📄 নবীজীর দাওয়াত ইয়াহুদীদের মাঝে
عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ بَيْنَمَا نَحْنُ فِي الْمَسْجِدِ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ انْطَلِقُوا إِلَى يَهُودَ فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ الْمِدْرَاسِ فَقَالَ أَسْلِمُوا تَسْلَمُوا وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الْأَرْضِ فَمَنْ يَجِدُ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ وَإِئَلَّا فَاعْلَمُوا أَنَّ الْأَرْضَ اللَّهِ وَرَسُولِهِ.
অর্থ. হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত; তিনি বলেন, একদা আমরা মসজিদে নববীতে অবস্থান করছিলাম। তখন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে বললেন, চলো ইয়াহুদি জাতির নিকট। হযরত আবু হুরায়রা (রা.) বললেন, আমরা বের হলোম; এমনকি তাদের পাঠশালায় এসে গেলাম। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা মুসলমান হয়ে যাও, শান্তি ও নিরাপদে থাকবে। আর জেনে রাখো এই জমীনের মালিক হলেন আল্লাহ ও তাঁর রাসূল। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদেরকে এই এলাকা থেকে নির্বাসিত করবো। সুতরাং তোমাদের কারো বিক্রিযোগ্য কোনো সম্পদ থাকলে তা যেন সে বিক্রি করে দেয়, আর সর্বাবস্থায় এটা জেনে রেখো জমীন আল্লাহ ও তাঁর রাসূলের।
হাদিস থেকে শিক্ষা:
এই হাদিসের অন্যতম বিষয় হলো, ইসলামের দাওয়াত দেয়ার পদ্ধতি। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদেরকে প্রথমে দাওয়াত দিয়েছেন। তাদেরকে ইসলামের শান্তির বাণী বুঝিয়েছেন এবং স্পষ্ট ভাবে দাওয়াত দিয়েছেন। এও বলেছেন, ইসলাম গ্রহণ না করলে মুসলমানদের কাছে জিজিয়া কর দিয়ে থাক। কারণ এই জমির মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম থাকবে-এটাই স্বাভাবিক। ইয়াহুদীরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের পরিণতি কী হবে? এ বিষয়টি স্মরণ করে দেয়ার উদ্দেশ্য-এটা তো হলো দুনিয়াবি ক্ষতি। পরকালের ক্ষতি তো রয়েই গেছে। অতএব আমরা যখন কোনো অমুসলিমকে ইসলামের দাওয়াত দিব তখন তাকে ইসলাম গ্রহণ না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে জাহান্নামের কথাও স্মরণ করিয়ে দিব।
এই হাদিসের একটি প্রেক্ষাপট রয়েছে। ইয়াহুদিদের সাথে একটি চুক্তি হয়েছিল। চুক্তি ভঙ্গ করার কারণে তাদেরকে নির্বাসিত করা হয়েছিল। এ বিষয়ে সীরাতের কিতাবে বিস্তারিত জানা যাবে। এই হাদিস থেকে আমরা আরো একটি বিষয় শিখতে পারি, সঙ্গি-সাথীদেরকে নিয়ে দাওয়াত দিতে যাওয়া। যেমন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন। আরো একটি বিষয় শিখতে পারলাম তা হলো- শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দাওয়াত দেয়া। যেমনটি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতঃএব আমাদের উচিত, আমরা যেন তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দাওয়াত দেই। আল্লাহ তাআলা সকল মুসলিম ও অমুসলিমদেরকে দাওয়াত দেয়ার তৌফিক দান করুন। সাথে সাথে তাদেরকে ইসলাম গ্রহণের লাভ ও ক্ষতি গুলোও বলে দেয়ার তৌফিক দান করুন। আমিন।
টিকাঃ
৫৬. বুখারি, ৩১৬৭।