📘 দু আর মহিমা > 📄 মহান রব বান্দার কাছে থাকেন

📄 মহান রব বান্দার কাছে থাকেন


হে আমার রব, আপনার দয়াতে আমরা বেঁচে আছি। সুখে-দুঃখে সব সময় আপনাকে আমরা কাছে পাই। আমরা যখন অনেক দুঃখে পড়ে যাই, তখন আপনি ছাড়া আর কেউ আমাদেরকে দুঃখের সাগর থেকে উত্তোলন করতে পারে না। আমাদের দুঃখের কথা, শোকের কথা—সবকিছু তো আপনি শুনতে পান। আমরা আপনার অনেক অবাধ্যতা করি, আপনার বিপরীত কাজ করি, তবুও আপনি আমাদের খুব কাছাকাছি থাকেন। কখনো পাপের কারণে আপনি আমাদের ছেড়ে চলে যান না। আপনি তো পবিত্র কুরআনুল করিমে বলেছেন—
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, (তখন বলে দেবে) বস্তুত আমি রয়েছি সন্নিকটে। প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে, আমি তাদের প্রার্থনা কবুল করে নিই। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে।১

প্রিয় ভাই আমার! একটু লক্ষ করে দেখুন, আল্লাহ তাআলা কতটা মুহব্বতের সাথে, ভালোবেসে আপনাকে বলেছেন, 'আমার বান্দা'। মহান প্রভু আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এর চেয়েও সুন্দর ও সম্মানের আর কিছু আছে কী? যে এখানে আল্লাহ তাআলা বান্দাকে নিজের সাথে সম্পৃক্ত করে বলেছেন— عِبَادِي 'আমার বান্দা'।
এরপর আল্লাহ তাআলা বলেছেন, 'আমি তার ডাকে সাড়া দেব।' দেখুন, এখানে কিন্তু আল্লাহ তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেননি যে, সুতরাং হে নবি, আপনি বলে দিন যে, আমার বান্দারা যদি আমার কাছে দু'আ করে, তাহলে আমি তাদের দু'আ কবুল করব। বরং আল্লাহ তাআলা বলেছেন, আমি তার ডাকে সাড়া দেব। এর অর্থ হলো, আল্লাহ তাআলা তাঁর নিজের মাঝে এবং তাঁকে আহ্বানকারী বান্দার মাঝে কোনো মাধ্যম রাখেননি। অর্থাৎ বান্দার দু'আ সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যায় এবং তাঁর দরজাও সর্বদা খোলা থাকে। যারা তাঁকে ডাকে তিনি তাদের নিকটেই থাকেন। তিনি তাদের দু'আ কবুল করেন।
ভাই আমার, তোমার রব তো অত্যন্ত দয়ালু। যে বান্দা রবের অবাধ্যতা করে, তার ওপরও তিনি রহমত বর্ষণ করেন। দয়ার চাদরে আগলে রাখেন। খাবার-দাবারসহ সবকিছুর ব্যবস্থা করেন।
সাইয়েদ কুতুব শহিদ রাহিমাহুল্লাহু বলেছেন, এটা এমন এক আশ্চর্য আয়াত, যার তেলাওয়াত ও স্মরণ মুমিন বান্দাদের হৃদয়কে করে সিক্ত ও স্নিগ্ধ, তাদের মনে প্রেম ও ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। তাদের মনকে করে নিশ্চিন্ত ও সন্তুষভাজন এবং তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আরো মজবুত ও শক্তিশালী হয়।

আয়াতে আরো একটু লক্ষ করলে তুমি বুঝতে পারবে, আয়াতে আল্লাহ তাআলা একথা বলেননি أسمع الدعاء 'আমি তার দু'আ শুনব'। যদি এমনটা বলা হতো, তাহলে বান্দাকে ততটা কাছের বা প্রিয়জন মনে হত না। বরং আল্লাহ তাআলা বান্দাদের খুব কাছে এবং প্রিয়জন ভেবে এভাবে বলেছেন, أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ 'তারা যখনই আমার কাছে প্রার্থনা করে বা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই এবং তাদের প্রার্থনা কবুল করে নিই।'
সুতরাং নিশিতে, ভরদুপুরে কিংবা রাত-গভীরে তোমার প্রিয়জনকে ডেকে তোমার মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো, চাওয়াগুলোকে শেয়ার করে নিয়ো। তিনি তোমার সব কথা শুনবেন, কবুলও করে নেবেন। তোমার কোনো প্রয়োজন চাওয়া থাকলে দু'আতে হাত উঠিয়ে তাকেই বলে দিয়ো। মানুষের জীবনে হাজারো কষ্ট থাকে, পাথরচাপা কষ্ট। হরেক রকম কষ্ট। বুকের মধ্যিখানের এই কষ্টগুলো কেউ দেখে না। কেউ জানেও না। একজন দেখেন। একজন জানেন। তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ তাআলা।
সুতরাং তুমি তোমার প্রয়োজনের কথা, তোমার কষ্টের কথা তোমার রবকে বলো। তাঁর নিকট দু'আ করে তোমার প্রয়োজন চাও, তিনি তোমার প্রয়োজন পূর্ণ করে দিবেন। তাঁর নিকট হাত তুলে তোমার কষ্ট-মসিবত থেমে মুক্তি চাও, তিনি তোমার কষ্ট-মসিবত দূর করে দিবেন।

টিকাঃ
[১] সুরা বাকারা: ১৮৬।

📘 দু আর মহিমা > 📄 ইবাদত কাকে বলে

📄 ইবাদত কাকে বলে


নু'মান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'দু'আই ইবাদত'। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন,
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ، إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে, তারা অতি শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।' ২
আল্লাহ সুবহানাহু তাআলা ইবরাহিম আ. সম্পর্কে বলেছেন,
وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَى أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ * وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
'আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে; আমি আমার পালনকর্তার ইবাদত করব। আশা করি, আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না। অতঃপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত, তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবি করলাম।"৩
এখানে দু'আকে ইবাদাত বলে উল্লেখ করা হয়েছে।
ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহু বলেন, 'ইবাদত হলো নিজের তুচ্ছতা, হীনতা ও মুখাপেক্ষীতাসহ আল্লাহ তাআলার প্রতি নিজের ভালবাসার চূড়ান্ত প্রকাশ ঘটানো।'
ইবাদত হতে হলে দুটি জিনিস আবশ্যক।
১. আল্লাহর সমীপে বিনীত হওয়া। ২. তাঁকে মনে-প্রাণে ভালোবাসা। তুমি আল্লাহকে ভালোবাসলে কিন্তু তার জন্য বিনীত হলে না তাহলে তো তুমি তার ইবাদত করলে না। আবার তুমি তার জন্য বিনীত হলে, কিন্তু তাকে ভালোবাসলে না তাহলেও এটা তার ইবাদত হবে না। অর্থাৎ যতক্ষণ না তুমি তাকে ভালোবাসবে এবং তার জন্য বিনীত হবে ততক্ষণ তুমি তার ইবাদতকারী হতে পারবে না।
সুতরাং আল্লাহ তাআলার নিকট দু'আ করা একটি ইবাদত। দু'আর মধ্যে আল্লাহ তাআলার সামনে নিজের তুচ্ছতা, হীনতা ও মুখাপেক্ষীতা প্রকাশ করা হয় এবং আল্লাহ তাআলার প্রতি ভালবাসার পূর্ণ প্রকাশ ঘটিয়ে তাঁর নিকট নিজের প্রয়োজন চাওয়া হয়।

টিকাঃ
[২] সুরা গাফির: ৬০, আদাবুল মুফরাদ: ৭১৪; মুসনাদে আহমদ: ১৮৩৫২।
[৩] সুরা মারইয়াম: ৪৮-৪৯।

📘 দু আর মহিমা > 📄 আল্লাহর সমীপে সাহায্য চাওয়া

📄 আল্লাহর সমীপে সাহায্য চাওয়া


আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল হওয়া এবং তাঁর ওপর পূর্ণ ভরসা করা। তুমি যদি কোনো মানুষের ওপর আস্থা রাখো তাহলে তুমি আল্লাহর ওপর পূর্ণ ভরসাকারী হতে পারবে না। অনুরূপভাবে তুমি যদি কোনো মানুষের ওপর ভরসা করো, তাহলে তুমি আল্লাহর ওপর পূর্ণ আস্থাশীল হতে পারবে না। আমরা আল্লাহ তাআলার ওপর ভরসা করব, তাঁর নিকট সাহায্য প্রার্থনা করব কারণ এটা আমাদের প্রয়োজন। আমরা তাঁর নিকট সাহায্য প্রার্থনা করা এবং তাঁর ইবাদত করার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন,
وَ لِلّٰهِ غَیۡبُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اِلَیۡهِ یُرۡجَعُ الۡاَمۡرُ کُلُّهٗ فَاعۡبُدۡهُ وَ تَوَکَّلۡ عَلَیۡهِ وَ مَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ
‘আর আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য; আর সকল কাজের প্রত্যাবর্তন তাঁরই দিকে; অতএব তাঁরই বন্দেগি করো এবং তাঁর ওপর ভরসা রাখো, আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালনকর্তা কিন্তু বে-খবর নন।’৪
আল্লাহ তাআলার এই বাণী:
اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ
‘আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।’৫
এই আয়াত এটাই প্রমাণ করে যে, আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সাহায্য কামনা করতে হবে।
ইবাদত ও ইস্তেআনাতের অনেক প্রকার রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম ও গুরুত্ব পূর্ণ হলো, আল্লাহ তাআলার ইবাদতের ওপর সাহায্য চাওয়া। আর এ বিষয়টাই মুআজ ইবনু জাবালকে ভালোবেসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন
'হে মুআজ! আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। (সুতরাং এই ভালোবাসা থেকেই তোমাকে বলছি) তুমি প্রতি নামাজের পর এই দু'আ পড়তে ভুলবে না।
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
'হে আমার রব, আপনি আমাকে আপনার জিকির করা, আপনার শুকরিয়া আদায় করা এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে সাহায্য করুন।৬

টিকাঃ
[৪] সুরা হুদ: ১২৩।
[৫] সুরা ফাতিহা: ৫।
[৬] আবু দাউদ: ১৫২২। সনদ: সহিহ। হাদিস: সহিহ।

📘 দু আর মহিমা > 📄 সর্বোত্তম দু‘আ

📄 সর্বোত্তম দু‘আ


হে প্রিয় ভাই ও বোন! আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা এবং তার ইবাদতের ওপর সাহায্য প্রার্থনা করাই হলো সর্বোত্তম দু'আ। কারণ, এই দু'আর ওপরই অন্য সকল দু'আ করার তাওফিক নির্ভর করে।
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, 'আমি অনেক ভেবে দেখলাম, সর্বোত্তম এবং সবচেয়ে উপকারী দু'আ হলো, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা। এরপরে আমি আরো একটু খেয়াল করে দেখলাম, এই দু'আটা সুরা ফাতিহার মধ্যে রয়েছে, আর তা হলো, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রর্থনা করি। '৭
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দু'আ করতেন: اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي 'হে আমার রব, আপনি আমার দ্বীনকে সঠিক করে দিন।' وَلَا تَجْعَلْ مُصِيبَتِي فِي دِينِي 'আপনি আমার দ্বীনের মধ্যে কোনো ধরণের মুসিবত দিয়েন না।৮

দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত সাহায্য চাওয়াটা ইবাদত হবে না এবং তা ইস্তেআনাতও হবে না। বরং সেটা হবে শাহওয়াতুদ দুনিয়া বা নিজের দুনিয়ার স্বার্থে দু'আ বা সাহায্য চাওয়া।
তুমি বিষয়টি নিয়ে একবার চিন্তা করে দেখো যে, আল্লাহ তাআলার নিকট তো দু'আ করে যারা তাঁর বন্ধু তারাও আবার যারা তার দুশমন তারাও। এরাও হাত পাতে তারাও হাত পাতে। এবার তুমিই বলো এদের উভয় জনেরটাই কি ইবাদত হবে? নিশ্চয় না। ইবলিস হলো আল্লাহ তাআলার সবচেয়ে নিকৃষ্ট শত্রু, সে যখন তাঁর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা ইবলিসের চাওয়াকে পূরণ করে তাকে কিয়ামত অবদি জীবন দান করেছেন। ইবলিসের দু'আ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়নি, তখন তা তার দুর্ভাগ্য বৃদ্ধির কারণ হয়েছে। সে আল্লাহ তাআলার রহমত থেকে আরো দূরে সরে গেছে এবং বিতারিত হয়েছে। অনুরূপভাবে যে আল্লাহ তাআলার নিকট শুধুমাত্র তার প্রয়োজন চাইবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার সাহায্য কামনা করবে না; এটা আল্লাহ তাআলার ইবাদত হবে না বরং এটা তাঁর সন্তুষ্টি থেকে দূরে সরে যাওয়ার কারণ হবে।

অবশ্যই বিষয়টি তোমার জানা থাকতে হবে যে, দু'আকারীদের দু'আ কবুল হওয়া মানে আল্লাহ তাআলার নিকট সে সম্মানিত বা প্রিয় বিষয়টি তেমন নয়। বরং মানুষ আল্লাহ তাআলার নিকট দু'আ করে অতঃপর আল্লাহ তাআলা তা কবুল করেন। নেককার বান্দা কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দেন আবার বদকার বান্দা কিছু চাইলে তাকেও তা দেন। বদকার বান্দার দুনিয়াবী কিছু চাওয়ার পরে তাকে তা দেওয়াটা তার ধ্বংস এবং দুর্ভাগ্যের করণ হয়। আবার কোনো নেককার বান্দার দু'আর ফল সাথে সাথে না পাওয়া বা বাহ্যিক দৃষ্টিতে তা কবুল না হতে দেখলেই সে আল্লাহর অপ্রিয় বা তার দু'আ কবুল হয়নি বিষয়টি এমন না। বরং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দু'আর ফল কখনো দ্রুত দেন, কখনো দেরিতে সেটা বা তার চেয়ে উত্তম কিছু দেন আবার কখনো তা দুনিয়াতে না দিয়ে আখিরাতে তার সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করে দেন। কারণ আল্লাহ তাআলা যেহেতু তাকে ভালোবাসেন সুতরাং তিনি তার প্রিয় বান্দার জন্য যেটা উত্তম সেটা দেন। বান্দার জন্য যদি দ্রুত ফলাফলটা কল্যাণকর হয় তাহলে তিনি তার ফল দ্রুত দেন। যদি পরবর্তিতে দিলে কল্যাণের হয় তাহলে পরবর্তিতে দেন। আর ভালোবাসার দাবিও তো এটাই যে প্রিয়া তার প্রেমাস্পদের জন্য তাই পছন্দ করবে যা সর্বোত্তম ও কল্যাণকর। কিন্তু এটা দেখে অনেক মূর্খরা মনে করে যে, আল্লাহ তাআলা যেহেতু তার দু'আ কবুল করেননি সুতরাং তিনি তাকে ভালোবাসেন না। বিশেষ করে তারা যখন কোনো বদকার লোকের দু'আর ফল দ্রুত পেতে দেখে তখন তাদের মনের মধ্যে এই বিশ্বাস আরো দৃঢ় হয়। কিন্তু এটা ঠিক না।

তুমি যখন আল্লাহ তায়ালার কাছে দু'আ করবে, তখন দুনিয়াবী কোনো বিষয় সরাসরি চাইবে না। সেটা তোমার দৃষ্টিতে যতই কল্যাণের হোক বা অকল্যাণের। তুমি তাকে আল্লাহর ইলমের সাথে সম্পৃক্ত করবে। বলবে হে আল্লাহ যদি এর মধ্যে আমার কল্যাণ থাকে তাহলে আপনি আমাকে তা দান করুন। কারণ, হতে পারে কোনো বিষয় তোমার কাছে কল্যাণের মনে হচ্ছে কিন্তু এতে তোমার জন্য অকল্যাণ রয়েছে, আবার তোমার কাছে কোনো বিষয়কে অকল্যাণের মনে হচ্ছে কিন্তু তাতে তোমার কল্যাণ রয়েছে। তাই তুমি সরাসরি কোনো কিছু চাইবে না বরং তাকে তুমি আল্লাহর ইলমের সাথে সম্পৃক্ত করবে। তুমি তোমার দায়িত্বকে আল্লাহ তাআলার ওপর ন্যস্ত করবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু'আও করতেন,
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
'হে চিরঞ্জীব অবিনশ্বর সত্তা! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাচ্ছি, আপনি আমার সকল বিষয়কে সংশোধন করে দিন এবং এক মূহুর্তের জন্য আমার ওপর আমার নিজের দায়িত্ব ছেড়ে দেবেন না।'৯
اللهم أرجو رحمتك فلا تكلني إلى نفسي طرفة عين
'হে আমার রব, আমি আপনার রহমতের কাঙ্গাল। সুতরাং আপনি এক মুহূর্তের জন্যও আমার ওপর আমার নিজের দায়িত্ব ছেড়ে দেবেন না।'

টিকাঃ
[৭] সুরা ফাতিহা: -৫।
[৮] সহিহ মুসলিম: ২০২৭।
[৯] আস সুনান, ইমাম তিরমিজি: ৩৫২৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00