📄 প্রতিটা কাজের তথ্য সংরক্ষিত
১২৬. ... [১০০] আমার নিকট আবৃত্তি করেন:
হে অমনোযোগী! সর্তক হও। তোমার ছোটো বড়ো প্রতিটা কাজের তথ্য সংরক্ষিত। প্রতিদিন চিৎকার করে করে তোমায় সতর্ক করা হয়। অথচ উদাসীনতা তোমাকে পরিণতি ভুলিয়ে রেখেছে।
তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো; সময় ঘনিয়ে এসেছে। তোমার ভাই ও নিকটাত্মীয়রা নিজ মৃত্যুর মাধ্যমে তোমায় সতর্ক করছে। অথচ তুমি ধোঁকাগ্রস্ত হয়ে আমোদপ্রমোদে আছ, যেন কোনো পাপই করোনি। কত পাপ তুমি দু-চোখে দেখে দেখে করেছ, এবং সে পাপে তোমার চোখ জুড়িয়েছ।
তুমি সতর্ক থাকো, যেন পাপের সময় তোমাকে কেউ না দেখে, অথচ সর্বদ্রষ্টা তোমাকে সেখানেও দেখছেন। তুমি কত বিরাট বিরাট অন্যায়ের চেষ্টা করেছ! কিন্তু আল্লাহর রহমত ও অনুগ্রহ তোমাকে নিবৃত্ত করেছে। কত (নিকৃষ্ট) স্থানে তুমি গিয়েছ, যদি সেখানে মারা যেতে তা হলে আত্মীয়-স্বজনের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকতে। সেখানে তুমি মন্দ এবং অপছন্দনীয় সবকিছু থেকে নিরাপদ থেকেছ। নিয়ামাতে-আচ্ছাদিত-অবস্থায় প্রত্যাবর্তন করেছ। আল্লাহর কত নিয়ামাতে পরিবেষ্টিত হয়ে সকাল-সন্ধ্যা কাটিয়েছ; অথচ সেগুল কত বড়ো নিয়ামাত, চিনতে পারোনি।
টিকাঃ
[১০০] মূল হস্তলিখিত কপি থেকে নামটি মুছে গেছে।
📄 তাওবা ছাড়া মৃত্যু বরণের ভয়াবহতা
১২৮. জনৈক বিদ্বান কবি বলেন, হে ভাই! প্রতারিত হোয়ো না। অচিরেই তুমি মৃত্যুর সম্মুখীন হতে চলেছ।
তুমি তোমার ভুল থেকে তাওবা করে ফিরে এসো। আর তোমার পাপের সাজা কী লেখা হয়েছে, সে ভয়ে চোখের পানি ঝরাও। যে যুবক তাওবা ছাড়াই মারা গিয়েছে, তার অবস্থা কতই-না ভয়াবহ।
📄 হিসাবরক্ষক ফেরেশতা
১৬৭. আল্লাহর বাণী: مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ “সে যে কথাই উচ্চারণ করে, তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে।”[১০৩] সুফইয়ান (এই আয়াত প্রসঙ্গে) বলেন, আমাদের নিকট পৌঁছেছে যে, তাঁরা দুজন তার দাঁতের নিকটে।[১০৪]
টিকাঃ
[১০৩] সূরা কাফ: ১৮।
[১০৪] সনদ সহীহ।
📄 পাপরাশি উপস্থাপন করা হবে
২০৫. উরওয়া ইবনু আমির বলেন, ব্যক্তির নিকট তার পাপরাশি উপস্থাপন করা হবে। সে বলবে, আমি তো আপনার ভয়ে ভীত ছিলাম। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হবে।[১৭৪]
টিকাঃ
[১৭৪] সনদ দইফ।