📄 [পাঁচ] ১ম বল্ডউইনের দ্বিতীয় স্ত্রী অ্যাডেলেইড
এখানে এ তথ্যটি প্রণিধানযোগ্য যে, ১ম বল্ডউইন যখন অ্যাডেলেইডকে বিয়ে করেন, তখন ক্রুসেডারদের মধ্যে যারা তার বিরুদ্ধাচারী ছিল, তারা এর সমালোচনায় মেতে ওঠে। তারা প্রচার করে যে, বল্ডউইনের প্রথম স্ত্রী আরডাকে পরিত্যাগ করার কার্যকারণ ছিল জাল ও বানোয়াট। সুতরাং অ্যাডেলেইড তার একমাত্র স্ত্রী নন; বরং দ্বিতীয় স্ত্রী। আর খ্রিষ্ট ধর্মমতে একসঙ্গে দুই স্ত্রী গ্রহণ অবৈধ। এ সময় পোপ ২য় পাসকাল বিষয়টির তদন্ত করার জন্য গির্জার প্রতিনিধি প্রেরণ করেন। তদন্তে এ বিষয়ে বল্ডউইনের প্রতারণা প্রমাণিত হয় এবং দ্বিতীয় বিয়েকে অবৈধ ঘোষণা করা হয়। ফলে দীর্ঘ চার বছর বল্ডউইনের সঙ্গে বাস করার পর অ্যাডেলেইড এবার সিসিলিতে ফিরে যেতে বাধ্য হন! এর ফলে বাইতুল মুকাদ্দাস সাম্রাজ্য ইতালিয়ান নরম্যানদের শক্তি ও অ্যাডেলেইডের সম্পত্তি হাতছাড়া করে ফেলে। এর অল্প কিছুদিন পর অ্যাডেলেইড সিসিলিতেই মারা যান, এদিকে আরিশে মারা যান রাজা ১ম বল্ডউইন।
টিকাঃ
১২৫. Stevenson: op. cit., p. 106.
১২৬. Runciman: op. cit., II, pp. 105-106.
📄 [ছয়] আল-কুদসের গির্জাধ্যক্ষ আরনাল্ফ মালকোরন
পূর্বেও উল্লেখ করা হয়েছে যে, আরনাল্ফ মালকোরন দুশ্চরিত্র হিসেবে প্রসিদ্ধ ছিলেন। ১ম বল্ডউইনের সঙ্গে আঁতাঁত করে তিনি খ্রিষ্টধর্ম বিরোধী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেন। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে আরডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ও অ্যাডেলেইডকে বিয়ে করার ক্ষেত্রে ১ম বল্ডউইনকে অন্যায় সহায়তার বিষয়টি। আরনাল্ফ মালকোরনের মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাসের গির্জাধ্যক্ষের দায়িত্ব লাভ করেন জেরমন্ড (Germond)।
টিকাঃ
১২৭. Runciman: op. cit., II, pp. 105-106.
১২৮. Runciman: op. cit., II, pp. 143-144.
📄 [সাত] রোমের পোপ ২য় পাসকাল
পোপ ২য় পাসকালের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২য় জেলাসিউস (Pope Gelasius II)। অবশ্য ক্রুসেড ইতিহাসের বিচারে এটি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ছিল না। কারণ, ক্রুসেড রাজ্যগুলো ততদিনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠায় ইউরোপ থেকে নতুন করে সৈন্য সংগ্রহের কোনো প্রয়োজন ছিল না। আর তাই চলমান ঘটনাপ্রবাহে পোপের নাম ও পদক্ষেপ তেমন একটা প্রতিভাত হতো না।
📄 [আট] বাইজান্টাইন সম্রাট ১ম অ্যালেক্সিয়াস কম নিনোস
ধূর্ত বাইজান্টাইন সম্রাট অ্যালেক্সিয়াস কমনিনোস ছিলেন ক্রুসেড আগ্রাসনের অন্যতম নেপথ্য নায়ক। তিনি অভিযানের জন্য ক্রুসেডারদের আহ্বান জানানো হতে শুরু করে রসদপত্র, যুদ্ধাস্ত্র, প্রয়োজনীয় তথ্য, পথপ্রদর্শক ও সীমিত পরিসরের জনবল জোগান দিয়ে ইসলামি ভূখণ্ডে তাদের প্রবেশের পথ সুগম করেছিলেন। যদিও ক্রুসেডাররা পরবর্তী সময়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং চুক্তি অনুযায়ী অধিকৃত বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ তাকে প্রদান করতে অস্বীকার করেছিল; কিন্তু তারপরও ক্রুসেড অভিযান থেকে তার প্রাপ্তির খাতা একেবারে শূন্য ছিল না। তিনি এশিয়া মাইনরের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অঞ্চলটিকে বাইজান্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। অ্যালেক্সিয়াস কমনিনোসের মৃত্যুর পর বাইজান্টাইন সাম্রাজ্যের হাল ধরেন তার পুত্র ২য় জন কমনিনোস (John II Komnenos) ।
টিকাঃ
১২৯. Runciman: op. cit., II, pp. 143-144.