📄 আল্লাহ যা করেন, ভালই করেন
এক রাজা ছিল। তার এক মন্ত্রী বড় আল্লাহ-ভক্ত ছিল। সে সুখে-দুঃখে সব সময় বলত, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' এতে অনেকে রাগ করত। এক সময় আপেল কেটে খেতে গিয়ে রাজার আঙুল কেটে গেল। রক্ত পড়তে লাগলে তা বন্ধ করার জন্য ব্যান্ডেজ করার সময় মন্ত্রী নিজ অভ্যাস অনুযায়ী বলে উঠল, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' এই সময় এ কথা শুনে রাজা চটে গেল। আর তার ফলে সে মন্ত্রীকে কারাগারে বন্দী করল। মন্ত্রী কারাগারে প্রবেশ করেই বলল, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' রাজা বলল, 'তোমার আল্লাহ তোমাকে কারাগারে পাঠিয়ে কী ভাল করলেন?' মন্ত্রী বলল, 'আল্লাহ যা করেন, ভালই করেন।'
পরবর্তীতে রাজার শিকারে যাওয়ার কথা। সাধারণতঃ ঐ মন্ত্রী যেত সাথে। কিন্তু সে কারাগারে আছে বলে রাজা একাই হরিণ শিকারে বের হয়ে গেল। জঙ্গলে বাঘ এসে হামলা করল। রাজা চালাকি ক'রে শুয়ে গিয়ে মরার ভান করল। বাঘটি এসে তার সেই কাটা জায়গা শুঁকে ভাবল, সে মারা গেছে। সুতরাং বাঘটি পালিয়ে গেল। রাজা হাঁফ ছেড়ে বেঁচে ফিরে এসে মন্ত্রীকে মুক্তি দিল এবং তার কথা যে সত্য, তা স্বীকার ক'রে নিল। যেহেতু রাজার আঙুল কাটা না থাকলে, বাঘ তাকে খেয়ে ফেলত। সুতরাং সেটা তার জন্য ভালই ছিল। মন্ত্রী কারাগারে বন্দী না থাকলে রাজার সঙ্গে হরিণ শিকারে যেত। ফলে বাঘ তাকে খেয়ে ফেলত। যেহেতু সে ছিল সুস্থ মানুষ। সুতরাং সেটা তার জন্য ভালই ছিল। বলা বাহুল্য, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' যদিও আমরা সে ভাল বুঝতে না পারি।
📄 একতায় বল
“এক বৃদ্ধের পাঁচটি ছেলে পাঁচ রকমের মতি,
মিল ছিল না, ভাব ছিল না একে অন্যের প্রতি।
বৃদ্ধ একদিন একটি আঁটি কঞ্চি দিয়ে হাতে,
বলল, ‘দেখি কে পারো সব ভাঙ্গতে একই সাথে।’
পারল না কেউ বৃদ্ধ তখন আঁটিটাকে খুলে,
এক-একটি কঞ্চি দিল সবার হাতে তুলে।
ভাঙ্গল সবাই, বৃদ্ধ বলল, ‘দেখলে কেমন ফল?
একা হলেই দুর্বল হবে, একতাতেই বল।”
📄 নিজের জন্য বাঁচানো
“মহাজন বাঁচাইল কোন এক ছাগেরে,
কাড়িয়া শিকার দূরে তাড়াইল বাঘেরে।
নিশিথে ছুরিকা চালাইল তার হলকে,
অভাগা ছাগল ত্যাজিল জীবন পলকে।
মরণের কালে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ তার,
চরণে লুটিয়া বলেছিল সেই হন্তার---
'তোমার দয়ায় খায় নাই মোরে বাঘেতে,
তুমিও যে বাঘ, বুঝি নাই তা আগেতে।”
📄 সত্য কথা মিথ্যা কার?
“মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প---
জানে সবাই বেশী কিংবা অল্প।
'বাঘ এসেছে, বাঘ এসেছে' চেঁচিয়ে দিত ধোঁকা,
গাঁয়ের লোকে ছুটে গিয়ে হয়ে যেত বোকা।
সত্য যেদিন বাঘ আসিল রাখালের চিৎকারে,
বলল সবাই, 'বোকা হতে চাই না বারেবারে।'
বাঘের পেটে গেল রাখাল জীবন হল নাশ,
মিথ্যাবাদীর কথাতে কেউ করে না বিশ্বাস।”
সত্য কথা মিথ্যা কার?
মিথ্যা বলা অভ্যাস যার।