📘 ছোটদের ছোট গল্প > 📄 মোসাহেবি ও চাটুকতা

📄 মোসাহেবি ও চাটুকতা


বাদশা আকবর খেতে খেতে একটি তরকারি বড় পছন্দ করলেন। পাচক বীরবলকে তরকারিটির নাম জিজ্ঞাসা করলে সে বলল, 'এটি বেগুন, হুজুর! এর বেহদ্দ গুণ। এ হল শতরোগের মহৌষধ। এ খেলে ব্রেন তাজা হয়, রাজনীতিতে মন বসে, যৌন-ক্ষমতা বৃদ্ধি পায়, পরকালে বেহেশতে বেহেশতীদের মাঝে এই তরকারি প্রথম পরিবেশন করা হবে।'

বেগুনের এত সব গুণ শুনে বাদশা খুব খেলেন। পরদিন সকালে বললেন, 'বীরবল! তোমার ঐ শতগুণের বেগুন খেয়ে আমার পেটে সারা রাত ব্যথা।' পাচক বলল, 'হুজুর! ওটা তো বেগুন, ওর কোন গুণ নেই। খেলে নানা রোগ হয়, যৌন-ক্ষমতা কমে যায়, পেটে ব্যথা হয়, দুশ্চিন্তা বাড়ে, পরকালে দোযখে দোযখীদের মাঝে সর্বপ্রথম ঐ তরকারি পরিবেশন করা হবে!' বাদশা বললেন, 'কাল তুমি এর এত প্রশংসা করলে, আর আজ এর এত নিন্দা কেন?'

পাচক বলল, 'কাল হুজুরকে ভালো লেগেছিল, তাই প্রশংসা করেছিলাম। আজ হুজুরকে খারাপ লেগেছে, তাই নিন্দা করছি। আমি তো হুজুরের চাকরি করি, বেগুনের নয়।' বলা বাহুল্য, এমন ব্যক্তিপূজারী বহু মানুষ আছে, যারা স্বার্থের তরে রায় ও দল বদলে নেয়।

📘 ছোটদের ছোট গল্প > 📄 পেট বড় বালাই

📄 পেট বড় বালাই


একদা এক কুকুর পশুরাজ সিংহকে বলল, 'হে পশুরাজ! আমার নামটা বড় খারাপ ও অসুন্দর। আমার নাম পাল্টে দিন।' সিংহ বলল, 'তুমি তো বড় লোভী, এ নাম তোমার জন্য যথার্থ ও উপযুক্ত।' কুকুর বলল, 'তাহলে আমাকে পরীক্ষা ক'রে দেখে নিন, ভাল নামের কাজ করতে পারি কি না?'

সিংহ কুকুরকে একটুকরা মাংস দিয়ে বলল, 'এটি কাল পর্যন্ত তোমার কাছে আমানত রাখো। আগামী কাল তোমার কাছ থেকে এটি ফিরে নেব এবং তোমার সুন্দর দেখে একটি নাম রেখে দেব।' কুকুর মাংস নিয়ে ফিরে গেল। অতঃপর যখন সে ক্ষুধা অনুভব করল, তখন মাংস খণ্ডটির দিকে তাকিয়ে জিভে জল ফেলতে লাগল। খাওয়ার ইচ্ছা থাকলেও নাম পাল্টাবার কথা স্মরণ ক'রে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। কিন্তু এক পর্যায়ে যখনই তার প্রকৃতিতে লালসার উদ্রেক হল, তখনই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল ও মনে মনে বলল, 'ভাল নাম নিয়েই বা আর কী হবে? কুকুরও তো ভাল নাম!' এই পরেই সে মাংস খণ্ডটি খেয়ে ফেলল। যারা স্বার্থের খাতিরে নিজেদের হীন চরিত্র বদলাতে পারে না, এমন অসচ্চরিত্র, লোভী ও নীচমনাদের উদাহরণ এটাই।

📘 ছোটদের ছোট গল্প > 📄 সরব না হলে মার খেতে হয়

📄 সরব না হলে মার খেতে হয়


সদ্য বিবাহিত কালুর ইচ্ছা হল শ্বশুরবাড়ি যাবে। বউ ছিল সেখানেই। দূর পথে বাসে-ট্রেনে যেতে যেতে রাত হয়ে গেল। লাস্ট-বাস ফেল হয়ে গেলে পায়ে হেঁটে যেতে যেতে রাত্রি গভীর হয়ে গেল। গ্রামে যখন পৌঁছল, তখন কেউ কোত্থাও জেগে নেই। শ্বশুরবাড়ির দরজার কাছে পৌঁছে ভাবল, এত রাত্রে সে আর ডাকাহাঁকি করবে না। ঘুম থেকে জাগিয়ে বাড়ির লোককে আর কষ্ট দেবে না। স্থির করল, কোন রকম বাড়ির ভিতরে প্রবেশ ক'রে সরাসরি স্ত্রীর রুমে গিয়ে খেয়ে-না খেয়ে শুয়ে পড়বে।

কিন্তু ভিতর থেকে সদর দরজা বন্ধ ছিল। ভিতরে যাবে কীভাবে? বাড়ির ভিতরে একটি আমড়ার গাছ ছিল। গাছটি বেশ বড়। তারই একটি ডাল পাঁচিলের বাইরে ঝুলছিল। ভাবল, এই ডাল ধরে উঠে ভিতরে যাবে। রাতের ভয় ও স্ত্রীর ভালোবাসা তাকে আকর্ষণ করছিল ভিতরের দিকে। অন্য কিছু না ভেবেই ডাল ধরে পাঁচিল টপকে ধুপ্ ক'রে ভিতরে পড়ল।

ঘরের দাওয়ায় শাশুড়ী শুয়ে ছিল। শব্দ শুনে জেগে উঠে অন্ধকারে পাঁচিলের গায়ে মানুষ দেখে চিৎকার শুরু ক'রে দিল, 'চোর-চোর-চোর! ওরে আলোয়ান! ওরে হালোয়ান! ওরে পালোয়ান! তোরা ছুটে আয় রে! ঘরে চোর ঢুকেছে।' তিন তিনটি জোয়ান বেটা তড়িঘড়ি আঙিনায় নেমে এসে বলল, 'কই মা কই?' ---ঐ দ্যাখ, পাঁচিলের ধারে দাঁড়িয়ে রয়েছে। 'মার শালাকে' বলে তিনজনে ঝাঁপিয়ে পড়ে অন্ধকারে শুরু ক'রে দিল কিল-ঘুসি। কালু লজ্জায় মুখ খুলল না। আর অন্ধকারে তারা তাদের জামাইকে চিনতেও পারল না।

ইতিমধ্যে তার স্ত্রী বাইরে এসে বলে উঠল, 'কোন্ মুখপোড়া চোর দাদা! মেরে ওর মুখটা থেঁতলে দাও।' কালু মনে মনে বলল, 'ও বাব্বা! আমার বউও আমার মুখ থেঁতলে দিতে বলছে?!' ইতিমধ্যে শাশুড়ীর মনে দয়ার উদ্রেক হল। সে একটি হ্যারিকেন নিয়ে তাদের কাছে এসে বলল, 'আর মারিস না বাবা! এবার ওকে ছেড়ে দে।' আবার বউ বলে উঠল, 'ছেড়ে দেবে কেন? ওকে বেঁধে রেখে পুলিশের হাওয়ালা ক'রে দাও।' কিন্তু শাশুড়ীর হাতের আলো যখন তার মুখে পড়ল, তখন দূর থেকে দেখে তার বউয়ের সন্দেহ হল, সে হয়তো তার বর। কাছে এসে দেখে চিনতে পেরে কেঁদে উঠল। তা দেখে সবাই অবাক। এ কী হয়ে গেল? কেন এতো মার খেলে তুমি? কেন বললে না, 'ওগো আমি চোর নই, আমি তোমাদেরই আপনজন।' সবাই ক্ষমা চাইল। শাশুড়ী বলল, 'মুখে কথা বললে তো মারটা খেতে হতো না বাবা!' বলা বাহুল্য, যেখানে পরিচয়হীনতার জন্য মানুষ অত্যাচারিত হয়, সেখানে তাকে সরব হতে হয়, নচেৎ মুখ বুজে কেবল মারই খেতে হয়।

📘 ছোটদের ছোট গল্প > 📄 আল্লাহ যা করেন, ভালই করেন

📄 আল্লাহ যা করেন, ভালই করেন


এক রাজা ছিল। তার এক মন্ত্রী বড় আল্লাহ-ভক্ত ছিল। সে সুখে-দুঃখে সব সময় বলত, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' এতে অনেকে রাগ করত। এক সময় আপেল কেটে খেতে গিয়ে রাজার আঙুল কেটে গেল। রক্ত পড়তে লাগলে তা বন্ধ করার জন্য ব্যান্ডেজ করার সময় মন্ত্রী নিজ অভ্যাস অনুযায়ী বলে উঠল, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' এই সময় এ কথা শুনে রাজা চটে গেল। আর তার ফলে সে মন্ত্রীকে কারাগারে বন্দী করল। মন্ত্রী কারাগারে প্রবেশ করেই বলল, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' রাজা বলল, 'তোমার আল্লাহ তোমাকে কারাগারে পাঠিয়ে কী ভাল করলেন?' মন্ত্রী বলল, 'আল্লাহ যা করেন, ভালই করেন।'

পরবর্তীতে রাজার শিকারে যাওয়ার কথা। সাধারণতঃ ঐ মন্ত্রী যেত সাথে। কিন্তু সে কারাগারে আছে বলে রাজা একাই হরিণ শিকারে বের হয়ে গেল। জঙ্গলে বাঘ এসে হামলা করল। রাজা চালাকি ক'রে শুয়ে গিয়ে মরার ভান করল। বাঘটি এসে তার সেই কাটা জায়গা শুঁকে ভাবল, সে মারা গেছে। সুতরাং বাঘটি পালিয়ে গেল। রাজা হাঁফ ছেড়ে বেঁচে ফিরে এসে মন্ত্রীকে মুক্তি দিল এবং তার কথা যে সত্য, তা স্বীকার ক'রে নিল। যেহেতু রাজার আঙুল কাটা না থাকলে, বাঘ তাকে খেয়ে ফেলত। সুতরাং সেটা তার জন্য ভালই ছিল। মন্ত্রী কারাগারে বন্দী না থাকলে রাজার সঙ্গে হরিণ শিকারে যেত। ফলে বাঘ তাকে খেয়ে ফেলত। যেহেতু সে ছিল সুস্থ মানুষ। সুতরাং সেটা তার জন্য ভালই ছিল। বলা বাহুল্য, 'আল্লাহ যা করেন, ভালই করেন।' যদিও আমরা সে ভাল বুঝতে না পারি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00