি মনে পড়ে, আপনি আমাকে চেকাপ করাতে মহিলা ডাক্তারের পরিবর্তে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন?'
আপনার স্বামীর মাঝে যদি নাটক, মুভি, সিরিয়াল ইত্যাদি দেখার বদঅভ্যাস থাকে; তাহলে আপনি চাইলেই তাকে তা থেকে ফেরাতে পারেন। এটা কোনো ব্যাপারই না। আপনাকে মনে রাখতে হবে, পুরুষ মাত্রই নারীর প্রতি অনুরুক্ত থাকে। নারী যা চায় তা-ই হয়। তাই একটু চেষ্টা করলেই আপনি তাকে বদলে দিতে পারেন। আপনার আত্মার আলোয় তাকেও আলোকিত করতে পারেন।
আপনি কি চান আপনার স্বামীর জীবনের ডায়েরি পাপ-পঙ্কিলতায় ভরা থাকুক? কেয়ামতের দিন আপনি জান্নাতে চলে যান আর আপনার স্বামী জাহান্নামের আগুনে জ্বলুক?
• অনেক পুরুষ আছে, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার সময় ঠিকই জিজ্ঞাসা করে মেয়ে পর্দা করে কি না। কিন্তু বিয়ের পর তাকে পর্দা করতে দেয় না। কিংবা সে পর্দা না করলেও তাকে কিছু বলে না।
মনে রাখতে হবে, পর্দা একটি ফরজ বিধান। স্বামী স্ত্রীকে পর্দা করতে নিষেধ করলেও স্ত্রীর তা পালন করা আবশ্যক।
আপনার স্বামী আপনাকে যদি পর্দা করতে নিষেধ করে, তাহলে আপনি প্রথমেই তার সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। তবে তার নির্দেশ মানবেনও না। বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।
দ্বিতীয়তঃ আপনাকে সবর করতে হবে। আপনি সবর করুন।
তৃতীয়তঃ তাকে পর্দার সুফল ও পর্দা না করার কুফল সম্পর্কে অবিহত করুন।
চতুর্থতঃ পবিত্র কুরআন-হাদিসে পর্দার ফযিলত ও পর্দা না করার গুনাহ সংক্রান্ত যেসব কথা বর্ণিত হয়েছে, আপনি তাকে সেগুলো শোনান। পড়তে দিন। বিজ্ঞ কোনো আলেমের সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করুন।
পঞ্চম যে কাজটি আপনাকে করতে হবে, আল্লাহর কাছে তার হেদায়াতের জন্য দুআ করতে থাকুন।
আর স্বামীর জন্য কোনোভাবেই জায়েজ নেই, স্ত্রী যদি তার গুনাহর কাজের নির্দেশ না মানে, তাহলে তাকে তালাকের হুমকি দেওয়া।

টিকাঃ
১৭৭ মুসনাদে আহমাদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00