📄 সহজ মৃত্যু
১৯. আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি দেখলাম, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন—পাপের পাল্লা হালকা রেখো, তোমার মৃত্যু সহজ হবে। ঋণ কম কোরো, স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবে।[২০]
টিকাঃ
[২০] বায়হাকি, শু'আবুল ঈমান: ০৪/৪০৪, দইফ; মুনযিরি, আত-তারগীব ওয়াত তারহীব: ০২/৩৭০।
📄 কিয়ামাত-দিবসে দাউদ আলাইহিস সালাম-এর অবস্থা
৩৮. উবাইদ ইবনু উমাইর বলেন, কিয়ামাতের দিন দাউদ আলাইহিস সালামও আশঙ্কামুক্ত থাকবেন না। তিনি বলতে থাকবেন, (হায়) আমার পাপ! আমার পাপ! তার বিষয়ে বলা হবে, তাঁকে নিকটবর্তী করো। তিনি আশঙ্কামুক্ত মনে করেন, এমন স্থান পর্যন্ত নিকটবর্তী হবেন। [৩৬]
টিকাঃ
[৩৬] সুমৃতি, আদ-দুররুল মানসুর : ৫/ ৩০৬, গ্রহণযোগ্য সনদে বর্ণিত ইসরাঈলি রিওয়ায়েত।
📄 কিয়ামাত-দিবসের প্রতিফল
৪১. হাযমের ভাই সুহাইল বলেন, ইবনু সিরীন রহিমাহুল্লাহ জনৈক ব্যক্তিকে দেখলেন, সে হাজ্জাজকে গালিগালাজ করছে। ইবনু সিরীন তাকে বললেন, ওই লোক, চুপ করো। যদি তুমি আখিরাতকে গুরুত্ব দিতে, তা হলে কোনো এককালে- কৃত তোমার ছোটো পাপকেই হাজ্জাজের বড়ো পাপ অপেক্ষা মারাত্মক মনে করতে। জেনে রাখো, আল্লাহ ন্যায়পরায়ণ বিচারক। যারা হাজ্জাজের জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষ নিয়ে তিনি যদি হাজ্জাজকে পাকড়াও করেন; তা হলে যারা হাজ্জাজের ওপর জুলুম করছে, তাদেরকেও তিনি পাকড়াও করবেন। সুতরাং গালিগালাজ করে নিজেকে জালিমদের অন্তর্ভুক্ত কোরো না।[৪০]
টিকাঃ
[৪০] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ২/২৭১, সনদ দইফ।
📄 হায়াত শেষ হতে থাকে
৮৮. হুসাইন ইবনু আবদুর রহমান আবৃত্তি করেন, দিন-দিন মানুষের ব্যস্ততা বৃদ্ধি পায় অথচ হায়াতের পুঁজি নিঃশেষ হতে থাকে। সে ইতোমধ্যে বেজে-ওঠা মৃত্যুঘণ্টার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগে। সে আল্লাহর নিকট তাওবা করার সংকল্প করে না এবং পাথেয় সংগ্রহ করে না। আল্লাহ এমন সম্প্রদায়কে ভর্ৎসনা করেন, যাদের লক্ষ্য হলো- দুনিয়ার খড়কুটোর মতো ধ্বংসপ্রাপ্ত ও নিঃশেষিত হওয়া।