📄 তাহাজ্জুদ পড়ার জন্য আহ্বান
হাসান বসরী রহ. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: صلوا من الليل صلوا اربعا صلوا ركعتين ما من اهل بيت تعرف لهم الصلوة من الليل الا نادى مناد : يا هل البيت قوموا لصلاتكم - অর্থ: "তোমরা রাতে তাহাজ্জুদ নামায পড়, যদিও চার রাকাত বা দুই রাকাত হোক। যে ঘরের লোকজন তাহাজ্জুদ পড়ে না, সেখানে এক ঘোষক ঘোষণা করে:- يا اهل البيت قوموا لصلاتكم অর্থ: "হে বাড়ির বাসিন্দারা! উঠে নামায পড়।”
📄 হাসান বসরীর আহ্বান
আবুল আশহাব হযরত হাসান বসরী রহ.-এর সূত্রে বর্ণনা করেন যে, তিনি মানুষের প্রতি এভাবে আহ্বান জানাতেন:
صلوا من الليل ولو قدر حلب شاة -
অর্থ: "তোমরা তাহাজ্জুদ নামায পড়; যদিও বকরীর দুধ দোহন পরিমাণ সময়ে হোক।"
📄 তাহাজ্জুদ না পড়ার পরিণাম
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন:
بحسب الرجل من الخيبة أو قال : من الشر ان يبيت ليلته لا يذكر الله حتى يصبح فيصبح وقد بال الشيطان في اذنه
অর্থ: “মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে রাতযাপন করে কিন্তু এর মধ্যে সকাল পর্যন্ত কখনও আল্লাহকে স্মরণ করে না। শয়তান এমন লোকের কানে পেশাব করে দেয়।"
📄 বারবার উঠে তাহাজ্জুদ পড়া
ইয়ালা বিন সামলাক রহ. বলেন, উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা রা.-কে নবীজীর রাতের নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন:
كان يصلى العتمة ثم يسبح ثم يصلى ما شاء الله من الليل ثم ينصرف فيرقد مثل ما صلى ثم يستيقظ من نومته تلك فيصلى مثل ما نام
অর্থ: "নবীজী ইশার নামায পড়তেন। এরপর তাসবীহ পাঠ করতেন। এরপর রাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নামায পড়তেন। নামায শেষে নামাযের সময় পরিমাণ শয়ন করতেন। এরপর ঘুম থেকে জেগে ঘুমের সময় পরিমাণ নামায পড়তেন।"