📄 বিরহ ও বিরাগ
আর কামনার দহন ও কামড়ে নিপীড়িত হবে সুস্বাস্থ্য। ফলে উপর-পড়া ঐ সতীনের ঈর্ষায় ইল্ম যে তালেবের নিকট থেকে 'খোলা তালাক' নিয়ে বিদায় নেবে তা বলাই বাহুল্য।
আবু হামেদ বলেন, যদি তুমি বল যে, 'কত অসৎচরিত্রের তালেবে ইল্ম ইল্ম অর্জন করেছে। (পাক্কা আলেম হয়েছে) তাহলে?' কিন্তু প্রকৃত উপকারী, পরকালে ফলপ্রদ এবং সৌভাগ্য আনয়নকারী ইল্ম থেকে তারা বহু দূরে। যেহেতু এই ইলমের অগ্রভাগে সেই মন-মানসিকতার বহিঃপ্রকাশ হবে যাতে তালেবে ইল্ম পাপাচরণকে সর্বনাশী ও সর্বহারী হলাহল জানবে। অথচ তুমি কি দেখেছ যে, প্রাণহারী গরল জানা সত্ত্বেও কেউ তা ভক্ষণ করছে? তুমি যা ঐ শ্রেণীর আলেমদের নিকট থেকে শুনে থাক তাতো মুখের কথামাত্র যা ওরা কখনো তাদের জিহ্বা দ্বারা শোভন করে প্রকাশ করে থাকে আবার কখনো তাদের অন্তর দ্বারা তা প্রত্যাখ্যান করে থাকে। আর তা ইল্মের কোন অংশই নয়।
ইবনে মাসউদ বলেন, 'অধিক রেওয়ায়েত (বর্ণনা করা)ই ইল্ম নয়। ইল্ম তো এক জ্যোতি যা হৃদয়ে প্রক্ষিপ্ত হয়।' অনেকে বলেন, ইল্ম তো আল্লাহভীতির নাম। যেহেতু আল্লাহ তাআলা বলেন, “আল্লাহর বান্দাদের মধ্যে ওলামাগণই তাঁকে ভয় করে থাকে।” (সূরা ফাতির ২৮) সম্ভবতঃ তাঁরা ইলমের বিশেষ সুফলের প্রতি ইঙ্গিত করেছেন। এই জন্যই কিছু গবেষক উলামা বলেন, কিছু উলামার এই উক্তি, 'আমরা গায়রুল্লাহর উদ্দেশ্যে ইল্ম শিখলাম; কিন্তু ইল্ম আল্লাহর উদ্দেশ্যেই হওয়া ছাড়া অন্য কিছুর উদ্দেশ্যে হতে অস্বীকার করল' এর অর্থ; ইল্ম আমাদের হৃদয়ে আসতে অসম্মত হল এবং অস্বীকার করল। ফলে তার প্রকৃতত্ব আমাদের নিকট উদ্ঘাটিত হল না। আমরা যা অর্জন করলাম তা হলো, শুধু তার বাক্য এবং শব্দাবলী। (ইহয়াউ উলুমিদ্দীন ১/৪৯)
সুতরাং তালেবে ইলমের উচিত ভিতর-বাহিরকে পরিষ্কার করা। যা কিছু শিখবে তার আদর্শকে নিজের উপর সর্বাগ্রে কার্যকর করা। এতে তার হৃদয়ে ইলমের আলো উদ্ভাসিত হবে; জ্ঞানপুষ্প বিকশিত হবে এবং হিকমত ও প্রজ্ঞার খনিদ্বার উন্মুক্ত হবে। আর তা হল আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তাঁর অনুগ্রহ বিতরণ করে থাকেন এবং তিনি মহান অনুগ্রহশীল।
ইলমের পথ এমন এক পথ; যে পথে চলতে ধৈর্য চাই, বিসর্জন চাই, চাই বিভিন্ন অভ্যাস, আচার-আচরণ বর্জন করা, বহু সম্পর্ক ছিন্ন করা এবং বহু বাধা-বিপত্তি উল্লংঘন করার ক্ষমতা। ইলমের পথ এমন পথ, যে পথে চিরাচরিত প্রথা ও লৌকিকতা চুরমার হয়ে যায়। বাপ-দাদার পালিত আচার অনুষ্ঠানকে সমাধিস্থ করতে হয়। গুপ্ত ও প্রকাশ্য পাপের প্রতিবন্ধকসমূহকে ডিঙিয়ে চলতে হয়। শির্ক, বিদআত ও গোনাহর অবরোধ ভেঙ্গে আল্লাহর নৈকট্যের প্রতি ধাবিত হতে হয়। তওহীদ দ্বারা শির্কের বেড়া ভেঙ্গে, সুন্নাহ দ্বারা বিদআতের বাঁধ ভেঙ্গে এবং শুদ্ধ তওবা দ্বারা গোনাহ ও পাপাচরণের বেষ্টন ভেদ করে অগ্রসর হতে হয়।
সেই সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হয় যা আল্লাহ ও তাঁর রসূল ব্যতীত অন্যের সাথে হৃদয়কে আবিষ্ট করে। পার্থিব সুখ-সম্ভোগ, কামনা-বাসনা, নেতৃত্ব ও গদি-লোভ, মানুষের সহিত গাঢ় সংস্রব প্রভৃতি পশ্চাতে ত্যাগ করে আসতে হয়। তবেই সে পথে চলা সহজ হয়। তবেই পাওয়া যায় প্রিয়তম ইলমের সাক্ষাৎ ও তার মিলন-স্বাদ। সকল প্রিয়তমের বিরহে ব্যথিত হলে, সকল প্রিয় বস্তু বিরাগভাজন হলে তবেই ইলম তার অভিমান ছেড়ে নিজ মিলন দেয়। নচেৎ ঈর্ষার সাথে দূর হতেই সালাম দিয়ে প্রস্থান করে।
ইল্ম-প্রেমী তালেবে ইল্মের নিকট ইল্ম ছাড়া অন্যকিছু প্রিয় নয়। তাইতো প্রিয়র উদ্দেশ্যে সকল কিছুকে উৎসর্গ করে। পার্থিব ভোগ-বিলাস, স্ত্রী-সংসর্গ সুখ, পিতামাতার স্নেহছায়া, সন্তান-সন্ততির মায়া-মমতা ভাই বন্ধুদের সাহচর্য প্রভৃতি অনায়াসে ত্যাগ করে ইলমের প্রেম বহাল রাখে। কারণ, পার্থিব সুখ-সম্ভোগ তো মাত্র কয়দিনের। সব নিঃশেষ হয়ে যাবে নিশ্বাস বন্ধ হলেই। আজকের যে সাথী কাল তো সে আমার সাথে থেকে কোন উপকার করবে না। অতএব সবকিছু মিছা মায়া মরীচিকা।
ইমাম আহমদ (রঃ) বলেন, 'যখন মরণের উল্লেখ করা হয় তখন পার্থিব সবকিছু তুচ্ছ মনে হয়। দুনিয়া তো কয়দিনের খাওয়া-পরার নাম মাত্র।'
আশআস বিন রবী' বলেন, আমাকে শো'বা বললেন, 'তুমি তোমার ব্যবসা ধরে থাকলে, ফলে তুমিই সফল ও কৃতার্থ হলে। আর আমি হাদীস (শিক্ষা) ধরে থাকলাম, ফলে আমি নিঃস্ব হয়ে গেলাম।'
📄 স্বল্প ভোজন, শয়ন ও কথন
পূর্বে আলোচনা করা হয়েছে যে, তালেবে ইলমের উচিত, হালাল রুজী হতে পরিমিত আহার করা; যে অভ্যাস রসূল ﷺ ও তাঁর অনুসারীদের।
তদনুরূপ পরিমিত নিদ্রা যাওয়া। শরীর ও মস্তিষ্কের ক্ষতি না হলে তালেবে ইল্ম যথাসম্ভব কম ঘুমাবে। দিবা-রাত্রে আট ঘন্টার অধিক এবং ছয় ঘণ্টার কম অবশ্যই নিদ্রিত থাকবে না; নচেৎ ইল্ম যাবে অথবা সুস্থতা। যেমন দ্বিপ্রহরের সময় একটু বিশ্রাম ব্যতীত দিবা-নিদ্রাও এক কামজ দোষ। দ্বিপ্রহরের বিশ্রামের প্রতি গুরুত্ব আরোপ করে প্রিয় নবী ﷺ বলেন, “তোমরা দুপুর বেলায় একটু ঘুমিয়ে বিশ্রাম নাও। কারণ, শয়তানরা ঐ সময় বিশ্রাম নেয় না।” (সহীহুল জামে' ৪৪৩১নং)
হাসান বিন যিয়াদ (রঃ) ফিহ্ন শিক্ষা করতে শুরু করলেন, তখন তাঁর বয়স আশি বছর। (ইন্ন শিক্ষার সময়) তিনি চল্লিশ বছর বিছানায় রাত্রি কাটাননি।
যুবাইর বিন আবী বকর বলেন, 'একদা আমার ভাগ্নী আমার স্ত্রীকে বলল, আমার মামা মামীর পক্ষে কত ভালো মানুষ; মামীর উপর সতীন আনেনি, আর কোন দাসীও ক্রয় করেনি। তা শুনে স্ত্রী তাকে বলল, 'আল্লাহর কসম, এই বইগুলো আমার পক্ষে তিনটে সতীনের চেয়েও অধিক কঠিন!' (আল-জামে' লিআখলাকির রাবী আদাবিস সামে’ ১/৯৯)
মুহাম্মদ বিন হাসান শাইবানী (রঃ) রাত্রিকালে ঘুমাতেন না। নিজের পাশে সর্বদা খাতা-পত্র রেখে নিতেন। যখন একটি বিষয় দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতেন তখন তা ছেড়ে অন্য বিষয় দেখতে শুরু করতেন। নিজের কাছে এক গ্লাস পানিও রাখতেন। নিদ্রা এলে পানি দ্বারা দূর করতেন। তিনি বলতেন, 'নিদ্রা উষ্ণতা থেকে সৃষ্টি হয় তাই তা শীতল পানি দ্বারা দূর করা উচিত।' (তা'লীমুল মুতাআল্লিম ২৩ পৃঃ)
রসূল ﷺ বলেন, “তোমাদের মধ্যে কেউ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার মস্তকের শেষাংশে তিনটা গিরা বেঁধে দেয়। প্রত্যেক গিরার স্থানে বলে, 'তোমার জন্য এখনও লম্বা রাত বাকী, ঘুমাও।' সুতরাং সে যদি উঠে আল্লাহর যিক্র করে তাহলে একটি গিরা খুলে যায়। অতঃপর যদি অযু করে তবে আরও একটি গিরা খুলে যায়। অতঃপর যদি সে নামায পড়ে তাহলে তার অপর গিরাটিও খুলে যায়। তখন সে সস্ফূর্তির সহিত সুস্থ মনে সকালে উঠে। নচেৎ অসুস্থ মনে অলসতার সহিত সকাল করে।” (বুখারী ও মুসলিম)
যে ব্যক্তি সারা রাত্রি নিদ্রায় কাটায় এবং নামাযের জন্য উঠে না সে ব্যক্তি প্রসঙ্গে তিনি বলেন, “শয়তান তার কানে প্রস্রাব করে দেয়।”
আল্লাহ জাল্লা শানুহ মুত্তাকী ও সৎলোকদের প্রশংসা করে বলেন, “তারা রাত্রের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত এবং রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।” (সূরা যারিয়াত ১৭-১৮- আয়াত)
স্থুলকথা এই যে, অতিনিদ্রা তালেবে ইলমের গুণ নয়। অবকাশ এলে ঘুমিয়ে আশা মিটানো তার স্বভাব নয়। তার গুণ ও স্বভাব তো সর্বদা আল্লাহর সন্তুষ্টি ও ইল্মের আশায় প্রযত্ন ও প্রচেষ্টা চালিয়ে যাওয়া। মুমিন পারলৌকিক কল্যাণ পেয়ে কোনদিন তৃপ্ত হয় না। যত কল্যাণ, যত পুণ্য সে পায় তত তার পাওয়ার আকাংখা আরো বৃদ্ধি হতে থাকে। পরিশেষে সে জান্নাতে গিয়ে শেষবারের মত তৃপ্তিলাভ করবে।
অনুরূপভাবে তালেবে ইল্মের আর এক সদ্গুণ হল, অল্প কথা বলা। নবী ﷺ সকল মুসলিমের উদ্দেশ্যেই বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী সে যেন উত্তম কথা বলে; নচেৎ চুপ থাকে।” (বুখারী ও মুসলিম)
সুতরাং গপে বা বখাটে হওয়া কোন মুসলিমের সদ্গুণ নয়; যা একজন তালেবে ইল্মের যে হতেই পারে না তা অনুমেয়।
ইবনে আবুল বার বলেন, 'আলেমের ফিতনার মধ্যে এটাও একটি যে, তার নিকট শ্রবণ অপেক্ষা' ধচন প্রিয়তর 'হয়া' এ 'কথা ইয়াযীদ বিন আবী 'হাবীধ হতে বর্ণিতা
📄 উচিত সংঘ
ইমাম শাফেয়ী (রঃ) বলেন,
س - لام ء - لى الـ ـ دنيا إذا يكن ا + صديق صدوق صادق الوعد منصفا
অর্থাৎ, দুনিয়াকে সালাম জানাও (বিদায় দাও), যদি না তথায় কোন সত্যবাদী, ওয়াদা পালনকারী (বিশ্বস্ত) ও ন্যায়পরায়ণ বন্ধু থাকে।
সমাজে মিলেমিশে একত্রে বাস করা মানুষের নৈতিক ও প্রাকৃতিক গুণ। পাড়া-প্রতিবেশীর লোক, ভাই-বন্ধু ইত্যাদির সহিত মিশতে হয়। বন্ধুদের মধ্যে কেউ হয় জানী (প্রাণের), কেউ হয় নানী (খাবার-দাবারের) এবং কেউ হয় জবানী (মুখের) বন্ধু ও সাথী। এই তিন প্রকার সাথীদের মধ্য থেকে তালেবে ইল্মকে এমন সাথী নির্বাচিত করতে হয়, যার কারণে নিরর্থক তার সময় নষ্ট না হয় অথবা প্রভাবে সঙ্গ-দোষে সেও দূষিত না হয়ে যায়। সুতরাং জ্ঞানী, মেধাবী, নিষ্ঠাবান ও উপকারী বন্ধু নির্বাচন করে নিজের ইল্ম ও আমলে বৃদ্ধি সাধন করা উচিত। এমন সঙ্গী থেকে দূরে থাকা উচিত, যার দ্বারায় তার জ্ঞান, মান, প্রাণ, ধন ও ঈমানের কোন ক্ষতির আশঙ্কা থাকে। মৃত হৃদয়ের সঙ্গী থেকে নিঃসঙ্গ থাকা বহু উত্তম।
ইবনুল কাইয়েম (রঃ) বলেন, 'যার হৃদয় মৃত সে তোমার মনে আতঙ্ক সৃষ্টি করবে, অতএব যথাসম্ভব তার নিকট থেকে দূরে থেকে নিজের মনকে শান্তি দাও। যেহেতু সে উপস্থিত হলেই তুমি আতঙ্কিত হয়ে থাক। অতএব ঐ প্রকার ব্যক্তি দ্বারা মসীবতে পড়লে তুমি ওকে তোমার বাহ্যিক ব্যবহার দাও, হৃদয় নিয়ে ওর নিকট থেকে পলায়ন কর এবং অভ্যন্তর নিয়ে ওর কাছ হতে বিচ্ছিন্ন হয়ে যাও। ওকে নিয়ে তুমি ঐ জিনিস থেকে ব্যস্ত হয়ে যেওনা যা তোমার জন্য শ্রেষ্টতম।
জেনে রেখো, সেই ব্যক্তিকে নিয়ে নিবিষ্ট হওয়াতে শত আফশোষ হবে; যে ব্যক্তির সহিত নিবিষ্টতা কেবল আল্লাহ তাআলা হতে তোমার প্রাপ্য অংশ থেকে তোমার জন্য বঞ্চনা ডেকে আনে। তাঁর নিকট থেকে তোমাকে দূরে ঠেলে দেয়, অযথা তোমার সময় নষ্ট করে, সংকল্পকে দুর্বল করে এবং চিন্তাকে বিভিন্নমুখী করে ফেলে। এমন লোকের পাল্লায় যদি তুমি ফেঁসেই থাক আর তাকে তোমার প্রয়োজনও থাকে তাহলে তার মধ্যেই আল্লাহর কাজ করে যাও এবং যথাসম্ভব তার উপর সওয়াবের আশা রাখ। তার মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি নৈকট্য লাভ কর। তার সহিত তোমার সমাবেশকে এমন ব্যবসা বানাও যাতে তুমি যেন ক্ষতিগ্রস্ত না হও। আর তুমি তার পক্ষে এমন ব্যক্তির মত হও, যে কোন পথে চলতে থাকে, এমন সময় এক ব্যক্তি তার সামনে এসে তাকে চলা থেকে থামিয়ে দেয়। অতঃপর তুমি চেষ্টা কর ওকে তোমার সঙ্গে নিয়ে চলতে। যাতে তুমি ওকে বহন কর এবং ও যেন তোমাকে বহন না করে। তাতে যদি সে অস্বীকার করে ও তোমার সাথে পথ চলতে যদি তার আগ্রহ না থাকে তবে তুমি তার নিকট থেমে যেও না। বরং তাকে বর্জন কর এবং তার প্রতি ভ্রূক্ষেপ করো না। যেহেতু সে তোমার পথ অবরোধকারী (লুটেরা); তাতে সে যেই হোক না কেন। অতএব তুমি তোমার হৃদয় নিয়ে অব্যাহতি লাভ কর। তোমার দিন ও রাত্রি ব্যয় করতে কার্পণ্য কর। আর গন্তব্যস্থলে পৌঁছবার পূর্বেই যেন তোমার পথিমধ্যে সূর্য অস্তমিত না হয়ে যায়, নচেৎ তুমি ধৃত হবে।' (আল-ওয়া বিলুস সাইয়েব ৪৫ পৃঃ, আদাবু ত্বালেবিল ইল্ম ১১২-১১৩পৃঃ)
সুতরাং তালেবে ইলমের উচিত, অপ্রয়োজনীয় ও অপকারী সংস্রব ত্যাগ করা এবং সেই সকল সম্পর্কও বর্জন করা যাতে তার দ্বীন ও দুনিয়ায় ক্ষতি হয়। বিশেষ করে নারী জাতির কুহকে না ফাঁসা, যার ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা এবং যার মায়াজালে আবদ্ধ হয়ে জ্ঞানী জ্ঞানহারা, মানী মান হারা এবং কতলোক প্রাণহারা হয়। তারুণ্যের প্রারম্ভে সঙ্গতার খোঁজ হলে খোদাভীতির সহিত তালেবে ইল্মকে এমন সঙ্গী নির্বাচন করতে হবে যাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন এবং ইল্ম-প্রদীপের পার্শ্ববর্তী বেষ্টনী কাঁচে কালিমা না পড়ে যায়। তদনুরূপ এমন সাথীও গ্রহণ করবে না যার খেল-তামাশাই অধিক এবং জ্ঞান-বুদ্ধি-ভিত্তিক কর্মকান্ড অল্প। যেহেতু মানুষের মন এক প্রকার চোর এবং তো. চুরিও হয় অতিসত্বর।
অনর্থক সংস্রবের তো কোন লাভই নেই। যাতে নিরর্থক আয়ু ক্ষয় হয়, অর্থ ব্যয় হয়, মানহীন সঙ্গতায় মানও যায় এবং দ্বীনহীন সাহচর্যে দ্বীন হারানোরও আশঙ্কা থাকে। সুতরাং তালেবে ইল্মের উচিত, এমন ব্যক্তির সহিত সংস্রব রাখা যাকে সে উপকৃত করতে পারবে অথবা তার নিকট হতে নিজে উপকৃত হবে। আর যদি এমন কোন ব্যক্তির অযাচিত সংস্রবে পড়েই যায়; যার সহিত বৃথা সময় নষ্ট হয়, না তাকে উপকৃত করতে পারে, না নিজেকে এবং তার ইলমী চলার পথে সে যদি কোন সহায়তা না করতে পারে; বরং বাদ সাধে তাহলে কুপ্রবৃত্তির ঝোঁকে না পড়ে সম্পর্ক গাঢ় হওয়ার পূর্বেই ধীরে ধীরে তার সংসর্গ হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। নচেৎ (বিশেষ করে নারী-প্রেম) বিষয় যখন গভীরতায় পৌঁছে যায় তখন তা দূর করা কঠিন হয়ে পড়ে। সুতরাং যখন 'তুলে ফেলা থেকে ঠেলে ফেলা সহজ' তখনই উচিত ব্যবস্থা নেওয়া জ্ঞানীর কাজ।
কোন সাথীর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে এমন সাথী হওয়া উচিত, যে হবে সৎ, দ্বীনদার, মুত্তাকী, পরহেযগার, বুদ্ধিমান, কল্যাণ-প্রিয়, যার মন্দ খুবই কম, যে সহ্যশীল ও সদ্ভাব-প্রিয়, কথায় কথায় যে তর্ক করে না, যে ভুলে গেলে স্মরণ করায়, স্মরণ করলে সাহায্য করে, প্রয়োজনে প্রবোধ দান করে, কথার আঘাত পড়লে সবর করে, ভুল ধরিয়ে দিলে ভুল স্বীকার করে, বন্ধুত্বের সাথে সমীহও রাখে ইত্যাদি। (তাযকিরাতুস সামে' ৮-৩পৃঃ)
ইব্রাহীম বিন আদহমকে জিজ্ঞাসা করা হল, 'আপনি লোকেদের সহিত মিশেন না কেন?' উত্তরে তিনি বললেন, 'কারণ যদি আমি আমার চেয়ে নিচু মানের লোকের সঙ্গে মিশি তাহলে সে তার মূর্খতায় আমাকে কষ্ট দেয়। যদি আমি আমার চেয়ে নিচুমানের লোকের সহিত মিশতে যাই তাহলে সে অহংকার দেখায়। আর যদি আমি সমতুল কোন ব্যক্তির সহিত মিশি তাহলে সে আমার প্রতি হিংসা করে। তাই আমি তাঁর (আল্লাহর) সঙ্গতায় নিরত থাকি যাঁর সঙ্গতায় কোন বিরক্তি নেই, যাঁর মিলনের কোন ছিন্নতা নেই এবং যার সংসর্গে কোন আতঙ্ক নেই।'
জনৈক জ্ঞানী বলেন, 'খবরদার! কোন অহংকারীর সাথী হয়ো না। কারণ, যদি সে তোমার নিকট কোন ভালো দেখে তবে সে তা নিজের নামের সাথে জোড়ার চেষ্টা করবে আর যদি তার নিজের তরফ থেকে কোন মন্দ ব্যক্ত হয়ে পড়ে তবে তা তোমার নামের সাথে জুড়ে দেবে।'
মানুষ চার প্রকারের; প্রথমজনঃ জানে এবং সে জানে যে, সে জানে। তার সাথী হও এবং তাকে জিজ্ঞাসা কর। দ্বিতীয়জনঃ জানে এবং সে জানে না যে, সে জানে। সে বিস্মৃত তাকে স্মরণ করাও। তৃতীয়জনঃ জানে না এবং সে জানে যে, সে জানে না। সে অনুসন্ধানী, সে তোমার সাহচর্য চাইলে তা দাও এবং তাকে শিক্ষা দাও। আর চতুর্থজনঃ জানে না এবং জানে না যে, সে জানে না। এমন ব্যক্তি মূর্খ, তাকে বর্জন কর।
সাথী নির্বাচন করা এবং সংস্রব রাখার সময় কথাগুলি সস্মরণে রাখলে তালেবে ইল্মকে সত্যিই বিপদে পড়তে হয় না। প্রয়োজন ও কাল-পাত্র বিচার করে সঙ্গী নির্বাচন করা উচিত, নচেৎ তালেবে ইল্মের শ্রেষ্ঠ সঙ্গী হল কিতাব।
ইবনে কুদামাহ (রঃ) বলেন, 'জেনে রেখো যে, প্রত্যেক ব্যক্তিই বন্ধুত্বের যোগ্য নয়। বন্ধুত্ব গড়ার জন্য এমন কতক আচরণ, গুণ ও বৈশিষ্ট্য বন্ধুর মধ্যে থাকা উচিত, যার ফলে বন্ধুত্বে আগ্রহ বাড়ে। তুমি যাকে সঙ্গী ও বন্ধুরূপে গ্রহণ করবে তার মধ্যে নিম্নের পাঁচটি বৈশিষ্ট্য থাকা উচিতঃ-
সে যেন বুদ্ধিমান ও চরিত্রবান হয়। ফাসেক, বিদআতী এবং অর্থলোভী না হয়। যেহেতু জ্ঞান তো মানুষের মূলধন, আহম্মক ও নির্বোধের বন্ধুত্বে কোন কল্যাণ নেই। কারণ সে তোমাকে উপকার করতে চাইলেও অপকার করে বসে থাকবে। (প্রশংসা কুড়াবার উদ্দেশ্যে ভক্তির আতিশয্যে ক্ষতি সাধন করেও ভুলের কথা বলতে গেলে বলবে, 'ভালোর কাল নেই।') জ্ঞানী বলতে সেই বন্ধুকে বুঝাতে চাচ্ছি যে সমস্ত বিষয়কে যথার্থভাবে যথোপযুক্তরূপে নিজে নিজেই বুঝে, নচেৎ তাকে বুঝিয়ে দিলে অবশ্যই বুঝে যায়।
অনুরূপভাবে সদাচরণ তো একান্ত আবশ্যক। যেহেতু জ্ঞানী হলেও অনেকে ক্রোধ বা কামনার বশবর্তী হয়ে নিজ প্রবৃত্তির অনুসরণ করে থাকে। এমন জ্ঞানী বন্ধুর সাহচর্যেও কোন ফল নেই।
ফাসেক যে, সে তো আল্লাহকে ভয় করে না, আর যার বুকে আল্লাহর ভীতি নেই তার বিপত্তি হতে কোন নিরাপত্তা নেই এবং তার উপর আস্থা রাখাও যায় না।
বিদআতীর সংস্রবও বিপজ্জনক। যেহেতু তার মনেও বিদআতের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা থাকে। অর্থলোভী, দুনিয়াদার এবং স্বার্থপর ব্যক্তির সাথে বন্ধুত্বও হানিকর। যেহেতু সে স্বার্থের খাতিরে অসময়ে সরে পড়তেও পারে অথবা স্বার্থলোভে বন্ধুর বন্ধুত্বে ছুরি-চালাতেও পারে।
হযরত উমর (রাঃ) বলেন, 'তোমরা সত্যবাদীদের সাহচর্য গ্রহণ কর, তাদের ছায়া ও সংস্পর্শে জীবন-যাপন কর। যেহেতু তাঁরা সুখের সময়ের সৌন্দর্য এবং দুঃখের সময়ের হাতিয়ার। নিজের ভাই-এর প্রতি সুধারণা রাখ যতক্ষণ পর্যন্ত না তুমি তার নিকট এমন কাণ্ড লক্ষ্য করেছ যাতে তুমি ক্ষুব্ধ হও। শত্রু হতে দূরে থাক। আমানতদার ব্যতীত সকল বন্ধু থেকেও সাবধান থাক। আর আমানতদার সেই, যে আল্লাহকে ভয় করে। অপকর্মকারীদের বন্ধু হয়ো না। নচেৎ তুমিও অপকর্ম শিখে নেবে। তাকে তোমার ভেদ ও রহস্য জানাও না। আর তোমার সর্ববিষয়ে তাদের পরামর্শ গ্রহণ কর যারা আল্লাহকে ভয় করে।'
ইয়াহয়্যা বিন মুআয বলেন, 'নিকৃষ্ট বন্ধু সে, যাকে দুআর জন্য আবেদন জানাতে হয়, এক তরফাভাবে সদ্ভাব বজায় রেখে যার সহিত চলতে হয় অথবা কোন কাজে বা ভুলে তার নিকট অজুহাত দেখাতে হয় বা ক্ষমাপ্রার্থী হতে হয়।'
বন্ধুর উপর বন্ধুর অনেক অধিকারও আছে। যেমন, যাচিত ও অযাচিতভাবে তার প্রয়োজন মিটানো, তার দোষ-ত্রুটি গোপন করা, সৎকাজে সতর্ক করা, মন্দ কাজে বাধা দেওয়া। কথায় কথায় বিতর্ক না করা, নিজেকে বড় না ভাবা, বড়াই প্রকাশ না করা, তার দুঃখে দুঃখী হওয়া, তার সহিত সদ্ব্যবহার করা, সর্বদা হিতসাধনের চেষ্টা করা, তার সপক্ষে (ন্যায্যতার সাথে) সহায়তা ও প্রতিরক্ষা করা, ইল্ম ও উপহার দিয়ে সাহায্য করা, কোন দোষ দেখলে গোপনে উপদেশ দেওয়া, তার জন্য দুআ করা, প্রেম ও বন্ধুত্বকে চিরন্তন করা, বন্ধুত্বে স্বার্থ না রাখা, তার বন্ধুত্বে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রাখা, কোন কঠিন কাজের ভার বা দায়িত্ব না দেওয়া ইত্যাদি।
সেই বন্ধু উত্তম, যে কাছে এলেও যেমন একাকী থাকা যায় ঠিক তেমনিই তার সামনেও থাকা যায়। যার উপস্থিতিতে কোন কুণ্ঠা ও শঙ্কা নেই। অলসের বন্ধুত্ব গ্রহণ করলে নিজেকে অলস করার ভয় থাকে, তাই তার থেকে দূরে থাকাই উত্তম।
বন্ধুর মধ্যে যে সবগুণই বর্তমান থাকবে তা অসম্ভব। তবুও যার অমঙ্গলের চেয়ে মঙ্গলের পরিমাণ অধিক বেশী সেই বন্ধু হলেও যথেষ্ট।
নবী ﷺ বলেন, “অসৎ সঙ্গীর দৃষ্টান্ত, যেমন এক কামার; যার নিকট বসলে দুর্গন্ধ ও ধুঁয়া লাগে এবং আগুনের ফিনিক দ্বারা কাপড় পুড়ে থাকে। আর সৎ সঙ্গীর দৃষ্টান্ত, যেমন কোন আতরওয়ালা; যার নিকট বসলে সুগন্ধ পাওয়া যায়। সে আতর উপহার দেয় অথবা তা ক্রয় করা যায়।” (আবু দাউদ)
📄 ইলম্ নির্বাচন
তিনি আরো বলেন, “মুমিন ছাড়া আর কারো সাথী হয়ো না। আর তোমার খাদ্য যেন পরহেযগার ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায়।” (আবু দাউদ)
আর মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অর্থাৎ, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হও। (সূরা তাওবাহ ১১৯)
নিয়ত শুদ্ধ করার পর তালেবে ইলমের উচিত, অধিক প্রয়োজনীয় বিষয় নিয়ে তলব আরম্ভ করা; শরীয়তের ইল্ম, আরবী ও তার সহায়ক ইল্ম শিক্ষা করা। শুরুতে আরবী আদবের উপর জোর দেওয়া। এই পদ্ধতির বিশদ বিবরণ ও পাঠ্য-নির্ঘন্ট বিদিত ও প্রচলিত; যা কাল-পাত্র ভেদে বিভিন্ন হয়ে থাকে। তবে এমন নিকটবর্তী পথে চলা উচিত, যে পথ যথার্থ ইলমী গন্তব্যস্থলে পৌঁছায়। এমন বই-পুস্তক নির্বাচিত করা এবং তার অধ্যয়নে অভিনিবিষ্ট হওয়া উচিত, যা বিষয়গত দিক থেকে সবচেয়ে উত্তম, স্পষ্টতর বোধগম্য এবং অধিক উপকারী।
তালেবে ইল্ম তা যথাসাধ্য হিফ্য করায় প্রয়াসী হবে অথবা বারংবার তা নিয়ে পুনরোনুশীলন করবে যাতে কিতাবের বিষয়বস্তু যথার্থভাবে উপলব্ধ ও স্মৃতিস্থ হয়ে যায়।
ইবনুল কাইয়্যেম (রঃ) বলেন, 'ইল্ম (শিক্ষা ও জ্ঞান) এর মর্যাদা মা'লুম (শিক্ষণীয় ও জ্ঞাতব্য) বিষয়বস্তুর মর্যাদার অনুসারী। যেহেতু তার যুক্তি-প্রমাণ ও দলীলের উপর আত্মা আস্থাবان হয়। তা জানার প্রয়োজন অতি বেশী হয় এবং তদ্দ্বারা সর্বাধিক লাভবানও হওয়া যায়। আর এতে কোন সন্দেহ নেই যে, সর্বশ্রেষ্ঠ, বৃহৎ ও মহান জ্ঞাতব্য-বিষয় হল আল্লাহ; যিনি ব্যতীত কোন সত্য উপাস্য নেই, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আকাশমন্ডলী ও পৃথিবীর নিয়ন্তা। যিনি রাজা, সত্য ও ব্যক্ত, সকল পূর্ণতাগুণে তিনি গুণান্বিত, প্রত্যেক ত্রুটি ও অসম্পূর্ণতা হতে তিনি পবিত্র, তাঁর পূর্ণতা-গুণে প্রত্যেক দৃষ্টান্ত ও সাদৃশ্য হতে তিনি নিরঞ্জন। আর এতেও কোন সন্দেহ নেই যে, তাঁর নামাবলী, গুণগ্রাম এবং কর্মসমূহের ইল্মই সকল ইলমের চেয়ে শ্রেষ্ঠ ও প্রকৃষ্ট ইল্ম। এই ইল্মের তুলনায় অন্যান্য ইল্ম (অদ্বীনী শিক্ষা) এর মান যেমন এর জ্ঞাতব্য বিষয়' (আল্লাহর) তুলনায় অন্যান্য জ্ঞাতব্য বিষয়ের মান। যেমন তাঁর ইল্ম সমস্ত ইলমের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। তেমনি এই ইল্ম অন্যান্য সকল ইলমের মূল। যেমন সারা সৃষ্টির অস্তিত্ব তাঁরই অস্তিত্বের মুখাপেক্ষী এবং তিনিই সকল বস্তুর প্রভু, প্রতিপালক, মালিক ও উদ্ভাবক।-----
সুতরাং এই ইল্মই বান্দার সৌভাগ্য, পূর্ণতা ও তার ইহ-পরকালের মঙ্গলের মৌলিক ইল্ম। যা না জানা তার আত্মা এবং তার কল্যাণ, পূর্ণতা, শুদ্ধি ও নিষ্কৃতির পথ না জানা; যা বান্দার দুর্ভাগ্যের মূল।
পক্ষান্তরে বান্দার পক্ষে তার সৃজনকর্তা ও স্রষ্টার প্রেম, তাঁর সর্বদা স্মরণ এবং তার সন্তষ্টিলাভের নিরন্তর প্রচেষ্টা অপেক্ষা তার হৃদয় ও জীবনের জন্য অন্য কোন জিনিসই অধিক উত্তম, সুস্বাদু, ও সুললিত নেই।
বান্দার জন্য এটাই তো নৈপুণ্য ও পরিপূর্ণতা। যা ব্যতীত সে 'কামেল' হতেই পারে না। এর জন্যই তো সৃষ্টিজগৎ রচিত হয়েছে, আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে, বেহেশ্ ও দোযখ সৃষ্টি হয়েছে, রসূল ও আম্বিয়া প্রেরিত হয়েছেন, ওহী অবতীর্ণ হয়েছে, শরীয়তের বিধান প্রবর্তিত হয়েছে, কা'বা শরীফ প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহর যিক্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মানুষের উপর ঐ গৃহের হজ্জ ফরয করা হয়েছে; যা তাঁর প্রেম ও সন্তুষ্টি বিধানেরই অঙ্গবিশেষ।
এ জন্যই তো জিহাদের আদেশ এসেছে, যে তা অস্বীকার করেছে এবং অন্য কিছুকে তার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে তার শিরশ্ছেদ করা হয়েছে এবং পরকালে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে চিরস্থায়ী লাঞ্ছনাময় বাসস্থান।
এই বৃহৎ বিষয়ের উপরেই দ্বীনের বুনিয়াদ রাখা হয়েছে ও কেবলা নির্ধারিত হয়েছে। যে বিষয় সৃষ্টিবৃত্তের কেন্দ্রবিন্দু এবং দ্বীন ও কেবলার প্রাণকেন্দ্র। আর ইল্মের সিংহদ্বার ব্যতীত এর প্রতি দ্বিতীয় কোন প্রবেশপথ নেই। যেহেতু কোন বস্তুকে ভালোবাসা তাকে অনুভব করার পরবর্তী পর্যায়। যে ব্যক্তি সবার চেয়ে অধিক আল্লাহকে চেনে সেই ব্যক্তিই সর্বাধিক আল্লাহর প্রেমিক। কারণ, যে ব্যক্তি আল্লাহকে প্রকৃতভাবে জানবে ও চিনবে সে ব্যক্তি তাঁকে ভালোবাসবে। আর যে ব্যক্তি দুনিয়া ও দুনিয়াবাসীকে প্রকৃতভাবে চিনবে সে তাতে অনাসক্ত হবে। সুতরাং ইল্মই এই বৃহৎ দরজা উন্মুক্ত করে যা আল্লাহর সৃষ্টি ও নির্দেশের রহস্য।' (মিফতাহু দা-রিস সাআদাহ ১/৮-৬, আদাবু তালেবিল ইল্ম ১২৩-১২৬পৃঃ)
সুতরাং তালেবে ইল্মের উচিত যে, সে এমন ইল্ম নির্বাচন করবে যা ইহ-পরকালের জন্য তার অধিক প্রয়োজন ও উপকারী। সুতরাং আল্লাহ, আয্যা অজাল তাঁর নাম ও গুণাবলী এবং কর্মাবলীর ইল্ম সর্বাগ্রে অর্জন করবে। তা আয়ত্ত হলে এই উম্মাহর অগ্রগণ্য সলফের সমঝে কিতাব ও সুন্নাহর ইল্ম অর্জন করতে মনোযোগী হবে। যাতে রসূল ﷺ কর্তৃক প্রদত্ত ও বর্ণিত শিক্ষা গ্রহণ তার জন্য বিশুদ্ধ, সঠিক ও সহজ হয়ে যাবে।
ইবনুল কাইয়্যেম (রঃ) আরো বলেন, 'রসূল ﷺ হতে ইল্ম গ্রহণ করা দুই প্রকার; কোন মাধ্যমের সাহায্য না নিয়ে সরাসরি গ্রহণ এবং মাধ্যমের সাহায্যে গ্রহণ। সরাসরি ইল্ম গ্রহণ তো তাঁদের ভাগ্যে ছিল যাঁরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এবং অভীষ্ট বস্তু অর্জন করেছেন। পরবর্তীকালে উম্মতের কারো আর সে আশা নেই। কিন্তু সর্বোচ্চ স্থানের অধিকারী সেই ব্যক্তি, যে তাঁদের সরল পথের অনুসারী, তাঁদের নিখুঁত নীতির অনুবর্তী। আর সেই ব্যক্তি পশ্চাদ্গামী যে তাঁদের পথ হতে ডানে-বামে সরে যায়। এই ব্যক্তিই পথচ্যুত এবং ধ্বংস ও ভ্রষ্টতার মরুভূমিতে নিরুদ্দেশ।
কোন্ এমন গুণ বা উত্তম কর্ম আছে যার গুণাধার বা কর্তা তাঁরা ছিলেন না? এমন কোন্ কল্যাণ ও সত্যের পরিকল্পনা আছে যার তাঁরা অধিকারী ছিলেন না? আল্লাহর শপথ! তাঁরা সঞ্জীবনী নির্ঝর হতে সুমিষ্ট ও নির্মল পানি সরাসরি পান করেছেন। ইসলামের ভিত্তিসমূহকে এমন সুদৃঢ় করে গেছেন যাতে আর কারোর জন্য কোন দ্বিরুক্তির সুযোগ নেই। কুরআন ও ঈমান দ্বারা ইনসাফ করে মানুষের চিত্তজয় করে গেছেন। তরবারি ও বর্শা দ্বারা জিহাদ করে বহু দেশ জয় করে গেছেন। অতঃপর তাঁরা তাঁদের তাবেঈন (অনুসারীবর্গ) পর্যন্ত (সেই ইল্ম ও আমানত) বিশুদ্ধ ও নির্মল অবস্থায় (আমানতের সাথে) পৌঁছে দিয়েছেন; যা তাঁরা নবুয়তের আলোকবর্তিকার তাক হতে গ্রহণ করেছিলেন। যাতে তাঁদের সনদ (বর্ণনাসূত্র) ছিল, নবী ﷺ হতে, তিনি জিবরীল (আঃ) হতে এবং তিনি রব্বুল আলামীন হতে; যা বিশুদ্ধ সুউচ্চ সনদ ছিল। তাঁরা বিদায়ের পূর্বে বলে যান, 'এটা আমাদের প্রতি নবী ﷺ এর প্রতিশ্রুতি যদ্বারা তোমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করলাম। আর এটা আমাদের প্রতিপালকের অসিয়ত ও অধ্যাদেশ এবং আমাদের উপর তাঁর ফরয (অবশ্যকর্তব্য); যা তোমাদের জন্যও অধ্যাদেশ ও ফরয।'
সুতরাং একনিষ্ঠ অনুসারী (তাবেঈন)গণ তাঁদের সুদৃঢ় নিখুঁত নীতির উপর পরিচালিত হলেন। সরল পথের উপর তাঁদের পদাঙ্কানুসরণ করলেন। অতঃপর 'তাঁদের 'অনুবর্তী (তাবে-তাবেঈন)গণ এই সত্যপথেরই' অনুগামী হলেন। সত্য কথা এবং প্রশংসিত ন্যায্য পথের দিশা পেলেন। তাঁরা তাঁদের পূর্ববর্তীগণের তুলনায় সেইরূপই ছিলেন যেরূপ অনুপম সত্যবাদী ঘোষণা করেছেন, “এদের বৃহৎ দলটি হবে অগ্রগামীদের মধ্য হতে; আর এদের কিছু লোক পশ্চাদ্গামীদের মধ্যেও থাকবে।” (সূরা ওয়াকিয়াহ ১৩-১৪আয়াত)
অতঃপর চতুর্থ শতাব্দীর ইমামগণের আবির্ভাব হল। যে শতাব্দীও এক বর্ণনামতে শ্রেষ্ঠ শতাব্দী; যেমন আবুসাঈদ, ইবনে মসউদ, আবু হুরাইরা, আয়েশা এবং ইমরান বিন হুসাইন (রাঃ) এর হাদীস হতে শুদ্ধ প্রমাণিত। তাঁরাও তাঁদের পূর্ববর্তীগণের পদরেখা দেখে উক্ত পথেই পরিচালিত হলেন। তাঁদের জ্ঞানালোকের তাক হতে সেই জ্ঞান আহরণ করলেন। যাঁদের অন্তর ও বক্ষ আল্লাহর দ্বীনের উপর কারো রায়, অন্ধানুকরণ অথবা কিয়াসকে শ্রেষ্ঠত্ব দেওয়া হতে বহু ঊর্ধ্বে। যার ফলে তাদের সুপ্রশংসার পতাকা বিশ্বজাহানে উড্ডীন হয়েছে। আর আল্লাহ পাক তাঁদের জিহ্বায় সত্যবাদিতা দান করেছিলেন।
অতঃপর তাঁদের পদাঙ্কানুসরণ করে তাঁদের অনুগামীদের অগগ্রামী দল পরিচালিত হলেন। তাঁদের দলভুক্ত ও অনুপ্রাণিত ব্যক্তিবর্গ তাঁদেরই নীতির উপর চলমান হলেন। কোনও ব্যক্তি বিশেষের অন্যায় পক্ষপাতিত্ব হতে দূরে থেকে, দলীল ও প্রমাণের সহিত থেমে, হক ও ন্যায়ের সাথে চলতেন; যেদিকে তার বাহন চলত। সঠিকের সাথে কুচ করতেন; যেখানে তার শিবির কুচ করত। দলীল যখন তার যাদুক্রিয়ার সহিত তাঁদের নিকট স্পষ্ট হত তখন তাঁরা একাকী ও দলেদলে সেদিকেই উড়ে যেতেন। রসূল ﷺ (শুদ্ধ হাদীস) যখন তাঁদেরকে কোন বিষয়ের প্রতি আহ্বান করতেন তখন বিনা কোন কৈফিয়তে তাঁরা তাঁর আহ্বানে সাড়া দিতেন। তাঁদের হৃদয় ও বক্ষে (কিতাব ও সুন্নাহর) স্পষ্ট উক্তি এত মহান ও সম্মানিত ছিল যে, তার উপর তাঁরা আর কারো কথাকে প্রাধান্য দিতেন না, অথবা আর কারো রায় বা কিয়াসকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন না।' (ই'লামুল মুওয়াক্কিঈন ১/৫)
মোটকথা তালেবে ইলমের উচিত, কুরআন ও সুন্নাহর ইল্মসমূহের প্রতি তার সকল সামর্থ্য, মনোযোগ ও হিম্মতকে ব্যয় করা। যেহেতু এই দুয়ের ইল্মই প্রকৃত ও সত্য ইল্ম এবং উভয় ব্যতীত অন্য কিছুকে না জানা এমন মূর্খতা যাতে কোন (পারলৌকিক) ক্ষতি নেই।
ইলমের খনি ও তার প্রধান হল, আল্লাহ আয্যা অজাল্লার কিতাব এবং দ্বিতীয় ওহী 'রসূল ﷺ এর সুন্নাহ।' সুতয়াৎ 'এই' দুয়ের উপর যত্নবান হওয়া 'তালেবে ইলমেয় একান্ত কর্তব্য।