📄 নেতিবাচক বুঝ
মদ স্বাস্থ্যের পক্ষে বড় ক্ষতিকর জিনিস, সে কথা বুঝাবার জন্য এক ডাক্তার পরীক্ষার মাধ্যমে চাক্ষুষ প্রমাণ করছিলেন। দুটি কাঁচের পাত্রে একটিতে পানি ও অপরটিতে মদ রেখে একটি কেঁচো নিয়ে প্রথমে পানিতে ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়ে নড়ে বেড়াতে লাগল। অতঃপর তা তুলে নিয়ে মদের পাত্রে রাখলে তা টুকরো টুকরো হয়ে মদের সাথে মিশে গেল। ডাক্তার উপস্থিত দর্শকদেরকে জিজ্ঞাসা করলেন, 'আপনারা বলতে পারেন, এই পরীক্ষা দ্বারা কী প্রমাণ হল?'
পিছন থেকে একজন সুরাসক্ত ব্যক্তি বলে উঠল, 'মদ খেলে পেটে কেঁচো থাকে না!'
📄 বিজ্ঞ কাঠুরে
বকর বিন আব্দুল্লাহ মুযানী নিজ যামানার একজন ফকীহ এবং প্রথম শ্রেণীর তাবেঈ ছিলেন। তিনি এক সময় কোথাও যাওয়ার পথে তাঁর সামনে এক কাঠুরে 'আল-হামদু লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ' বলতে বলতে পথ চলছিল। তিনি তাকে বললেন, 'তুমি কি এ ছাড়া অন্য কিছু জানো না?'
কাঠুরে বলল, 'অবশ্যই জানি। আমি কুরআনের হাফেয এবং জানিও অনেক কিছু (দুআ-দরূদ)। কিন্তু মানুষ সর্বদা পাপ ও নিয়ামতে পরিপূর্ণ থাকে। তাই আমি পাপ থেকে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর দেওয়া নিয়ামতের জন্য প্রশংসা করি।'
এ কথা শুনে মুযানী বললেন, 'বকর হল অজ্ঞ, আর কাঠুরে হল বিজ্ঞ।'
📄 বংশের গৌরব
যায়দ বিন আলী হিশাম বিন আব্দুল মালেকের নিকট পৌঁছে বললেন, 'শুনলাম, আপনি মনে মনে খলীফা হওয়ার কথা কল্পনা করছেন। কিন্তু আপনি তার উপযুক্ত নন। কারণ, আপনি তো বাঁদীর ছেলে।'
হিশাম বললেন, 'কিন্তু আপনার কথা, আমি মনে মনে খেলাফতের আশা পোষণ করছি, অথচ গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয়তঃ আমি বাঁদীর ছেলে। কিন্তু হযরত ইসমাঈল তো বাঁদীর ছেলে ছিলেন; যাঁর বংশ থেকে মানব-শ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মাদের জন্ম। আর ইসহাক স্বাধীনার পুত্র। কিন্তু তাঁর বংশে এমন জাতির জন্ম হয়, যাদেরকে আল্লাহ বানর ও শুকরে পরিণত করে দেন।'
📄 ভগবান তরাও, হাত-পা তো নড়াও
একবার বন্যা এলে এক লোক নিজ বাড়ি ছেড়ে কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিল না। অনেকের বলা সত্ত্বেও সে বলল, 'আমি ভগবানকে বিশ্বাস করি, তিনি আমাকে ধ্বংস করবেন না।' অবশেষে পানি তাকে ঘিরে ফেলল, হেলিকপ্টার পাঠানো হল। তবুও সে বলল, 'ভগবান আমাকে রক্ষা করবেন।' পরবর্তীতে বন্যা বৃদ্ধি পেলে নৌকা নিয়ে ত্রাণকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করল। কিন্তু সে ঐ একই কথা বলল। পরিশেষে সে বন্যায় ভেসে গেল এবং প্রাণ হারাল। মরণের পর সে ভগবানকে বলল, 'তোমার কথা, তুমি ডাকলে সাড়া দাও, প্রার্থনা করলে মঞ্জুর কর। আমি তোমার কাছে কত প্রার্থনা করলাম, তাও আমাকে মরতে হল কেন?' ভগবান বললেন, 'তোমার কাছে হেলিকপ্টার ও নৌকা পাঠিয়েছিল কে?'