📄 নওমুসলিমদের পুনর্বাসনের ফিকির করা
عَنْ أَنَسٍ ـ رضى الله عنه - قَالَ قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفِ الْمَدِينَةَ فَأَنَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِي، وَكَানَ سَعْدٌ ذَا غِنَّى ، فَقَالَ لِعَبْدِ الرَّحْمَنِ أَقَاسِمُكَ مَالِي نِصْفَيْنِ، وَأَزَوِّجُكَ। قَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، دُلُّونِي عَلَى السُّوقِ. فَمَا رَجَعَ حَتَّى اسْتَفْضَلَ أَقِطَا وَسَمْنًا، فَأَتَى بِهِ أَهْلَ مَنْزِلِهِ، فَمَكَثْنَا يَسِيرًا - أَوْ مَا شَاءَ اللهُ فَجَاءَ وَعَلَيْهِ وَضَرَّ مِنْ صُفْرَةٍ، فَقَالَ لَهُ النبي صلى الله عليه وسلم " مَهْيَمُ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ تَزَوَّجْتُ " . قَالَ نَوَاةٌ مِنْ ذَهَبٍ، أَوْ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. قَالَ " مَا سُقْتَ إِلَيْهَا " وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. قَالَ " أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ "
অর্থ. হযরত আনাস রা. থেকে বর্ণিত; তিনি বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রা. (হিজরত করে) মদিনায় আগমন করেন। তখন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও সাদ ইবনে রবী আনসারী রা.-এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। আর হযরত সাদ রা. ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি হযরত আব্দুর রহমান রা. কে বললেন, আমার যাবতীয় সম্পদ দু'ভাগ করে এক ভাগ আপনাকে দেই এবং আপনার বিবাহের ব্যবস্থা করি। তিনি বললেন, আল্লাহ আপনার পরিবার পরিজন ও ধন-সম্পদের মাঝে বরকত দান করুন। আমাকে বাজার দেখিয়ে দিন। তারপর যখনই তিনি আব্দুর রহমান রা. ফিরতেন, তখন পনির ও ঘি বিক্রয় করে নিয়ে আসতেন এবং তা নিয়ে তার ঘরের লোকদের নিকট যেতেন। আল্লাহর ইচ্ছায় এভাবেই আমরা কিছুদিন কাটিয়ে দিলাম। তিনি একদিন নবীজীর কাছে এলেন, তার জামার হলদে রং প্রকাশ পাচ্ছিল, ফলে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি একজন আনসারী মহিলাকে বিবাহ করেছি। তিনি বললেন, তাকে মহরস্বরূপ কী দিয়েছ? তিনি বললেন, এক 'নাওয়াত' পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরি দিয়ে হলেও ওলিমার ব্যবস্থা কর।
হাদিস থেকে শিক্ষা
আমাদের সমাজে বড় একটি সমস্যা হলো, একজন ব্যক্তি মুসলমান হলে সে মসজিদে মসজিদে সাহায্যের জন্য হাত পাতে। আর আমাদের সাহাবা রা.-এর আদর্শ ও এই পরিস্থিতিতে তারা কী করতেন এসব বিষয়ে না জানার কারণে আমরা তাদেরকে ভিক্ষুক বানিয়ে দেই। আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি যে, যে কোনো নওমুসলিম ভাই-বোনকে আমাদের ভাই ও বোন বানিয়ে নিব এবং তাকে ভিক্ষুক না বানিয়ে কাজের সন্ধান দিব। আরো একটি সমস্যা হলো, অনেক মানুষ সারা জীবন নওমুসলিম থাকে। তারা কখনো পুরাতন হয় না। দেখুন একটি কাপড় তিন দিন পর পুরাতন হয়ে যায়। আর একজন নওমুসলিম ত্রিশ বছর পর নতুনই থেকে যায়। কখনো পুরাতন হয় না। সাহাবা রা. সকলেই নতুন ভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু কোনো সাহাবার ব্যাপারে আমরা শুনিনি যে, তিনি তার নামের শুরুতে নওমুসলিম লাগিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমল করার তওফিক দান করুন। আমিন। আরো একটি শিক্ষণীয় বিষয় হলো, সাহাবাগণ নওমুসলিমদের কর্ম ও বাসস্থানের ফিকির করেছেন। নিজেদের আত্মীয় বানিয়েছেন। নিজের কণ্যাকে তার সাথে বিয়ে দিয়েছেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাওফিক দান করুন।
টিকাঃ
৮৩. বুখারী-২৪০