📘 ছোটদের ছোট গল্প > 📄 হারানো উট ফিরে পাওয়ার খুশি

📄 হারানো উট ফিরে পাওয়ার খুশি


এক মুসাফির তার উট সহ সফরে এক মারাত্মক মরুভূমিতে গিয়ে পড়লে বিশ্রামের জন্য এক গাছের নীচে ছায়ায় মাথা রেখে শোওয়া মাত্র ঘুমিয়ে পড়ল। এরই মধ্যে তার উটটি গায়েব হয়ে গেল। উটের উপর ছিল তার খাবার ও পানীয় সব কিছু। কিছুক্ষণ পরে জেগে উঠে দেখল তার উট গায়েব। সে এদিক-সেদিক খোঁজাখুঁজি শুরু করল; কিন্তু বৃথায় হয়রান হল। ক্ষুধা ও পিপাসায় যখন খুব বেশি কাতর হয়ে পড়ল, তখন ফিরে সেই গাছের নিকটে এসে আবার শোওয়া মাত্র তার চোখ লেগে গেল। কিছু পরে চোখ খুলতেই দেখতে পেল, তার সেই উট তার খাদ্য ও পানীয় সহ দাঁড়িয়ে আছে। তা দেখে সে এত খুশি হল যে, উটের লাগাম ধরে খুশির উচ্ছ্বাসে ভুল বকে বলে উঠল, 'আল্লাহ! তুই আমার বান্দা। আর আমি তোর রব!'

হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া বান্দা ফিরে এলে অর্থাৎ, তওবা করলে আল্লাহ ঐ হারিয়ে যাওয়া উট-ওয়ালা অপেক্ষা অধিক খুশি হন!

হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া দাস যদি ফিরে আসে, তাহলে খুশির কথাই বটে। মহান আল্লাহর তাতে যদিও কোন লাভ বা উপকার নেই, তবুও তিনি তাঁর ইবাদত ও আনুগত্যে খুশি হন। তওবার ফলে তিনি এত খুশি হন, এত খুশি হন যে, তার উদাহরণ এটাই।

📘 ছোটদের ছোট গল্প > 📄 সৎকাজে প্রতিযোগিতা

📄 সৎকাজে প্রতিযোগিতা


একদা মুহাজেরীনদের একটি গরিবের দল আল্লাহর নবী ﷺ-এর কাছে নিবেদন ক'রে বলল, 'ধনীরা (বেহেশতের) সমস্ত উঁচু উঁচু মর্যাদা ও স্থায়ী সম্পদের মালিক হয়ে গেল। কারণ, তারা নামায পড়ে যেমন আমরা পড়ি, রোযা রাখে যেমন আমরা রাখি, কিন্তু তারা দান করে আমরা করতে পারি না, দাস মুক্ত করে আমরা করতে পারি না। (এখন তাদের সমান সওয়াব লাভের কৌশল আমাদেরকে বলে দিন।)' আল্লাহর রসূল ﷺ বললেন, "আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না, যাতে তোমরা প্রতিযোগিতায় অগ্রণী লোকদের সমান হতে পার, তোমাদের পশ্চাদ্বর্তী লোকদের আগে আগে থাকতে পার এবং অনুরূপ আমল যে করে সে ছাড়া তোমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে না পারে?" সকলে বলল, 'অবশ্যই বলে দিন, হে আল্লাহর রসূল!' তিনি বললেন, " তোমরা প্রত্যেক নামাযের পর ৩৩ বার ক'রে তাসবীহ, তাহমীদ ও তাকবীর পাঠ করবে।" (মুহাজেরীনরা খোশ হয়ে ফিরে গেলেন। ওদিকে ধনীরা এ খবর জানতে পেরে তারাও এ আমল শুরু ক'রে দিল।) মুহাজেরীনরা ফিরে এসে বললেন, 'হে আল্লাহর রসূল! আমাদের ধনী ভায়েরা এ খবর শুনে তারাও আমাদের মত আমল করতে শুরু ক'রে দিয়েছে। (অতএব আমরা আবার পিছে থেকে যাব।) মহানবী বললেন, " এ হল আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ ক'রে থাকেন। (এতে তোমাদের করার কিছু নেই।)

📘 ছোটদের ছোট গল্প > 📄 বদান্যতায় প্রতিযোগিতা

📄 বদান্যতায় প্রতিযোগিতা


একদিন রসূলুল্লাহ ﷺ সাহাবাদেরকে সাদকাহ করার জন্য নির্দেশ দিলেন। উমার বিন খাত্তাব বলেন, 'আমার কাছে সে সময় মাল-ধন ভালই মওজুদ ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি আবু বাকর থেকে দানে অগ্রসর হব। আমি কোন দিন ওঁর থেকে অগ্রসর হতে পারি না। (আজ সুযোগ পেয়েছি ওঁকে দানে হারিয়ে দেব। কারণ, আজ আমার মাল-ধন তাঁর থেকে বেশি আছে)।' সুতরাং তিনি ঐ উদ্দেশ্য নিয়ে তাঁর বাড়ির অর্ধেক মাল মহানবী ﷺ-এর খিদমতে এনে হাজির করলেন। তা দেখে রসূলুল্লাহ ﷺ বললেন, "বাড়িতে তোমার পরিবারের জন্য কী অবশিষ্ট রেখে এসেছ?" উত্তরে উমার বলেন, 'বাড়ির জন্য যতটা দেখছেন, অতটাই রেখে এসেছি।' আর সেদিন আবূ বাকর সিদ্দীক বাড়িতে যা কিছু মাল-ধন ছিল, যথাসর্বস্ব নবী ﷺ-এর খিদমতে এনে হাজির করলেন। নবী ﷺ তা দেখে বললেন, "তোমার পরিবারের জন্য কী রেখে এসেছ?" উত্তরে তিনি বললেন, 'আমার পরিবারের জন্য আল্লাহ ও তাঁর রসূলকে রেখে এসেছি!' তিনি উত্তরে বললেন না যে, আমি বাড়ির সমস্ত কিছু এনে হাজির করেছি। এটা বললে হয়তো অহংকার বা লোক দেখানো ঘটনা হয়ে যাবার আশংকা থাকত। তাই বিনয়ের সঙ্গে বলতে চেয়েছেন, আমার বাড়ির জন্য আর কিছুই নেই। আল্লাহ ও তদীয় রসূলের সন্তুষ্টি রেখে এসেছি। হযরত আবু বাকর সিদ্দীক-এর উত্তর শুনে হযরত উমার বললেন, 'আজ থেকে আমি মনে মনে স্বীকার করলাম যে, আর কোন দিন তাঁর কাছে আমার জিতবার কখনই সুযোগ হবে না। কারণ আজই শেষ চেষ্টা ছিল তাঁর কাছে জিতার! কিন্তু আজও আমি তাঁর কাছে পরাজিত হলাম।'

📘 ছোটদের ছোট গল্প > 📄 রসূল ﷺ-কে গালি দেওয়ার প্রতিবাদে প্রতিযোগিতা

📄 রসূল ﷺ-কে গালি দেওয়ার প্রতিবাদে প্রতিযোগিতা


আব্দুর রহমান বিন আওফ বলেন, বদর যুদ্ধের সারিতে আমি দাঁড়িয়েছিলাম, এমন সময় দুই আনসারী তরুণকে আমার ডানে-বামে লক্ষ্য করলাম। ওদের একজন ইঙ্গিতে আমাকে বলল, 'চাচা! আপনি কি আবু জাহলকে চেনেন?' আমি বললাম, 'হ্যাঁ। কিন্তু তার সাথে তোমার কী দরকার?' সে বলল, 'আমি শুনেছি যে, সে আল্লাহর রসূল ﷺ-কে গালি দেয়! সেই সত্তার কসম! আমি যদি তাকে দেখতে পাই, তাহলে তার পিছন ছাড়ব না; যতক্ষণ না আমাদের দুজনের মধ্যে একজন সত্বর মরণ বরণ করবে।' এ কথা শুনে আমি অবাক হলাম। একটু পরে দ্বিতীয়জন একই পদ্ধতিতে ঐ একই কথা বলল। অকস্মাৎ আবু জাহলকে লোকেদের মাঝে চলতে দেখলাম। আমি বললাম, 'তোমরা দেখছ? ঐ হচ্ছে সেই লোক যার ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে।'

শোনামাত্র উভয়ে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলল। তারপর আল্লাহর রসূল ﷺ-এর কাছে এসে উভয়েই একবাক্যে বলল, 'আবু জাহলকে হত্যা করা হয়েছে।' নবী ﷺ বললেন, 'তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে?' উভয়েই বলল, 'আমি হত্যা করেছি।' তিনি বললেন, 'তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলেছ?' তারা বলল, 'জি না।' আল্লাহর নবী ﷺ তা দেখে বললেন, 'তোমরা উভয়েই তাকে হত্যা করেছ।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00