📄 আমল না থাকলেও দাওয়াত দেয়া
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قُلْنَا : يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَأْمُرُ بِالْمَعْرُوْفِ حَتَّى نَعْمَلَ بِهِ، وَلَا نَنْهَى عَنْ الْمُنْكَرِ حَتَّى نَجْتَنِبَهُ كُلُّهُ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّমَ بَلْ مُرُوا بِالْمَعْرُوفِ ، وَإِنْ لَمْ تَعْمَلُوا بِهِ كُلَّهُ، وَانْهَوا عَنْ الْمُنْكَرِ ، وَإِنْ لَمْ تَجْتَنِبُوهُ كُلَّهُ .
অর্থ. হযরত আনাস ইবনে মালেক রা. বলেন, আমরা আরজ করলাম, হে আল্লাহর রাসূল! আমরা সৎ কাজ নিজেরা পুরাপুরি পালন না করা পর্যন্ত সৎ কাজের আদেশ করবো না এবং অন্যায় কাজ হতে নিজেরা পুরাপুরি মুক্ত না হওয়া পর্যন্ত অন্যায় কাজে বাধা প্রদান করবো না? নবী করীম সল্লাল্লাহু আলাইহিন ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরূপ নয়, বরং তোমরা সৎ কাজের আদেশ করবে যদিও তোমরা সকল প্রকার সৎ কাজের পাবন্দী না করতে পার এবং মন্দকাজে অন্যদেরকে বাধা প্রদান করবেন যদিও নিজেরা মন্দকাজ হতে সম্পূর্ণরূপে বাঁচতে না পার।
হাদিস থেকে শিক্ষা:
উক্ত হাদিস থেকে আমরা জানতে পারি, নিজের আমল না থাকলেও দাওয়াত দেয়া। অমুসলিমদের মাঝে দাওয়াত দেয়ার ক্ষেত্রে আমাদের মাঝে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে। সেটা হলো-আমরা অনেকে মনে করি, আমরা তো নিজেরাই ইসলামের উপর আমল করি না, তাহলে আবার অমুসলিমদের দাওয়াত দিবো কীভাবে? এই হাদিস দ্বারা আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
এই ধারণা যে ভুল-তার আরও একটি প্রমাণ হল, নবীজির একটি হাদিস। জুমায় খতিব সাহেব আমাদেরকে শোনান। হাদীসটি হলো- خير القرون قَرْني ثم الذين يَلُونَهم ثم الذين يلونهم নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্ব উত্তম যুগ হলো আমার যুগ, এরপরের যুগ, এর পরের যুগ। এবার আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব খাইরুল কুরুণের পর দিন দিন মানুষের অবস্থা ভালো হচ্ছে না খারাপ? উত্তর হবে- অবশ্যই খারাপ অবস্থা। তাহলে বিষয়টি দাঁড়ালো- আমরাও কেয়ামত পর্যন্ত ঠিক হব না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেয়া হবে না। কেমন জানি আমরা আল্লাহর একটি ফরজ বিধানকে বন্ধ করে দিলাম। প্রশ্ন হল এই অবস্থায় আমাদের কী করতে হবে? উত্তর- এ অবস্থায় আমাদের দুটো কাজই করতে হবে। আমাদের নিজেদের ঠিক হতে হবে। সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। এখন প্রশ্ন হল-কোনটি বেশি দরকার? আমি বলবো- মানুষের জন্য কান দরকার নাকি চোখ দরকার? মুখ দরকার নাকি নাক দরকার? মাথা দরকার নাকি পেট দরকার? উত্তর হবে- উভয়টিই দরকার। দাওয়াতের ক্ষেত্রেও উভয়টি দরকার। অমুসলিমদের যেমন দাওয়াত দেয়া দরকার, সাথে সাথে মুসলমানদেরকেও দাওয়াত দেয়া দরকার।
এ কথা ঠিক নয় যে, আমরা নিজেরা ইসলামের উপর আমল করি না, তাই দাওয়াত দেব না। আমরা আমল করতে পারি আর না পারি দাওয়াত দেয়া ছাড়বো না। আর একটি বিষয় হলো, দাওয়াত দানকারীর দাওয়াতে যদি কেউ মুসলমান হয়, সে যতদিন আমল করবে তার পরিবার সন্তানাদি আমল করতে থাকবে, তার সমপরিমাণ সওয়াব দায়ীর আমলনামায় লিখা হবে। কারণ নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজে আহ্বানকারী কাজ করার সমান সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি দাওয়াত দেয়ার তৌফিক দান করুন। আমিন।
টিকাঃ
৫১. المعجم الصغير لطبراني (981) . المعجم الاوسط - 6628
৫২. خير القرون قَرْني ثم الذين يَلُونَهم ثم الذين يلونهم