📄 উত্থান-পতন
এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল। এমন সময় দরজায় এক ভিক্ষুক এল। স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে এল। কিছু দিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল। অতঃপর ঐ মহিলার পুনর্বিবাহ হল। একদিন সে তার স্বামীর সঙ্গে মাংস নিয়ে খানা খেতে বসেছে, এমন সময় দরজায় ভিখারীর আকুল আবেদন এল, 'কে আছ মাগো! এক মুঠো খেতে পাওয়া যাবে?'
স্বামী হুকুম করল, এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো। স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না।
স্বামী বলল, 'কী ব্যাপার, তুমি কাঁদছ কেন? আমরা তো আল্লাহর দেওয়া রুযী থেকে আল্লাহরই পথে ব্যয় করলাম।'
স্ত্রী বলল, 'তা তো ঠিক। কিন্তু ভিক্ষুকটা কে জানো? আমার প্রথমকার স্বামী! ঐ একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল। কিন্তু আজ সে নিজেই ভিখারী!'
স্বামী বলল, 'ওহো! তাই বুঝি? আর তোমাদের ঐ বিতাড়িত ভিক্ষুক কে ছিল তা জানো? তোমার বর্তমান স্বামী, আমিই! আল্লাহ যাকে যখন ইচ্ছা ধনী-গরিব করে থাকেন।'
📄 বুদ্ধি থাকলে উপায় হয়
একদিন একটি কাককে খুব পিপাসা লাগল। সে পানির খোঁজে বের হয়ে কোথাও পানি পেল না। অবশেষে দেখল একটি কলসির ভিতরে পানি আছে। কিন্তু কলসির মুখ সরু হওয়ার কারণে সে নিজের দেহ গলিয়ে পানির নাগাল পেল না। পিপাসার তাড়নায় সে ছটফট করছিল। ঐ পানি সে কীভাবে পেতে পারে তাই চিন্তা করতে লাগল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলল। অনতি দূরে কিছু পাথর পড়ে ছিল। পাথরের ছোট ছোট টুকরা সে নিজের ঠোঁটে করে বয়ে এনে কলসির মধ্যে ফেলতে লাগল। আর তার ফলে কলসির পানি উপরে উঠে এল এবং সে তা পান করে প্রাণ বাঁচাল। কথায় বলে, বুদ্ধি থাকলে উপায় হয়।
📄 পাথর ক্ষয়
এক ছেলে মাদ্রাসায় পড়ত। যা পড়ত, তা মুখস্থ করতে পারত না। মুখস্থ করত আর ভুলে যেত। এতে সে মনে মনে খুব বিরক্ত হত। আফসোস করত আর দুঃখিত হত।
একদিন সে আক্ষেপে মাদ্রাসা ছেড়ে পালিয়ে গেল। কিন্তু লেখাপড়া না করলে জীবন যে বৃথা। কোথায় যাবে, কী করবে সে? মনের দুঃখে সে বাড়ি ফিরছিল। পথে পিপাসা লাগলে একটি কুয়ায় পানি খেতে গেল। সে কুয়াতলায় একটি পাথর দেখতে পেল। দেখল, পাথরটি ক্ষয় হয়ে খাল হয়ে গেছে। কারণ বিবেচনা করে জানতে পারল, মাটির কলসির ঘসা লেগে পাথরটি ক্ষয় হয়ে গেছে।
তার উদ্বিগ্ন মনে চিন্তা এল, মাটির কলসির ঘর্ষণে পাথর ক্ষয়ে যায়, তার মানে দুর্বল হয়েও বারবার চেষ্টার ফলে কঠিনকে সহজ করা যায়। তাহলে আমার ব্রেন কেন ক্ষয় হবে না?
সুতরাং সে মাদ্রাসায় ফিরে গেল এবং মেহনত সহকারে পড়াশোনা করতে লাগল। একদিন সে বড় আলেম হয়ে প্রসিদ্ধি লাভ করল।
জ্ঞানীর পরিশ্রমের কথা স্মরণ রাখতে হবে এবং তোমাকেও তার মত পরিশ্রম করতে হবে।
📄 বড় হয়ে কী হব?
খোকন মায়ের কোলে বসে ছোট মুখে বড় বড় প্রশ্ন করছিল। বড় হলে আমি কী হব? কী করব? তবে যা হব ভালো হব। তার পরিমণ্ডলে নানা মানুষের নানা কর্ম দেখে তার শিশু-মনেও শুরু হয়েছিল ভবিষ্যতের পরিকল্পনা।
খোকন: মা! আমি বড় হলে ডাক্তার হব, মানুষের সেবা করব এবং বিনা পয়সায় গরিবদের চিকিৎসা করব।
মা: আমার মনে হয়, তা তুমি পারবে না বাবা! কারণ, বড় হয়ে তোমার মনেও অর্থের লোভ আসবে। আর তখন মানুষের সেবার কথা ভুলে যাবে। গরিবদের অসহায়তার কথা বিস্মৃত হবে। অধিক অর্থোপার্জনের জন্য ওষুধে ভেজাল দেবে।
খোকন: তাহলে আমি মাস্টার হব এবং ভালো মানুষ তৈরি করার জন্য ছেলে পড়াব।
মা: তাও হয়তো তুমি পারবে না সোনা! কারণ, মাস্টার হওয়ার পর তুমি তোমার দায়িত্বের কথা ভুলে যাবে। মানুষ গড়ার কথা বিস্মৃত হয়ে নিজের বিলাসী জীবন গড়ায় ব্যস্ত হয়ে পড়বে।
খোকন: তাহলে আমি বড় ব্যবসায়ী হব। অনেক লাভ করে গরিবদেরকে অর্থদান করব।
মা: তাতেও তুমি অর্থলোলুপ অসাধু মানুষ হয়ে উঠবে। মানুষকে ঠকিয়ে, মিথ্যা বলে, পণ্যদ্রব্যে ভেজাল দিয়ে, অবৈধ জিনিসের ব্যবসা ক'রে কেবল অর্থ-চিন্তায় ব্যাকুল থাকবে। আর দুঃখী-দরিদ্রদের কথা ভুলেই যাবে।
খোকন: তাহলে আমি সরকারী অফিসার হব এবং দেশ ও দশের সেবা করব।
মা: খুব ভাল কথা। কিন্তু আমার ধারণা, তাও তুমি পারবে না বাবা! কারণ, তখন তুমি দেশ ও দশের সেবা ভুলে নিজের দশা দোরস্ত করতে অর্থের দাসত্ব করবে। লোকের কাছে ঘুস খাবে। কর্তব্যে ফাঁকি দেবে। নানা অজুহাতে অফিস কামাই করবে। আর আত্মসেবা করবে।
খোকন: তাহলে আমি পুলিশ হব। অন্যায়-অবিচার, অপরাধ ও দুর্নীতি দমন করব।
মা: তুমি পারবে বলে মনে হয় না। কারণ, পুলিশের ইউনিফর্ম গায়ে পরলে এবং কোমরে পিস্তল ঝুলালেই তোমার মাঝে অহংকার আসবে, অনেক সময় অন্ধভাবে নির্দোষের প্রতি অত্যাচার চালাবে, ঘুস খেয়ে অপরাধীকে বেকসুর খালাস ক'রে দেবে।
খোকন: তাহলে আমি উকিল হয়ে ন্যায় বিচারে সহযোগিতা করব।
মা: তখন তুমি তা ভুলে যাবে। তোমার উকালতির পেশা কেবল টাকার নেশাতে পরিবর্তিত হবে। ন্যায়-অন্যায় না দেখে তুমি কেবল নিজের মুয়াক্কেলের মামলা জিততে চাইবে।
খোকন: তাহলে আমি বড় জননেতা হব। দেশ ও জাতির সেবা করব। দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠা করব।
মা: সে হওয়া তো আরো কঠিন বাবা! জননেতা হয়ে জনসেবা বাদ দিয়ে ধনসেবা করবে। নিজের পদ ও গদি টিকিয়ে রাখার জন্য কত শত জাল-জুচ্চোরি করবে, দুর্নীতি করবে, অত্যাচার করবে। অন্যায়ভাবে সাম-দান-ভেদ-দণ্ডের রাজনীতি প্রয়োগ করবে। ক্ষমতার অহংকার তোমাকে অন্ধ ক'রে ফেললে প্রতিদ্বন্দ্বীদের প্রতি অন্যায়াচরণ করবে।
খোকন: মা! তাহলে আমি হবটা কী? আমি কি কিছুই হতে পারব না?
মা: অবশ্যই পারবে। তবে অন্য কিছু হওয়ার আগে তোমাকে 'মুসলিম' হতে হবে।
খোকন: কিন্তু আমরা তো মুসলিম!
মা: নামের 'মুসলিম' নয় বাবা, কামের 'মুসলিম'। 'মুসলিম' যাকে বলে, সেই মুসলিম। বড় হয়ে যদি প্রকৃত মুসলিম হও, তাহলে তোমার সকল আশা পূর্ণ হবে। কারণ, 'মুসলিম' হল প্রত্যেক ব্যক্তিত্বের আদর্শ।
খোকন: তাহলে আমি আগে তাই হব মা!
মা: হ্যাঁ বাবা! তাই হও। আল্লাহ তোমাকে তওফীক দিন।