📘 ছোটদের ছোট গল্প > 📄 শিক্ষার মান যখন তখন

📄 শিক্ষার মান যখন তখন


একদা এক শিক্ষিত ভদ্রলোক নদীপথে এক মাঝির নৌকায় চড়ে যাত্রা করছিলেন। কথায় কথায় তিনি মাঝিকে জিজ্ঞাসা করলেন, 'মাঝি! তুমি কি অঙ্ক জানো?' মাঝি বলল, 'আজ্ঞে না।' ভদ্র লোকটি বললেন, 'তাহলে তোমার জীবনের চার আনাই মিছে।' ভদ্র লোকটি আবার জিজ্ঞাসা করলেন, 'তুমি কি ভূগোল জানো?' মাঝি বলল, 'আজ্ঞে না।' ভদ্র লোকটি বললেন, 'তাহলে তোমার জীবনের ৮ আনাই মিছে।' ভদ্র লোকটি পুনরায় প্রশ্ন করলেন, 'তুমি কি জ্যামিতি জান?' মাঝি উত্তরে একই কথা বলল, 'আজ্ঞে না।' ভদ্র লোকটি বললেন, 'তাহলে তোমার জীবনের ১২ আনাই মিছে।'

আকাশে মেঘ ছিল আগে থেকেই। এমন সময় শশন্ গতিতে ঝড় শুরু হল। নৌকা ডুবুডবু। শিক্ষিত ভদ্র লোকটি বললেন, 'মাঝি এবারে কী হবে?' মাঝি বলল, 'নৌকা হয়তো ডুবে যাবে। আপনি সাঁতার জানেন তো?' ভদ্র লোকটি বললেন, 'না তো!' মাঝি বলল, 'তাহলে আজ্ঞে, আপনার জীবনের ষোল আনাই মিছে!'

📘 ছোটদের ছোট গল্প > 📄 দুনিয়ার মূল্য

📄 দুনিয়ার মূল্য


সালামাহ আল-আহমার বলেন, একদা বাদশা হারুন রশীদের নিকট গমন করলাম। তাঁর বিভিন্ন বালাখানা ও রাজমহল দেখে আমি তাঁকে বললাম, 'আপনার মহলখানা বেশ প্রশস্ত। আপনার মৃত্যুর পর যদি আপনার কবরটাও প্রশস্ত হয়, তবেই উত্তম।' এ কথা শুনে বাদশা কাঁদতে লাগলেন। অতঃপর বললেন, 'হে সালামাহ! আপনি আমাকে সংক্ষেপে আরো কিছু উপদেশ দিন।'

আমি বললাম, 'হে আমীরুল মু'মেনীন! আপনি কোন মরুভূমিতে থেকে যদি পিপাসিত হন, তাহলে আপনার পিপাসা মিটাবার জন্য কী পরিমাণ অর্থ দিয়ে এক ঢোক পানি কিনবেন?' তিনি বললেন, 'আমার অর্ধেক রাজত্ব দিয়ে।' আমি বললাম, 'অতঃপর তা পান ক'রে তা যদি পেট থেকে বের হতে না চায়, তাহলে তা বের করার জন্য কী ব্যয় করবেন?' তিনি বললেন, 'বাকী অর্ধেক রাজত্ব ব্যয় ক'রে দেব।'

আমি বললাম, 'অতএব সে দুনিয়ার উপর আল্লাহর অভিশাপ, যে দুনিয়ার মূল্য হল এক ঢোক পানি ও এক ঢোক পেশাব!' এ কথায় বাদশা হারুন আরো জোরে কেঁদে উঠলেন।

📘 ছোটদের ছোট গল্প > 📄 মোসাহেবি ও চাটুকতা

📄 মোসাহেবি ও চাটুকতা


বাদশা আকবর খেতে খেতে একটি তরকারি বড় পছন্দ করলেন। পাচক বীরবলকে তরকারিটির নাম জিজ্ঞাসা করলে সে বলল, 'এটি বেগুন, হুজুর! এর বেহদ্দ গুণ। এ হল শতরোগের মহৌষধ। এ খেলে ব্রেন তাজা হয়, রাজনীতিতে মন বসে, যৌন-ক্ষমতা বৃদ্ধি পায়, পরকালে বেহেশতে বেহেশতীদের মাঝে এই তরকারি প্রথম পরিবেশন করা হবে।'

বেগুনের এত সব গুণ শুনে বাদশা খুব খেলেন। পরদিন সকালে বললেন, 'বীরবল! তোমার ঐ শতগুণের বেগুন খেয়ে আমার পেটে সারা রাত ব্যথা।' পাচক বলল, 'হুজুর! ওটা তো বেগুন, ওর কোন গুণ নেই। খেলে নানা রোগ হয়, যৌন-ক্ষমতা কমে যায়, পেটে ব্যথা হয়, দুশ্চিন্তা বাড়ে, পরকালে দোযখে দোযখীদের মাঝে সর্বপ্রথম ঐ তরকারি পরিবেশন করা হবে!' বাদশা বললেন, 'কাল তুমি এর এত প্রশংসা করলে, আর আজ এর এত নিন্দা কেন?'

পাচক বলল, 'কাল হুজুরকে ভালো লেগেছিল, তাই প্রশংসা করেছিলাম। আজ হুজুরকে খারাপ লেগেছে, তাই নিন্দা করছি। আমি তো হুজুরের চাকরি করি, বেগুনের নয়।' বলা বাহুল্য, এমন ব্যক্তিপূজারী বহু মানুষ আছে, যারা স্বার্থের তরে রায় ও দল বদলে নেয়।

📘 ছোটদের ছোট গল্প > 📄 পেট বড় বালাই

📄 পেট বড় বালাই


একদা এক কুকুর পশুরাজ সিংহকে বলল, 'হে পশুরাজ! আমার নামটা বড় খারাপ ও অসুন্দর। আমার নাম পাল্টে দিন।' সিংহ বলল, 'তুমি তো বড় লোভী, এ নাম তোমার জন্য যথার্থ ও উপযুক্ত।' কুকুর বলল, 'তাহলে আমাকে পরীক্ষা ক'রে দেখে নিন, ভাল নামের কাজ করতে পারি কি না?'

সিংহ কুকুরকে একটুকরা মাংস দিয়ে বলল, 'এটি কাল পর্যন্ত তোমার কাছে আমানত রাখো। আগামী কাল তোমার কাছ থেকে এটি ফিরে নেব এবং তোমার সুন্দর দেখে একটি নাম রেখে দেব।' কুকুর মাংস নিয়ে ফিরে গেল। অতঃপর যখন সে ক্ষুধা অনুভব করল, তখন মাংস খণ্ডটির দিকে তাকিয়ে জিভে জল ফেলতে লাগল। খাওয়ার ইচ্ছা থাকলেও নাম পাল্টাবার কথা স্মরণ ক'রে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। কিন্তু এক পর্যায়ে যখনই তার প্রকৃতিতে লালসার উদ্রেক হল, তখনই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল ও মনে মনে বলল, 'ভাল নাম নিয়েই বা আর কী হবে? কুকুরও তো ভাল নাম!' এই পরেই সে মাংস খণ্ডটি খেয়ে ফেলল। যারা স্বার্থের খাতিরে নিজেদের হীন চরিত্র বদলাতে পারে না, এমন অসচ্চরিত্র, লোভী ও নীচমনাদের উদাহরণ এটাই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00