📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ

📄 দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ


[৫৪০-৫৪৩ হিজরি/১১৪৫-১১৪৮ খ্রিষ্টাব্দ]
ইসলামি প্রাচ্য অঞ্চলে ক্রুসেড রাজ্যগুলোর স্থিতিশীলতায় ইউরোপ অনেকটা নিশ্চিন্ত ছিল। কিন্তু ইমাদুদ্দিন জিনকির হাতে এডেসা নগরীর পতন ঘটলে ইউরোপ নতুন করে প্রকম্পিত হয়ে ওঠে। অবশেষে ১১৪৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে তৎকালীন পোপ ৩য় ইউগেন (Pope Eugene III) দ্বিতীয় ক্রুসেডের ডাক দেন। ইউরোপ থেকে পরিচালিত দ্বিতীয় ক্রুসেডের উদ্দেশ্য ছিল ক্রুসেডারদের হাত থেকে মুসলমানরা এডেসাসহ যে সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করেছিল, সেখানে পুনরায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং জিনকি পরিবারের কর্তৃত্বপূর্ণ অবস্থানের মোকাবিলা করে শাম অঞ্চলে ক্রুসেডারদের অবস্থান সুদৃঢ় করা।
অবশ্য প্রথম ক্রুসেড অভিযানের আহ্বায়ক পোপ ২য় আরবানের মতো পোপ ৩য় ইউগেনও ক্রুসেড অভিযানের মাধ্যমে নিজের আখের গোছানোর স্বপ্ন দেখছিলেন। রোমের পোপ হলেও ৩য় ইউগেনের রোমে কোনো কর্তৃত্ব ছিল না। তিনি বাস করতেন ভিটারবো (Viterbo) নগরীতে। পোপ স্বপ্ন দেখছিলেন, ক্রুসেড অভিযানের মাধ্যমে তিনি নিজের ক্ষমতালিপ্সা চরিতার্থ করতে পারবেন এবং প্রাচ্যের ক্রুসেড রাজ্যগুলোতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। ২য় আরবানের মতো তিনিও অভিযানে অংশগ্রহণকারী সকলের জন্য পাপমোচন ও স্বর্গপ্রাপ্তির ঘোষণা প্রদান করেন।
এবারের অভিযানে ইউরোপের দুজন রাষ্ট্রপ্রধানও যোগদান করে। ফরাসি বাহিনীর নেতৃত্বে ছিলেন ফ্রান্সের রাজা ৭ম লুই (Louis VII) আর জার্মান বাহিনীর নেতৃত্বে ছিলেন জার্মানির রাজা ৩য় কনরাড (Conrad III)। এছাড়াও সমকালীন ইউরোপের বিশিষ্ট রাজন্যবর্গ অভিযানে যোগ দেয়। ফ্রান্স ও জার্মানির বাহিনীদুটি ছাড়াও সাধারণ কৃষক ও উচ্ছৃঙ্খল জনতার বিভিন্ন বাহিনীও অভিযানে শরিক হয়।
সার্বিক প্রচারণা ও প্রস্তুতি শেষে ১১৪৭ খ্রিষ্টাব্দের মে মাসের শেষ দিকে জার্মান বাহিনী কনস্টান্টিনোপল অভিমুখে রওনা হয়। বাইজান্টাইন সাম্রাজ্যে পা রাখার পরই তারা লুটতরাজ ও বিশৃঙ্খলা শুরু করায় বাধ্য হয়ে বাইজান্টাইন সম্রাট ১ম ম্যানুয়েল কমনিনোস সামরিক হস্তক্ষেপ করেন। একে কেন্দ্র করে রাজা ৩য় কনরাড বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আগামী বছর কনস্টান্টিনোপল অবরোধ করার হুমকি দেন। অবশ্য শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। কনস্টান্টিনোপলেই যেন জার্মান ও ফরাসি বাহিনীর পরস্পর সাক্ষাৎ না হয়ে যায়, এ উদ্দেশ্যে সম্রাট ম্যানুয়েল দ্রুত জার্মান বাহিনীকে এশিয়া মাইনর অভিমুখে রওনা করিয়ে দেন।
বাইজান্টাইন পথপ্রদর্শকদের সহায়তায় জার্মান বাহিনী বসফরাস পাড়ি দিয়ে এশিয়া মাইনর অঞ্চলে পা রাখে। নিকিয়ায় পৌঁছে কনরাড তার বাহিনীকে দু-ভাগে ভাগ করে নেন। তিনি নিজে একটি অংশ নিয়ে নিকিয়া ত্যাগ করেন এবং দশ দিন পর দোরিলায়ুমে পৌঁছান। এ সময় রোমান সেলজুক শাসক (১ম কিলিজ আরসালানের পুত্র) রুকনুদ্দিন মাসউদ তার বাহিনী নিয়ে জার্মান ক্রুসেডার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েন। সেলজুকদের আক্রমণে জার্মান বাহিনী কার্যত বিধ্বস্ত হয়ে যায়। বিশ হাজার সৈন্যের মধ্যে আঠারো হাজার সৈন্যই এ সময় নিহত হয়। ৫৪২ হিজরি সনের ২৮ জুমাদাল উলা (১১৪৭ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর) সংঘটিত এ যুদ্ধ ইতিহাসে ২য় দোরিলায়ুমের যুদ্ধ নামে খ্যাত। রাজা ৩য় কনরাড অবশিষ্ট দুই হাজার সৈন্য নিয়ে কোনোমতে নিকিয়ায় ফিরে যান এবং ফরাসি বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকেন।
জার্মান বাহিনীর অপর অংশ দক্ষিণে ভূমধ্যসাগরের উপকূলীয় নগরী আনতালিয়া (Antalya) অভিমুখে রওনা হয়েছিল। ১১৪৮ খ্রিষ্টাব্দের শুরুতে তারাও প্রায় একই পরিণতি বরণ করে।
৭ম লুই-এর নেতৃত্বে ফরাসি বাহিনী ১১৪৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে কনস্টান্টিনোপল অভিমুখে রওনা হয় এবং অক্টোবরে কনস্টান্টিনোপলে পৌঁছায়। কিন্তু ফরাসি বাহিনীর বিভিন্ন অসদাচরণের কারণে বাইজান্টাইন সম্রাট তাদের জন্য নগরদ্বার খুলে দিতে অসম্মতি জানান। স্বভাবতই রাজা লুই প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কেউ কেউ তাকে সিসিলির রাজা ২য় রজারের সহায়তা নিয়ে কনস্টান্টিনোপল দখলের জন্য প্ররোচিত করে। অবশ্য বাইজান্টাইন সম্রাট ম্যানুয়েল কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় সম্রাট প্রচার করেন, জার্মান বাহিনী এশিয়া মাইনর অঞ্চলে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছে এবং ইতিমধ্যে কয়েকটি এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে! এ সংবাদ শুনে রাজা লুই কালবিলম্ব না করে ইসলামি ভূখণ্ড অভিমুখে রওনা হয়ে যান। নিকিয়ায় পৌঁছে লুই দেখতে পান, পরাজিত জার্মান রাজা কনরাড তার প্রতীক্ষায় বসে আছেন!
এরপর ফরাসি-জার্মান সম্মিলিত বাহিনী ভূমধ্যসাগরের উপকূলীয় পথ ধরে অগ্রসর হয়। এফসুস (Ephesus) নগরীতে পৌঁছার পর রাজা কনরাড অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য কনস্টান্টিনোপলে ফিরে যান। রাজা লুই তার জন্য কিছুদিন অপেক্ষা করার পর তার ফিরতে বিলম্ব হওয়ায় সামনে অগ্রসর হন। পথিমধ্যে ফরাসি বাহিনী বেশ কয়েকবার রোমান সেলজুক বাহিনীর হামলার শিকার হয় এবং বহু দুর্ভোগ পেরিয়ে ১১৪৮ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি আনতালিয়া নগরীতে পৌঁছায়। ফরাসি বাহিনী সেলজুকদের হামলার ভয়ে সেখানে দেরি না করে সমুদ্রপথে রওনা হয়ে যায় এবং ১৯ মার্চ পৌঁছায় এন্টিয়কের নিকটবর্তী সেন্ট সাইমন নৌবন্দরে।
এন্টিয়কের শাসক রেমন্ড অফ পয়টিয়ার্স আগত ক্রুসেডার বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর ফরাসি বাহিনীকে নিয়ে শুরু হয় টানাহ্যাঁচড়া! রাজা লুই-এর সঙ্গে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে রেমন্ড আশা করছিলেন, তিনি ফরাসি বাহিনীকে ব্যবহার করে এন্টিয়ক রাজ্যের মূল হুমকি আলেপ্পো নগরী দখল করবেন। ওদিকে ২য় জোসেলিন দাবি করেন, ফরাসি বাহিনী যেহেতু এডেসা নগরীর পতনের পর নগরীটি পুনরুদ্ধারের লক্ষ্যে আগমন করেছে, তাই তিনি তাদেরকে নিয়ে এডেসা পুনরুদ্ধারের চেষ্টা করবেন। ত্রিপোলির শাসক ২য় রেমন্ড বসে থাকবেন কেন। তার দাবি হলো, ফরাসি বাহিনীকে নিয়ে তিনি বারিন দুর্গ পুনরুদ্ধারে চেষ্টা চালাবেন। কিন্তু রাজা লুই সবাইকে সাফ জানিয়ে দেন, তিনি এ অঞ্চলে ক্রুসেডারদের সর্বোচ্চ নেতা বাইতুল মুকাদ্দাসের রাজার সঙ্গে কথা না বলে কোন সিদ্ধান্ত নেবেন না। রাজা লুই জানতে পেরেছিলেন, জার্মানির রাজা ৩য় কনরাড ইতিমধ্যে কনস্টান্টিনোপল থেকে সমুদ্রপথে আক্কা হয়ে আল-কুদসে পৌঁছে গেছেন। তাই তিনি দ্রুত সেখানে পৌঁছতে উদগ্রীব ছিলেন।
আগত ক্রুসেডার বাহিনীর কর্মসূচি নির্ধারণে ১১৪৮ খ্রিষ্টাব্দের ২৪ জুন আক্কা নগরীতে বাইতুল মুকাদ্দাস রাজ্যের মূল নিয়ন্ত্রক মেলিসেন্ডের তত্ত্বাবধানে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাকি তিন রাজ্যের শাসকই অনুপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্রুসেডার বাহিনী দামেশক নগরী দখলের চেষ্টা করবে!
হ্যাঁ, যে দামেশক নগরী ক্রুসেড অভিযানের শুরু সময় থেকেই ক্রুসেডারদের সহযোগিতা করে আসছিল এবং জিহাদি তৎপরতার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল, সেই দামেশক এবার শিকার হতে যাচ্ছে ক্রুসেড আগ্রাসনের।
ষাট হাজার অশ্বারোহী যোদ্ধা ও আট হাজার পদাতিক যোদ্ধার সমন্বয়ে গঠিত বিরাট ক্রুসেডার বাহিনী দামেশক অভিমুখে রওনা হয়। ২৩ জুলাই ক্রুসেডার বাহিনী দামেশক অবরোধ করে।
মুইনুদ্দিন আনুর কল্পনাও করতে পারেননি, দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র ক্রুসেডাররা দামেশক দখলের চেষ্টা করতে পারে। তিনি দ্রুত আলেপ্পোর অধিপতি নুরুদ্দিন মাহমুদ ও তার ভাই মসুলের শাসক সাইফুদ্দিন গাজির কাছে সাহায্যপ্রার্থনা করেন। তারা দুজন দ্রুত দামেশক অভিমুখে রওনা হয়ে হিমসে অবতরণ করেন। হিমসে পৌঁছে নুরুদ্দিন মুইনুদ্দিনের কাছে নিম্নোক্ত বার্তা প্রেরণ করেন-
আমার অঞ্চলের অস্ত্রধারী সৈন্যদের নিয়ে আমি চলে এসেছি। আমি চাচ্ছি আমার প্রতিনিধিগণ দামেশকে চলে যাক আর আমি খ্রিষ্টানদের মুখোমুখি হই। যদি আমি পরাজিত হই, তাহলে আমি আমার বাহিনী নিয়ে দামেশকের অভ্যন্তরে প্রবেশ করে নগরীর প্রতিরক্ষার চেষ্টা করব; আর যদি বিজয়ী হই, তাহলে নগরীর কর্তৃত্ব তোমাদের হাতেই থাকবে। আমরা দামেশকের কর্তৃত্ব নিয়ে তোমাদের সঙ্গে কোনো বিরোধে জড়াব না।
কিন্তু নুরুদ্দিনের বার্তা পেয়ে দামেশকের অধিপতি মুজিরুদ্দিন ও ক্ষমতার মূল নিয়ন্ত্রক মুইনুদ্দিন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা আশঙ্কা করে, নুরুদ্দিন দামেশক দখল করার মনস্থ করেছেন। তাদের নির্দেশে দামেশকের নগরদ্বার বন্ধ করে দিয়ে নুরুদ্দিন ও সাইফুদ্দিনের প্রবেশের পথ রুদ্ধ করে দেওয়া হয়।
এরপর মুইনুদ্দিন দুটি বার্তা তৈরি করে একটি আগত ক্রুসেডার বাহিনীর নেতৃবৃন্দের কাছে প্রেরণ করেন, অপরটি প্রেরণ করেন তাদেরকে সহায়তাকারী স্থানীয় খ্রিষ্টান নেতৃবৃন্দের কাছে। প্রথম বার্তায় তিনি লেখেন, প্রাচ্যের অধিপতি এসে পড়েছেন। তোমরা স্বেচ্ছায় কেটে পড়ো, আর না হয় আমি তার হাতে আমার রাজ্য তুলে দেবো। তখন তোমাদের পস্তাতে হবে। আর দ্বিতীয় বার্তায় লেখেন, তোমরা কোন বুদ্ধিতে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কাছে সাহায্য চাইলে?! তোমরা তো ভালো করেই জানো যে, তারা যদি দামেশক দখল করতে পারে, তাহলে তোমাদের কর্তৃত্বে থাকা উপকূলীয় অঞ্চলগুলোও ছিনিয়ে নেবে। অপরদিকে আমি যদি আমার রাষ্ট্রের প্রতিরক্ষায় দুর্বলতা বোধ করি, তাহলে সামান্য দ্বিধা না করে দামেশকের নিয়ন্ত্রণ সাইফুদ্দিনের হাতে ছেড়ে দেবো। আর তোমরা জানো, যদি তিনি দামেশকের কর্তৃত্ব লাভ করেন, তাহলে শাম অঞ্চলে তার সামনে টিকে থাকার মতো শক্তি তোমাদের নেই।
মুইনুদ্দিন আনুর ক্রুসেডার বাহিনীকে অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে বানিয়াস দুর্গের কর্তৃত্ব প্রদানের প্রস্তাবও দেন। পাশাপাশি তিনি স্থানীয় ক্রুসেডার নেতৃবৃন্দকে অর্থ প্রদান করে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন।
করণীয় নির্ধারণে ক্রুসেডার নেতৃবৃন্দ এবার বিবাদে জড়িয়ে পড়ে। স্থানীয় নেতৃবৃন্দ মুইনুদ্দিন আনুরের প্রস্তাব মেনে নিয়ে অবরোধ তুলে নেওয়ার পক্ষে মত দেয়। তাদের সমর্থন না পেয়ে অবরোধ শুরুর মাত্র চারদিন পরই রাজা লুই ও কনরাড অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হন। এরপর ক্রুসেডার বাহিনী ফিরে যায় বাইতুল মুকাদ্দাসে। ফেরার সময় মুসলিম বাহিনী তাদেরকে তাড়া করে এবং ব্যাপক ক্ষতিসাধন করে। অবরোধ চলাকালেও দামেশকের প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে ক্রুসেডারদের প্রচুর ক্ষতি সাধিত হয়েছিল।
এরপর জার্মান রাজা কনরাড আসকালান জয়ের চেষ্টা চালান। কিন্তু অন্যরা তাকে সাহায্য না করায় তার এ প্রচেষ্টাও ব্যর্থ হয়। অবশেষে ব্যর্থতার গ্লানি নিয়ে তিনি ৮ সেপ্টেম্বর নিজ দেশে ফিরে যান। অপরদিকে ফরাসি রাজা ৭ম লুই বাইতুল মুকাদ্দাস ত্যাগ করেন ১১৪৯ খ্রিষ্টাব্দের গ্রীষ্মে।
এভাবেই ক্রুসেডার বাহিনীর দ্বিতীয় ক্রুসেড অভিযান শেষ হয় শোচনীয় ব্যর্থতাকে সঙ্গী করে। কোনো অর্জন দূরে থাক, এ অভিযানের কারণে ক্রুসেডাররা হারায় শাম অঞ্চলে তাদের দীর্ঘদিনের মিত্র দামেশককে!
অবশ্য ইসলামি প্রাচ্যে দ্বিতীয় ক্রুসেড অভিযান চলাকালেই পোপ ৩য় ইউগেন ১১৪৭ খ্রিষ্টাব্দে ইসলামি বিশ্বের প্রতীচ্যে আন্দালুসেও ক্রুসেড অভিযান প্রসারিত করার নির্দেশ দেন। এ সময় ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর সৈন্য আন্দালুসে গমন করে। তাদের সহায়তায় আন্দালুসের খ্রিষ্টরাজ্য লিওন ও ক্যাস্টোলার রাজা ৭ম আলফোন্সো (Alfonso VII of León and Castile) (বর্তমান পর্তুগালের অন্তর্গত) লিসবন (Lisbon), সিন্টরা (Sintra), পালমেলা (Palmela), সেটুবাল (Setúbal) প্রভৃতি নগরী দখল করে নেন। অভিযান শেষে আগত ক্রুসেডার সৈন্যদের অধিকাংশই লিসবনে বসতি স্থাপন করে। বাকিরা চলে যায় শাম অঞ্চলে ক্রুসেড অভিযানে যোগ দিতে।
এর কিছুদিন পর আন্দালুসের খ্রিষ্টান শক্তি উত্তর-পূর্ব আন্দালুসের জারাগোজা রাজ্যে অবস্থিত তুরতুশা ও লারেডা নগরী দখল করে নেয়। বরং এরপর তারা আন্দালুসের সীমা অতিক্রম করে সুদূর মাগরিবেও হামলা চালাতে শুরু করে।
অর্থাৎ দ্বিতীয় ক্রুসেড অভিযান ইসলামি প্রাচ্যে কার্যত ব্যর্থতায় পর্যবসিত হলেও প্রতীচ্যে সফল হয় এবং ক্যাস্টোলা, পর্তুগাল ও অ্যারাগোন রাজ্যের সামনে পুরো আন্দালুস উপদ্বীপ দখলের পথ সুগম হয়।

📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 দ্বিতীয় ক্রুসেড-পরবর্তী সময়

📄 দ্বিতীয় ক্রুসেড-পরবর্তী সময়


ইউরোপ থেকে আগত ক্রুসেডার বাহিনীর প্রস্থানের পরও নুরুদ্দিন জিনকি রহ. তার ক্রুসেডবিরোধী অভিযান অব্যাহত রাখেন। তিনি একের পর এক প্রতিটি ক্রুসেড রাজ্যে হানা দিয়ে বিভিন্ন নগরী ও দুর্গ পুনরুদ্ধার করেন। পরবর্তী পাঁচ বছরের মধ্যে শাম অঞ্চলের অধিকাংশ এলাকা নুরুদ্দিন জিনকির কর্তৃত্বে চলে আসে।
নুরুদ্দিন জিনকির অব্যাহত বিজয়াভিযান এবং জিনকি পরিবারের ঐক্য ও সুদৃঢ় সামরিক শক্তি প্রত্যক্ষ করে এ অঞ্চলের ক্রুসেডাররা উপলব্ধি করে, জিনকি পরিবারকে পরাভূত করে শাম ও ইরাকের উত্তরাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ব্যতীত অন্য কিছু নয়। তাই এদিকে অভিযানের চিন্তা বাদ দিয়ে এবার তারা দৃষ্টি নিবদ্ধ করে দক্ষিণ-পশ্চিমে উবায়দি সাম্রাজ্যভুক্ত অঞ্চলের প্রতি।
৫৪৮ হিজরি সনে (১১৫৩ খ্রিষ্টাব্দে) বাইতুল মুকাদ্দাসের শাসক ৩য় বল্ডউইন উবায়দিদের কাছ থেকে আসকালান দখল করে নেন। এর ফলে ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলে ক্রুসেডারদের নিরঙ্কুশ আধিপত্য নিশ্চিত হয়।
ক্রুসেডাররা আসকালান দখল করে নেওয়ায় নুরুদ্দিন জিনকি দামেশক নিয়ে নতুন করে চিন্তিত হয়ে পড়েন। কারণ, দামেশকের কারণেই তিনি বাইতুল মুকাদ্দাস অভিমুখে অগ্রসর হতে পারছিলেন না। সবদিক বিবেচনা করে তিনি এবার দামেশকে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
৫৪৯ হিজরি সনের মুহাররম মাসে (১১৫৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে) নুরুদ্দিন জিনকি দামেশক অবরোধ করেন। এ সময় তিনি দশদিন দামেশক অবরোধ করে রাখলেও সেখানে কোনো আক্রমণ করেননি। তিনি এ সময় বলেন, 'মুসলমানদের পরস্পর একে অপরকে হত্যা করার কোনো প্রয়োজন নেই।' নুরুদ্দিন দামেশকের অধিপতি মুজিরুদ্দিনের কাছে বার্তা প্রেরণ করে তার দামেশকে আগমনের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি লেখেন-
আমি তোমাদের সঙ্গে লড়াই করতে এখানে আগমন করিনি। আমি মুসলমানদের এই অভিযোগের কারণে এখানে আসতে বাধ্য হয়েছি যে, কৃষকদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের স্ত্রী- সন্তানদের খ্রিষ্টানদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অথচ কেউ তাদের সাহায্য করছে না। আল্লাহর শোকর! তিনি আমাকে মুসলমানদের সাহায্য করার ও মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার ক্ষমতা দিয়েছেন এবং প্রচুর সম্পদ ও সামরিক শক্তি দান করেছেন। এই নেয়ামতের অধিকারী হওয়া সত্ত্বেও নির্যাতিত এসব মুসলমানের আহ্বান উপেক্ষা করে তাদের সাহায্য না করা আমার জন্য বৈধ হতে পারে না। অধিকন্তু আমার জানা আছে যে, তোমরা নিজেদের ভূখণ্ডের নিরাপত্তারক্ষায় অক্ষম। এই দুর্বলতার কারণেই তোমরা আমার বিরুদ্ধে লড়াইয়ে ফিরিঙ্গিদের সাহায্যপ্রার্থনা করেছ। তোমরা অসহায়-দুর্বল নাগরিকদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তা খ্রিষ্টানদের পেছনে ব্যয় করেছ। এমন গর্হিত আচরণ না আল্লাহ তাআলা পছন্দ করবেন, না কোনো মুসলমান বরদাশত করবে।
কিন্তু মুজিরুদ্দিন তার বার্তা উপেক্ষা করে ক্রুসেডারদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে নুরুদ্দিনের বাহিনীর উপর আক্রমণের প্রতি প্ররোচিত করেন। বিনিময়ে দেওয়া হয় প্রচুর অর্থসম্পদ প্রদানের পাশাপাশি বালাবাক্কু দুর্গের নিয়ন্ত্রণ সমর্পণের প্রস্তাব!
কিন্তু দামেশকের অধিবাসীরা তো নুরুদ্দিনেরই প্রতীক্ষা করছিল! তারা এবার অগ্রসর হয়ে নুরুদ্দিনের জন্য নগরীর প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয়। নুরুদ্দিন দামেশকে প্রবেশ করে সাধারণ নিরাপত্তা ঘোষণা করেন এবং জনগণের উপর আরোপিত কর বাতিল করেন। নুরুদ্দিন জিনকি রহ. দামেশককেই তার রাজধানী নির্ধারণ করেন। কিছুদিন পর তিনি শাইজার ও বালাবাক্কু নগরীকেও জিনকি রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ফলে পুরো শাম অঞ্চল তার নেতৃত্বে একক-ঐক্যবদ্ধ ইসলামি শক্তিতে পরিণত হয়।
৫৫২ হিজরি সনে সুলতান নুরুদ্দিন জিনকি হঠাৎ করেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং আলেপ্পোর দায়িত্ব তার ভাই নুসরতুদ্দিনের হাতে সোপর্দ করেন। নুরুদ্দিনের অসুস্থতার সুযোগ নিয়ে ক্রুসেডাররা কয়েকটি যুদ্ধে মুসলিম বাহিনীকে পরাজিত করে। অবশ্য আল্লাহ তাআলার অপার অনুগ্রহে তিনি কিছুদিন পরই সুস্থ হয়ে ওঠেন এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য নবোদ্যমে অগ্রসর হন।
এরপর নুরুদ্দিন জিনকি দৃষ্টি নিবদ্ধ করেন মিশরের প্রতি। কারণ, ক্রুসেডাররা ইতিমধ্যে উবায়দি শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে মিশরে লোলুপ দৃষ্টি ফেলতে শুরু করেছে। মিশর যদি ক্রুসেডারদের দখলে চলে যায়, তাহলে শাম অঞ্চলে ইসলামি শক্তির ক্রমবর্ধমান অগ্রযাত্রা নিশ্চিতভাবেই বাধার সম্মুখীন হবে। অধিকন্তু শাম ও মিশর মিলে যদি একক শক্তিতে পরিণত হয়, তাহলে তা ক্রুসেডারদের বিরুদ্ধে এক দুর্জেয় শক্তিরূপে আবির্ভূত হতে পারবে।
মিশরের উবায়দি সাম্রাজ্য তখন দুর্বলতার সর্বনিম্ন স্তরে উপনীত হয়েছিল। উবায়দি খলিফা উজিরদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। উজিরই মূলত প্রশাসনসহ যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করতেন। উজির পদ নিয়েও চলছিল প্রতিযোগিতা ও চরম বিবাদ-সংঘাত। এ সময় উজির পদ-প্রত্যাশী কেউ কেউ পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের শাসকদের কাছেও ধরনা দেয়। তাদেরই একজন ছিলেন শাওয়ার বিন মুজির। তিনি ৫৫৮ হিজরি সনে (১১৬৩ খ্রিষ্টাব্দে) যিরগাম নামক জনৈক সেনাপতির কাছে পরাজিত হন এবং উজির পদ হতে পদচ্যুত হয়ে সুলতান নুরুদ্দিন মাহমুদের কাছে আশ্রয় নেন। শাওয়ার মিশরের ক্ষমতা পুনরুদ্ধারে নুরুদ্দিনের কাছে সামরিক সহায়তা প্রার্থনা করেন এবং বিনিময়ে মিশরের রাজস্বের এক-তৃতীয়াংশ প্রদানের অঙ্গীকার করেন। নুরুদ্দিন শাওয়ারের প্রস্তাবে রাজি হয়ে আসাদুদ্দিন শিরকুহের নেতৃত্বাধীন একটি বাহিনী দিয়ে শাওয়ারকে সহায়তা করেন। দামেশক বাহিনীর সহায়তায় শাওয়ার যিরগামকে পরাজিত করে ৫৫৯ হিজরি সনে পুনরায় মিশরের উজির পদে আসীন হন। কিন্তু কর্তৃত্ব ফিরে পেয়েই শাওয়ার তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। তিনি একদিকে শিরকুহকে মিশর ত্যাগ করে শামে ফিরে যেতে নির্দেশ দেন, অন্যদিকে বাইতুল মুকাদ্দাসের শাসক অ্যামালরিকের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠান। তিনি অ্যামালরিককে বোঝান যে, নুরুদ্দিন মিশর ভূমি দখল করতে পারলে ভবিষ্যতে তার রাজ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়াবেন। অ্যামালরিক দ্রুত শাওয়ারের সহায়তায় ছুটে আসেন এবং আসাদুদ্দিন শিরকুহকে মিশর ত্যাগে বাধ্য করেন।
শাওয়ারের বিশ্বাসঘাতকতার সমুচিত জবাব দিতে সুলতান নুরুদ্দিন মাহমুদ ৫৬২ হিজরি সনে (১১৬৭ খ্রিষ্টাব্দে) শিরকুহের নেতৃত্বেই আরেকটি বাহিনী মিশরে প্রেরণ করেন। শিরকুহের ভ্রাতুষ্পুত্র সালাহুদ্দিন আইয়ুবিও এই অভিযানে অংশ নেন।
শাওয়ার এবারও অ্যামালরিকের কাছে সাহায্যপ্রার্থনা করলে তিনি আবারও তার মিত্রের সাহায্যে ছুটে আসেন। মিশরের বাবাইন এলাকায় শিরকুহের নেতৃত্বাধীন বাহিনী শাওয়ার ও অ্যামালরিকের বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধে জিনকি বাহিনী জয়লাভ করে। শিরকুহ সার্বিক দিক বিবেচনা করে উবায়দি সাম্রাজ্যের রাজধানী কায়রো অভিমুখে অগ্রসর হওয়ার পরিবর্তে বিজিত অঞ্চলে কর্তৃত্ব দৃঢ়করণে মনোযোগ দেন এবং সেখান থেকে কর উসুল করেন। এরপর তিনি মরুভূমি পাড়ি দিয়ে আলেকজান্দ্রিয়ায় পৌঁছেন এবং ভ্রাতুষ্পুত্র সালাহুদ্দিনকে সেখানকার প্রশাসক নিযুক্ত করে সামনে অগ্রসর হন। কিন্তু ক্রুসেডার-উবায়দি সম্মিলিত বাহিনী জল-স্থল উভয় দিক থেকে আলেকজান্দ্রিয়া অবরোধ করলে শিরকুহ দ্রুত সালাহুদ্দিনকে সহায়তা করতে ফিরে আসেন। তখন সম্মিলিত বাহিনী তার সঙ্গে সন্ধিচুক্তি করতে চাইলে তিনি এই শর্তে চুক্তি করতে সম্মত হন যে, ক্রুসেডার বাহিনী মিশরে অবস্থান করতে পারবে না। এরপর শিরকুহ দামেশকে ফিরে আসেন। কিন্তু শাওয়ার আবারও তার অঙ্গীকার ভঙ্গ করেন এবং ক্রুসেডারদের সঙ্গে মৈত্রীচুক্তি করেন। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল, কায়রোতে সব সময় একটি ক্রুসেডার প্রতিরক্ষা বাহিনী অবস্থান করবে এবং কায়রো নগরদ্বারসমূহের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। তারা মিশরে নুরুদ্দিনের প্রেরিত বাহিনীকে বাধা প্রদান করবে।
উভয়পক্ষ এই মর্মেও সম্মত হয় যে, ক্রুসেডাররা প্রতিবছর মিশরের রাজস্ব হতে এক লক্ষ দিনার লাভ করবে।
মিশরের উবায়দি সাম্রাজ্যের এই দুর্বল ও পরাশ্রয়ী নীতি বাইতুল মুকাদ্দাসের অধিপতি অ্যামালরিককে নতুন করে মিশর নিয়ে ভাবতে প্ররোচিত করে। তিনি ৫৬৪ হিজরি সনে (১১৬৮ খ্রিষ্টাব্দে) মিশর জয় করার জন্য বাহিনী নিয়ে রওনা হন। নিরুপায় শাওয়ার খ্রিষ্টান বাহিনীকে প্রতিরোধ করার জন্য আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত এমন এক পদ্ধতি অবলম্বন করেন, যার দৃষ্টান্ত ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। খ্রিষ্টান ক্রুসেডাররা যেন মিশর আক্রমণে নিরুৎসাহিত হয়, এজন্য তিনি ফুসতাত নগরীতে আগুন লাগিয়ে দেন। একটানা চুয়ান্ন দিন আগুন জ্বলতে থাকে। এরপর তিনি অ্যামালরিকের কাছে বার্তা পাঠান, 'আপনি যদি মিশরে প্রবেশ করেন, তাহলে নুরুদ্দিন মাহমুদ মিশর দখল করতে অগ্রসর হতে পারেন।' পাশাপাশি তিনি অ্যামালরিককে বার্ষিক দশ লক্ষ দিনার প্রদানের শর্তে সন্ধি করারও প্রস্তাব দেন।
শাওয়ার জানতেন, তার এই প্রস্তাব পাওয়ার পরও অ্যামালরিক ছলচাতুরির আশ্রয় নিতে পারেন। তাই তিনি নুরুদ্দিনের কাছেও সাহায্যপ্রার্থনা করে বার্তা পাঠান। তিনি নুরুদ্দিনকে প্রতিশ্রুতি দেন, মিশরের এক-তৃতীয়াংশ ভূমি তিনি নুরুদ্দিনকে ছেড়ে দেবেন এবং আসাদুদ্দিন শিরকুহকে সসৈন্য কায়রোতে অবস্থানের অনুমতি দেবেন। শিরকুহের বাহিনীর সৈন্যদেরকে জায়গির হিসেবে প্রচুর জমি প্রদান করা হবে, যা নুরুদ্দিনকে প্রদত্ত এক-তৃতীয়াংশ ভূমির বাইরে অতিরিক্ত বিবেচিত হবে।
নুরুদ্দিন মিশর অভিযানের জন্য দ্রুততার সঙ্গে আসাদুদ্দিন শিরকুহের নেতৃত্বে বিরাট এক বাহিনী প্রস্তুত করেন। অ্যামালরিকের ক্রুসেডার বাহিনী এ সংবাদ জানতে পেরে যুদ্ধ না করেই বাইতুল মুকাদ্দাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ৫৬৪ হিজরি সনের রবিউল আউয়াল মাসে (১১৬৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে) আসাদুদ্দিন শিরকুহ কায়রোতে প্রবেশ করেন। কায়রোবাসী তাকে স্বাগত জানায়। স্বয়ং উবায়দি খলিফা আবদুল্লাহ আল-আযিদ তাকে অভ্যর্থনা জানিয়ে সম্মানসূচক আলখেল্লা প্রদান করেন। এরপর আসাদুদ্দিন শিরকুহ খলিফার প্রধান উজির মনোনীত হন। তিনি অল্প সময়ের মধ্যেই উবায়দি সাম্রাজ্যের ক্ষমতার লাগাম নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে সক্ষম হন।
আসাদুদ্দিন কায়রোয় প্রবেশের মাস-তিনেক পরই ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর নতুন উজির মনোনীত হন তার ভ্রাতুষ্পুত্র সালাহুদ্দিন আইয়ুবি।
দায়িত্ব গ্রহণ করার পর সালাহুদ্দিন আইয়ুবি জনকল্যাণে প্রচুর অর্থ ব্যয় করেন। ফলে মিশরে তার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়। তিনি খুতবায় উবায়দি খলিফার নামের পর নুরুদ্দিনের নাম পাঠের নির্দেশ জারি করেন। উজির সালাহুদ্দিন আইয়ুবি তার বাহিনীর সেনাপতিদের বিভিন্ন অঞ্চলের জায়গির প্রদান করেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের অধিষ্ঠিত করেন।
জিনকি সুলতান নুরুদ্দিন মাহমুদের কর্তৃত্ব মিশরেও বিস্তৃত হওয়ায় বাইতুল মুকাদ্দাসের রাজা অ্যামালরিক অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। তিনি এবার নতুন করে মিশরে অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় বাইজান্টাইন সম্রাট ১ম ম্যানুয়েল কমনিনোস অ্যামালরিকের সাহায্যপ্রার্থনায় সাড়া দিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামে সমৃদ্ধ একটি বাইজান্টাইন নৌবহর প্রেরণ করেন। মিশর জয়ের উদ্দেশ্যে খ্রিষ্টান বাহিনী ৫৬৫ হিজরি সনের সফর মাসে (১১৬৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে) দিমইয়াতে (Damietta) পৌঁছায়। নিজে কায়রো ত্যাগ করলে উবায়দিরা ষড়যন্ত্র করতে পারে—এই আশঙ্কায় সালাহুদ্দিন আইয়ুবি কায়রোতেই অবস্থান করেন এবং খালিদ শিহাবুদ্দিন মাহমুদ ও ভ্রাতুষ্পুত্র তাকিউদ্দিন উমরের নেতৃত্বে একটি বাহিনী খ্রিষ্টান বাহিনীর মোকাবিলায় প্রেরণ করেন। মুসলিম বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ক্রুসেডারদের যুদ্ধ-উদ্দীপনা স্তিমিত হয়ে পড়ে। ৫৬৫ হিজরি সনের রবিউল আউয়াল মাসে (১১৬৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে) তারা অবরোধ প্রত্যাহার করে প্রস্থান করে।
এর কিছুদিন পর সুলতান নুরুদ্দিন সালাহুদ্দিন আইয়ুবিকে মিশরের মসজিদসমূহে উবায়দি খলিফার পরিবর্তে সমকালীন আব্বাসি খলিফার নামে খুতবা পাঠের নির্দেশ জারি করতে বলেন। কিন্তু মিশরবাসীর বিক্ষুব্ধ হওয়ার আশঙ্কায় সালাহুদ্দিন এই নির্দেশ জারি করতে দ্বিধান্বিত হয়ে পড়েন। নুরুদ্দিন বারবার একই নির্দেশ প্রেরণ করতে থাকলে ৫৬৭ হিজরি সনের প্রথম জুমার দিন (১১৭১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) সালাহুদ্দিন মিশরের সকল খতিবকে খুতবায় আব্বাসি খলিফা আল-মুসতাযি বি-আমরিল্লাহর নাম পাঠের নির্দেশনা জারি করেন। উবায়দি খলিফা আযিদ তখন অসুস্থ থাকায় তার পরিবার তাকে এ বিষয়ে অবগত করেনি। ৫৬৭ হিজরি সনের ১০ মুহাররম (১১৭১ খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর) খলিফা আযিদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মিশরে শিয়া উবায়দি সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে।
নুরুদ্দিন জিনকির বড় ভাই ও মসুলের শাসক সাইফুদ্দিন গাজি ৫৪৪ হিজরি সনে (১১৪৯ খ্রিষ্টাব্দে) ইন্তেকাল করেছিলেন। এরপর মসুল রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তাদের আরেক ভাই কুতুবুদ্দিন মওদুদ। কুতুবুদ্দিন নুরুদ্দিনের পূর্ণ অনুগত ছিলেন। তিনি তার রাজ্যে ভাই নুরুদ্দিনের নামে খুতবা পাঠ চালু করেন এবং নুরুদ্দিনের সঙ্গে অধিকাংশ যুদ্ধে শরিক হন। ৫৬৫ হিজরি সনে (১১৭০ খ্রিষ্টাব্দে) কুতুবুদ্দিনের মৃত্যু হলে মসুল রাজ্যের ক্ষমতা নিয়ে অস্থিরতা শুরু হয়। এ সময় মসুলের উজির ফখরুদ্দিন কুতুবুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ২য় ইমাদুদ্দিনের পরিবর্তে অপর পুত্র ২য় সাইফুদ্দিন গাজিকে মসনদে বসিয়ে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। মসুলের এই পরিবর্তিত পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয়ে নুরুদ্দিন মসুল অভিমুখে যাত্রা করেন। তিনি পথিমধ্যে সিনজারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ভ্রাতুষ্পুত্র ২য় ইমাদুদ্দিনকে নগরটির দায়িত্ব প্রদান করেন। এরপর তিনি মসুল অবরোধ করেন এবং ফখরুদ্দিনকে নতি স্বীকারে বাধ্য করে নগরীটিকে আপন রাজ্যভুক্ত করে নেন। অবশ্য ভ্রাতুষ্পুত্র সাইফুদ্দিনকে তিনি মসুলের প্রশাসক পদে বহাল রাখেন। এর মধ্য দিয়ে পুরো জিনকি রাষ্ট্র আবারও একক নেতৃত্বে চলে আসে। এটি ৫৬৬ হিজরি সনের ঘটনা।
সুলতান নুরুদ্দিন জিনকি রহ. অসুস্থ অবস্থায় ৫৬৯ হিজরি সনের ১১ শাওয়াল (১১৭৪ খ্রিষ্টাব্দের ১৫ মে) বুধবার আটান্ন বছর বয়সে ইন্তেকাল করেন।
ঐতিহাসিক ইবনুল আছির বলেন, 'উমর ইবনে আবদুল আজিজের পর নুরুদ্দিনের চেয়ে অধিক ন্যায়পরায়ণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট কোনো শাসক ছিল না।'
আরেক ঐতিহাসিক ইবনে কাছির রহ. 'আল-বিদায়া ওয়ান-নিহায়া' গ্রন্থে কয়েক পৃষ্ঠাজুড়ে নুরুদ্দিন জিনকি রহ.-এর চরিত্রগুণের কথা উল্লেখ করেছেন। আমরা সেখান থেকে সামান্য কিছু অংশ তুলে ধরছি।
নুরুদ্দিন রহ. সুন্দর হস্তলিপির অধিকারী ছিলেন। তিনি প্রচুর দ্বীনি কিতাবাদি অধ্যয়ন করতেন, নববি নির্দেশনাবলি অনুসরণ করতেন। তিনি জামাতে নামাজ আদায়ে যত্নবান ছিলেন। তিনি অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করতেন, কল্যাণমূলক কাজ ভালোবাসতেন।
সুলতান নুরুদ্দিন মিতাহারী ও সংযমী ছিলেন। নিজের ও পরিবারের পানাহার ও পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে তিনি অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। এমনকি কথিত আছে, তার শাসনামলের সবচেয়ে দরিদ্র ব্যক্তির খরচও তার চেয়ে বেশি ছিল। তিনি সম্পদ সঞ্চয় করতেন না, পার্থিব চাহিদাকে প্রাধান্য দিতেন না।
স্বাভাবিক বা রাগান্বিত-কোনো অবস্থায়ই তার মুখ থেকে কোনো অশ্লীল বা অশোভনীয় উচ্চারণ শোনা যায়নি। তিনি মৌনতাপ্রিয় ও গম্ভীর ছিলেন।
সুলতান নুরুদ্দিন হানাফি মাজহাবের ফকিহ ছিলেন। তিনি হাদিসের শিক্ষাগ্রহণ করেছেন, হাদিসের পাঠগ্রহণ ও পাঠদান করেছেন। রাতভর প্রচুর নামাজ পড়তেন, সাহরির সময় হতে দিবসে ঘোড়ায় আরোহণের পূর্ব পর্যন্ত সময় নামাজে কাটিয়ে দিতেন।
সুলতান নুরুদ্দিন বিভিন্ন সড়ক ও পথের পাশে অনেক ছাউনি ও সরাইখানা নির্মাণ করেন। তিনি দুর্গম ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তারক্ষী নিয়োজিত করেন এবং তাদের কাছ থেকে যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ সম্ভাব্য দ্রুততম সময়ে পাওয়ার জন্য বার্তাবাহী কবুতরের ব্যবস্থা করেন। তিনি প্রচুর খানকাও প্রতিষ্ঠা করেন।
সুলতান নুরুদ্দিন তার কাছে ফুকাহায়ে কেরাম, উলামা-মাশায়েখ ও সুফি-বুজুর্গদের সমবেত করতেন এবং তাদের সম্মান করতেন। তিনি সৎ লোকদের ভালোবাসতেন।
তিনি হাদিসে নববির পাঠদানের জন্য দামেশকে একটি দারুল হাদিস প্রতিষ্ঠা করেন। ইবনুল আছিরের ভাষ্যমতে তিনিই প্রথম দারুল হাদিস (নামক শিক্ষাপ্রতিষ্ঠান) প্রতিষ্ঠা করেন।
সুলতান নুরুদ্দিন অত্যন্ত গম্ভীর ও প্রতাপসম্পন্ন ছিলেন। প্রশাসক ও সেনাপতিদের অন্তরে তার ব্যক্তিত্বের প্রবল ভীতি ও প্রতাপ কাজ করত। তার অনুমতি ব্যতীত কেউ তার সামনে বসার সাহস করত না। কিন্তু কোনো আলিম বা ফকিহ আগমন করলে নুরুদ্দিন তার সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং কয়েক কদম এগিয়ে আসতেন; এরপর তাকে শান্তভাবে ধীরস্থিরতার সঙ্গে নিজের সঙ্গে গালিচায় বসাতেন। কোনো আলিমকে প্রচুর পরিমাণ হাদিয়া প্রদান করার পর তিনি বলতেন, 'তারা হচ্ছেন আল্লাহর সৈনিক। তাদের দোয়ার বরকতেই আমরা শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করি। আমি যে হাদিয়া প্রদান করি, তার চেয়ে বাইতুল মালে তাদের অনেকগুণ বেশি অধিকার আছে। সুতরাং, তারা যদি তাদের অধিকারের এই যৎসামান্য প্রাপ্তিতেই আমাদের প্রতি সন্তুষ্ট হন, তা তো আমাদের প্রতি তাদের অপার অনুগ্রহ।' (৫৮৪)
পিতা ইমাদুদ্দিন জিনকির মতো নুরুদ্দিন জিনকিও ইসলামি ভূখণ্ডকে ক্রুসেডারমুক্ত করার লক্ষ্যে আজীবন চেষ্টা-সাধনা অব্যাহত রেখেছিলেন। তিনি স্বপ্ন দেখতেন, আল-কুদস নগরপ্রাচীরের শীর্ষদেশে আবারও ইসলামের পতাকা উড্ডীন হবে এবং মসজিদুল আকসায় মুমিনদের সিজদা-চিহ্ন অঙ্কিত হবে। এ লক্ষ্যেই তিনি ৫৬৩ হিজরি সনে (১১৬৮ খ্রিষ্টাব্দে) মসজিদুল আকসায় স্থাপনের জন্য একটি মিম্বর তৈরি করেন। নুরুদ্দিন জিনকি রহ. জীবদ্দশায় যদিও এ স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি; কিন্তু তার শিষ্য সালাহুদ্দিন আইয়ুবি আল-কুদস পুনরুদ্ধার করেন এবং মিম্বরটি সেখানে স্থাপন করেন। এই সালাহুদ্দিন আইয়ুবি রহ.-ই হলেন আমাদের ক্রুসেড ইতিহাসের পরবর্তী তথা তৃতীয় মহানায়ক।
নুরুদ্দিন জিনকি রহ.-এর ইন্তেকালের পর তার পুত্র সালিহ ইসমাইলের নামে জিনকি রাষ্ট্রের নেতৃত্বের বায়আত গ্রহণ করা হয়। সালিহ তখন বয়সের বিবেচনায় একেবারেই নবীন ছিলেন। তাই সেনাপতি শামসুদ্দিন ইবনে মুকাদ্দিমকে তার তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। এ সময় রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের প্রশাসক ও সেনাপতিগণ বিরোধে জড়িয়ে পড়ে এবং মতবিরোধকে কেন্দ্র করে পুরো জিনকি রাষ্ট্রে অস্থিরতা-অরাজকতা শুরু হয়। চতুর্দিক থেকে ইসলামের শত্রুরা মুসলমান ও ইসলামি ভূখণ্ডের প্রতি লোলুপ দৃষ্টি ফেলতে থাকে। ক্রুসেডাররা মুসলমানদের হাত থেকে দামেশক নগরী কেড়ে নেওয়ার পরিকল্পনা করে। শামসুদ্দিন ইবনে মুকাদ্দিম তাদের প্রতিরোধে দৃঢ়তার পরিচয় দিতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত প্রচুর সম্পদ প্রদান করে তাদের সঙ্গে সন্ধি করেন। অবশ্য তিনি যদি ক্রুসেডারদের (মিশরের প্রশাসক) সালাহুদ্দিন আইয়ুবির আগমনের ভয় না দেখাতেন, তাহলে তারা সন্ধিপ্রস্তাবেও রাজি হতো না।
সালাহুদ্দিনের কাছে এ সংবাদ পৌঁছলে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং ক্রুসেডারদের সঙ্গে আপস করে তাদেরকে অর্থ প্রদান করায় ইবনে মুকাদ্দিমসহ শামের বিভিন্ন অঞ্চলের সেনাপতি ও প্রশাসকদের কাছে পত্র পাঠিয়ে তাদেরকে ভর্ৎসনা করেন। সালাহুদ্দিনের পত্র পেয়ে অনুতপ্ত হওয়া দূরে থাক, সেনাপতি ও প্রশাসকগণ কঠোর ভাষায় জবাবি পত্র প্রেরণ করে। তখন সুলতান সালাহুদ্দিন শাম অভিমুখে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
কিন্তু এরই মধ্যে ৫৭০ হিজরি সনে ক্রুসেডাররা মিশরে হামলা চালায়। এদিকে উবায়দিরাও সালাহুদ্দিনকে হটিয়ে ক্ষমতা পুনরুদ্ধার করার জন্য সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে সালাহুদ্দিন শাম অভিযানের পরিকল্পনা আপাতত মুলতবি রাখেন।
এ সময় সিসিলি থেকে ক্রুসেডারদের বিশাল এক নৌবহর মিশরে আক্রমণ চালানোর উদ্দেশ্যে রওনা হয়। নৌবহরটিতে ছিল সৈন্যবহনকারী দুইশ জাহাজ, অশ্ববহনকারী ছত্রিশটি জাহাজ, যুদ্ধাস্ত্রে পূর্ণ ছয়টি বিশাল জাহাজ এবং রসদসামগ্রীতে পূর্ণ চল্লিশটি বড় জাহাজ। নৌবহরটিতে পঞ্চাশ হাজার পদাতিক সৈন্য এবং দেড় হাজার অশ্বারোহী সৈন্য ছিল। ক্রুসেডার বাহিনী আলেকজান্দ্রিয়ায় পৌঁছেই কামান ও মিনজানিক স্থাপন করে আক্রমণ শুরু করে। আলেকজান্দ্রিয়াবাসী বীরত্বের সঙ্গে তাদের প্রতিরোধ করে। দ্বিতীয় দিন অন্যান্য অঞ্চল থেকেও মুসলিম সৈন্যগণ ক্রুসেডারদের মোকাবিলায় আলেকজান্দ্রিয়ায় পৌঁছে যায়। তৃতীয় দিনই মুসলিম সৈন্যদের প্রচণ্ড আক্রমণে ক্রুসেডাররা পিছু হটে এবং পলায়নের পথ ধরে। মুসলমানরা ক্রুসেডারদের কামানগুলো জ্বালিয়ে দেয় এবং পলায়নরত ক্রুসেডারদের তাড়া করে। অসংখ্য খ্রিষ্টান সৈন্য নিহত হয়, অনেকে পানিতে ডুবে মারা যায়। এভাবে ক্রুসেডারদের মিশর দখলের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়।
এরপর সুলতান সালাহুদ্দিন উবায়দিদের সব চক্রান্ত ও ষড়যন্ত্র সফলতার সঙ্গে দমন করেন। মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে পূর্ণ নিশ্চিন্ত হওয়ার পর তিনি শাম অভিমুখে রওনা হন। ৫৭০ হিজরি সনে তিনি তার ভাই আবু বকরকে মিশরে অস্থায়ী নায়েব নিযুক্ত করে দামেশক অভিমুখে যাত্রা করেন। তিনি কোনো ধরনের রক্তপাত ছাড়াই দামেশকে প্রবেশ করেন এবং নুরুদ্দিনের মৃত্যুপরবর্তী সময়ে সেখানে সৃষ্ট সকল বিশৃঙ্খলা দূর করেন। এরপর তিনি তার আরেক ভাই সাইফুল ইসলাম তুগতেকিনকে দামেশকের প্রশাসক নিযুক্ত করে আলেপ্পো অভিমুখে রওনা হন। এ সময় উবায়দি গুপ্তঘাতক ও আলেপ্পোর সেনাপতিরা মিলে তাকে হত্যার ষড়যন্ত্র করলেও আল্লাহ তাআলা ইসলামের এই মহান সৈনিককে রক্ষা করেন এবং তিনি তাদের সকলকে পরাভূত করেন।
সুন্নিদের কাছে মিশরের কর্তৃত্ব হারানো শিয়া উবায়দি শক্তি কিন্তু নিশ্চুপ বসে ছিল না। তারা এবার খ্রিষ্টরাজ্য ত্রিপোলির শাসকের সঙ্গে যোগাযোগ করে এবং সালাহুদ্দিনের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করলে বিপুল পরিমাণ সম্পদ প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু সুলতান সালাহুদ্দিন ছিলেন চূড়ান্ত পর্যায়ের সতর্ক ও দূরদর্শী। তিনি তাদের সকল চক্রান্ত প্রতিহত করেন এবং হিমস, আলেপ্পো ও হামা অঞ্চল পুনরুদ্ধার করে ইসলামি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। এভাবে এ অঞ্চলের মুসলমানদের ঐক্যবদ্ধ করার অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে সালাহুদ্দিন এমন এক সুবিশাল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যার ব্যাপ্তি ছিল উত্তর ইরাক (কুর্দিস্তান), শাম, মিশর ও বারকা (Cyrenaica) অঞ্চলজুড়ে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবি-প্রতিষ্ঠিত এই রাষ্ট্র পরিচিতি লাভ করে আইয়ুবি রাষ্ট্র নামে।
৫৮২ হিজরিতে বাইতুল মুকাদ্দাস রাজ্যের অধীনস্থ কারাক অঞ্চলের প্রশাসক রেনাল্ড (Raynald of Châtillon) মুসলমানদের একটি বণিক কাফেলার উপর আক্রমণ করে। অথচ বাইতুল মুকাদ্দাস রাজ্যের সঙ্গে তখন সুলতান সালাহুদ্দিনের শান্তিচুক্তি কার্যকর ছিল এবং চুক্তির অন্যতম শর্ত ছিল, যেকোনো মুসলিম কাফেলা নির্বিঘ্নে মিশর থেকে শামে আসা-যাওয়া করতে পারবে; ক্রুসেডাররা তাতে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। কিন্তু রেনাল্ড চুক্তিভঙ্গ করে কাফেলার সদস্যদের বন্দি করে এবং ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করে বন্দিদেরকে বলে, 'তোমরা যদি মুহাম্মাদের ধর্মে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এখন তাকে ডাকো। সে এসে তোমাদের মুক্ত করুক এবং এই বিপদ থেকে উদ্ধার করুক!' সালাহুদ্দিনের কাছে এ সংবাদ পৌঁছলে তিনি রেনাল্ডকে বন্দি করতে পারলে নিজ হাতে হত্যা করার শপথ করেন।

টিকাঃ
৫৮৪. ইবনে কাছির দিমাশকি, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১২/২৫৮-২৬৪।

📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধ

📄 ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধ


ক্রুসেডারদের এই চরম ধৃষ্টতাপূর্ণ আচরণের পর সুলতান সালাহুদ্দিন দ্রুত যুদ্ধপ্রস্তুতি গ্রহণ করেন। তিনি ৫৮৩ হিজরি সনের ১৭ রবিউল আউয়াল দামেশক থেকে বেরিয়ে আসেন। বিভিন্ন সামরিক পদক্ষেপ বাস্তবায়ন করে অবশেষে তিনি তাবারিয়ায় পৌঁছান।
সুলতান সালাহুদ্দিনের বিস্তৃত পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হয়ে ক্রুসেডার নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সৈন্যসমাবেশ শুরু করে। এরপর তারাও তাবারিয়ার উদ্দেশে রওনা হয়। উভয় বাহিনী হিত্তিন নামক স্থানে পরস্পর মুখোমুখি হয়। মুসলিম বাহিনী পূর্বেই যুদ্ধক্ষেত্রের আশেপাশের পানির উৎসগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় ক্রুসেডার বাহিনী এ সময় প্রচণ্ড পানিস্বল্পতার সম্মুখীন হয়।
৫৮৩ হিজরি সনের ২৫ রবিউস সানি (১১৮৭ খ্রিষ্টাব্দের ৪ জুলাই) উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। সুলতান সালাহুদ্দিন এ যুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। চরমভাবে পরাজিত ক্রুসেডার বাহিনীর অধিকাংশ সৈন্য নিহত বা বন্দি হয়। যুদ্ধক্ষেত্রে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর মুসলিম সৈন্যরা পলায়নপর ক্রুসেডারদের পিছু নিয়ে নিকটবর্তী পাহাড়ের চূড়ায় আরোহণ করতে থাকে এবং তাদের তরবারির আঘাতে খ্রিষ্টান সৈন্যরা লুটিয়ে পড়তে থাকে। বাইতুল মুকাদ্দাসের রাজা গায় (Guy of Lusignan)-এর পাশে থাকে মাত্র দেড়শ সৈন্য। ক্লান্তি ও ক্ষুৎপিপাসায় একসময় তারা পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়। বাইতুল মুকাদ্দাসের রাজা গায় ও কারকের প্রশাসক রেনাল্ড মুসলিম বাহিনীর হাতে বন্দি হয়।
যুদ্ধক্ষেত্রেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবির জন্য একটি তাঁবু প্রস্তুত করা হয়। তাঁবুতে সুলতানের বিজ্ঞ উপদেষ্টা ও সেনাপতিগণ সমবেত হয়। সকলে কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে পড়ে। এরপর সুলতানের নির্দেশে বন্দি রাজা ও প্রশাসককে উপস্থিত করা হয় এবং তাঁবুর ভেতরে বসানো হয়। প্রচণ্ড পিপাসায় কাতর বাইতুল মুকাদ্দাসের রাজা গায় পানি পান করতে চাইলে তার জন্য ঠান্ডা পানি পরিবেশন করা হয়। সামান্য পানি পান করার পর তিনি অবশিষ্ট পানি রেনাল্ডকে দিতে উদ্যত হলে সালাহুদ্দিন বজ্রকণ্ঠে বলে ওঠেন, 'আমরা এ পানি তাকে পান করার জন্য দিইনি। কাজেই তার নিজেকে নিরাপদ ভাবার কোনো কারণ নেই।' এরপর ক্রুদ্ধ সুলতান দাঁড়িয়ে যান এবং রেনাল্ডকে তার গর্হিত আচরণ ও নবীজির শানে ধৃষ্টতার জন্য ভর্ৎসনা করেন। এরপর তিনি আপন প্রতিশ্রুতি রক্ষার্থে নিজ হাতে তাকে হত্যা করেন। রেনাল্ডের পরিণতি স্বচক্ষে অবলোকন করে রাজা গায় ভীত হয়ে পড়লে সুলতান সালাহুদ্দিন তাকে বলেন, 'রাজাদের হত্যা করা রাজন্যবর্গের নীতি নয়; কিন্তু এই লোক সীমা ছাড়িয়ে গিয়েছিল।'
এরপর বাইতুল মুকাদ্দাসের রাজা ও তার জীবিত অনুচরদের সসম্মানে দামেশকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

📘 ক্রুসেড যুদ্ধের ইতিহাস > 📄 আল-কুদস পুনরুদ্ধার

📄 আল-কুদস পুনরুদ্ধার


৫৮৩ হিজরি সনের জুমাদাল উলা মাসে সুলতান সালাহুদ্দিন আক্কায় প্রবেশ করেন। মুসলিম বাহিনীর আগমন সংবাদ পেয়ে সেখানকার ক্রুসেডাররা পালিয়ে সুর নগরীতে চলে যায়। এরপর সালাহুদ্দিন তিবনিন (Tebnine), সিডন, ব্যাবলস ও বৈরুতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর তিনি উপকূলীয় পথ ধরে আসকালানে পৌঁছে আসকালান অবরোধ করেন। চৌদ্দ দিনের অবরোধের পর আসকালানবাসী আত্মসমর্পণ করে।
এর পাশাপাশি রামলা, দারুম, গাজা, বেথেলহাম, নাতরুন ইত্যাদি অঞ্চল বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। এর ফলে একদিকে আল-কুদস অবরোধ করার পথ সুগম হয়, অপরদিকে উপকূলীয় পথে আল-কুদসে সাহায্য প্রেরণের পথও বন্ধ হয়ে যায়।
সার্বিক প্রস্তুতি শেষে সালাহুদ্দিন আইয়ুবি অগ্রসর হন আল-কুদস অভিমুখে। তিনি সেখানে কোনো রক্তপাত ঘটাতে চাননি। কিন্তু ক্রুসেডাররা আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে তিনি বাধ্য হয়ে শক্তিপ্রয়োগের মাধ্যমে আল-কুদসে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর ক্রুসেডাররা সন্ধিচুক্তি করতে সম্মত হয় এবং এই শর্তে চুক্তি সম্পাদিত হয় যে, আগামী চল্লিশ দিন তাদেরকে আল-কুদস ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বিনিময়ে পুরুষগণ জনপ্রতি দশ দিনার, নারীগণ জনপ্রতি পাঁচ দিনার এবং অপ্রাপ্তবয়স্কদের বিনিময়ে জনপ্রতি দুই দিনার প্রদান করতে হবে। কেউ নির্ধারিত দিনার প্রদান করতে না পারলে সে বন্দি বিবেচিত হবে। যারা শর্ত মেনে প্রস্থান করবে, তাদেরকে নিরাপদে সুর নগরীতে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে।
৫৮৩ হিজরি সনের ২৭ রজব (১১৮৭ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর) সুলতান সালাহুদ্দিন আইয়ুবি আল-কুদসে প্রবেশ করেন।
কত ব্যবধান ৪৯২ হিজরি ও ৫৮৩ হিজরি সনের মাঝে!
৪৯২ হিজরি সনের ২২ শাবান (১০৯৯ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই) ক্রুসেডাররা আল-কুদস দখল করার পর নির্মম গণহত্যা চালিয়েছিল, এক দিনে হত্যা করেছিল সত্তর হাজার মুসলিম নাগরিককে। এ সম্পর্কে দুজন খ্রিষ্টান ঐতিহাসিকের ভাষ্য দেখুন।
• তৎকালীন প্রখ্যাত ঐতিহাসিক উইলিয়াম সুরি (William of Tyre) বলেন, ক্রুসেডারদের প্রবেশকালে আল-কুদস নগরী এক ভয়ানক হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করে। মুসলমানদের রক্তে নগরীটি রক্তপ্রান্তরে পরিণত হয়। নগরীজুড়ে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক। (৫৮৫)
• সমসাময়িক আরেক খ্রিষ্টান ঐতিহাসিক উল্লেখ করেন, বাইতুল মুকাদ্দাসে ক্রুসেডাররা নির্মম হত্যাযজ্ঞ চালানোর পরের দিন সকালে তিনি যখন দর্শনার্থী হিসেবে সেখানে প্রবেশ করেন, তখন অনেক কষ্টে মুসলমানদের লাশের মধ্য দিয়ে রাস্তা পাড়ি দিতে সক্ষম হন। তিনি আরও উল্লেখ করেন, নিহতদের রক্ত তার হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছিল!(৫৮৬)
বিপরীতে ৫৮৩ হিজরি সনের ২৭ রজব (১১৮৭ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর) সুলতান সালাহুদ্দিন আইয়ুবি আল-কুদস পুনরুদ্ধার করার পর সেখানকার খ্রিষ্টান নাগরিকদের সঙ্গে কী আচরণ করেছিলেন, সে সম্পর্কে কয়েকজন খ্রিষ্টান ঐতিহাসিকের ভাষ্য লক্ষ করুন।
• স্টিফেনসন বলেন, 'সুলতান সালাহুদ্দিন প্রচুর সংখ্যক লোককে মুক্তিপণ ছাড়াই বাইতুল মুকাদ্দাস ত্যাগের সুযোগ দিয়েছেন।'
• বৃটিশ প্রাচ্যবিদ স্ট্যানলি লেন পোল (Stanley Edward Lane-Poole) বলেন, সুলতান একদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময় নগরদ্বার খুলে রেখে অসহায় ও দরিদ্রদেরকে মুক্তিপণ ব্যতিরেকেই যেতে দিয়েছেন।'
• ভারতীয় প্রখ্যাত ইতিহাসবিদ সৈয়দ আমির আলি ইংরেজ ঐতিহাসিক মিলস-এর বরাতে উল্লেখ করেন-'আল-কুদস ত্যাগ করে প্রচুর সংখ্যক খ্রিষ্টান নাগরিক খ্রিষ্টরাজ্য এন্টিয়কের উদ্দেশে রওনা হয়। কিন্তু এন্টিয়কের শাসক তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে তাড়িয়ে দেন। বাধ্য হয়ে তারা ফিরতি পথ ধরে এবং বিভিন্ন ইসলামি রাজ্য অভিমুখে রওনা হয়। মুসলিম রাজ্যগুলোতে তাদেরকে সাদরে গ্রহণ করা হয়।'
• আমির আলি আরও উল্লেখ করেন, স্ট্যানলি লেন পোলের বর্ণনামতে বাইতুল মুকাদ্দাসের তৎকালীন গির্জাধ্যক্ষ ছিলেন মায়া-মমতাহীন চরম নিষ্ঠুর একজন ব্যক্তি। দরিদ্র ও অসহায় নাগরিকদের মুক্তিপণ আদায়ে সাহায্য করার পরিবর্তে তিনি নিজের প্রচুর সম্পদ নিয়ে আল-কুদস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তখন সালাহুদ্দিনকে জিজ্ঞেস করা হয়, 'আপনি কেন মুসলমানদের উন্নয়নের কাজে ব্যবহারের উদ্দেশ্যে তার সম্পদ বাজেয়াপ্ত করছেন না?' উত্তরে সুলতান বলেন, 'আমি তার কাছ থেকে দশ দিনারের চেয়ে সামান্য বেশিও গ্রহণ করব না এবং তার সঙ্গে প্রতারণা করব না।' এ ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্ট্যানলি লেন পোল বলেন, 'বিষয়টি এমন দাঁড়াল যে, একজন মুসলিম সুলতান এক খ্রিষ্টান ধর্মযাজককে দয়া ও অনুগ্রহের পাঠদান করছেন।'
• প্রখ্যাত ঐতিহাসিক পি. কে. হিট্টি (Philip Khuri Hitti) শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, 'খ্রিষ্টান নাগরিকদের সঙ্গে সুলতান সালাহুদ্দিনের আচরণ ও ইতিপূর্বে আটাশি বছর ধরে মুসলমানদের সঙ্গে খ্রিষ্টানদের আচরণের মাঝে পার্থক্য ছিল পুরোপুরি দৃশ্যমান ও সুস্পষ্ট।'
আল-কুদস জয়ের পর ইসলামি প্রাচ্যে ক্রুসেডারদের প্রতিপত্তি আরও সংকুচিত হয়ে পড়ে। তাদের হাতে থাকে এন্টিয়ক ও সুর নগরীর মতো গোটাকয়েক নগরী। এ সময় মুসলমানদের হাতে বিজিত প্রতিটি নগরী হতে ক্রুসেডাররা ধীরে ধীরে সুর নগরীতে আশ্রয় নিতে থাকে। একত্রিত হয়েই তারা সালাহুদ্দিনের সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করতে উদ্বুদ্ধ হয়। সংগঠিত ক্রুসেড শক্তি এবার আক্কা অভিমুখে রওনা হয় এবং জল-স্থল উভয় দিক থেকে আক্কা অবরোধ করে। ৫৮৫ হিজরি সনের ৮ রজব (১১৮৯ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট) থেকে শুরু হওয়া এ অবরোধ দুই বছর অব্যাহত থাকে।
সংবাদ পেয়ে মুসলিম বাহিনীও আক্কায় পৌঁছে ক্রুসেডারদের স্থল ভাগে অবরুদ্ধ করে রাখে। সুলতান সালাহুদ্দিন নিজে তিল-কায়সানে (Tell Keisan) শিবির স্থাপন করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে অনেকবার যুদ্ধ সংঘটিত হলেও কোনো পক্ষই নিরঙ্কুশ জয় অর্জন করতে পারেনি। এরই মধ্যে বেজে ওঠে তৃতীয় ক্রুসেড যুদ্ধের দামামা।

টিকাঃ
৫৮৫. Guillaume de Tyr, 1, p. 354.
৫৮৬. Raymond d'Aigles, p. 300.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00