📘 ছোটদের ছোট গল্প > 📄 রূপ না থাকলে গুণ থাক

📄 রূপ না থাকলে গুণ থাক


আফলাতুন হাকীম একদা দেখলেন, একটি কুশ্রী বালক একজন সুশ্রী বালককে গালিমন্দ করছে। তিনি তাকে এমন ব্যবহার প্রদর্শন করতে নিষেধ করলেন। কুশ্রী বালকটি বলল, 'কেন? আদব ও ক্ষমাশীলতা কি কিছু লোকের জন্যই খাস?'

তিনি বললেন, 'অবশ্যই না। আসলে প্রত্যেক মানুষের উচিত, তার নিজের চেহারা আয়নায় দেখা। অতঃপর তা সুন্দর দেখলে ঐ সৌন্দর্যে কোন নোংরামির আবিলতা মিশ্রিত না করা। আর কুশ্রী দেখলে তার উচিত, দুই প্রকার শ্রীহীনতাকে একত্রিত না করা।'

📘 ছোটদের ছোট গল্প > 📄 উত্থান-পতন

📄 উত্থান-পতন


এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল। এমন সময় দরজায় এক ভিক্ষুক এল। স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে এল। কিছু দিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল। অতঃপর ঐ মহিলার পুনর্বিবাহ হল। একদিন সে তার স্বামীর সঙ্গে মাংস নিয়ে খানা খেতে বসেছে, এমন সময় দরজায় ভিখারীর আকুল আবেদন এল, 'কে আছ মাগো! এক মুঠো খেতে পাওয়া যাবে?'

স্বামী হুকুম করল, এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো। স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না।

স্বামী বলল, 'কী ব্যাপার, তুমি কাঁদছ কেন? আমরা তো আল্লাহর দেওয়া রুযী থেকে আল্লাহরই পথে ব্যয় করলাম।'

স্ত্রী বলল, 'তা তো ঠিক। কিন্তু ভিক্ষুকটা কে জানো? আমার প্রথমকার স্বামী! ঐ একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল। কিন্তু আজ সে নিজেই ভিখারী!'

স্বামী বলল, 'ওহো! তাই বুঝি? আর তোমাদের ঐ বিতাড়িত ভিক্ষুক কে ছিল তা জানো? তোমার বর্তমান স্বামী, আমিই! আল্লাহ যাকে যখন ইচ্ছা ধনী-গরিব করে থাকেন।'

📘 ছোটদের ছোট গল্প > 📄 বুদ্ধি থাকলে উপায় হয়

📄 বুদ্ধি থাকলে উপায় হয়


একদিন একটি কাককে খুব পিপাসা লাগল। সে পানির খোঁজে বের হয়ে কোথাও পানি পেল না। অবশেষে দেখল একটি কলসির ভিতরে পানি আছে। কিন্তু কলসির মুখ সরু হওয়ার কারণে সে নিজের দেহ গলিয়ে পানির নাগাল পেল না। পিপাসার তাড়নায় সে ছটফট করছিল। ঐ পানি সে কীভাবে পেতে পারে তাই চিন্তা করতে লাগল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলল। অনতি দূরে কিছু পাথর পড়ে ছিল। পাথরের ছোট ছোট টুকরা সে নিজের ঠোঁটে করে বয়ে এনে কলসির মধ্যে ফেলতে লাগল। আর তার ফলে কলসির পানি উপরে উঠে এল এবং সে তা পান করে প্রাণ বাঁচাল। কথায় বলে, বুদ্ধি থাকলে উপায় হয়।

📘 ছোটদের ছোট গল্প > 📄 পাথর ক্ষয়

📄 পাথর ক্ষয়


এক ছেলে মাদ্রাসায় পড়ত। যা পড়ত, তা মুখস্থ করতে পারত না। মুখস্থ করত আর ভুলে যেত। এতে সে মনে মনে খুব বিরক্ত হত। আফসোস করত আর দুঃখিত হত।

একদিন সে আক্ষেপে মাদ্রাসা ছেড়ে পালিয়ে গেল। কিন্তু লেখাপড়া না করলে জীবন যে বৃথা। কোথায় যাবে, কী করবে সে? মনের দুঃখে সে বাড়ি ফিরছিল। পথে পিপাসা লাগলে একটি কুয়ায় পানি খেতে গেল। সে কুয়াতলায় একটি পাথর দেখতে পেল। দেখল, পাথরটি ক্ষয় হয়ে খাল হয়ে গেছে। কারণ বিবেচনা করে জানতে পারল, মাটির কলসির ঘসা লেগে পাথরটি ক্ষয় হয়ে গেছে।

তার উদ্বিগ্ন মনে চিন্তা এল, মাটির কলসির ঘর্ষণে পাথর ক্ষয়ে যায়, তার মানে দুর্বল হয়েও বারবার চেষ্টার ফলে কঠিনকে সহজ করা যায়। তাহলে আমার ব্রেন কেন ক্ষয় হবে না?

সুতরাং সে মাদ্রাসায় ফিরে গেল এবং মেহনত সহকারে পড়াশোনা করতে লাগল। একদিন সে বড় আলেম হয়ে প্রসিদ্ধি লাভ করল।

জ্ঞানীর পরিশ্রমের কথা স্মরণ রাখতে হবে এবং তোমাকেও তার মত পরিশ্রম করতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00