📄 ক্ষমা লাভের উপায়
২০. আবদুল্লাহ রদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর কিতাবের দুটি আয়াত সম্পর্কে জানি, যদি কোনো বান্দা পাপ করার পর ওই আয়াত দুটো পাঠ করে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে, তা হলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, কোন দুটি আয়াত? তিনি আমাদের (নির্দিষ্ট করে) বললেন না। আমরা মুসহাফ খুলে সূরা বাকারাহ পাঠ করলাম, সেখানে পেলাম না। এরপর সূরা নিসা পাঠ করতে করতে এই আয়াতে পৌঁছালাম :
وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا
"আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু।”[২১]
আমি বললাম, এটাকেই (একটি আয়াত হিসাবে) গ্রহণ করব। তারপর সূরা আল ইমরানের এই আয়াতে পৌঁছলাম : وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ "আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বারবার করে না।” [২২]
এরপর মুসহাফ বন্ধ করলাম। পরবর্তী কালে আবদুল্লাহ রদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াতগুলোই সেই দুই আয়াত। [২৩]
টিকাঃ
[২১] সূরা নিসা: ১১০।
[২২] আল ইমরান: ১৩৫।
[২৩] তাবারানি, আল-মু'জামুল কাবীর : ৯০৩৫; হায়সামি, মাজমাউয যাওয়াইদ: ৭/১১, সনদ সহীহ।
📄 ইস্তিগফারহীন আমলনামা
১৪৯. সালিম আবূ গিয়াস আতিকি বলেন, আমি বকর ইবনু আবদিল্লাহ মুযানিকে বলতে শুনেছি, বানী আদমের আমল যখন উঠানো হয় তখন যদি তার আমলের খাতায় ইসতিগফার থাকে, তা হলে তা উজ্জ্বলরূপে উত্থিত হয়। আর যদি তাতে ইসতিগফার না থাকে, তা হলে তা কুশ্রীরূপে উত্থিত হয়।[১২২]
টিকাঃ
[১২২] ইবনুল জাওযি, যাম্মুল হাওয়া: ১৭৪, সনদ দুর্বল।
📄 কীভাবে ইস্তিগফার করবেন?
৮৩. আলি ইবনু আবী তালিব রদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিকট যে ব্যক্তিই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস বর্ণনা করেছেন, আমি তাদের প্রত্যেককেই এ মর্মে কসম করতে বলেছি যে, তিনি তা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছেন। তবে কেবলমাত্র আবূ বকর রদিয়াল্লাহু আনহু ছাড়া। তার নিকট থেকে কসম ছাড়াই গ্রহণের কারণ হলো, তিনি কখনও মিথ্যা বলেন না। আবূ বকর রদিয়াল্লাহু আনহু আমার নিকট বর্ণনা করেন, নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, পরক্ষণেই পাপের কথা স্মরণ করে দাঁড়িয়ে যায় এবং ওযু করে নেয়। এরপর দুই রাকআত সালাত আদায় করে ওই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন।[৭৫]
টিকাঃ
[৭৫] আবু দাউদ, ১৫২১, হাসান। শাব্দিক ভিন্নতা-সহকারে।
📄 প্রকৃত ইস্তিগফারকারী
১৭২. আবূ নাসাইরাহ বলেন, আমি আবূ বকর রদিয়াল্লাহু আনহু-এর খাদেমের সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আবু বকরের নিকট থেকে কোনোকিছু শ্রবণ করেছ?
সে বলল, জি। আবূ বকর রদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইসতিগফারকারী পাপ কাজে অবিচল থাকে না। যদিও সে দিনে সত্তর বার পাপ করে আর সত্তর বার ক্ষমাপ্রার্থনা করে।[১৩৮]
টিকাঃ
[১৩৮] আবু দাউদ: ১৫১৪; তিরমিযি: ৩৫৫৯।