📘 ছোটদের নবী রাসুল সাঃ > 📄 হযরত লূত আলাইহিস সালাম

📄 হযরত লূত আলাইহিস সালাম


হযরত লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি ছিলেন হযরত ইবরাহীমের (আ) ভাতিজা। তাঁর পিতার নাম ছিল হারাণ। হযরত ইবরাহীম (আ) ইরাকের প্রাচীন ব্যাবিলন শহরের নিকটবর্তী 'উর' নামক যে স্থানে জন্মলাভ করেছিলেন হযরত লূতও (আ) সেখানেই জন্মলাভ করেন।

আল্লাহর পথে অর্থাৎ ইসলামের দিকে মানুষকে ডাকতে গিয়ে হযরত ইবরাহীম (আ) নমরূদ ও তাঁর দেশের অন্যান্য লোকদের হাতে জুলুম নির্যাতন ভোগ করলেন, তাদেরকে অনেক বুঝালেন কিন্তু তারা তাঁকে আল্লাহর নবী বলে বিশ্বাস করলো না। বরং তাঁর প্রতি আরো মারমুখী হয়ে উঠলো। এ অবস্থা দেখে হযরত ইবরাহীম (আ) তাদের ঈমান গ্রহণ সম্পর্কে হতাশ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এসব লোক তাঁকে নবী বলে বিশ্বাস করবে না। আর আল্লাহকেও প্রভু বলে স্বীকার করে তাঁর হুকুম আহকাম মেনে চলবে না। তাই তিনি ইরাক ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার সংকল্প করলেন। তিনি মনে করলেন এ এলাকা ছেড়ে অন্য স্থানে গেলে সেখানকার লোকের মধ্যে আল্লাহর হুকুম-আহকাম ঠিক মত প্রচার করতে পারবেন। লোকদের আল্লাহর পথে ডাকতেও পারবেন। তাই তিনি ইরাক ছেড়ে ফিলিস্তিনে হিজরত করলেন।

হিজরত করার সময় হযরত ইবরাহীম (আ)-এর সাথে আরো দু'জন লোক হিজরত করলেন। তাঁদের একজন ছিলেন হযরত ইবরাহীমের (আ) স্ত্রী সারা এবং অন্যজন ছিলেন তাঁর ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। এ দু'জনই হযরত ইবরাহীম (আ)-কে আল্লাহর নবী বলে বিশ্বাস করতেন এবং তাঁর নির্দেশ মত চলতেন। হযরত ইবরাহীম (আ) তাঁর স্ত্রী সারা ও ভাতিজা লূতকে সাথে করে হিজরত করলেন। প্রথমে তাঁরা ফিলিস্তিনে পৌঁছলেন এবং পরে মিসর চলে গেলেন।

মিসর থেকে ফিরে এসে হযরত ইবরাহীম (আ) ভাতিজা লূতকে বর্তমান জর্ডান রাষ্ট্রের অন্তর্গত মরু- সাগরের দক্ষিণে সাদুম নামক এলাকায় সেখানকার লোকদের মধ্যে ইসলাম প্রচারের জন্য পাঠালেন। হযরত লূত (আ) এস্থানেই বসতি স্থাপন করলেন আর মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকলেন।

সাদূমের অধিবাসীরা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক। হযরত লূত (আ) দেখলেন সাদূমের অধিবাসীরা সবাই খুব জঘণ্য ধরণের কাজে লিপ্ত। যে কোন খারাপ ও লজ্জার কাজ করতে তারা মোটেই কুণ্ঠা বোধ করতো না। এমন কোন লজ্জার কাজ ছিল না যা তারা করতে পারতো না। যে কোন লজ্জাকর কাজ তারা মাহফিলে বসে করতো। তাদের এলাকায় কোন বিদেশী লোক বা কাফেলা এলে দিন-দুপুরে তারা তার সব কিছু লুট পাঠ করে নিতো। রাস্তার পাশে ওঁত পেতে বসে থেকে ডাকাতি করতো। এ ছাড়াও আরো এমন অনেক কাজ করতো যা মুখে বলতেও লজ্জা লাগে। তোমরা বড় হলে তাদের ওই সব গোনাহর কাজ সম্পর্কে আরো জানতে পারবে।

তোমরা জানো, নবী এবং রসূলগণ যেখানেই যান বা থাকেন সেখানকার লোকজনকে ভাল হতে উপদেশ দেন, ভাল কাজ করতে বলেন, আর সব রকম অন্যায় কাজ ছেড়ে দিতে বলেন। তাঁরা চান সব মানুষ আল্লাহর হুকুম মত চলুক যাতে সমাজের বুকে ও রাষ্ট্রের মধ্যে সবাই শান্তিতে বাস করতে পারে। কিন্তু পৃথিবীর অনেক মানুষ না বুঝে বোকার মত তাঁদের বিরোধিতা করে।

হযরত লূত (আ) দেখলেন সাদূম ও তার পার্শ্ববর্তী আমুরা শহরের লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে সব রকম অন্যায় কাজ করছে। তিনি তাদের বললেনঃ আমি আল্লাহর নবী। তোমরা যে সব কাজ করছো তা অন্যায়। আল্লাহ এসব কাজ পছন্দ করেন না। তোমরা এসব কাজ ছেড়ে দাও। এক আল্লাহকে প্রভু বলে মেনে নাও এবং তাঁর আদেশ মত চলো। কিন্তু সাদূম ও আমুরার লোকেরা তাঁর কথার প্রতি ভ্রুক্ষেপও করলো না। বরং ঠাট্টা বিদ্রুপ করে পরস্পর বললো, এত বড় ভাল লোক দিয়ে আমাদের কোন কাজ নেই। তাঁকে এবং তাঁর সংগী-সাথীদের এলাকা থেকে তাড়িয়ে দাও।

এরূপ ব্যবহার দেখে হযরত লূত (আ) শেষ বারের মত তাদের সাবধান করতে চাইলেন। তাই তিনি একটি মাহফিলে তাদেরকে লক্ষ্য করে বললেন! আমি দেখছি তোমরা জঘণ্য বেহায়াপনার কাজ করছো। রাহাজানি করে বেড়াচ্ছো। প্রকাশ্য সভা-সমিতিতে অশ্লীল কাজ করছো। এ ছাড়াও তোমরা অনেক গোনাহর কাজে লিপ্ত রয়েছো। আমি আল্লাহর নবী হিসেবে তোমাদেরকে শেষ বারের মত সাবধান করছি। যদি তোমরা এসব করা ছেড়ে না দাও তাহলে আল্লাহ তা'আলা আযাব নাযিল করে তোমাদের ধ্বংস করে ফেলবেন।

এ কথা শুনে তাঁর কওমের লোকজন আরো বেঁকে বসলো। তারা জিদ ধরে বললো: ঠিক আছে, এমন কাজ করলে যদি আল্লাহ অসন্তুষ্ট হন এবং আযাব পাঠান তাহলে তুমি আমাদের জন্য সে আযাব নিয়ে এসো। এভাবে তারা আল্লাহর নবীর কথা শুনলো না। আর তাই আল্লাহ আযাৰ পাঠিয়ে তাদেরকে ধ্বংস করার কথা তাঁর নবীকে জানিয়ে দিলেন।

একদিন মানুষের রূপ ধরে তিনজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে এলেন। তাঁরা হযরত লূতকে বললেনঃ আজকের রাত্রি ভোর হওয়ার আগেই আপনি ঈমানদারদের সাথে নিয়ে এ এলাকা ছেড়ে চলে যাবেন। আমরা আল্লাহর ফেরেশতা। এ এলাকার মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তা'আলা আমাদেরকে পাঠিয়েছেন। ভোর হওয়ার আগেই আমরা এসব পাপী লোকদের ধ্বংস করবো। তাই আপনি কোন দিকে খেয়াল না করে দ্রুত এ এলাকা ছেড়ে যান।

এত দিনের প্রচারের ফলে যেসব লোক হযরত লূতের (আ) প্রতি ঈমান এনেছিল তিনি তাদেরকে সাথে নিয়ে সাদূম থেকে বেরিয়ে পড়লেন। ভোর হওয়ার আগেই তিনি এলাকার বাইরে চলে গেলেন। এদিকে ভোরের আলো প্রকাশ পাওয়ার পূর্বেই ফেরেশতাগণ গোটা এলাকা ওলট পালট করে দিলেন। সব লোক মাটি চাপা পড়ে মারা গেল। এরপর তাদের ওপর আসমান থেকে ভারী পাথর বর্ষণ করা হলো। গোটা এলাকায় নেমে এলো চিরদিনের জন্য নিস্তব্ধতা। আজ পর্যন্ত আর ঐ এলাকায় মানুষের কোন বসতি গড়ে উঠতে পারেনি। ধীরে ধীরে ঐ এলাকা মরু সাগরের পানিতে ডুবে গিয়ে সাগরে পরিণত হয়েছে।

সাদূম থেকে বেরিয়ে হযরত লূত (আ) তাঁর ঈমানদার সাথীদের নিয়ে ‘দাগার’ নামক পার্শ্ববর্তী একটা স্থানে চলে গেলেন। ভোর হলে তিনি দেখলেন, সাদূম ও আমূরা এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। পরে তিনি ঐ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী অন্য একটি এলাকায় বসতি স্থাপন করেন এবং সারা জীবন আল্লাহর দীনের দিকে মানুষকে আহবান জানাতে থাকেন। এ স্থানেই তিনি ইনতিকাল করেন।
নবী রসূলগণ মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। হযরত লূতও (আ) তাঁর লোকদের উপদেশ দিয়েছেন এবং ভাল পথে ডেকেছেন। কিন্তু তাঁর কথা না শোনার কারণেই সাদূম ও আমূরার অধিবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে। তাই সবার উচিত আল্লাহর নবীর কথা মেনে চলা।

অনুশীলনী
১। হযরত লূতের (আ) পিতার নাম বল। হযরত ইবরাহীমের (আ) সাথে তাঁর সম্পর্ক কি?
২। হযরত লূত (আ) কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
৩। হযরত ইবরাহীমের (আ) সাথে কয়জন হিজরত করেছিলেন? তাঁদের নাম বল।
৪। হিজরত করে প্রথমে তাঁরা কোথায় গেলেন?
৫। হযরত লূত (আ) কোথায় বসতি স্থাপন করলেন? সে এলাকার লোক কেমন ছিল?
৬। হযরত লূত (আ) সাদূমবাসীদের কি বললেন এবং তারা কি বললো?
৭। শেষবারের মত হযরত লূত (আ) তাদেরকে কি বললেন?
৮। শেষ কথা শোনার পর সাদূমবাসীরা কি করলো?
৯। সাদূমবাসীদেরকে আযাব দিয়ে কিভাবে ধ্বংস করা হলো?
১০। ঐ এলাকার অবস্থা পরে কিরূপ হয়েছে?
১১। হযরত লূত (আ) পরে কোথায় গেলেন?
১২। আমাদের কি করা উচিত?

📘 ছোটদের নবী রাসুল সাঃ > 📄 হযরত মূসা আলাইহিস সালাম

📄 হযরত মূসা আলাইহিস সালাম


হযরত মূসা আলাইহিস সালাম মিসরে জন্মলাভ করেছিলেন। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত ইয়াকুবের (আ) বংশধর। তাঁর পিতার নাম ছিল ইমরান। হযরত মূসা (আ) বনী ইসরাঈল বংশের লোক। বনী ইসরাঈলগণ কিনআন থেকে হযরত ইউসুফের (আ) যুগে মিসরে আসেন এবং বসবাস করতে থাকেন। তাঁর সময়েও মিসরের শাসক রাজাদের উপাধি হতো ফিরআউন। হযরত ইউসুফের (আ) সময়ের ফিরআউন হযরত ইউসুফের সুমধুর চরিত্র, জ্ঞান-গরিমা ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন এবং মিসরের শাসনভার তাঁর ওপর অর্পণ করে নিজে নাম মাত্র শাসক থাকেন। এ সময়ে বনী ইসরাঈলগণ কিনআন থেকে মিসরে আগমন করেন।

হযরত মূসা (আ) যে সময় জন্মলাভ করেন সে সময় মিসরের শাসক ছিল ফিরআউন দ্বিতীয় রা'মসীস। এ সময় বিভিন্ন কারণে মিসরের আদি অধিবাসী কিবতিরা বনী ইসরাঈলদের ওপর অত্যাচার শুরু করেছিল। ফিরআউন রা'মসীসের হুকুমে বনী ইসরাঈলদের ঘরে কোন পুত্র সন্তান হলে তাকে সরকারী লোকজন গিয়ে মেরে ফেলতো। আরো বিভিন্ন ভাবে তাদের ওপর অত্যাচার করা হতো। তাদের দিয়ে অমানুষিক পরিশ্রমের কাজ করানো হতো। এ যখন অবস্থা তখন বনী ইসরাঈলদের মধ্যে মূসা (আ) জন্মলাভ করেন। সরকারী লোকজন খবর পেলেই এসে তাঁকে মেরে ফেলবে, এ চিন্তায় হযরত মূসার মা অস্থির হয়ে উঠলেন। অবশেষে তিনি একটি ফন্দি করলেন। একটি কাঠের বাক্স তৈরী করে তার মধ্যে মূসাকে শুইয়ে দিয়ে বাক্সটি নীল নদীতে ভাসিয়ে দিলেন। বাক্স ভাসতে ভাসতে ফিরআউনের মহলের ঘাটে গিয়ে ভিড়লো। লোকজন বাক্সটি তুলে এনে দেখলো তার মধ্যে ফুটফুটে একটি শিশু হাত-পা নেড়ে খেলা করছে। ফিরআউন তাকে কোন বনী ইসরাইল ঘরের সন্তান মনে করে মেরে ফেলতে চাইলো। কিন্তু ফিরআউনের স্ত্রী তাকে নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চাইলেন। ফিরাউন এতে রাজি হলো এবং পরে টাকার বিনিময়ে মূসার মাকেই দাই হিসেবে ডেকে আনা হলো। এভাবে আল্লাহর মহান কুদরতে হযরত মূসা (আ) রক্ষা পেলেন এবং নিজের মায়ের কোলেই লালিত পালিত হতে লাগলেন।

ফিরআউনের মহলেই হযরত মূসা (আ) ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। বড় হয়ে তিনি দেখলেন মিসরে বনী ইসরাঈলদের ওপর চলছে নানা প্রকার জুলুম। মাঝে মাঝে তিনি এ সব জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। একদিন তিনি বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক কিবতী বনী ইসরাঈলের একজন লোকের ওপর জুলুম করছে। হযরত মূসা (আ) কিবতীকে নিবৃত্ত করতে চাইলেন। কিন্তু সে হযরত মূসা (আ)-কেই আক্রমণ করে বসলো। তখন তিনি কিবতীকে সজোরে এক ঘুষি লাগালেন। এতে হঠাৎ করে সে মারা গেল। পরে মূসা (আ) জানতে পারলেন ফিরআউন বিষয়টি জানতে পেরেছে এবং তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এ খবর পেয়ে হযরত মূসা (আ) মিসর ছেড়ে বের হলেন এবং কয়েক দিন পর মাদায়েন এলাকায় গিয়ে উপস্থিত হলেন।

বেশ কয়েক বছর তিনি মাদায়েনে কাটালেন এবং সেখানেই বিয়ে করলেন। পরে ক্ষমতাসীন ফিরআউন দ্বিতীয় রামসীসের মৃত্যু হলে এবং তার পুত্র মিনফাতাহ ফিরআউন হলে তিনি মাদায়েন থেকে মিসরে ফিরে যেতে মনস্থ করলেন। তাই একদিন স্ত্রীকে সাথে নিয়ে মিসরে রওয়ানা হলেন। পথিমধ্যে সিনাই মরুভূমিতে একদিন রাত্রি বেলা আগুনের দরকার হলো। হযরত মূসা (আ) পাহাড়ের উপর আগুন দেখে তা আনতে গেলেন। পাহাড়টির নাম ছিল তূর পাহাড়। আর আগুন ছিল মহান আল্লাহর নূর। সেখানেই আল্লাহ তা'আলা তাঁকে নবুওয়াত দান করলেন। আল্লাহ তাঁকে আদেশ করলেন: তুমি ফিরআউনের কাছে যাও। সে বাড়াবাড়ি করছে। তাকে আমার আদেশ নিষেধ শুনিয়ে সৎপথে আসতে বলো। এই সাথে আল্লাহ তা'আলা মূসা (আ)-কে কিছু মুজিযাও দান করলেন।

মূসা (আ) মিসরে গিয়ে ফিরআউনের দরবারে উপস্থিত হলেন। সংগে ছিলেন তাঁর ভাই আল্লাহর নবী হযরত হারুন (আ)। দরবারে উপস্থিত হয়ে মূসা (আ) ফিরআউনকে বললেনঃ আমাদের দু' ভাইকে আল্লাহ তাঁর রসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। আমরা তোমার কাছে আল্লাহর দেয়া হিদায়াতের বাণী নিয়ে এসেছি। তুমি আল্লাহকে প্রভু বলে স্বীকার করো। তাঁর আইন-কানুন দেশে চালু করো। তাহলে দেশে সুখ-শান্তি আসবে। আর বনী ইসরাঈলদের ওপর অত্যাচার করা বন্ধ করো। তা না হলে তাদের মিসর থেকে বের করে নিয়ে যেতে দাও।

এসব কথা শুনে ফিরআউন বললোঃ হে মূসা, তোমার রব বা প্রভু কে? মূসা (আ) বললেনঃ যিনি আসমান-যমীন, পাহাড়-পর্বত, জীব-জন্তু সব কিছু সৃষ্টি করেছেন। যিনি সবাইকে খেতে দেন, যিনি মৃত্যু দেন তিনিই আমার রব বা প্রভু। ফিরআউন বললোঃ তুমি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? তখন মূসা (আ) তাঁর লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সংগে সংগে সেটি সাপ হয়ে গেল। আর হাতখানা বগলের নিচে রেখে তারপর বাইরে বের করলেন, আর সংগে সংগে তা বিদ্যুতের চমক সৃষ্টি করলো। এসব দেখে ফিরআউন মনে করলো মূসা খুব যাদুবিদ্যা শিখে এসেছে। সুতরাং তাঁকে বড় বড় যাদুকর দিয়ে জব্দ করতে হবে। তাই ফিরআউন সারা মিসরের সব বড় বড় যাদুকরকে ডেকে মূসা (আ)-কে মোকাবিলা করতে বললো। একদিন একটা মাঠে অসংখ্য লোকের সামনে হযরত মূসা (আ) ও যাদুকরদের মোকাবিলা হলো। যাদুকররা তাদের যাদুর সাহায্যে বড় বড় সাপ তৈরী করলো এতে ভয়ংকর অবস্থার সৃষ্টি হলো। কিন্তু হযরত মূসা (আ) ভয় পেলেন না। তিনি তাঁর লাঠি মাটিতে ফেলা মাত্র তা প্রকান্ড সাপে পরিণত হলো এবং যাদুকরদের বানানো সাপগুলোকে এক এক করে মুহূর্তের মধ্যে গিলে ফেললো। এতে যাদুকররা বুঝতে পারলো যে মূসা (আ) যাদুকর নন। তিনি সত্যই আল্লাহর নবী। সুতরাং যাদুকররা আল্লাহর প্রতি ঈমান আনলো এবং হযরত মূসা (আ)-কে নবী বলে স্বীকার করে নিল। আরো অনেক লোকও ঈমান আনলো। এ দেখে ফিরআউন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলো। শুরু হলো মূসা (আ) ও তাঁর লোকদের ওপর আরো বেশী অত্যাচার। সব দেখে মূসা (আ) তাঁর লোকদের বললেন, সবর করো- ধৈর্য ধরো। তোমরা সত্য পথে আছ। সুতরাং তোমরাই জয়ী হবে।

জুলুম, অত্যাচার খুব বেড়ে গেল। যে সব যাদুকর আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং মূসা (আ)-কে নবী বলে স্বীকার করেছিল ফিরআউন তাদের শূলে চড়িয়ে হত্যা করলো। মূসা (আ) দেখলেন এখন আর মিসরে থাকা সম্ভব নয়। তাই আল্লাহর নির্দেশে তিনি মিসর থেকে বনী ইসরাঈলদের নিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এক রাতে যখন মিসরের অধিবাসীরা এবং ফিরআউনের লোকজন এক আনন্দ উৎসবে মত্ত ছিল তখন মূসা (আ) খবর পাঠিয়ে সমস্ত বনী ইসরাঈলদের জড়ো করলেন এবং মিসর থেকে বের হয়ে পড়লেন। তিনি চাচ্ছিলেন লোহিত সাগর পার হয়ে সিনাই উপত্যকায় পৌঁছবেন। বনী ইসরাঈলরা বের হয়ে পড়ার পরপরই ফিরআউন তা জানতে পারলো। সুতরাং তৎক্ষণাৎ সে সৈন্য-সামন্ত নিয়ে তাদের পিছু ধাওয়া করলো। সকাল বেলায় বনী ইসরাঈলরা যখন লোহিত সাগরের কিনারে পৌঁছলো তার পরপরই ফিরআউনের বিশাল সৈন্যদল অস্ত্র-শস্ত্র সহ তাদের কাছে পৌঁছে গেল। বনী ইসরাঈলরা ভয়ে শিউরে উঠলো। কিন্তু আল্লাহর নবী মূসা (আ) মোটেই ভয় পেলেন না। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তা'আলা তাঁকে আদেশ করলেনঃ তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানির উপর আঘাত কর। মূসা (আ) তাই করলেন। সংগে সংগে সাগরের পানি দু' ভাগ হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা (আ) সে রাস্তা দিয়ে বনী ইসরাঈলদের নিয়ে পার হয়ে সিনাই উপত্যকায় পৌঁছে গেলেন। ফিরআউন দেখলো সাগরের মধ্য দিয়ে সুন্দর রাস্তা। মূসা দিব্যি এ রাস্তা দিয়ে পার হয়ে গেল। সুতরাং সে তার লোকজন সৈন্য-সামন্তকেও সে রাস্তা দিয়ে পার হতে আদেশ দিল। নিজেও অগ্রসর হলো। কিন্তু সাগরের মাঝখানে পৌঁছলে আল্লাহর আদেশে সাগরের পানি আবার মিশে গেল। ফিরআউন ও তার সৈন্য-সামন্ত সাগরের অথৈ পানিতে হাবুডুবু খেতে লাগলো। এভাবে ফিরআউন ও তার লোকজন লোহিত সাগরে ডুবে মারা গেল। জালিমদের পরিণতি কেমন হয় আল্লাহ পাক এভাবে তা দেখিয়ে দিলেন।

হযরত মূসা (আ) বনী ইসরাঈলদের মিসর থেকে উদ্ধার করে নিয়ে সিনাই উপদ্বীপে পৌঁছলেন। তূর পাহাড় এই স্থানে অবস্থিত। এ পাহাড়েই আল্লাহ তা'আলা মূসা (আ) এর সাথে কথা বার্তা বলতেন। মূসা (আ) কে আল্লাহ তা'আলা 'তাওরাত' নামক আসমানী কিতাব দান করলেন- যাতে তিনি তাঁর জাতিকে আল্লাহর পথে চালাতে পারেন। এখানেই মূসার (আ) বড় ভাই আল্লাহর নবী হযরত হারুন (আ) মৃত্যুবরণ করেন। হযরত মূসাও (আ) দীর্ঘদিন জীবিত থাকার পর এ স্থানেই একশ' বিশ বছর বয়সে মৃত্যু বরণ করেন এবং তূর পাহাড়ের পাশে তাঁকে দাফন করা হয়। একটি হাদীসে নবী (স) বলেছেন: আমি সেখানে গেলে পথের ধারে বালুর লাল ঢিবিগুলো থেকে সামান্য দূরে তাঁর কবর তোমাদের দেখিয়ে দিতে পারতাম। এভাবেই আল্লাহর সব নবী (আ) মানুষের উপকারের জন্য সারা জীবন কাজ করে গিয়েছেন। তাঁরা আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করেননি।

অনুশীলনী
১। হযরত মূসা (আ) কোথায় জন্মলাভ করেছিলেন?
২। বনী ইসরাঈলগণ কখন মিসরে গমন করেছিলেন?
৩। একদিন বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় মূসা (আ) কি দেখলেন? তিনি তখন কি করলেন?
৪। হযরত মূসা (আ) মিসর ছেড়ে গেলেন কেন? তিনি কোথায় গেলেন?
৫। হযরত মূসা (আ) কোন স্থানে নবুওয়াত লাভ করলেন? আল্লাহ তাঁকে কি বললেন?
৬। যাদুকরদের ডেকে ফিরআউন কি করলো? যাদুকররা ঈমান আনলো কেন?
৭। ফিরআউন কিভাবে ডুবে মরলো?
৮। হযরত মূসা (আ) কোথায় ইনতিকাল করেছিলেন? তাঁর বয়স তখন কত ছিল?
৯। মিসরের শাসকদের উপাধি কি ছিল?
১০। হযরত মূসা (আ) এর সময়ে মিসরের শাসক কেমন ছিল? তার নাম কি ছিল?
১১। মূসা (আ) এর ভাইয়ের নাম কি? তিনি কোথায় ইনতিকাল করেন?
১২। মূসা (আ)-কে আল্লাহ তা'আলা যে মুযিজা দিয়েছিলেন তা কি ছিল উল্লেখ করো।
১৩। হযরত মূসা (আ) এর ওপর নাযিলকৃত কিতাবের নাম কি?

📘 ছোটদের নবী রাসুল সাঃ > 📄 হযরত সুলায়মান আলাইহিস সালাম

📄 হযরত সুলায়মান আলাইহিস সালাম


হযরত সুলায়মান আলাইহিস সালাম বনী ইসরাঈল বংশের একজন নবী এবং হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। কোরআন মজীদের বিভিন্ন সূরায় ষোলটি জায়গায় হযরত সুলায়মানের (আ) কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ হযরত দাউদ (আ)-কে নবুওয়াত ও বাদশাহী এক সাথে দান করেছিলেন। হযরত সুলায়মান (আ)-কেও তেমনি নবুওয়াত ও বাদশাহী এক সাথে দান করেছিলেন। তাঁর রাষ্ট্র ছিল যেমন বিশাল তেমনি তিনি ছিলেন অনেক বিস্ময়কর ক্ষমতার অধিকারী এবং বুদ্ধিমান।

হযরত দাউদের (আ) ইনতিকালের পর বার বছর বয়সে হযরত সুলায়মান (আ) পিতার বিশাল রাজ্যের অধিকারী হলেন। বয়স এতো কম হলে কি হবে? তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও দূরদৃষ্টি সম্পন্ন। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তিনি ছিলেন খুব পারদর্শী। তিনি বাল্যকাল থেকেই যে কোন মামলা মোকদ্দমার সঠিক ফয়সালা করতে পারতেন। একবার হযরত দাউদের (আ) কাছে এসে এক ব্যক্তি একটি মামলা দায়ের করলো যে, এক ব্যক্তির বকরীর পাল তার ফসলের ক্ষেতে ঢুকে তা নষ্ট করে ফেলেছে। হযরত দাউদ (আ) বকরীর মালিকের বকরীগুলো ক্ষেতের মালিককে দিয়ে দেয়ার ফয়সালা দিলেন। কিন্তু হযরত সুলায়মান (আ) এই ফয়সালা পছন্দ করলেন না। তিনি ফয়সালা করলেন যে, বকরীর মালিক ক্ষেতের যত্ন নেবে ও দেখা-শোনা করবে। ক্ষেত পূর্বের মত না হওয়া পর্যন্ত বকরীগুলো ক্ষেতের মালিকের কাছে থাকবে এবং ক্ষেতের মালিক বকরীগুলো থেকে উপকৃত হতে পারবে। এ ফয়সালা হযরত দাউদ (আ) ও অন্য সবাই পছন্দ করলেন।

বায়তুল মাকদাসের নির্মাণ
বাদশাহ হিসেবে ক্ষমতা লাভের পর হযরত সুলায়মান (আ) পিতার অসিয়াত অনুসারে বায়তুল মাকদাসের নির্মাণ শুরু করেন। প্রচুর অর্থ ব্যয় করে সাত বছরে তিনি এ মহৎ কাজ সম্পন্ন করতে সক্ষম হন। তিনি ইয়ারূসালেম (জেরুজালেম) শহরের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে শহরকে সুরক্ষিত করেন। বায়তুল মাকদাস নির্মাণ শেষ হওয়ার পর তিনি হাইকালে সুলায়মানী নামক মহল নির্মাণ করেন। এভাবে সংস্কার ও নির্মাণ কাজের প্রতি তিনি খুব গুরুত্ব প্রদান করেন। অনেকে লিখেছেন, হযরত সুলায়মানের (আ) একটা বৃহৎ নৌ-বহর ছিল। এ নৌ-বহরের মাধ্যমে তিনি ভারত থেকে সোনা, রূপা ও অন্যান্য মুল্যবান সামগ্রী নিয়ে যেতেন। তিনি আল্লাহর ও তাঁর ইসলামী রাষ্ট্রের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উত্তম জাতের বহু ঘোড়া পালতেন।

হযরত সুলয়মানের (আ) প্রতি আল্লাহর নিয়ামত
আল্লাহ তা'আলা হযরত সুলায়মানকে (আ) পশু-পাখীর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। যেমন হুদহুদ নামক পাখী ও পিঁপড়ার কথা বুঝার বিষয় কোরআন মজীদে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তা'আলা তাঁকে বাল্যকাল থেকেই হিকমত বা বুদ্ধিমত্তা দান করেছিলেন। আল্লাহ তা'আলা তাঁকে বাতাসের ওপরও কর্তৃত্ব দান করেছিলেন। আল্লাহর ইচ্ছায় পশু-পাখী ও জ্বিন, এমন কি বিদ্রোহী শয়তানদের উপরও আধিপত্য লাভ করেছিলেন। এরা সবাই ছিল তাঁর প্রজা। তাঁর শাসন প্রতিষ্ঠিত ছিল এদের সবার ওপর। এমন কি তাঁর সৈন্যদলে মানুষ ছাড়া জ্বিন এবং পাখীও অন্তর্ভুক্ত ছিল। তিনি দুষ্ট ও বিদ্রোহী জ্বিনদের ধরে ধরে শাস্তি দিতেন এবং বন্দী করে রাখতেন। তাদের দিয়ে কঠিন কাজও আদায় করতেন। এ ভাবে তাদের ক্ষতিকর প্রভাব থেকেও মানুষকে রক্ষা করতেন।

সাবার রাণী বিলকিসের ইসলাম গ্রহণ
সুলায়মানের (আ) সময়ে সাবা নামে আরবের সর্ব দক্ষিণে একটি রাজ্য ছিল। রাণী বিলকিস সে দেশ শাসন করতেন। সে দেশের সব মানুষ সূর্যের পূজা করতো। দেশটি ছিল খুবই সুন্দর। হুদহুদ পাখীর মুখে হযরত সুলায়মান (আ) সে দেশের ও রাণীর খবর জানতে পারলেন। তিনি পাখীর মাধ্যমে রাণীকে ইসলাম গ্রহণ করে তাঁর কাছে হাজির হওয়ার জন্য পত্র পাঠালেন। পাখী পত্র খানা রাণীর কাছে পৌঁছে দিলে রাণী তাঁর সব লোকজনকে ডেকে পরামর্শ করলেন এবং নির্দেশ মত সুলায়মানের (আ) কাছে হাজির হওয়ার জন্য রওয়ানা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি হযরত সুলায়মান (আ) দরবারে হাজির হলেন এবং তাঁর চরিত্র, বুদ্ধিমত্তা, শাসন ক্ষমতা ও জাঁক-জমক দেখে অভিভূত হয়ে গেলেন। তিনি সমস্ত দলবলসহ ইসলাম গ্রহণ করলেন। এভাবে হযরত সুলায়মানের (আ) সময়েই সুদূর সাবায় ইসলামের বাণী ছড়িয়ে পড়লো।

হযরত সুলায়মান (আ) শুধু নবী ছিলেন না। তিনি ছিলেন বিশাল এক রাজ্যের বাদশাহও। তাই বলে তিনি বাদশাহীর মোহে পড়ে এক মুহূর্তের জন্যও আল্লাহকে ভূলেননি। আল্লাহর নির্দেশ মতই তিনি রাজকার্য পরিচালনা করতেন, নিজেও সে ভাবে চলতেন। সব ব্যাপারেই তিনি ন্যায় ও ইনসাফ অনুসারে ফয়সালা করতেন। তিনি সামান্য কোন অন্যায় করেছেন একথা বিশ্বাস করা একেবারেই অসম্ভব। তাই বলে ভাল মানুষকেও খারাপ বলার লোকের কিন্তু অভাব হয় না। আল্লাহর লানতপ্রাপ্ত ইয়াহুদীরা তাঁকে নানাভাবে দোষঅরোপ করেছে। কারণ, তিনি তাদের খারাপ কাজ করতে মানা করতেন।

ইনতিকাল
সাবার রাণী বিলকিসের সাথে হযরত সুলায়মানের বিয়ে হয়ে যায়। রাণী বিলকিসের জন্য তিনি বা'লাবাক শহরে একটি প্রকান্ড মহল নির্মাণ করেছিলেন। তিনি নিজেও এটি দেখাশুনা করছিলেন। এ অবস্থায় তিনি একদিন ইনতিকাল করেন। তখন তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। ইনতিকালের পরেও লাঠির উপর ভর দেয়া অবস্থায় তিনি থাকলেন। কেউ বুঝতে পারল না যে তিনি ইনতিকাল করেছেন। অনেকদিন পরে উই পোকা তাঁর লাঠি খেয়ে ফেললে লাঠি ভেঙে তাঁর শরীরটা পড়ে গেল। তখন সবাই বুঝতে পারলো যে তিনি ইনতিকাল করেছেন। বায়তুল মাকদাসে তাঁকে দাফন করা হয়। ইনতিকালের সময় তাঁর বয়স ছিল বায়ান্ন বছর। তিনি সারা জীবন মানুষকে আল্লাহর দীনের পথে ডেকেছেন এবং সে অনুযায়ী দেশ শাসন করেছেন।

অনুশীলনী
১। হযরত সুলায়মান (আ) কে ছিলেন? কোরআন মজীদের কত স্থানে তাঁর নাম উল্লেখ করা হয়েছে?
২। কত বছর বয়সে হযরত সুলায়মান (আ) রাজত্ব লাভ করেছিলেন, তিনি ক্ষেত ও বকরীর মালিকের ব্যাপারটি কিভাবে মীমাংসা করেছিলেন?
৩। বায়তুল মাকদাস ও হায়কালে সুলায়মানীর নির্মাণকারী কে? বায়তুল মাকদাস নির্মাণে কত বছর সময় লেগেছিল?
৪। তিনি ভারত থেকে সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান সামগ্রী কিভাবে নিয়ে যেতেন? তিনি ঘোড়া পালতেন কেন?
৫। আল্লাহ তা'আলা হযরত সুলায়মান (আ)-কে কি কি নিয়ামত দান করেছিলেন?
৬। রাণী বিলকিসের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা কর।
৭। হযরত সুলায়মানের ইনতিকালের ঘটনাটি বর্ণনা কর।

📘 ছোটদের নবী রাসুল সাঃ > 📄 হযরত ইলিয়াস আলাইহিস সালাম

📄 হযরত ইলিয়াস আলাইহিস সালাম


হযরত ইলিয়াস আলাইহিস সালাম বনী ইসরাঈলদের একজন বিখ্যাত নবী। তিনি হযরত মূসার (আ) ভাই হযরত হারুনের (আ) বংশধর। তিনি বর্তমান জর্ডান নদীর উত্তর অঞ্চলের জিল'আদ নামক স্থানের "আবেল মাহুলা” নামক জায়গার অধিবাসী ছিলেন। খৃষ্টান এবং ইয়াহুদদের কাছে তিনি ইলিশা নামে পরিচিত। তিনি খৃষ্টপূর্ব ৮৭৫ থেকে ৮৫০ সনের মাঝামাঝি সময়ে জন্মলাভ করেন।

মহান আল্লাহর ইচ্ছায় বনী ইসরাঈলদের মধ্যে বহু নবী আগমন করেন। এর পরও তারা বার বার সত্য পথ থেকে দূরে সরে যায়। যে সময় হযরত ইলিয়াস (আ) জন্মলাভ করেন সে সময় বনী ইসরাঈলগণ আবার আল্লাহর পথ ছেড়ে গোনাহর কাজে লিপ্ত হয়ে পড়েছিল।

হযরত সুলায়মানের (আ) সময় বনী ইসরাঈলদের প্রভাব-প্রতিপত্তি চরম পর্যায়ে উপনীত হয়। কিন্তু তাঁর ইনতিকালের পর পরই বনী ইসরাঈলদের রাষ্ট্র দু' ভাগ হয়ে যায়। দক্ষিণ ফিলিস্তিনে একটি ছোট রাষ্ট্র কায়েম হয়। এর রাজধানী হয় বায়তুল মাকদাস। অন্যদিকে উত্তর ফিলিস্তিনে ইসরাঈল নামে একটি রাষ্ট্র কায়েম হয়। এর রাজধানী ছিল সামেরিয়া। উত্তর এলাকার ইসরাঈল নামক রাষ্ট্রে প্রথম থেকেই শিরক, মূর্তি পূজা, জুলুম-অত্যাচার ও লজ্জাহীনতা বেড়ে যেতে থাকে। এ অবস্থায় এ রাষ্ট্রের শাসক 'আখীআব' লেবাননের মুশরিক রাজ কন্যা ইযবেলকে বিয়ে করে। তার প্রভাবে পড়ে 'আখীআব' ও মুশরিক হয়ে যায়। স্ত্রী ইযবেলের কথামত সে রাজধানী সামেরিয়ায় 'বা'ল' দেবতার মন্দির ও বলির দেবী তৈরী করে এবং এক আল্লাহকে বাদ দিয়ে বা'ল দেবতার পূজা প্রচলনের চেষ্টা চালায়।

ঠিক এ সময় হযরত ইলিয়াস (আ) এর আবির্ভাব ঘটে। তিনি এসব পাপ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। লোকজনকে তিনি এ মূর্তি পূজার অপকারিতা বুঝাতে থাকেন। তিনি বাদশাহ 'আখীআব'কে তার অন্যায় কাজকর্মের জন্য সাবধান করে দেন। তিনি বাদশাহকে বললেনঃ তুমি এসব অন্যায় বন্ধ না করলে তোমার রাষ্ট্রে আর এক বিন্দু বৃষ্টিও হবে না। আল্লাহর নবীর কথাই সত্য প্রমাণিত হলো। সেখানে সাড়ে তিন বছর পর্যন্ত বৃষ্টি হলো না। এমন অবস্থায় বাদশাহ ইলিয়াস (আ)-কে খুঁজে আনলেন এবং বৃষ্টির জন্য আল্লাহর কাছে দো'আ করতে বললেন। এ সময় হযরত ইলিয়াস (আ) বা'ল দেবতা এবং মহান আল্লাহর পার্থক্য মানুষের সামনে প্রকাশ করতে চাইলেন। তিনি বললেনঃ একটি প্রকাশ্য সভায় বা'ল দেবতার পূজারীরা তাদের দেবতার নামে কুরবানী করবে এবং আমি আল্লাহর নামে কুরবানী পেশ করবো। গায়েবী আগুন এসে কুরবানীকে পুড়িয়ে ফেলবে সেই সত্য পথের অনুসারী। 'আখীআব' প্রস্তাবটি মেনে নিল। সুতরাং কারমেল পর্বতে বা'ল দেবতার আটশত পূজারী এবং হযরত ইলিয়াস (আ) হাজার হাজার লোকের সামনে কুরবানী পেশ করলেন। গায়েবী আগুন এসে হযরত ইলিয়াসের (আ) কুরবানী পুড়িয়ে ফেললে সবাই তাঁর প্রভুর সত্যতা মেনে নিল। ইলিয়াস (আ) সেখানেই পূজারীদেরকে হত্যা করালেন। এরপর তিনি দো'আ করলেন। প্রচুর বৃষ্টি হলো। এতে প্রমাণ হলো একমাত্র আল্লাহই সত্যিকার ক্ষমতার অধিকারী। তিনিই সব ইবাদত পাওয়ার যোগ্য। আর হযরত ইলিয়াস (আ) তাঁরই প্রেরিত নবী।

এই ঘটনার পর রাজা 'আখীআব' তার স্ত্রী ইযবেলের প্ররোচনায় হযরত ইলয়াসের (আ) শত্রু হয়ে গেল। সে শপথ করলঃ বা'ল দেবতার পূজারীদের যেভাবে হত্যা করা হয়েছে ইলিয়াসকেও সেভাবে হত্যা করবে। এ অবস্থায় হযরত ইলিয়াস (আ) দেশ ছেড়ে সিনাই মরুভূমির সিনাই পর্বতে গিয়ে আশ্রিয় নিলেন এবং কয়েক বছর পর্যন্ত সেখানেই কাটালেন। ঐ সময় তিনি আল্লাহর কাছে দো'আ করে বলতেনঃ 'হে আল্লাহ, বনী ইসরাঈলরা তোমার হুকুম-আহকাম পরিত্যাগ করেছে। তোমার নবীদের হত্যা করেছে। তোমার নবীদের মধ্যে এখন আমিই শুধু বেঁচে আছি। তারা আমাকেও হত্যা করতে চায়।

এ সময়েই বায়তুল মাকদাসের ইয়াহুদী রাষ্ট্রের শাসক ইয়াহুরাম ইসরাঈলের বাদশাহ 'আখীআবে'র মেয়েকে বিয়ে করে। ফলে তার রাজ্যেও শিরক ও বা'ল দেবতার পূজা শুরু হয়। হযরত ইলিয়াস (আ) ইয়াহুরামের কাছে পত্র লিখে তাকেও সাবধান করে দেন। কিন্তু তারা কেউই তাঁর কথায় কান দিলো না। অবশেষে তাদের ওপর আল্লাহর গযব নেমে আসে। বিদেশীরা ইয়াহুরামের রাজ্যের উপর হামলা করে তাকে হত্যা করে এবং স্ত্রীকে বন্দী করে নিয়ে যায়। কিছু দিন পর সেও কঠিন পেটের পীড়ায় মারা যায়।

এর কয়েক বছর পর হযরত ইলিয়াস (আ) আবার ইসরাঈলে ফিরে গিয়ে 'আখীআব'কে সাবধান করে দেন। তার মৃত্যুর কিছুদিন পর হযরত ইলিয়াস (আ) ইনতিকাল করেন। হযরত ইলিয়াস (আ) সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি মানুষের কল্যাণ কামনা করেছেন। আর একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননি।

অনুশীলনী
১। যার সময়ে বন্দী ইসরাঈলদের প্রভাব প্রতিপত্তি চরম পর্যায়ে পৌঁছেছিল?
২। ইসরাঈল রাষ্ট্রে কি বেড়ে গিয়েছিলো?
৩। শাসক 'আখীআব' কিভাবে মুশরিক হয়েছিলো?
৪। বাল দেবতা ও মহান আল্লাহর মধ্যেযার পার্থক্য তুলে ধরার জন্য হযরত ইলিয়াস (আ) কি করলেন?
৫। হযরত ইলিয়াস (আ) বা'ল দেবতার পূজারীদের কিভাবে হত্যা করাতে সক্ষম হলেন?
৬। বাদশাহ হযরত ইলিয়াস (আ) কে হত্যা করতে চাইলো কেন?
৭। সিনাই পর্বতে হযরত ইলিয়াস (আ) কি বলে আল্লাহর কাছে দো'আ করতেন।
৮। হযরত ইলয়াস (আ) কার কাছে পত্র দিলেন এবং কেন?
৯। ইয়াহুরাম তার ও তার রাজ্যের পরিণতি কি হয়েছিলো লিখ?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00