📄 দুশ্চিন্তা কিসের?
একদা ইব্রাহীম বিন আদহাম এক দুশ্চিন্তাগ্রস্ত লোকের নিকট গিয়ে বললেন, 'আমি তোমাকে ৩টি প্রশ্ন করব, তার উত্তর দেবে কি?'
লোকটি বলল, 'অবশ্যই।'
তিনি বললেন, 'এ জগতে কি এমন কিছু ঘটছে, যাতে আল্লাহর ইচ্ছা নেই?'
সে বলল, 'জি, না।'
তিনি বললেন, 'তোমার রুযীর এতটুকু কি কম হবে, যা আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন?'
সে বলল, 'জি, না।'
তিনি বললেন, 'তোমার আয়ু থেকে কি এতটুকুও কম করা হবে, যা আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করেছেন?'
সে বলল, 'জি, না।'
তিনি বললেন, 'তবে আবার দুশ্চিন্তা ও দুঃখ কিসের?'
📄 সিদ্ধান্ত নিতে জলদিবাজি
এক দম্পতি জঙ্গলের ধারে বাস করত। ছোট শিশু রেখে স্ত্রী মারা গেল। স্বামী কাজে গেলে শক্তিশালী পোষা কুকুর শিশুটিকে পাহারা দিত। একদিন কাজ থেকে ফিরে এসে দেখল কুকুরটির মুখে রক্ত এবং সে বাইরে বসে অপেক্ষা করছে। ভাবল, সে তার ছেলেকে হত্যা করেছে। ফলে ক্ষোভে ফেটে পড়ে পিস্তলের গুলি দিয়ে তাকে হত্যা ক'রে ফেলল। অতঃপর ঘরের ভিতরে গিয়ে দেখল। ছেলে বহাল তবিয়তে খেলা করছে এবং পাশে নেকড়ে বাঘের লাশ পড়ে আছে। প্রকৃতত্ত্ব না জানার আগে সিদ্ধান্ত নিয়ে কত বড় সর্বনাশ করল সে!
📄 ন্যায়পরায়নতা
ন্যায়পরায়ণতায় মনে শান্তি ও দেহে নিরাপত্তা লাভ হয়। হযরত উমারের নিকট কাইসার এক দূত পাঠাল। উদ্দেশ্য ছিল, তাঁর অবস্থা, কর্ম ও রাজ্য-পরিস্থিতি পরিদর্শন করা। দূত মদীনায় প্রবেশ করে তাঁর সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করল, 'তোমাদের রাজা কোথায়?'
লোকেরা বলল, 'আমাদের কোন রাজা নেই। অবশ্য আমাদের আমীর (নেতা) আছেন। আর তিনি এখন মদীনার উপকণ্ঠে বের হয়ে গেছেন।'
দূত তাঁর খোঁজে বের হয়ে গেল। কিছু পরে তাঁকে দেখতে পেল, তিনি বালির উপর দুরাকে বালিশ বানিয়ে শুয়ে ঘুমিয়ে আছেন! তাঁর অবস্থা দর্শন করে দূতের হৃদয় নম্র হল ও মনে মনে বলল, 'এমন এক মানুষ, যাঁর আতঙ্কে সমস্ত রাজাদের কোন সিদ্ধান্ত স্থির হয় না, তাঁর অবস্থা এই? আসলে হে উমার! আপনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাই এইভাবে ঘুমাতে পেরেছেন। আর আমাদের রাজা অন্যায় করে, যার ফলে সে সর্বদা ভীত-সন্ত্রস্ত থেকে অনিদ্রায় কাল কাটায়।'
📄 শিয়াল নয়, বাঘ হও
এক বণিক ছিল। প্রচুর ধন-সম্পদ ছিল তার। কিন্তু তার একমাত্র ছেলে ছিল অকর্মণ্য কুঁড়ে। সে কোন কাজ করতে চাইত না, ব্যবসাতেও মন ছিল না। অবশেষে এক রকম জোর ক'রে বণিক সেই ছেলেকে বাণিজ্যে পাঠাল। পথে এক ক্ষুধার্ত শিয়াল দেখল। ভাবল, এই মিসকীন কোত্থেকে খেতে পায়? তৎক্ষণাৎ অন্য দিকে লক্ষ্য করল, এক বাঘ শিকার ধরে খাচ্ছে। ভয়ে গাছে উঠে লুকিয়ে দেখল, সে খেয়ে চলে গেলে শিকারের অবশিষ্টাংশ শিয়াল গিয়ে খেল। মনে করল, এমনি ক'রে তারও দিন যাবে। এত কষ্ট করে লাভ কী? বাড়ি ফিরে এসে পিতাকে খবর জানাল।
পিতা বলল, 'তুই ভুল বুঝেছিস্। আমি আশা করি, তুই শিয়ালের অনুসরণ না করে, বাঘের অনুসরণ করবি। অর্থাৎ তুই বাঘের মত নিজে কষ্ট ক'রে কামাই ক'রে খাবি। আর অন্য কেউ তোর উচ্ছিষ্ট খাবে।' মানুষ যখন আশা ও কামনা করে, তখন নিচু না করে উঁচু করতে হয়।