📄 ১.৪: বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের দ্বিতীয় সংজ্ঞা
সাধারণ অর্থে তো যেকোনো জাতির পক্ষ থেকে পরিচালিত চিন্তার লড়াইকে বুদ্ধিবৃত্তিক লড়াই বলা যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ক্ষেত্রে ইসলামের শত্রুদের দৌরাত্ম্য অধিক এবং ইসলাম ও মুসলমানের উপর মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে তারা ক্রমশ সমুখে অগ্রসর হয়ে চলেছে; সে কারণে বর্তমান সময়টাতে যে-সকল মুসলিম স্কলার চিন্তাযুদ্ধের সংজ্ঞায়ন করেছেন, তারা বুদ্ধিবৃত্তিক লড়াই দ্বারা মুসলিমের বিরুদ্ধে পরিচালিত অমুসলিমদের মনস্তাত্ত্বিক লড়াইকে উদ্দেশ্য করে থাকেন।
অধিকাংশ আরব গবেষকের রচনায় যেখানে الغزو الفكري বা চিন্তাযুদ্ধের উল্লেখ হয়েছে, সেখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমবিশ্বের, বিশেষ করে পশ্চিমের পরিচালিত বুদ্ধিবৃত্তিক লড়াইকে। এ কারনেই কতক আরব আলেম চিন্তাযুদ্ধের পরিচয় দিয়েছেন এভাবে : هو الغزو الذي اتخذها الصليبيين ضد المسلمين لا زالة المظاهر الحياة الاسلامية وصرف المسلمين عن التمسك بالاسلام بالوسائل غير العسكرية
বুদ্ধিবৃত্তিক লড়াই হলো, অস্ত্রের বিপরীতে অন্যান্য উপায়-উপকরণের মাধ্যমে পরিচালিত এমন যুদ্ধ, ক্রুসেডাররা যা মুসলমানদের বিরুদ্ধে শুরু করেছে। ইসলাম বিষয়ে মুসলমানদের আবেগ ও অনুভূতি শূণ্য করে ফেলা এবং ইসলাম থেকে তাদের দূরে সরিয়ে নেওয়াই হলো এই লড়াইয়ের উদ্দেশ্য। তবু সংজ্ঞাটি আমরা ক্রুসেডারদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। কারণ, বুদ্ধিবৃত্তিক লড়াই কেবল তাদের দ্বারাই পরিচালিত হয়—এমন নয়। মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদি, হিন্দু, কম্যুনিস্টসহ বহু জনগোষ্ঠী, দল ও সম্প্রদায়।
📄 ১.৫: তৃতীয় সংজ্ঞা
বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের তৃতীয় যে সংজ্ঞাটি আমরা পাই: هو اسلوب جديد للغزو ضد المسلمين بعد هزائم متكررة
অনবরত পরাজয়ের পর মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন তরিকা। অর্থের বিস্তৃতি এবং শব্দের সংক্ষিপ্ততার কারণে এই সংজ্ঞাটি বেশি উপযোগী। বিশেষ করে 'অনবরত পরাজয়ের পর' বাক্যবন্ধটি বিশেষ অর্থ ধারণ করে। এই বাক্যবন্ধ দ্বারা মূলত একটি ধারাবাহিক ইতিহাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। 'বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত' শিরোনামে আমরা তা দেখে উঠব। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের আলোচনা যেহেতু বিরোধীপক্ষ কীভাবে আমাদের বিরুদ্ধে লড়াই পরিচালনা করছে এবং তাদের প্রতিরোধে কী কী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সে বিষয়ে, সেজন্য মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াই দ্বারা আমাদের বর্তমান উদ্দেশ্য সেই আগ্রাসন, পশ্চিম যা আমাদের উপর অব্যাহত রেখেছে।
📄 ১.৬: বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের লক্ষ্য
ইসলামের বিরোধীশক্তি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের পথ কেন বেছে নিল? তাদের উদ্দেশ্য কেবল বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যক্তিত্ব, চিন্তার স্বাতন্ত্র্য এবং বুদ্ধিবৃত্তির তরতাজা বৃক্ষকে শেকড়সুদ্ধ উপড়ে ফেলা। আরও স্পষ্ট করে বললে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন দ্বারা ইসলামের বিপক্ষশক্তির উদ্দেশ্য হলো—কোনো জাতির মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক আত্মার বিনাশ সাধন করে মরদেহটা নিজেদের মতন সাজিয়ে নেওয়া।
📄 ১.৭: চিন্তাযুদ্ধে আমাদের লক্ষ্য
চিন্তাযুদ্ধে আমাদের বর্তমান অবস্থান আত্মরক্ষামূলক। সেজন্য প্রতিপক্ষের বুদ্ধিবৃত্তিক আঘাত প্রতিহত করাই হবে আমাদের প্রথম লক্ষ্য। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারলে যুদ্ধের দ্বিতীয় ধাপে প্রতিপক্ষের জবাব দেওয়ার অবকাশও আমাদের হবে।
এখন পর্যন্ত আমরা আলাপ করেছি 'বুদ্ধিবৃত্তিক লড়াই'-কেন্দ্রিক। কিন্তু শাস্ত্র হিসেবে বুদ্ধিবৃত্তিক লড়াই ভিন্ন বিষয়। আমরা এখন প্রবেশ করব-শাস্ত্র হিসেবে চিন্তাযুদ্ধের পরিচিতি কী, তার বিশ্লেষণপর্বে।