📄 সিজদার আদব ও দু‘আ
“আল্ল-হু আকবার” বলে প্রথমে দু'হাত, অতঃপর দু'হাটু এবং নাক ও কপাল মাটিতে রেখে সিজদায় যাব, সিজদায় নিম্নের দু'আ তিনবার বা ততোধিকবার পড়ব। সিজদাকালীন দু' হাত কান বরাবর এবং কনুই পাঁজর ও উরু হতে দূরে রাখব।
سُبْحَانَ رَبِّيَّ الْأَعْلَى
উচ্চারণ : সুবহা-না রব্বিয়াল আ'লা- ।
অর্থ : আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি যিনি সর্বোচ্চ।
উল্লেখ্য যে, হাত বাঁধা, রুকু', সিজদা ও তাশাহ্হুদের বৈঠক ইত্যাদি সকল নিয়ম ছেলে ও মেয়ে একইভাবে পালন করবে, সহীহ হাদীসে কোন পার্থক্য নেই।
অথবা,
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي.
উচ্চারণ : সুবহা-নাকা আল্ল-হুম্মা রব্বানা- ওয়াবি হাম্দিকা, আল্ল-হুম্মাগ্ ফিরলী।
অর্থ : হে আমাদের প্রতিপালক আল্লাহ! তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি, অতএব হে আল্লাহ! আমাকে ক্ষমা কর।
টিকাঃ
৪৭. তিরমিযী- হাঃ ২৬২, নাসায়ী- হাঃ ১০০৮ (সহীহ)।
৪৮. সহীহুল বুখারী- হাঃ ৬৩১, বিস্তারিত দ্রঃ লেখকের বই 'মাসনূন সালাত ও দু'আ শিক্ষা' ১০৫-১০৮ পৃঃ।
৪৯. সহীহুল বুখারী- হাঃ ৭৯৪, সহীহ মুসলিম- হাঃ ৪৮৪।
📄 দু’ সিজদার মাঝে বসার আদব ও দু‘আ
“আল্লা-হু আকবার” বলে সিজদা হতে উঠে ডান পা খাড়া রেখে সোজা হয়ে বাম পায়ের পাতার উপর বসব এবং নিম্নের দু'আ পড়ব।
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي.
উচ্চারণ : আল্ল-হুম্মাগ্ ফিল্লী, ওয়ারহানী, ওয়াহিদনী, ওয়া 'আ-ফিনী, ওয়ার্ যুক্বনী।
অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর, আমাকে রহম কর, আমাকে হেদায়াত দাও, আমাকে সুস্থ রাখ এবং আমাকে রিযিক দাও।
টিকাঃ
৫০. সহীহ আবু দাউদ- হাঃ ৭৯৬।
📄 তাশাহ্হুদের আদব ও দু‘আ
তাশাহ্হুদের বৈঠক ডান পা খাড়া রেখে বাম পা বিছিয়ে পায়ের পাতার উপর বসে, ডান হাত মুষ্টিবদ্ধ করে মধ্যমা আঙ্গুল সোজা রেখে হালকাভাবে নড়াচড়া করব ও নিম্নের দু'আ পড়ব।
التَّحِيَّاتُ لِلهِ، وَالصَّلَوَاتُ، وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ . أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
উচ্চারণ : আত্তাহিয়্যা-তু লিল্লা-হি ওয়াস্ সলাওয়া-তু ওয়াত্ তাইয়্যিবা-ত, আস্সালা-মু 'আলান্নাবিয়্যি ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ। আস্সালা-মু 'আলায়না- ওয়া 'আলা- 'ইবা-দিল্লা-হিস্ স-লিহীন। আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'আব্দুহু ওয়া রাসূলুহ।
অর্থ : মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত 'ইবাদত আল্লাহ্ জন্য। নবীর ওপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, 'ইবাদতের যোগ্য আর কোন মা'বুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহ্ বান্দা ও রাসূল।
টিকাঃ
৫১. সহীহুল বুখারী- হাঃ ৬২৬৫।
📄 সালাতে দরূদের আদব ও দু‘আ
মুহাম্মাদ ﷺ-কে আল্লাহর বান্দা, সর্বশেষ নাবী ও রাসূল হিসেবে বিশ্বাস করব এবং তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাঁর পূর্ণ আনুগত্য স্বীকার করব এবং তাঁর ওপর দরূদ পেশ করব, বিশেষ করে তাশাহ্হু্দের বৈঠকে।
দু'আ (দরূদ)
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّদٍ ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّদٍ ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ মَّجِيدٌ .
উচ্চারণ : আল্ল-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মাদিওঁ ওয়া'আলা- আ-লি মুহাম্মাদ, কামা- সল্লায়তা 'আলা- ইব্রা-হীমা ওয়া'আলা- আ-লি ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ। আল্ল-হুম্মা বা-রিক 'আলা- মুহাম্মাদিওঁ ওয়া'আলা- আ-লি মুহাম্মাদিন কামা- বা-রাক্তা 'আলা- ইব্রা-হীমা ওয়া'আলা- আ-লি ইব্রা-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।
অর্থ : হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ কর, যেভাবে বর্ষণ করেছ ইবরাহীম আলায়হিস্ সালাম ও তাঁর পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! বরকত দাও মুহাম্মাদ ও তাঁর পরিবারবর্গকে, যেভাবে তুমি বরকত দিয়েছ ইবরাহীম আলায়হিস্ সালাম ও তাঁর পরিবার-পরিজনকে, নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।
টিকাঃ
৫২. সহীহুল বুখারী- হাঃ ৬৩৫৭, সহীহ মুসলিম- হাঃ ৪০৬।