📄 এমন কোনো ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না
عَنْ تَمِيمِ الدَّارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلَّم يَقُولُ : « لَيَبْلُغَنَّ هَذَا الأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلا أَدْخَلَهُ اللهُ هَذَا الدِّينَ بِعِزَّ عَزِيزِ يُعِزُّ بِهِ الإِسْلامَ أَوْ ذُلِّ ذَلِيلٌ يُذِلُّ بِهِ الْكُفْرَ ...
অর্থ: হযরত তামিমদারী রা. বলেন, আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি; তিনি বলেন, পৃথিবীর সর্বত্র এই দ্বীন পৌঁছে যাবে। আল্লাহ এই বিধানকে শহর ও গ্রামের প্রতিটি ঘরেই বাস্তবায়ন করবেন। সম্মানিত ব্যক্তিকে সম্মান বাড়িয়ে দিবেন। অপদস্থ ব্যক্তির অপমান বৃদ্ধি করে হয়তো তাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়ে সম্মানিত করবেন অথবা তাদেরকে কুফরির কারণে জিযিয়া (কর) চাপিয়ে দিয়ে লাঞ্ছিত করবেন।
হাদিস থেকে শিক্ষা
উক্ত হাদিস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি শিখতে পাই তা হলো- নবীজী (স) বলেছেন প্রত্যেক কাঁচাপাকা ঘরে ইসলাম প্রবেশ করবে। আমার মনে হয় সেই সময়টি এখন চলে এসেছে। কারণ আমরা মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতায় বলছি, মানুষ ইসলাম গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। শুধু ইসলামের দাওয়াত তাদের সামনে উত্তম পন্থায় পেশ করতে দেরী। ইসলাম গ্রহণ করতে তারা দেরী করেন না। আর একটি বিষয় হলো প্রত্যেক কাঁচাপাকা ঘরে ইসলাম পৌঁছবে। আল্লাহ তা'আলা কাউকে না কারো দিয়ে দাওয়াতের কাজ করিয়ে নিবেন। কিন্তু আমি মাহরুম হয়ে যাবো। আমি এই মহান কাজ থেকে বঞ্চিত হয়ে যাবো। আমরা যেন, সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো একটি বিষয় শিখতে পেলাম যারা ইসলাম গ্রহণ করবে তারা সম্মানিত হবেই। ইসলামের ইতিহাস বলে- ইসলাম মানুষকে সম্মানিত করে। যেমন, বেলাল রা. হাবশি গোলাম ছিলেন। ইসলাম তাকে এতো সম্মান দিলো, তিনি মসজিদে নববীর মুআজ্জিন হলেন। হযরত ওমর রা. রাখাল ছিলেন, ইসলাম গ্রহণের কারণে তিনি বাদশাহ হলেন। এমন ঘটনা অফুরন্ত। সম্প্রতি আমাদের যুগেও এমন ঘটনার অভাব নেই। বাবরী মসজিদে প্রথম হামলাকারী বলবীর সীং এখন আমের। এখন সে সম্মানিত একজন ব্যক্তি। অল্পদিন আগে ইন্তেকাল করলেন আজমী সাহেব। তিনি ছিলেন ভারতের নিম্নশ্রেণীর একজন মানুষ। ইসলাম গ্রহণ করার বরকতে তিনি এক পর্যায়ে মদিনা ইউনিভার্সিটির উস্তাদ হন। এবং মদিনাতেই ইন্তিকাল করেন। জান্নাতুল বাকীতে তাঁর কবর হয়। এই সম্মান কে দিল? অপর দিকে কুফর মানুষকে অসম্মানিত করে, লাঞ্চিত করে। যেমন, আবু জাহেল, উত্ত্বা, শাইবা, আবু লাহাব- এরা পূর্বে সম্মানিত মানুষ ছিল। এরাই ছিল মক্কার নেতা, রাজা। কিন্তু ইসলাম গ্রহণ না করে কুফরির উপর অটল থাকার শেষ পরিণতি ছিল লাঞ্ছনার। তাই আমাদের দা'য়ীদের উচিত, আমরা অমুসলিমদেরকে ইসলামের ফজিলত জানিয়ে তাদেরকে দাওয়াত দিবো।
টিকাঃ
৪৮. তাবরানী-১৬৯৮৯, মুসনাদে আহমদ-১৬৯৫৭
৪৯. আল মু'জামুল কাবির- তাবরানী-১৬৯৮৯, সুনানুল কুবরা লিবাইহাকি-১৯০৯০