📄 বিধর্মীদের মতো দেখতে
একই ক্লাসে পড়ে দুটি মেয়ে। মিতা আর রিতা। না, দুই বোন না। ঘনিষ্ঠ বান্ধবী ওরা। ওদের পছন্দ-অপছন্দের মধ্যে খুব মিল। চলা ফেরা উঠাবসা সব পোশাক-পরিচ্ছদ সব প্রায় একই রকম। এরা একজন হিন্দু বাবা মায়ের সন্তান, আর একজন মুসলিম বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছে। অথচ এদের আচার-আচরণ, জ্ঞান, শিক্ষা, বিশ্বাস, অবিশ্বাস, কথাবার্তা সব-সবই একরকম। এদের দেখে কিংবা এদের সাথে কথা বলে বোঝার কোনো উপায় নেই যে, এদের একজন মুসলমান।
দুনিয়াতেই যখন আলাদা করে চেনা যায় না, আখেরাতে কি করে এরা আলাদা প্রতিদান পাবে? আসল ব্যাপারটা হয়েছে-মুসলমান মেয়েরা কিছু ছেড়েছে, আর হিন্দুরা কিছু ধরেছে। এখন সবাই এক হয়ে গেছে। যেমন আগে মুসলমান মেয়েরা সালোয়ার কামিজের সাথে ওড়না পরত। আর হিন্দু মেয়েরা ওড়না তো পরতই না, সালোয়ারও পরত না। বড় মেয়েরাও হাফপ্যান্ট পরত। এখন হিন্দু মেয়েরা সালোয়ার ধরেছে আর মুসলমান মেয়েরা ওড়না ছেড়েছে। এখন তারা সবাই বাঙালি (?) হয়ে গেছে!
জিজ্ঞেস না করে বোঝার উপায় নেই মেয়েটি হিন্দু না মুসলমান। মুসলিম মেয়েরা পাশ্চাত্যের অনুকরণে আধুনিক সাজতে চায়। অর্থাৎ যে যতো স্বল্প পোশাক ব্যবহার করবে, সেই যেন বেশি আধুনিক। অবাক হই, ইবলিশ কি কৌশলে বিধানটি একেবারে উল্টে দিল। পুরুষেরা ফুলপ্যান্ট ফুলসার্ট পরে গোটা শরীর ঢেকে রাখে, আর মেয়েরা দেহের অর্ধেকেরও বেশি বের করে রাখে।
📄 কঠিন শাস্তি
একবার এক স্কুলে স্থানীয় কয়েকজন ইসলামপ্রিয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক পর্যায়ে বলেছিলাম, “মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি।”
কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন।
প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার এই কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম-বেলাজ -----।”
আমি বক্তৃতা থামিয়ে বললাম “আপা, আপনি কী করেন?
: এই স্কুলে শিক্ষকতা করি। বললাম, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
: "আমরা সমান সমান। চারজন পুরুষ, চারজন মহিলা।” হাসি মুখে উত্তর দিলেন ভদ্র মহিলা। বললাম আপা আপনি কি কোনো দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন?”
ভদ্রমহিলা ভ্রূ কুঁচকে তাকালেন আমার দিকে। বললেন তার মানে?"
বললাম “দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করে না। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোনো পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন। তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার সার্ট কিংবা পাঞ্জাবিটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পিঠ কিংবা পেটটা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে। আর আপনার পেট-পিঠ কতোভাবে কতো এ্যাংগেলে কতো শতো পুরুষ-মহিলা দেখছে, তার কি কোনো হিসাব আছে?
পুরুষেরা পেট-পিঠ বের করা পোশাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের। অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে। লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না। এখানেই ইবলীসের কৃতিত্ব। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, “আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়েই ছাড়ব। আমি তাদেরকে পথভ্রষ্ট করবই। তাদেরকে আশার ছলনায় বিভ্রান্ত করবই।” (সূরা নিসা-১১৮-১১৯)
মানুষের জন্মলগ্নেই শত্রুর উৎপত্তি। আল্লাহ্ হুকুম উপেক্ষা করে সে যখন আদম (আঃ) কে সিজদা করতে অস্বীকৃতি জানাল, তখন আল্লাহ্ জিজ্ঞেস করলেন, 'হে ইবলিস তোর কি হলো, তুই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলি না? সে জবাব দিল, 'এমন একজন মানুষকে সিজদা করা আমার মনঃপূত নয়, যাকে তুমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে সৃষ্টি করেছো।' আল্লাহ্ বললেন তবে তুই বের হয়ে যা এখান থেকে। কেননা তুই ধিকৃত। আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোর উপর অভিসম্পাত। সে আরজ করলো, “হে আমার রব! তাই যদি হয় তাহলে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যে দিন সকল মানুষকে পুনর্বার উঠানো হবে। আল্লাহ বললেন, “ঠিক আছে তোকে অবকাশ দেওয়া হলো সেদিন পর্যন্ত, যার সময় আমার জানা আছে।”
সে বললো, হে আমার রব! আপনি যেমন আমাকে বিপথগামী করলেন, ঠিক তেমনিভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপথগামী করবো।” (সূরা হিজর : ৩২-৩৯)
তার প্রিয়তম সৃষ্টি মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, “হে ঈমানদারগণ। শয়তানের পদাংক অনুসরণ করে চলো না। (সূরা বাক্বারা : ১৬৯, সূরা আন নূর: ২১-২৫ সূরা আরাফ : ২০-২৭, মু'মিনুন : ৯৭)
যে কেউ তার অনুসরণ করবে তাকে সে অশ্লীলতা ও খারাপ কাজ করার হুকুম দেবে।” (সূরা আন নূর: ২১)
“----তারপর তাদের লজ্জাস্থান, যা তাদের পরস্পর থেকে গোপন রাখা হয়েছিল, তাদের সামনে উন্মুক্ত করে দেবার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল।" (সূরা আরাফ : ২০)
হে বনী আদম! তোমাদের শরীরের লজ্জাস্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। আর তাকওয়ার পোশাক-ই সর্বোত্তম। এটি আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। হে বনী আদম! শয়তান যেন তোমাদেরকে আবার ঠিক তেমনিভাবে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ না করে, যেমনভাবে সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছিল এবং তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত করে দেবার জন্য তাদেরকে বিবস্ত্র করেছিল। সে ও তার সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাওনা। আমি এ শয়তানদের যারা ঈমান আনে না তাদের অভিভাবক করে দিয়েছি।” (সূরা আরাফ-২৭)
এই যে পেট, পিঠ, মাথা এবং সৌন্দর্য প্রদর্শন করে যারা চলে, তারা আল্লাহ রাব্বুল "আলামীনের নির্দেশ অমান্যকারী সীমালঙ্ঘনকারী, আল কুরআনের ভাষায় এরা ফাসিক, মুনাফিক, এরা যালিম। এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।”
এরা তো জান্নাতে প্রবেশ করবেই না, এদের বাবা এবং জীবন-সাথীরাও কখনো জান্নাতে প্রবেশ করবে না। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তাদের বাবা এবং জীবন সাথীদের দায়িত্ব ছিল তাদের পর্দায় রাখা। তারা তাদের দায়িত্ব পালন করেনি। রাসূলুল্লাহ (সা:) বলেছেন-জ্বলন্ত উৎক্ষিপ্ত জাহান্নামে এদের নিক্ষেপ করে বলা হবে, “এ হলো সেই জায়গা, যা তোমাদের বিশ্বাস হতো না----।”
আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত-“তোমরা প্রত্যেকেই রাখাল এবং তাকে তার অধীনস্থ লোকদের সম্পর্কে জবাবদিহি করতে হবে শাসক ও রাখাল তাকে তার অধীনস্থ লোকদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। নারী তার বাড়ি এবং সন্তান-সন্ততির তত্ত্বাবধায়িকা তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আর পুরুষ তার গোটা পরিবারের তত্ত্বাবধায়ক। তাকে পুরো পরিবারের ব্যাপারে জবাবদিহি করতে হবে। (সহীহ আল বুখারী)
📄 ইবলিসের ধোঁকা
আল কুরআনের ভাষায় ইবলীসের ধোঁকাকে বলা হয়েছে 'ওয়াস ওয়াসিল খান্নাস।' যার অর্থ 'বারবার কুমন্ত্রণা দানকারী।' ছোট বড় বিভিন্ন বিষয়ে সে কুমন্ত্রণা বা প্ররোচনা দেয় আর এই কুমন্ত্রণার কুফলেই আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ কুপথে পা দেয়। আল্লাহ্র হুকুম অমান্য করে। আল্লাহ্র হুকুম পালনের পথে মাঝে মাঝে ইবলীস এমন প্যাঁচ লাগায়, যা ভাবতেও অবাক লাগে!
দোলন আপার সাথে চমৎকার একটা সম্পর্ক ছিল আমার। একদিন বললাম “আপা, আপনি খুব ভালো। নিষ্ঠার সাথে নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন, গরীব-মিসকিনকে দান-খয়রাত করেন। আত্মীয়-স্বজনের হক আদায় করেন। কিন্তু পর্দা করেন না। আপনি যদি একটু পর্দা করতেন তাহলে কতো যে ভালো হতো----।”
আপা একটু মুচকি হাসির সাথে মাথা নাড়তে নাড়তে বললেন “ঠিকই বলেছেন, আমিও প্রায়ই ভাবি, পর্দা করা উচিত, কিন্তু করি না একটা কারণে।' অবাক হয়ে জানতে চাইলাম, “কী কারণ”।
: কারণ? কারণ হলো, আমার স্বামী এখানকার বামপন্থী এক রাজনৈতিক দলের থানা সেক্রেটারি। আর আমি যদি পর্দা করতে শুরু করি তাহলে সবাই বলবে, ওই ইসলামী আপার সাথে মিশে আমিও ইসলামী দলের হয়ে গেছি।”
বললাম “তাহলে কি বলতে চান, সূরা আন-নূর আর সূরা-আহযাব ইসলামী দলের জন্য নাযিল হয়েছে?”
অর্থাৎ আপনাদের মানে বামপন্থী এক রাজনৈতিক দলের কুরআন শরীফে ১১২টা সূরা, আর আমাদের কুরআন শরীফে ১১৪টা সূরা?”
ওই আপা হাসতে হাসতে বললেন "কি যে বলেন না আপনি!”
ভাবতে পারেন কেমন প্যাঁচ? না, ঐ আপা আজও সেই প্যাঁচ থেকে বের হতে পারেননি।
📄 প্রচণ্ড গরম
অনেকে প্রচণ্ড গরমের জন্য হিজাব পরতে চায় না। কথা সত্যি, হিজাব পরলে খুব গরম লাগে। অবশ্য গরমের সময়। শীতকালে ভালোই লাগে। কিন্তু আখেরাতের গরমের কাছে এই গরমের কোনো মূল্য আছে? যদি মরা না লাগত, আখেরাতে হিসাব-নিকাস ও বিচারের সম্মুখীন হতে না হতো তাহলে মনে হয় আমি পর্দা করতাম না। গরমের সময় আমার পর্দা করতে খুব কষ্ট হয়। কিন্তু মরতেই হবে। বেপর্দা চলার জন্য সেই দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্বামী এবং বাবাসহ। তার চেয়ে পর্দা করা কি কঠিন? আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আল কুরআনে যা বলেছেন তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার ঈমান থাকতে পারেনা- এ কথা আমরা সবাই বুঝি এবং বিশ্বাস করি। কিন্তু তারপরও একদল মুসলমানই বলে, 'অত পর্দা করি না বাপু, যারা বেশি পর্দা করে তাদের মধ্যেই শয়তানী বেশি।”
আল্লাহ্ বললেন উত্তম- ভালো। আর বান্দা বলছে শয়তানী। এইসব কথা যারা বলে তারা বেঈমান হয়ে যায়। বে-ঈমানের কোনো এবাদাত আল্লাহ পাক কবুল করেন না। যারা পর্দার বিরুদ্ধে কথা বলে তারা যদি বেঈমান হয়ে যায় তাহলে যারা পর্দা করে না তারা কেমন ঈমানদার?