📄 ছোটো পাপের ব্যাপারেও সতর্ক থাকুন
৩. সাহল ইবনু সা'দ রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমরা ছোটো পাপ থেকেও সতর্ক থেকো। ছোটো পাপের উদাহরণ হলো একদল মুসাফিরের ন্যায়, যারা কোনো এক উপত্যকায় অবতরণ করে আগুন জ্বালাল। তারা একটা-দুটো করে কাঠের টুকরো জমা করতে করতে এত পরিমাণ কাঠ জমা করে ফেলল যে, এগুলো দ্বারা তাদের রুটি পাকানো হয়ে গেল। ছোটো পাপও এই ধরনের। পাপীকে ছোটো ছোটো পাপের কারণেও পাকড়াও করা হলে সে ধ্বংস হয়ে যাবে।[৪]
টিকাঃ
[৪] আহমাদ, মুসনাদ : ৫/৩৩১, সহীহ; তাবারানি, আল-মু'জামুল কাবীর : ৫৮৭২।
📄 পাপাচার অন্তরকে মেরে ফেলে
৯. আবদুল্লাহ ইবনুল মুবারাক রহিমাহুল্লাহ বলেন, পাপ কাজ অন্তরকে মেরে ফেলে এবং অবিরত পাপাচার লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। অন্তরের চালিকাশক্তি হলো পাপ কাজ পরিহার করা। প্রবৃত্তির বিরুদ্ধে চলাটাই তোমার আত্মার জন্য কল্যাণকর।[৮]
টিকাঃ
[৮] ইবনু আবদিল বার, বাহজাতুল মাজালিস: ৩/ ৩৩৪, সনদ হাসান।
📄 বান্দার অন্তরে সিল লাগিয়ে দেওয়া হয়
২৩. আবদুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহু আনহুমা নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, সিলমোহর আরশের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি কেউ শ্লীলতাহানি করে কিংবা আল্লাহর সাথে ধৃষ্টতা দেখায়, তা হলে আল্লাহ তাআলা সিলমোহরকে প্রেরণ করেন। সিলমোহর ওই ব্যক্তির অন্তরে সিল লাগিয়ে দেয়। এর ফলে সে কোনোকিছুই অনুধাবন করতে পারে না।[২৬]
টিকাঃ
[২৬] বায়হাকি, শু'আবুল ইমান: ৫/৪৪৪১।
📄 চারটি কবীরা গুনাহ
৩১. আবদুল্লাহ ইবনু মাসউদ রদিয়াল্লাহু আনহু বলেন, সবচেয়ে বড়ো পাপ হলো: (ক) আল্লাহর সাথে শিরক করা (খ) আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া (গ) আল্লাহর কৌশল থেকে আশঙ্কামুক্ত হওয়া (ঘ) আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হওয়া। [৩০]
টিকাঃ
[৩৩] আবদুর রাযযাক, আল-মুসনাদ : ১৯৭০১; তাবারানি, আল-মুজামুল কাবীর : ৮৭৮৩; সনদ সহীহ।।