📄 [পাঁচ] আলেপ্পো রাজ্য
৫০৭ হিজরি সনে (১১১৩ খ্রিষ্টাব্দে) দুরাচারী রিজওয়ানের মৃত্যুর পর আলেপ্পো রাজ্যের শাসনভার গ্রহণ করেন তার তরুণ পুত্র আলপ আরসালান। মহান পিতামহ আলপ আরসালানের নামে নাম হলেও তিনি কোনো দিক থেকেই পিতামহের যোগ্য উত্তরসূরি ছিলেন না; বরং পিতার মতো তিনিও ছিলেন চরম হঠকারী, অবিবেচক ও ধর্মীয় চেতনাশূন্য। নিজের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতে শুরুতেই তিনি তার দুই সহোদর মালিকশাহ ও মুবারকশাহকে হত্যা করেন! কিন্তু তিনি ছিলেন ভীরু ও দুর্বল চিত্তের একজন শাসক। দায়িত্ব গ্রহণ করার পরই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্রুসেডারদের রোষানল থেকে আত্মরক্ষা করতে তিনি এন্টিয়ক শাসক রজারকে জিজিয়া কর প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
অবশ্য তার শাসনামলের শুরুতেই এমন এক ঘটনা ঘটে, যা প্রমাণ করে যে, আলেপ্পোবাসীর মাঝে তখনও সামান্য হলেও কল্যাণ-গুণ অবশিষ্ট আছে। রিজওয়ানের শাসনামলে আলেপ্পোতে বাতিনি গোষ্ঠী অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। আলপ আরসালানের শাসনামলের শুরুতে জনগণ তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পালের গোদা আবু তাহির আস-সায়িগকে হত্যা করে। এরপর উত্তেজিত জনতা বাতিনিদের ওপর চড়াও হয়ে তাদের হত্যা ও আটক করতে থাকে। কূলকিনারা না পেয়ে অবশিষ্ট বাতিনিরা দ্রুত আলেপ্পো ছেড়ে পালিয়ে যায়। আগ্রাসী বাতিনি গোষ্ঠী যদিও সন্ত্রাসকর্মে কুখ্যাত ছিল; কিন্তু এই ব্যতিক্রমী জনতার সহসা উত্থান তাদেরকে ভীত করে তোলে। তারা অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করে যে, দীর্ঘ বিশ বছর বাতিনি-শিয়া আদর্শ-প্রভাবিত শাসনব্যবস্থার অধীনে বসবাস করার পরও আলেপ্পোর জনগণের চেতনা ও মর্যাদাবোধ বিলুপ্ত হয়নি, নিশ্চিহ্ন হয়ে যায়নি সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর প্রতি তাদের হৃদ্যতা ও আকর্ষণ। সম্ভবত এ ঘটনা পরবর্তী বছরগুলোতে আলেপ্পোর জনগণের মেজাজ ও প্রকৃতির ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হয়। নিশ্চিত করেই এ বিষয়টি ভবিষ্যৎ জিহাদি আন্দোলনের অঙ্গনে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম হবে।
এ তথ্যটিও প্রণিধানযোগ্য যে, এই আলপ আরসালান বেশিদিন আলেপ্পোর ক্ষমতা ভোগ করতে পারেননি। বরং তার আতাবিক বদরউদ্দিন লুলু তাকে হত্যা করে তার ছোট ভাই ছয় বছরের শিশু সুলতান শাহকে ক্ষমতায় বসান। এর মাধ্যমে কার্যত আলেপ্পোর শাসনক্ষমতা চলে যায় বদরউদ্দিন লুলুর হাতে। কোনো সন্দেহ নেই যে, এর ফলে আলেপ্পোর অবস্থান অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। আগামীর ঘটনাপ্রবাহে এ বিষয়টিও বিশেষ ভূমিকা রাখবে।
টিকাঃ
১০০. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৫১ ও ইবনুল আদিম, যুবদাতুল হালাব, ২/১৬৭।
১০১. ইবনুল আদিম, যুবদাতুল হালাব, ২/১৬৮।
১০২. প্রাগুক্ত: ২/১৬৮-১৬৯।
📄 [ছয়] ইলগাজি বিন উরতুক
ইলগাজি বিন উরতুক এক আজব চরিত্রের ধারক!
ক্রুসেড ইতিহাসে আমি তার মতো বিস্ময়কর চরিত্রের মানুষের দেখা পাইনি!
তিনি মারদিনের আমির। তিনি সেই সুকমান বিন উরতুকের সহোদর, যিনি জিহাদের সফরে ইন্তেকাল করেছিলেন।
তাকে নিয়ে বিস্ময়বোধের কারণ চিন্তা ও কর্মে তার দ্বিমাত্রিক অবস্থান; যা তার ব্যক্তিত্ব বিশ্লেষণকে বেশ কঠিন করে দিয়েছে। আমি বহুবার তার ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে দিশেহারা হয়ে থেমে গেছি; উপলব্ধি করতে পারিনি যে, তিনি প্রশংসা-যোগ্য সৎ ব্যক্তি, নাকি নিন্দার পাত্র অসৎ চরিত্র!
ইতিপূর্বে আমরা দেখেছি, মওদুদ রহ. যখন ক্রুসেডারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন, তখন তিনি তাতে সহায়তা করেছেন। আবার আমরা তাকে যুদ্ধলব্ধ সম্পদ লুট করার লালসায় প্রয়াত মুসলিম আমির সুকমান আল-কুতবির বাহিনীর ওপর হামলা চালাতেও দেখেছি! পূর্বে আমরা প্রত্যক্ষ করেছি, হামাদানের আমির বুরসুক বিন বুরসুকের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ক্রুসেডারদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। আবার আগামী ঘটনাপ্রবাহে আমরা তাকে ক্রুসেডারদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তে দেখব; দেখব বিজয় ছিনিয়ে এনে সকলের দৃষ্টি আকর্ষণ করতে।
আমরা এখানে তার আলোচনা আলাদাভাবে এজন্য করেছি যে, মওদুদের শাহাদাতের পর মুষ্টিমেয় যে কজন ব্যক্তি ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদের পতাকা সমুন্নত রেখেছিলেন, ইলগাজি ছিলেন তাদের একজন। এরপর তাদের হাত থেকেই এ পতাকা বহনের দায়িত্ব গ্রহণ করেছিলেন ইসলামি ইতিহাসের এক অনন্যসাধারণ বীরযোদ্ধা। সে ইতিহাস আমরা শীঘ্রই জানতে পারব।
টিকাঃ
১০০. ইবনুল আদিম, যুবদাতুল হালাব, ২/১৭২-১৭৩ ও ইবনুল কালানিসি, যায়লু তারীখি দিমাশক, পৃষ্ঠা: ১৯০।
১০৪, আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৫৯।
📄 [সাত] বাইতুল মুকাদ্দাস সাম্রাজ্য
মওদুদ হত্যাকাণ্ড ছিল ইসলামি ভূখণ্ডে বাইতুল মুকাদ্দাসের ক্রুসেড সাম্রাজ্যের সম্প্রসারণ প্রচেষ্টার সূচনা-ইঙ্গিত। কারণ, পূর্বের আলোচনায় আমরা জেনেছি, মওদুদ হত্যাকাণ্ড ১ম বল্ডউইনের সামনে থেকে কেবল একজন মহান বীর সেনাপতিকেই সরিয়ে দেয়নি; দামেশকের আমির তুগতেকিনকেও করে দিয়েছিল বল্ডউইনের আজ্ঞাবহ। এর ফলে বল্ডউইন অনেকটাই আশঙ্কামুক্ত হয়ে যান এবং আপন সাম্রাজ্যের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি রাজ্যপরিধি বিস্তারের পরিকল্পনাও শুরু করেন।
বল্ডউইনের ব্যক্তিত্ব ও চরিত্র সম্পর্কে ধারণা পেতে আমরা এবার তাকে একটু কাছে থেকে প্রত্যক্ষ করব। পূর্বেও আমরা উল্লেখ করেছি যে, তিনি যখন এডেসায় ক্রুসেড রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি সেখানকার সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয় জনগোষ্ঠীর সমর্থন লাভ এবং তাদেরকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আরডা নামক এক আর্মেনীয় নারীকে বিয়ে করেছিলেন। কিন্তু এখন তো তিনি বাইতুল মুকাদ্দাসের শাসক। বাইতুল মুকাদ্দাসে আর্মেনীয় জনগোষ্ঠীর লোকজন ছিল না। আর তাই আর্মেনীয় আরডা এখন তার কাছে নিতান্তই অপ্রয়োজনীয়! এ কারণেই বল্ডউইন এ সময় আরডাকে পরিত্যাগ করে অন্য কোনো নারীকে বিয়ে করার মাধ্যমে নতুন কোনো স্বার্থ উদ্ধারের পরিকল্পনা করেন! কিন্তু খ্রিষ্টান ক্যাথলিক মতাদর্শে বিবাহবিচ্ছেদ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ!
বাইতুল মুকাদ্দাসের রাজা ১ম বল্ডউইন এ সমস্যারও সমাধান খুঁজে বের করেন। তিনি আরডার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। এ সময় বাইতুল মুকাদ্দাসের গির্জাধ্যক্ষ ছিলেন বল্ডউইনের কাছের মানুষ আরনাল্ফ মালকোরন! বন্ধুর যোগসাজশে অভিযোগ প্রমাণিত হয়, বিবাহবিচ্ছেদও কার্যকর হয়। পরিত্যক্তা আরডাকে পাঠিয়ে দেওয়া হয় কনস্টান্টিনোপলে।
অনুকূল পরিবেশ পেয়ে এরপর ১ম বল্ডউইন আরেকটি ‘রাজনৈতিক বিয়ে’ সম্পন্ন করেন। মওদুদের মৃত্যুর বছর তিনি বিয়ে করেন সিসিলির প্রশাসক ১ম রজারের বিধবা স্ত্রীকে। তিনি আশা করছিলেন এর মাধ্যমে তিনি বড় দুটি স্বার্থ হাসিল করবেন। একদিকে বিরাট সামরিক শক্তির অধিকারী ইতালিয়ান নরম্যানদের সঙ্গে বাইতুল মুকাদ্দাস সাম্রাজ্যের সম্পর্ক মজবুত হবে, অপরদিকে প্রচুর বিত্ত-বৈভবের অধিকারী বিধবা নারী অ্যাডেলেইড (Adelaide)-এর অঢেল সম্পদ কাজে লাগিয়ে অব্যাহত যুদ্ধ পরিস্থিতিতে শূন্য হয়ে পড়া বাইতুল মুকাদ্দাসের কোষাগার পূর্ণ করা যাবে।
এভাবে দৃশ্যপট থেকে মওদুদ ও তুগতেকিনের প্রস্থান এবং বল্ডউইনের সামরিক ও অর্থনৈতিক সমৃদ্ধি একই সময়ে সংঘটিত হওয়ায় বল্ডউইনের সামনে সাম্রাজ্যবাদী লালসা বাস্তবায়নের অবারিত সুযোগ সৃষ্টি হয়। ৫০৯ হিজরি সনে (১১১৫ খ্রিষ্টাব্দে) মৃতসাগরের দক্ষিণে অবস্থিত ওয়াদি আরাবা (Wadi Araba) অঞ্চল দখল করার মধ্য দিয়ে তার এই লালসার বহিঃপ্রকাশ ঘটে। শাম অঞ্চল থেকে মিশর বা হিজাযগামী কাফেলাসমূহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তিনি সেখানে 'শোবাক' (Shoubak/ Montréal castle) নামে একটি দুর্গ নির্মাণ করেন।
পরের বছর অর্থাৎ ৫১০ হিজরি সনে (১১১৬ খ্রিষ্টাব্দে) তিনি পুরো নেগেভ মরুঅঞ্চল পাড়ি দিয়ে আকাবা উপসাগরের তীরবর্তী আয়লা (Ayla) অঞ্চল দখল করেন এবং শাম বা মিশর থেকে হিজাযগামী কাফেলাসহ এ অঞ্চলে চলাচলকারী অন্যান্য কাফেলাকে নিয়ন্ত্রণ করতে সেখানেও একটি গুরুত্বপূর্ণ দুর্গ প্রতিষ্ঠা করেন। আকাবা উপসাগরের অভ্যন্তরে ফেরাউন দ্বীপে (Pharaoh's Island) তিনি নির্মাণ করেন আরেকটি দুর্গ। এ অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ফিলিস্তিন-মিশর সীমান্তে সরাসরি নজরদারি করার সক্ষমতা অর্জন করেন, পাশাপাশি লাভ করেন লোহিত সাগরমুখী গুরুত্বপূর্ণ এক করিডোর।
এভাবে মুসলমানদের জিহাদি তৎপরতা বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে বল্ডউইন আসকালান ব্যতীত পুরো ফিলিস্তিন অঞ্চল এবং সুর নগরী ব্যতীত লেবাবনের অর্ধেক (দক্ষিণাঞ্চল) নিজের অধিকারে নিয়ে আসতে সক্ষম হন। পরবর্তী সময়ে এটিই বাইতুল মুকাদ্দাস সাম্রাজ্যের সীমানা বিবেচিত হয়।
বরং মুসলমানদের লাঞ্ছনাকর নীরবতায় বল্ডউইন আরও দুঃসাহসী হয়ে ওঠেন। তিনি তার বাহিনীর ক্ষুদ্র একটি অংশ নিয়েই মিশরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন! সিনাই অঞ্চল অতিক্রম করে প্রথমেই তিনি অতি সহজে আরিশ নগরী দখল করে নেন। এরপর অভিযান অব্যাহত রেখে তিনি (বর্তমান পোর্ট সাইদের নিকটবর্তী) ফারামা (Pelusium) অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। বল্ডউইন সেখানকার মসজিদ ও জনবসতি জ্বালিয়ে দেন। এ সময় কঠিন রোগে আক্রান্ত হয়ে না পড়লে তিনি হয়তো তার এ অভিযান পূর্ণ করেই ছাড়তেন। প্রচণ্ড অসুস্থতার কারণে তিনি এরপর অভিযান মুলতবি করে প্রত্যাবর্তনের মনস্থ করেন। এসব ঘটনা ঘটে ৫১২ হিজরি সনে (১১১৮ খ্রিষ্টাব্দে)।
টিকাঃ
১০৫. Guillaume de Tyr, pp. 473 -474 & Setton: op.cot., 1 p.102.
১০৬. Cam. Med. Hist. Vol. 5,p. 184.
১০৭. Grousset: L'Empire du Levant, p. 213 & Runciman: op. cit., II, pp. 97-98.
১০৮. Setton: op.cit., 1 p.406.
১০৯. Albert d' Aix, p. 703.
১১০. Grousset: Hist. des. Croisades 1,pp. 283.
১১১. Albert d' Aix, p. 706.
১১২. আবুল মাহাসিন, আন-নুজুমুয যাহিরা, ৫/১৭১।
১১৩. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৯/১৭৮।
📄 [আট] এডেসা রাজ্য
মওদুদের মৃত্যুর পর এবং বিশেষ করে সামরিক ও প্রশাসনিক দিক থেকে তুলনামূলক অদক্ষ ও অযোগ্য নেতারা বিভিন্ন মুসলিম রাজ্যের দায়িত্ব গ্রহণের পর এডেসা রাজ্য নতুন করে স্বস্তির নিশ্বাস ফেলতে সক্ষম হয়। এ সুযোগে এডেসা রাজ্য আশেপাশের অঞ্চলে সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করে। এডেসা নৃপতি বল্ডউইন ডি বুর্গ ৫১০ হিজরি সনে (১১১৬ খ্রিষ্টাব্দে) কায়সুম ও রাবান নগরী দখল করে নেন। এরপর ৫১১ হিজরি সনে (১১১৭ খ্রিষ্টাব্দে) তিনি দখল করেন আলবেরা (Birecik) নগরী। সবশেষে একই বছর তিনি পতন ঘটান আলেপ্পোর উত্তরে অবস্থিত অতি গুরুত্বপূর্ণ কোরিস (Coris) দুর্গের। এর মাধ্যমে তিনি সরাসরি আলেপ্পোর ওপর নজর রাখার এবং প্রথম সুযোগেই নগরীটির পতন ঘটানোর সক্ষমতা অর্জন করেন। আলেপ্পো এবার একই সঙ্গে এডেসা ও এন্টিয়ক দুই ক্রুসেড রাজ্যের সম্ভাব্য শিকারে পরিণত হয়।
টিকাঃ
১১৪. Matthieu d' Edesse, pp. 116, 117.
১১৫. Setton: op. cit., 1 p. 405.
১১৬. Cam. Med. Hist. Vol. 5, p. 301.