📘 দুজনার পাঠশালা > 📄 অবহেলা

📄 অবহেলা


ফয়সালের হাত ধরে যখন আফিফা এ বাড়িতে নতুন বউ হয়ে এলো, তখন তাদের বাসার সবকিছু রঙিন ছিল। চারদিকে হাসির শব্দ ছিল। আনন্দের ছুটোছুটি ছিল। জানালার পর্দাগুলোতে মৃদু হিল্লোলের নাচন ছিল। বিছানায় সুখের গড়াগড়ি ছিল। একটি বালিশে দুটি মাথা ছিল। টবের ফুলগুলো সজিব ছিল।
কিন্তু বছর তিনেক না যেতেই সবকিছু কেমন প্রাণহীন, ম্যারম্যারে হয়ে গেল। বালিশ থেকে দুটি মাথা আলাদা হয়ে গেল। টবের সজিব ফুলগুলো কেমন শুকিয়ে গেল।
মাথার উপর ঘরের ছোট্ট যে ছাদটাকে একসময় তাদের আকাশের চেয়েও বিশাল মনে হত, এখন সে ছাদটাকে তাদের বড্ড ছোট মনে হয়। এর নিচে তাদের দম বন্ধ হয়ে আসতে চায়। তারা এখান থেকে পালাতে চায়।
কিন্তু এমন কেন হলো?
সবকিছু এত দ্রুত কীভাবে বদলে গেল?
ফাগুন আসতে না আসতে সে কীভাবে চৈত্রের কাছে হেরে গেল?
ভালোবাসার বিশাল আইসবার্গ এত দ্রুত কীভাবে গলে নিঃশেষ হয়ে গেল?
'দুটি দেহ, একটি প্রাণ'- থেকে কীভাবে তারা 'দুটি দেহ, দুটি প্রাণ'-এ পরিণত হলো?
এর উত্তর খুব সহজ।
অবহেলা। অবহেলা এবং স্রেফ অবহেলা। পরস্পরের প্রতি অবহেলা।
বিয়ের প্রথম দিকে দুজন দুজনকে যেভাবে গুরুত্ব দিত, পরবর্তিতে আর সেভাবে গুরুত্ব না দেওয়া। শুরুর দিকে দুজন দুজনার যেভাবে খেয়াল রাখত, এখন আর সেভাবে খেয়াল না রাখা।
এই অযত্ন আর অবহেলার কারণে ভালোবাসা ধুঁকতে থাকে। ধুঁকতে ধুঁকতে একসময় মরে যায়।
অনেক নারী আছে বিয়ের প্রথম দিকে স্বামীর যেভাবে সেবা-যত্ন করত, দেখাশুনা করত, পরে আর সেভাবে করে না। বাসার সবকিছু যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজিয়ে-গুছিয়ে রাখত, এখন আর সেভাবে রাখে না। স্বামী অফিসে গেলে কিংবা বাসার বাইরে থাকলে একটু পরপর সে তাকে ফোন করত। তার খোঁজখবর নিত। অফিস থেকে এলে তাকে সুন্দর করে অভ্যর্থনা জানাত। কিন্তু এখন আর সে এসবের কিছুই করে না।
তাই স্বামীর মনে তার প্রতি যে ভালোবাসা ছিল, তা আস্তে আস্তে মরে গিয়েছে। সে এখন আর তাকে আগের মতো ভালোবাসে না।
স্বামীর এমন আচরণে সে তখন খুব আশ্চর্য হয়।
আবার অনেক স্বামী আছে, স্ত্রীকে শুরুতে যেভাবে গুরুত্ব দিত এখন আর সেভাবে গুরুত্ব দেয় না। স্ত্রী তার খেয়াল রাখলেও সে তার খেয়াল রাখে না। তার সঙ্গে সে খুব বাজে ব্যবহার করে। বাইরের মানুষের সঙ্গে সে খুব হাসিখুশি থাকলেও স্ত্রীর সঙ্গে সে খুব রুক্ষ ও কর্কশ।
তাই স্ত্রীর মনে তার প্রতি যে ভালোবাসা ছিল তা একসময় মরে যায়। তার প্রতি যে শ্রদ্ধাবোধ ছিল তা হারিয়ে যায়।
স্ত্রীর এমন আচরণে সে তখন খুব আশ্চর্য হয়।
এমন স্বামী যেমন আছে—যে প্রায়ই বাসায় ফিরে দেখে তার স্ত্রী ঘুমাচ্ছে। আবার এমন স্বামীও আছে, যে স্ত্রীকে বাসায় অসুস্থ ফেলে রেখে ঘুরতে চলে যাচ্ছে।
এজন্য স্বামী-স্ত্রীর কর্তব্য হলো, পরস্পরকে গুরুত্ব দেওয়া। খেয়াল রাখা। পছন্দ-অপছন্দের প্রতি লক্ষ রাখা। অবহেলা না করা। কেননা অবহেলার কারণেই একসময় ভালোবাসা মরে যায়।৫২

টিকাঃ
৫২. ** হামাসাতুন ফি উযুনি যাওযাইন।

📘 দুজনার পাঠশালা > 📄 শেষ কবে স্ত্রীকে গিফট দিয়েছিলেন?

📄 শেষ কবে স্ত্রীকে গিফট দিয়েছিলেন?


এখন আপনাকে একটি প্রশ্ন করি, শেষ কবে স্ত্রীকে গিফট দিয়েছিলেন?
গিফট হচ্ছে ভালোবাসার প্রতীক। কৃতজ্ঞতার স্বরূপ।
গিফট ভালোবাসাকে স্বচ্ছ ও দৃঢ় করে। পারস্পরিক বন্ধনকে মজবুত করে। গিফট যত ছোটই হোক, স্ত্রীর মনে এর প্রভাব বিরাট। এর মাধ্যমে সে বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন। গিফট তার অন্তরে ভালোবাসার সঞ্চার করে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, تَهَادَوْا تَحَابُّوا
‘তোমরা পরস্পরকে হাদিয়া দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে।’৫৩
দাম্পত্য জীবনে উদযাপন করার মতো অনেক উপলক্ষ আসে। যেমন, কর্মক্ষেত্রে স্বামীর পদোন্নতি। কিংবা স্ত্রীর গর্ভধারণ করা, মা হওয়া। কিংবা তার কুরআন খতম করা।
এসব উপলক্ষ উদযাপন করার জন্য আপনারা পরস্পরকে গিফট দিতে পারেন। গিফট খুব এক্সপেনসিভ, দামী হতে হবে এমন নয়। ছোট বা সামান্য কিছু দিয়েও উপযাপন করা যায়। সঙ্গে হৃদয়স্পর্শী ও আবেগঘন কোনো বাক্য লিখে দিলেন।
দেখবেন, শীতের ঝরাপাতার ন্যায় বিশুষ্ক ও ম্যারম্যারে হয়ে যাওয়া দাম্পত্যজীবনে ফাগুন এসেছে। ভালোবাসা তার সুরভী ছড়াচ্ছে।
কোনো সফর থেকে ফেরার সময় সঙ্গে কোনো গিফট নিয়ে আসতে পারেন। হোক তা সামান্য একটা ফুল কিংবা হাতের চুড়ি।
আপনি যদি বলেন, সামান্য একটা ফুল কেনারও সামর্থ্য আমার নেই, তাহলে কে বিশ্বাস করবে বলুন?!
গিফট যেকোনো বস্তু হতে হবে তা নয়। কোথাও বেড়াতে নিয়ে যাওয়া কিংবা খেতে নিয়ে যাওয়া, এগুলোও এক প্রকার গিফট।
জনৈক ব্যক্তি বলেন, তুমি যখন কোনো গিফট পাবে, আর তার বিনিময়ে কিছু দিতে পারবে না, তখন চিন্তা করো না। কারণ গিফট পেয়ে তুমি যে খুশি হয়েছ, এটাই গিফট প্রদানকারীর জন্য অনেক বড় গিফট হয়ে গেছে।
গিফট প্রদানের সময় কিছু লক্ষণীয় বিষয়:
• গিফটের গায়ে যেন প্রাইজ ট্যাগ লাগানো না থাকে। থাকলে সেটা উঠিয়ে ফেলা।
• কারও সামনে গিফট না দেওয়া। তবে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ভিন্ন কথা।
♥ গিফট দিয়ে পরে খোঁটা না দেওয়া। কিংবা অন্যদের সামনে সেটার আলোচনা না করা।
দাম্পত্য জীবনে আসা বিভিন্ন আনন্দের উপলক্ষগুলো আপনারা এভাবে উদযাপন করতে পারেন।
পুরনো দম্পতিদের অনেকে এই বলে যুক্তি দিয়ে থাকে, আমাদের এখন আর এসব গিফট-টিফট দেওয়ার বয়স নেই। যৌবন সেই কবে চলে গিয়েছে।
এসব মূর্খতা। যারা সেলফিশ, শুধু নিজেকে নিয়ে ভাবে, সঙ্গি বা সঙ্গিনীর যে কোনো হক আছে, তা জানে না কিংবা স্বীকার করে না, কেবল তারাই এমন কথা বলে।৫৪

টিকাঃ
৫৩ মুয়াত্তা ইমাম মালেক: ২/৯০৮। তাবারানি আওসাত।
৫৪ 'হামাসাতুন ফি উষুনি যাওযাইন: ১৩৪-১৩৫।

📘 দুজনার পাঠশালা > 📄 নারীরা যেসব কারণে মিথ্যা বলে

📄 নারীরা যেসব কারণে মিথ্যা বলে


একজন নারীর মিথ্যা বলার অনেক কারণ থাকতে পারে। যেমন,
♥ বিয়ের আগে থেকেই অনেক নারীর মিথ্যা বলার অভ্যাস থাকে। পরিবারের থেকেও অনেকে মিথ্যা বলা শিখে। যেমন, সে ছোটবেলা থেকেই দেখে আসছে, তার পরিবারের বাবা-মা, ভাই-বোন সবাই মিথ্যা বলে।
♥ কোনো কোনো নারী মায়ের কাছ থেকে মিথ্যা বলা শিখে। সে তার মাকে দেখেছে শুধু তার বাবার সঙ্গে মিথ্যা বলতো। অন্য কারও সঙ্গে মিথ্যা না বললেও তার মা তার বাবার সঙ্গে মিথ্যা বলত। এমন না যে তার বাবা কৃপণ ছিল, তাই তার মা তার সঙ্গে মিথ্যা বলতেন। এটা তার অভ্যাস ছিল।
♥ স্বামীর মিথ্যা বলার অভ্যাস থাকার কারণেও অনেক নারী মিথ্যা বলে। যেমন, তার স্বামী কথা দিয়ে কথা রাখে না। কিংবা কোনো প্রয়োজনে তার কাছ থেকে টাকা নিয়ে সেটা আর ফেরত দেয় না। অথবা সে হয়ত তার স্বামীকে কোনো কিছু কিনতে টাকা দিয়েছে, তিনি সেটা কেনার পর বাকি টাকা আর ফেরত দেয়নি। তার কাছে রেখে দিয়েছেন।
♥ আবার অনেক নারী স্বামীর কঠিন স্বভাব ও আচার-আচরণের কারণে মিথ্যা বলে। কোনো কোনো স্বামী আছেন, স্ত্রীর সামান্য ভুলে ক্ষিপ্ত হয়ে যান। খুব মেজাজ দেখান। তেড়েফুঁড়ে আসেন। এমন স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য কোনো কোনো নারী মিথ্যা বলে থাকেন।
♥ আবার অনেক স্বামী স্ত্রীকে মিথ্যা বলতে বাধ্য করেন। যেমন, স্ত্রী কোনো একটা কিছু কিনে বাসায় এসে যদি বলে, এত টাকা। স্বামী তখন তাকে কিছু টাকা কমিয়ে দেয়। যেমন, একশ টাকা বললে স্বামী দেয় পঞ্চাশ টাকা। বারোশ বললে দেয় এক হাজার টাকা। কিংবা তাকে বলে, তুমি এটা কিনে ঠকেছো, এটার দাম এত না। মানে স্ত্রী কিছু কিনলেই সেটার দাম বেশি। এমতাবস্থায় অনেক স্ত্রী মিথ্যা বলতে বাধ্য হয়।
♥ হিংসুকদের হিংসা থেকে বাঁচার জন্যেও কোনো কোনো নারী মিথ্যা বলে থাকে।
প্রতিকার বা চিকিৎসা
স্ত্রীর মিথ্যা বলার রোগ থাকলে অনেকভাবেই এ রোগের চিকিৎসা করা যায়। নিম্নে কিছু চিকিৎসা পদ্ধতি তুলে ধরা হলো,
• পারস্পরিক সুন্দর বোঝাপড়া সৃষ্টি করা। আস্থা ও বিশ্বাস গড়ে তোলা।
• স্ত্রীর দোষ-ত্রুটি ক্ষমা করে দেওয়া। নারীরা সৃষ্টিগতভাবেই দুর্বল। তাই তাদের ক্ষমা করে দেওয়া তাকওয়ার পরিচায়ক। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
وَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى
'মাফ করে দেওয়াই তাকওয়ার অধিক নিকটতর। ৫৫
• স্ত্রীকে কোমলভাবে বোঝানো যে, মিথ্যা বলা মহাপাপ। কবিরা গুনাহ। মিথ্যা মানুষের বিশ্বাসকে নষ্ট করে দেয়। স্বামী-স্ত্রীর মাঝে যদি বিশ্বাসই না থাকে, তাহলে তারা কীভাবে সংসার করবে? তাদের মাঝে ভালোবাসা কীভাবে থাকবে? যাকে বিশ্বাস করা যায় না, তাকে কখনো ভালোবাসাও যায় না।
• নিজের প্রয়োজনের কথা স্বামীর কাছে স্পষ্ট করে বলা। 'স্বামীকে বললে হয়ত দিবে না' এই ভেবে অনেক নারী তার প্রয়োজনের কথা বলে না। এমনটি না করা। বরং স্পষ্ট করে বলে দেওয়া।
• অল্পে তুষ্ট থাকা। লোভ না করা। লোভ মানুষকে মিথ্যার দিকে ঠেলে দেয়। পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশ মেনে চলা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'সত্যকে ধারণ করা তোমাদের একান্ত কর্তব্য। কারণ সত্য সৎকর্মের দিকে পথপ্রদর্শন করে। আর সৎকর্ম জান্নাতের দিকে পথপ্রদর্শন করে। কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে ও সত্য বলার চেষ্টায় রত থাকলে অবশ্যই আল্লাহ তায়ালার নিকট সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আর তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাক। কারণ মিথ্যা পাপের দিকে পথপ্রদর্শন করে। পাপ জাহান্নামের দিকে পরিচালিত করে। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বললে এবং মিথ্যার উপর অবিচল থাকার চেষ্টা করলে অবশেষে সে আল্লাহর নিকট মিথ্যাবাদীরূপে লিপিবদ্ধ হয়। ৫৬

টিকাঃ
৫৫ সুরা বাকারা: ২৩৭।
৫৬ সহিহ মুসলিম: ৬৪০১।

📘 দুজনার পাঠশালা > 📄 পুরুষরা যেসব কারণে মিথ্যা বলে

📄 পুরুষরা যেসব কারণে মিথ্যা বলে


এক মহিলার অভিযোগ, আমার স্বামী আমার সঙ্গে সবকিছু নিয়ে মিথ্যা বলে। ছোটোখাটো যে কোনো বিষয় নিয়েও মিথ্যা বলে।
সাধারণত পুরুষরা যেসব নিয়ে মিথ্যা বলে আসুন সেগুলো জেনে নেই।
• নিজের প্রফেশন নিয়ে মিথ্যা বলে। যেমন সে হয়ত কোনো প্রতিষ্ঠানের সহকারি পরিচালক। কিন্তু নিজেকে সে পরিচালক বলে দাবি করে। কিংবা সে কোনো কলেজের লেকচারার। কিন্তু নিজেকে সে প্রফেসর বলে দাবি করে।
• মাসিক ইনকাম নিয়ে অনেকে মিথ্যা বলে। এদের মধ্যে আবার দুই শ্রেণি, কেউ বাড়িয়ে বলে। কেউ কমিয়ে বলে। নিজের প্রেস্টিজ রক্ষার জন্য কেউ বাড়িয়ে বলে। আর স্ত্রী-সন্তানদের বাড়তি খরচের হাত থেকে বাঁচার জন্য কেউ কমিয়ে বলে।
• একটু স্বাধীনতা লাভের জন্য কেউ কেউ মিথ্যা বলে। যেমন সে হয়ত মনের খুশিতে ড্রাইভ করছে কিংবা বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছে। কিন্তু স্ত্রীকে বলছে অফিসের কাজে আছে।
♥ স্ত্রীর অতিরিক্ত গোয়েন্দাগিরির হাত থেকে বাঁচার জন্য কেউ কেউ মিথ্যা বলে।
♥ চরিত্রে সমস্যা থাকলে মিথ্যা বলে। কোনো গুনাহর কাজের সঙ্গে জড়িত থাকলে মিথ্যা বলে।
স্বামী যখন মিথ্যা বলে তখন স্ত্রীর নিজেকে প্রশ্ন করা উচিত, তার স্বামী তার সঙ্গে কেন মিথ্যা বলে?
অনেক নারী আছে স্বামীকে প্রচুর প্রশ্ন করতে থাকে। জেরা করতে থাকে। তার এই জেরার হাত থেকে বাঁচার জন্য কোনো কোনো পুরুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। যেমন, বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলে সে তা গোপন করে। নিজের মা-বাবা, ভাই-বোনদের পিছনে খরচ করলে তা গোপন করে।
স্ত্রীর অতিরিক্ত সন্দেহ কিংবা কঠোর আচরণও স্বামীকে মিথ্যা বলতে বাধ্য করে।
মিথ্যা অবশ্যই একটি ঘৃণিত স্বভাব। কবিরা গুনাহ। দীর্ঘ সময় নিয়ে এই রোগের চিকিৎসা করা প্রয়োজন। তবে চিকিৎসা গ্রহণের সদিচ্ছা থাকলে, নিয়ত খালেস থাকলে এ রোগ থেকে সেরে উঠা অসম্ভব কিছু নয়।
♥ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মিথ্যা বলার বিষয়টি নিশ্চিত হওয়া এবং এ ব্যাপারে নিশ্চিত হওয়া যে, তার মাঝে এ ঘৃণ্য স্বভাব থেকে বের হয়ে আসার যোগ্যতা রয়েছে। সে চেষ্টা করলে পারবে।
♥ তাকে এ জন্য তিরস্কার ও ভর্ৎসনা না করা। এতে হতে পারে সে আরও বিগড়ে যাবে। তার সঙ্গে নম্রতা ও কোমলতার আচরণ করা। তার ভেতরে এই অনুভূতি সৃষ্টি করা যে আপনি তাকে ভালোবাসেন বলেই তার সংশোধন চাচ্ছেন।
♥ তার জন্য দুআ করা। বিশেষ করে যেসব সময়ে দুআ কবুল হয়। যেমন শেষ রাতে উঠে। প্রত্যেক ফরজ নামাজের পরে। দিনের শুরু ও শেষ সময়ে। জুমুআর দিনে।
♥ তাকে ধর্মীয় বই-পুস্তক পড়তে দেওয়া। মিথ্যার কুফল ও অশুভ পরিণতি বিষয়ক অনেক বই আছে, সেগুলো পড়তে দেওয়া। হক্কানী কোনো আলেমের সোহবতে নিয়ে যাওয়া।
♥ তার মোবাইল, পকেট, মানিব্যাগ ইত্যাদি চেক না করা। তার পিছনে লেগে না থাকা। ৫৭

টিকাঃ
৫৭ 'হামাসাতুন ফি উযুনি যাওযাইন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00