📄 নূহ -এর ধৈর্য
নূহ নবি তার জাতিকে প্রায় সাড়ে নয়শত বছর আল্লাহ-র একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জাতি তার কথা শুনেনি। তবুও তিনি তাদের হুমকি-ধমকি উপেক্ষা করে দ্বীনের পথে ডেকেছিলেন অবিরত। তার জাতি তাকে কষ্টের সাগরে হাবুডুবু খাইয়েছে। তবুও তিনি অধৈর্য হননি, পিছপা হননি। হননি আল্লাহ ﷻ-এর দাওয়াত তাদের কাছে পৌছে দিতে। তার জাতি তাকে পাগল, পথভ্রষ্ট ইত্যাদি অপবাদ দিয়েছে। ঐ জাতি এতই নির্দয় ও নিষ্ঠুর ছিলো যে, তারা পাপের দরিয়া থেকে একটুও ওঠেনি, বরং আরো অতলে ডুবে গেছে।
পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-
قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ.
"তারা বললো, হে নূহ! যদি তুমি তোমার ঐসব কাজ থেকে বিরত না থাকো; তাহলে নিশ্চিত তুমি প্রস্তারাঘাতে নিহত হবে।”৯৩
কবি আবৃত্তি করেছেন-
সাড়ে নয়'শ বছর ধরে দ্বীনের দাওয়াতে নূহ,
শত লাঞ্চনা-বঞ্চনায় বলেননি কভু উহ! [সংযুক্ত]
টিকাঃ
৯৩ সুরা আস শুআরা: ১১৬।
📄 ইবরাহিম -এর ধৈর্য
ইবরাহিম আলাইহিস সালাম হাজারো কষ্ট সহ্য করেছেন, তবুও তিনি আল্লাহ ﷻ-এর পথে অবিরত দাওয়াত দিয়েছিলেন। কাফিররা চেয়েছে তার বুক থেকে ইসলামের দেদীপ্যমান আলো একেবারেই মুছে দিতে। তাঁর অপরাধ ছিলো তিনি একত্ববাদে বিশ্বাসী। একথা ইবরাহিম আলাইহিস সালাম -এর অন্তর থেকে মুছে দিতে প্রজ্জলিত আগুনে তাকে নিক্ষেপ করেছিল কাফিররা। তবুও তিনি অটল ছিলেন, তাকে বলা হলো মূর্তির সামনে সিজদা করতে; তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না; তিনি এক কথায় জবাব দিলেন— না, কখনোই স্বহস্তে তৈরী মাটির প্রতিমার সামনে শির নত করবো না। আমি শির নত করব একমাত্র আল্লাহ ﷻ-এর সামনে।
"আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।”৯৪
আল্লাহ ইবরাহিম-কে স্বীয় সন্তান ইসমাইলের মাধ্যমে পরীক্ষা করলেন। একদিন আল্লাহ-র পক্ষ থেকে আদেশ আসলো প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করতে হবে, ইবরাহিম আল্লাহ-র এ আদেশে সাড়া দিলেন। ইবরাহিম-এর দু'চোখ ছাপিয়ে বেরিয়ে এলো বিচ্ছেদের চিহ্ন। তবুও তিনি একটুও পিছপা হননি। সন্তানকে জমিনে রেখে ছুরি চালাতে শুরুও করেছিলেন। তিনি অধৈর্য হননি। অতঃপর রবের পক্ষ থেকে আদেশ আসলো হাজেরা ও শিশু ইসমাইলকে জনমানবশূন্য মরুভূমিতে রেখে চলে যেতে হবে। তিনি প্রিয়তমা জীবনসঙ্গিনীকে ও প্রাণপ্রিয় ইসমাইলকে রেখে চলে গেলেন। ইবরাহিম-এর কোন সন্তান ছিলে না। অনেক বছর পর আল্লাহ শিশু ইসমাইলকে দান করলেন। নয়নের মনি ইসমাইলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিলো। কিন্তু জীবনের সব কিছু তিনি বিলিয়ে দিয়েছেন প্রভুর ভালোবাসায়। উৎসর্গ করেছেন স্ত্রী-পরিজন, ধন-সম্পদ। তবুও তিনি অধৈর্য হননি।
শিশু ইসমাইল ও প্রিয় বিবি হাজেরাকে সদূর ভূমিতে রেখে আল্লাহ-র ডাকে সাড়া দিয়ে রওয়ানা করলেন ইবরাহিম। চলার পথে প্রিয়তমা বিবি হাজেরা জিজ্ঞেস করলেন-
'ওগো! আমাদেরকে এই জনমানবশূন্য জায়গায় রেখে কোথায় যাচ্ছো? এভাবে হাজেরা কয়েকবার বললেন। কিন্তু ইরবরাহিম সেদিকে তাকালেন না। তিনি চলছেন তো চলছেন। হাজেরা ইবরাহিমকে জিজ্ঞেস করছিলেন-
“তোমাকে আল্লাহ সেখানে যেতে আদেশ করেছেন?"
উত্তরে বুঝিয়ে দিলেন-'হ্যাঁ, আল্লাহ-র নির্দেশ। (চলছি হে প্রিয়তমা, জানি না ক্ষণস্থায়ী মুসাফিরখানায় তোমার সাথে আর দেখা হবে কিনা? চলছি হে প্রিয়তমা! আল্লাহ-র রাহে।) তখন হাজেরা বললেন-তাহলে আল্লাহ আমাদের অপদস্থ করবেন না। তিনি ধৈর্যধারণ করেন। শিশু ইসমাইলকে নিয়েই এই মরুভূমিতে বাস করতে লাগলেন। মায়ের মমতার আঁচলে শিশু ইসমাইলের জীবন চলছিলো নদীর স্রোতের মতো। এখন বিবি হাজেরাই তার মা, আবার হাজেরাই তার বাবা।
ইবরাহিম শামের দিকে ফিরে এলেন। আল্লাহ ইবরাহিমের ধৈর্য্যের কারণে তাকে বিবি সারা ও ইসহাক -কে দান করলেন। আর আল্লাহ হাজেরা -এর ধৈর্যের কারণেই তাদের যমযম কূপসহ অসংখ্য নিয়ামত দান করলেন।
টিকাঃ
৯৪ সহিহ বুখারি: ৪২৮৮।
📄 মুসা -এর ধৈর্য
মুসা তার জাতিকে একত্ববাদের দাওয়াত দিলেন অনেক বছর। কিন্তু ঐ জাহান্নামের কীটগুলো মুসা নবিকে হাজারো কষ্ট দিয়েছিলো। তবুও তিনি তাদের কষ্টকে উপেক্ষা করে তাদেরকে এক আল্লাহ-র পথেই ডেকেছেন। তিনি তাদের কষ্টের কাছে হেরে যাননি, অধৈর্যও হননি। ফেরআউন জাতিও তাকে খুব কষ্ট দিয়েছে। তিনি তাতে ধৈর্যধারণ করেছেন, অবশেষে আল্লাহ এ জাতিকে ধ্বংস করে দেন। এরপর বনি ইসরাইলরা খুব কষ্ট দিয়েছিলো, তাতেও তিনি ধৈর্যধারণ করেছেন। অধৈর্য হননি একটুও।
রাসুল যখন মাঝে-মাঝে নবিদের ধৈর্যধারণের কথা আলোচনা-পর্যালোচনা করতেন, তখন মুসা নবির ধৈর্যধারণের কথা বলতেন।
يرحم الله موسى، قد أوذي بأكثر من هذا فصبر.
"আল্লাহ তা'আলা মুসার প্রতি রহম করুন! তাকে এর থেকেও অনেক কষ্ট দেওয়া হয়েছে। তিনি কত কষ্ট সহ্য করেছেন।”১৫
কবি আরো সুন্দর করে বলেছেন-
সয়েছে মুসা ফেরাউনজাতির কত অত্যাচার,
ধৈর্যের ফলে নীল নদ জলে রাস্তায় হলো পার। [সংযুক্ত]
টিকাঃ
৯৫ সহিহ বুখারি: ৩৪০৫।
📄 ঈসা -এর ধৈর্য
ঈসা নবিকে তার জাতি জারজ ইত্যাদি বলে কত কষ্ট দিয়েছেন। তবুও তিনি ধৈর্যধারণ করেছেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করলো-ঈসা নবিকে হত্যা করে ফেলবে। কিন্তু আল্লাহ তার প্রিয় বন্ধু ঈসা নবিকে তার কাছে উঠিয়ে নিলেন।