📄 বিষয়-বিতৃষ্ণা
সুলতান মাহমুদের ওস্তাদ আল্লাহর অলী ছিলেন। একবার তিনি তাঁর দারিদ্র্যের কথা স্মরণ ক'রে কয়েকটি স্বর্ণমুদ্রা নিয়ে তাঁকে দেখা করতে গেলেন। হাদিয়া দেখে তিনি সুলতানকে বললেন, 'বাবা! তুমি যখন আমার ঘরে এসেছ, তখন আমার কিছু খাবার খেয়ে যাও; ঐ দেখ খাবার ঢাকা আছে খেয়ে নাও।'
ঢাকা খুলে বাদশা দেখলেন, দু'টি শুক্লা রুটি। কিছু খেতেই গলায় আটকে গেল। ওস্তাদ মাটির কলসি থেকে পানি খেতে বলে বললেন, 'আমার ঘরের খাবার যেমন তোমার গলায় আটকে যাচ্ছে, তেমনি তোমার ঘরের খাবার আমার গলাতেও আটকে যাবে বাবা! দয়া ক'রে তুমি ওগুলো ফিরে নিয়ে যাও।'
📄 সব কাজে আন্তরিকতা
আমেরিকার এক ছুতোর কাঠের ঘর বানানোর এক কোম্পানিতে চাকরি করত। কাজে বহু পুরাতন ও কারিগরিতে বড় সুদক্ষ ছিল সে। মাসিক বেতনে খুব সুন্দর কাজ করত। এক সময় সে কাজ থেকে অবসর চাইল মালিকের কাছে, বোনাসও চাইল। মালিক বলল, 'সবশেষে একটি ঘর বানিয়ে তোমাকে অবসর দেব।' মন না চাইলেও ছুতোর তা বানাতে বাধ্য হল। সুতরাং সে ঘরটি তেমন সুন্দর হল না। মালিক বলল, 'এবার তুমি অবসর নিতে পার। আর এই ঘর তোমার বোনাস।' ছুতোরের বড় আফসোস হল, আগে জানলে ঘরটাকে সে আরো সুন্দর, বরং সবচেয়ে বেশি সুন্দর ক'রে বানাতো।
বলা বাহুল্য, ইখলাস ও ইহসান সবার ক্ষেত্রে সমান থাকলে নিজেকে ঠকতে হয় না।
📄 নেতিবাচক মন্তব্য
এক শিকারীর কুকুর পানির উপর হাঁটতে জানত। তাকে নিয়ে তার গর্বও ছিল। এক বন্ধুকে দেখাবার জন্য সে হাঁস শিকার ক'রে তার সামনে কুকুর পাঠিয়ে পানি থেকে তা উদ্ধার করল। শিকারী এ কৃতিত্ব প্রদর্শন ক'রে নিজ বন্ধুর কাছ থেকে প্রশংসার আশা করেছিল। কিন্তু বন্ধু ছিল ঈর্ষাপরায়ণ নেতিবাচক মনের। বন্ধু কিছুই বলল না। পরিশেষে শিকারী নিজেই বলল, 'কুকুরটির মধ্যে কোন অসাধারণত্ব লক্ষ্য করেছ কি?'
বন্ধু উত্তরে বলল, 'হ্যাঁ, তোমার কুকুরটি সাঁতার জানে না!'
📄 নেতিবাচক বুঝ
মদ স্বাস্থ্যের পক্ষে বড় ক্ষতিকর জিনিস, সে কথা বুঝাবার জন্য এক ডাক্তার পরীক্ষার মাধ্যমে চাক্ষুষ প্রমাণ করছিলেন। দুটি কাঁচের পাত্রে একটিতে পানি ও অপরটিতে মদ রেখে একটি কেঁচো নিয়ে প্রথমে পানিতে ছেড়ে দিলেন। কেঁচোটি বেশ নড়ে নড়ে বেড়াতে লাগল। অতঃপর তা তুলে নিয়ে মদের পাত্রে রাখলে তা টুকরো টুকরো হয়ে মদের সাথে মিশে গেল। ডাক্তার উপস্থিত দর্শকদেরকে জিজ্ঞাসা করলেন, 'আপনারা বলতে পারেন, এই পরীক্ষা দ্বারা কী প্রমাণ হল?'
পিছন থেকে একজন সুরাসক্ত ব্যক্তি বলে উঠল, 'মদ খেলে পেটে কেঁচো থাকে না!'