📄 [দুই] দামেশক নগরীকে রাজ্যভুক্ত করার প্রচেষ্টা
দামেশক ছিল পুরো শাম অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী, অতি সুরক্ষিত সামরিক দুর্গ, অন্যতম ঘন জনবসতিপূর্ণ নগরী এবং ধনসম্পদ ও সামরিক সম্পদে সমৃদ্ধতম নগরী। তা ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানের কারণে দামেশক থেকে এ অঞ্চলের অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার ওপর নজর রাখা যেত। দামেশক ছিল বৈরুত, সিডন, আক্কা ও তাবারিয়াসহ অধিকৃত বিভিন্ন ইসলামি নগরীর অতি নিকটে অবস্থিত। ত্রিপোলি ক্রুসেড রাজ্যের অবস্থানও ছিল দামেশকের কাছে। দামেশকের অবস্থান ছিল বাইতুল মুকাদ্দাসের পথের পাশে। দামেশক থেকে দক্ষিণের বাইতুল মুকাদ্দাস এবং উত্তরের ত্রিপোলি, এন্টিয়ক ও এডেসা রাজ্যের মধ্যবর্তী সংযোগপথে নজর রাখা যেত। আর তাই ক্রুসেডারদের পরাভূত করতে এবং তাদেরকে ইসলামি ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে সক্ষম বাস্তব শক্তি নির্মাণের লক্ষ্যে মজবুত ঐক্য বাস্তবায়নের পথে দামেশক নগরীকে জিনকি রাজ্যের অন্তর্ভুক্তকরণ অপরিহার্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছিল।