📄 ৩.৪: ক্রুসেডের লক্ষ্য ও উদ্দেশ্য
এই যুদ্ধের পেছনে ইউরোপিয়ান নেতাদের সামনে নিম্নযুক্ত উদ্দেশ্যগুলো হাজির ছিল:
১. এশীয় অঞ্চলের মুসলিম অধ্যুষিত ভূমিগুলো দখলে নেওয়া।
২. আল-কুদসের পুনরুদ্ধার।
৩. মুসলমানদের থেকে অতীত দিনের পরাজয়ের বদলাগ্রহণ।
৪. স্পেন দখল।
৫. ইসলামি বিশ্বের ব্যবসায়িক রুট, উৎপাদিত পণ্য, খনিজ ও প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক উপকরণাদির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা।
৬. ইহুদিজাতির আল-কুদস ফিরে পাবার যে আকাঙ্ক্ষা, তা বাস্তায়িত করা।
(ইহুদিরা এই যুদ্ধে প্রকাশ্যে শরিক ছিল না। কিন্তু তাদের আশা ছিল—এই যুদ্ধের মারফতেই সলোমান মন্দির পর্যন্ত তাদের পৌঁছানোর রাস্তা খুলে যাবে। সেই স্বপ্নেরই বাস্তবায়নে প্রথম থেকেই টেম্পলারের বেশে খ্রিষ্টানদের সহায়তায় তাদের গোপন মিশন চলমান ছিল।)
📄 ৩.৫: ক্লারমন্ট কনফারেন্স
খ্রিষ্টান পাদরিরা নিজেদের সম্প্রদায়কে উসকে দেবার উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়, মুসলমানেরা আল-কুদসে আমাদের পবিত্র নিদর্শনাবলির অপমান করছে এবং ইউরোপিয়ান দর্শনার্থীদের সাথে যাচ্ছেতাই আচরণ করছে। তাদের বর্ণিত এই 'যাচ্ছেতাই আচরণ'-এর বাস্তবতা কেবল এতটুকু ছিল যে, ইউরোপিয়ান দর্শনার্থীদের একটি সুশৃঙ্খল নিয়মের আওতায় আনবার উদ্দেশ্যে মুসলিম কর্তব্যক্তিরা কিছু আইনের উপর সাময়িক জোর দিচ্ছিলেন।
এমন অবস্থায় ইউরোপের এক পাগল যাজক পিটার আল-কুদস সফর করে। এবং সফর শেষে ইউরোপ ফিরে গিয়ে সে তার অগ্নিগর্ভ উত্তেজক বক্তৃতার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়ে সমস্ত ইউরোপকে উসকে দিতে থাকে। স্বয়ং পোপও তার কথায় প্রভাবিত হয়ে পড়ে।
পোপ আরবান দ্বিতীয় জুলকাদা ৫৪৪ হিজরিতে (নভেম্বর ১০৯৫ খ্রিষ্টাব্দ) ফ্রান্সের ক্লারমন্ট শহরে বিরাট এক ধর্মীয় কনফারেন্স আহ্বান করে ইউরোপিয়ান শাসকদের আল-কুদস পুনরুদ্ধারের জন্য উত্তেজিত করে তোলে। আর তাদের উদ্দেশ্যে বলে, যে ব্যক্তি ক্রুশ ঊর্ধ্বে তুলে এই লড়াইয়ে অংশ নেবে না, সে খ্রিষ্টের অনুসারী হিসেবে আর গণ্য হবে না। ইউরোপিয়ান শাসকেরা পাদরিদের এমন উৎসাহ-উদ্দীপনা দেখে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে পড়ে। অবশেষে ১৫ আগস্ট শুক্রবার ১০৯৫ খ্রিষ্টাব্দে পোপ আরবান দ্বিতীয় ভ্যানিসে (Venice) বসে প্রথম ক্রুসেডের ঘোষণা দিয়ে দেয়।
📄 ৩.৬: মুহাম্মদ আসাদের বিশ্লেষণ
নওমুসলিম মুহাম্মদ আসাদ তার বিশ্বখ্যাত গ্রন্থ The Road to Mecca এর ভূমিকাতে লিখেছেন—ইউরোপের ইসলাম-বিদ্বেষের ম্যানুফেস্টো সেই কনফারেন্সেই লেখা হয়ে গিয়েছিল। আর ইসলাম-বিদ্বেষের সেই রক্তই তখন থেকে আজ পর্যন্ত ইউরোপিয়ানদের শিরা-উপশিরায় চলমান। মুহাম্মদ আসাদ লিখেছেন :
ক্রুসেডযুদ্ধের মধ্য দিয়ে ইউরোপিয়ানদের ধর্মীয় বন্ধন উন্নীত হয় এক নতুন সমতলে, যা সকল ইউরোপীয়রই সাধারণ লক্ষ্য: 'খ্রিষ্টান রাজের' রাষ্ট্রীয়-ধর্মীয় ধারণা। পরিণামে তা-ই জন্ম দেয় ইউরোপভিত্তিক সাংস্কৃতিক চেতনার। ১০৯৫ সালের নভেম্বরে পোপ দ্বিতীয় আরবান তার ক্লারমন্টের বিখ্যাত বক্তৃতায় যখন পবিত্র ভূমি দখল করে রাখা 'পাষণ্ড জাতির' বিরুদ্ধে খ্রিষ্টানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন তখনই তিনি সম্ভবত তার নিজের অজান্তেই পাশ্চাত্য সভ্যতার চার্টার বা সনদ ঘোষণা করে দেন এবং তার দৃষ্টিভঙ্গিও হাজির করে বসেন।৪০
টিকাঃ
৪০ দ্য রোড টু মক্কা, পৃষ্ঠা: ৬
📄 ৩.৭: প্রথম ক্রুসেড
প্রথম দফার আক্রমণে পাদরি পিটার ১৩ লাখ সৈন্যের এক বাহিনী নিয়ে আনাতোলিয়ার সীমান্ত দিয়ে প্রবেশ করে। কিন্তু কোনিয়ার শাসক কিলিজ আরসালান এই অসংগঠিত বাহিনীর সামনে রুখে দাঁড়ান এবং তাদের পরাজিত করে আনাতোলিয়া সীমান্ত থেকে তাড়িয়ে দেন।
এরপর ফ্রান্সের রাজা গডফ্রের নেতৃত্বে ১০ লাখ সৈন্যের সুবিন্যস্ত বাহিনী মুসলিম সীমান্ত অভিমুখে রওনা করে। এই বাহিনী ৪৮৯ হিজরিতে (১০৯৭ খ্রিষ্টাব্দ) ইসলামি বিশ্বের সীমান্তে প্রবেশ করতে সমর্থ হয় এবং রজব ৪৯২ হিজরিতে বাইতুল মাকদিস অবরোধ করে নেয়। ৪২ দিনের অবরোধ শেষে ৪৯২ হিজরির শাবান মাসে (জুলাই ১০৯৯) ক্রুসেডাররা সক্ষম হয় বাইতুল মাকদাসের বুকে তাদের পতাকা উড়িয়ে দিতে। সে বড় নির্মম দৃশ্য ছিল! কেবল মসজিদে আকসার অভ্যন্তরেই ৭০ হাজার মুসলমানকে ক্রুসেডাররা নির্দয়ভাবে শহিদ করে দেয়। শহিদদের রক্তে ক্রুসেডারদের ঘোড়ার খুর পর্যন্ত নিমজ্জিত হয়ে পড়ে।
শামের এই খ্রিষ্টীয় কর্মযজ্ঞ ধীরে ধীরে প্রসারিত হতে থাকে এবং সমগ্র শাম উপকূলের বড় বড় অঞ্চলজুড়ে খ্রিষ্টীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা পেয়ে যায়; আর তার প্রধান কেন্দ্র হয় জেরুসালেম (আল-কুদস)।৩১
টিকাঃ
৩১ মূল বইয়ে ১০৮৫ খ্রিষ্টাব্দ উল্লেখ রয়েছে। বোধ করি এটা মুদ্রণজনিত ভুল।-অনুবাদক