📄 আদব কাকে বলে?
সাধারণত ভদ্র উঠা-বসা, চলা-ফেরা ও কথা-বার্তার নিয়ম-নীতি এবং পদ্ধতিকে আদব বা শিষ্টাচার বলা হয়। এ আদব ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে। ইসলাম যে আদব শিক্ষা দেয় তা সবই ভাল। এ ভাল আদবকেই বলা হয় ইসলামী আদব।
আমরা ইসলামের উত্তম আদব শিখে উত্তম জীবন গড়বো, সমাজে শ্রেষ্ঠ মানুষ হব, সুনাগরিক হব এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জন করব। আদব শিখার সাথে সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তা'আলার কাছে দু'আ করব। এজন্য আমরা কুরআন ও হাদীসের দু'আ শিখব।
📄 আল্লাহ তা‘আলা, ইসলাম ও মুহাম্মাদ ﷺ-এর প্রতি আদব এবং দু‘আ
আমরা আল্লাহ তা'আলাকে আমাদের রব (প্রতিপালক, মালিক, পরিচালক ও একক মা'বূদ) হিসেবে, ইসলামকে আমাদের দীন এবং মুহাম্মাদ ﷺ-কে আমাদের নাবী ও রাসূল হিসেবে মনে-প্রাণে বিশ্বাস করব এবং জীবনের সর্বক্ষেত্রে মেনে চলব।
رَضِيْتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا.
উচ্চারণ : রযীতু বিল্লা-হি রব্বা-, ওয়াবিল ইস্লা-মি দীনা-, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা-।
অর্থ : আমি আল্লাহকে আমার রব বা প্রতিপালক, ইসলামকে আমার দীন এবং মুহাম্মাদ ﷺ-কে আমার নাবী হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছি।
টিকাঃ
সহীহ মুসলিম- হাঃ ৩৮৬।
📄 তাওহীদের আদব ও দু‘আ
আমরা একমাত্র আল্লাহ তা'আলাকে আমাদের স্রষ্টা, জীবন-মরণের মালিক এবং সকল ক্ষমতার উৎস হিসেবে বিশ্বাস করব। শুধু তাঁরই 'ইবাদাত করব এবং তাঁরই কাছে সাহায্যের দু'আ করব।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ঈয়্যাকা না'বুদু ওয়া ঈয়্যাকা নাস্তা'ঈন।
অর্থ : নিশ্চয়ই আমরা আপনারই 'ইবাদত করি, এবং আপনারই নিকট সাহায্য কামনা করি।
টিকাঃ
* সূরা ফাতিহা- আয়াত ৬।
📄 সিজদার আদব ও দু‘আ
আমরা এক আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো জন্য সিজদা করব না এবং তিনি ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করব না।
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَةً بِحَوْلِهِ وَقُوَّتِهِ.
উচ্চারণ : সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাক্বাহ, ওয়া শাক্কা সাম্'আহ্ ওয়া বাসারাহু বিহাওলিহী ওয়াক্যুওয়াতিহী।
অর্থ: আমার মুখমণ্ডল (সহ আমার সমগ্র দেহ) সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তা (মুখমণ্ডল) হতে কর্ণ ও চক্ষু বের করেছেন স্বীয় ইচ্ছা ও শক্তিতে।
টিকাঃ
° আবূ দাউদ- হাঃ ১৪১৪, (সহীহ)।