📘 ছোটদের ছোট গল্প > 📄 সর্বাধিক সম্মানীয় কে?

📄 সর্বাধিক সম্মানীয় কে?


খলীফা হারুনুর রশীদের দুই পুত্র; আমীন এবং মামুন। দুজনই ইমাম কাসায়ী (রহ.)-এর ছাত্র ছিল। একবার তাদের ওস্তাদ মজলিস থেকে উঠলেন। দেখেই দুই ভাই ওস্তাদের জুতা সোজা করার জন্য উদ্যত হলো। দু'জনের মধ্যে তর্ক হয়ে গেল, কে জুতা সোজা করবে বলে। শেষে দু'জনে এই সিদ্ধান্তে একমত হলো যে, প্রত্যেকে একটি করে জুতা সোজা ক'রে দেবে!

এই ঘটনা যখন হারুনুর রশীদের কানে গেল, তখন তিনি ইমাম কাসায়ী (রহ.)-কে ডেকে পাঠালেন। উনি যখন এলেন, তখন খলীফা বললেন, 'মানুষের মধ্যে সর্বাধিক সম্মানীয় ব্যক্তি কে?' ইমাম কাসায়ী (রহ.) উত্তরে বললেন, 'আমার মতে আমীরুল মুমেনীন অপেক্ষা আর কে বেশি সম্মানীয় ব্যক্তি হতে পারে?'

খলীফা বললেন, সম্মানীয় ব্যক্তি তো তিনিই, যিনি মজলিস থেকে উঠলে, খলীফার দুই পুত্র তাঁর জুতা সোজা করার জন্য পরস্পরের মাঝে তর্ক করে, কে জুতা সোজা করে দেবে বলে।

ইমাম কাসায়ী (রহ.) ভেবেছিলেন, হয়তো খলীফা ঐ ঘটনায় অসন্তুষ্ট হয়েছেন। সেই জন্য তিনি নিজের দোষ-মুক্তির কথা বলেছিলেন।

কিন্তু খলীফা বললেন, 'শুনুন! আপনি যদি আমার পুত্রদ্বয়কে ঐ রকম আদব ও শ্রদ্ধা জ্ঞাপন করতে নিষেধ করতেন, তাহলে আমি আপনার প্রতি খুব বেশি অসন্তুষ্ট হতাম। আগামীতে এই শিক্ষা অব্যাহত রাখবেন, নইলে আপনি আমার অসন্তুষ্টি ও ক্ষোভের শিকার হবেন!'

এমন অপ্রত্যাশিত শ্রদ্ধাবাক্যে ইমাম কাসায়ী মনে মনে আনন্দিত ও বিস্মিত হলেন। তিনি কিছু বলতে যাওয়ার আগেই খলীফা আরো বললেন, 'শুনুন! কোন ব্যক্তি বয়সে যতই বড় হোক, কিংবা বিদ্যা ও মর্যাদায় যতই বড় হোক, তিন জনের সম্মুখে তারা কেউ বড় হতে পারে না। এক: বিচারক, দুই: ওস্তাদ, আর তিন: নিজের পিতা-মাতার সম্মুখে।

📘 ছোটদের ছোট গল্প > 📄 দুঃখ ছাড়া কি সুখলাভ হয়?

📄 দুঃখ ছাড়া কি সুখলাভ হয়?


কাজলা দিঘির পানিতে পদ্মফুল ফুটে থাকতে দেখে নাবীল তার বন্ধু অসীমকে বলল, 'ঐ সুন্দর ফুলটি আমি পেতে চাই।'

নাবীল বলল, 'নেমে পড় পানিতে। আর মনে রেখো, পদ্ম কাঁটা আছে।'

অসীম বলল, 'থাক তাহলে দরকার নেই।'

নাবীল বলল, 'কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়।' "কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?"

📘 ছোটদের ছোট গল্প > 📄 অন্ধের হাতি দেখা

📄 অন্ধের হাতি দেখা


তিন জন অন্ধের ইচ্ছা হল হাতি দেখার। একদিন কারো সাহায্যে হাতির নিকট গেল। সে একজনকে হাতির পা, দ্বিতীয়জনকে তার কান, তৃতীয়জনকে তার সুঁড় ধরিয়ে দিয়ে বলল, 'এটাই হল হাতি।' সুতরাং প্রথমজন ভাবল, হাতি থামের মতো! দ্বিতীয়জন ভাবল, হাতি কুলোর মতো! আর তৃতীয়জন ভাবল, হাতি পাইপের মতো! বলা বাহুল্য, অন্ধের হাতি দেখার মত বহু মানুষ অপরের অন্ধানুকরণ করে অমূলক বিশ্বাস ও ধারণা পোষণ ক'রে থাকে।

📘 ছোটদের ছোট গল্প > 📄 অন্ধের পায়েস খাওয়া

📄 অন্ধের পায়েস খাওয়া


পাড়ার ছেলেরা মিলে বন-ভোজনে যাবার ইচ্ছা করল। পরামর্শ ক'রে স্থির করল, আজ তারা সেখানে পায়েস রান্না ক'রে খাবে। তাদের মধ্যে একজন অন্ধ ছিল। সে ইতিপূর্বে 'পায়েস' খায়নি, 'পায়েস' নামটাও শুনেনি। সে একজন বন্ধুকে পাশে ডেকে নিয়ে বসে জিজ্ঞাসা করল, 'আচ্ছা! পায়েস জিনিসটা কেমন?' বন্ধু বলল, 'সাদা।' অন্ধ বলল, 'সাদা আবার কেমন?' বন্ধু বলল, 'বকের মতো।' অন্ধ বলল, 'বক আবার কেমন?' বন্ধু ভাবল, কথার উদাহরণে অদেখা জিনিস সে বুঝতে পারছে না। তাই সে তার হাতটা টেনে নিয়ে কব্জিটা বাঁকা ক'রে বলল, 'এই দ্যাখো, বক এই রকম।' অন্ধ বলল, 'বাব্বা! এমন টেরা-বাঁকা। এ তো গলায় আটকে যাবে! আমি ভাই তোমাদের সাথে বন-ভোজনে গেলেও পায়েস কিন্তু খাব না।' অনেকে পরের ব্যাখ্যা ও বিশ্লেষণে ভুল ধারণা নিয়ে সহজটাকে কঠিন ধারণা ক'রে বহু কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে। তারাও কিন্তু আসলে জ্ঞানান্ধ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00