📄 সবরের মধ্যে সওয়াব নিহিত রয়েছে এমন ধারণা করা
সবরের পথে চলার আরো একটি মাধ্যম হলো—এটা মনে করবেন যে, আমার এ কষ্টের উপর আল্লাহ সওয়াব দান করবেন ইনশা আল্লাহ!
আল্লাহ ইরশাদ করেন-
نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ الَّذِينَ صَبَرُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. “তাদের প্রতিদান কতইনা উত্তম! যারা বিভিন্ন কষ্টে ধৈর্যধারণ করে এবং প্রেমময় প্রভুর উপর ভরসা করে।”
ইমাম ইবনুল কায়্যিম বলেন, উপরোক্ত আয়াতে এটাই সুসংবাদ দেয়া হয়েছে যে, যারা বিভিন্ন দুঃখ-কষ্টে নিপতিত হয়েও সওয়াবের আশায় ধৈর্যধারণ করবে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন।
জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসুল বলেন-
يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودهم كانت قرضت في الدنيا بالمقاريض. "কিয়ামতের দিন (দুনিয়াতে) মুসিবতে পতিতদেরকে প্রতিদান দেওয়ার সময়কালে বিপদ থেকে মুক্তিপ্রাপ্তরা বলবে-হায়! জগতে যদি আমাদের আরো কষ্ট দেওয়া হতো; এমনকি গায়ের চামড়াগুলোকে যদি কেঁচির মাধ্যমে কর্তন করা হতো; তবুও ভালো হতো, (আজ তাহলে আরো অনেক বড় প্রতিদান পেতাম।)”
টিকাঃ
৮১ সুরা আল আনকাবৃত: ৫৮-৫৯।
৮২ মাদারিজুস সালিকিন : ২/১৬৭।
৮৩ সুনানু তিরমিযি: ২৪০২।
📄 ধৈর্যের নিয়ত করা
আব্দুল ওহেদ বিন যায়েদ বলেন, যে ব্যক্তি আল্লাহ-র আনুগত্যের ওপর সবরের নিয়ত করবে, আল্লাহ তাকে সবর করার ক্ষমতা প্রদান করবেন ও অনেক শক্তি প্রদান করবেন। আর যে ব্যক্তি গুনাহ থেকে বিমুখতায় সবরের নিয়ত করবে আল্লাহ তাকে সাহায্য করবেন ও পাপ থেকে পবিত্র রাখবেন।
টিকাঃ
৮৪ হিলইয়াতুল আওলিয়া : ৬/১৬৩।
📄 কষ্ট লাঘবের বিশ্বাস করা
আল্লাহ প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি ও রহমত রাখেন। কাউকেই হরহামেশা কষ্টের সাগরে ডুবিয়ে রাখেন না। আল্লাহ ইরশাদ করেন-
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا.
“নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।”
আর আল্লাহ কষ্টের পরে স্বস্তি দেওয়ার ওয়াদা করেছেন, তিনি কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। কুরআনুল কারিমে ইরশাদ হচ্ছে-
فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِينَ لَا يُوقِنُونَ.
"অতএব আপনি সবর করুন, আল্লাহর ওয়াদা সত্য। আর যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে।"
রাতের আধাঁর কেটে ফজর আসবেই। সবসময় পৃথিবি রাতের কালো চাদরে ঢাকা থাকে না। একদিনতো ভোর হয়। (অবশ্যই কষ্টের পাহাড় থেকে একদিন স্বস্তির পাহাড় আসবেই। দুঃখের কালো মেঘ একদিন সরে যাবে। শুধু শর্ত হলো ধৈর্যধারণ করতে হবে। ধৈর্য হারানো যাবে না।)
কবি আবৃত্তি করেছেন- আমার কষ্ট আরো বেড়ে গেছে, আর তোমার সূর্য প্রভাত হওয়ার প্রান্তে।
ইয়াকুব তার প্রিয় পুত্র ইউসুফ ও বিন ইয়ামিনকে হারিয়ে ধৈর্যধারণ করেছেন, পরবর্তীতে আল্লাহ তার সব সন্তানকে তার বুকে ফিরিয়ে দিয়েছেন। কুরআনুল কারিমে ইরশাদ হচ্ছে-
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا فَصْبْرٌ جَمِيلٌ عَسَى اللَّهُ أَن يَأْتِيَنِي بِهِمْ جَمِيعًا إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ.
“তিনি (ইয়াকুব আলাইহিস সালাম) বলতে লাগলেন, কিছুই না। এরা মনগড়া একটি কথা নিয়ে এসেছে, এখন ধৈর্যধারণই উত্তম। সম্ভবত: আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে ফিরিয়ে আনবেন, তিনি সুবিজ্ঞ, প্রজ্ঞাময়।”
ইয়াকুব তার সব দুঃখকে আল্লাহ-র সমীপেই পেশ করলেছিলেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-
قَالَ إِنَّمَا أَشْكُو بَنِي وَحُزْنِي إِلَى اللَّهِ.
“তিনি বললেন, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি।”
ইয়াকুব তার বুকে বয়ে যাওয়া কষ্টের কথা পৃথিবীর কোনো ব্যক্তিকে প্রকাশ করেননি। নীরবে বুকে লালন করেছেন সন্তানহারা কষ্ট। পরবর্তীতে আল্লাহ তার সব সন্তানকে তার ভালোবাসার পরশে ফিরিয়ে দিয়েছেন।
টিকাঃ
৮৫ সুরা আলাম নাশরাহ: ৫-৬।
৮৬ সুরা রুম : ৬০।
৮৭ সুরা ইউসুফ: ৮৩।
৮৮ সুরা ইউসুফ: ৮৬।
📄 প্রভুর সাহায্য কামনা করা
কষ্টের ঝড়ো হাওয়া বুকে বয়ে গেলে প্রভুর কাছেই আশ্রয় চাওয়া ও প্রভুর কাছে সাহায্য কামনা করা হলো সবরের সিঁড়িতে পা রাখার অন্যতম মাধ্যম। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ.
"আপনি সবর করবেন। আপনার সবর আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হতে পারে না।"
ইবনে কাসির বলেন, উপরোক্ত আয়াতে এমন সংবাদ প্রদান করা হয়েছে যে, প্রভুর ইচ্ছা ছাড়া কখনো ধৈর্যধারণ করা সম্ভব নয়, আল্লাহ-র সাহায্য অবশ্যই আবশ্যক। তাই ধৈর্য্যের ক্ষেত্রে প্রভুর কাছে সাহায্য কামনা করা চাই।
টিকাঃ
৮৯ সুরা নাহল: ১২৭।
৯০ তাফসিরে ইবনু কাসির: ২/৭৮১।